সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৮:৪৬ পি.এম
চট্টগ্রামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করতে কেক কাটার সময় পুলিশ তিন নারীসহ সাতজন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করেছে। আটককৃতদের মধ্যে তিনজন নারী রয়েছেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ারউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতদের মধ্যে আসিফ মাহমুদ (১৬), সুফিয়া বেগম (৫০), শারমিন আক্তার (৩০), স্বামী ফয়সাল; শারমিন বেগম (২৭), মোহাম্মদ সানি (১৭), হাবিবুর রহমান (১৯), ও নুরুল হাকিম রাব্বি (২৫) অন্তর্ভুক্ত রয়েছেন।
পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ভারতের মুম্বাইয়ের শিবাজী পার্কে সমাবেশের অনুমতি না মেলায় নতুন এক আন্দোলনের সূচনা করেছে ককরোচ বা তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)।
দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ সোমবার (২৮ সেপ্টেম্বর) আন্দোলনের পরিকল্পনার কথা জানান। ঘোষণায় বলা হয়েছে, ২ অক্টোবর ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে ‘জেল ভরো আন্দোলন’ করবে তরুণদের এই প্লাটফর্মটি। খবরটি প্রকাশ করেছে দ্য টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদন অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানিয়ে ২ অক্টোবর শিবাজী পার্কে বিক্ষোভ সমাবেশের অনুমতি চেয়েছিল সিজেপি। তবে, মুম্বাই হাইকোর্টের ২০১৩ সালের এক আদেশের উল্লেখ করে রোববার (২৭ সেপ্টেম্বর) মুম্বাই পুলিশ জানায়, শিবাজী পার্ক শুধুমাত্র ক্রীড়া সংক্রান্ত কাজে ব্যবহারের জন্য নির্ধারিত।
পুলিশের বক্তব্যে আরও বলা হয়, এই কর্মসূচির কারণে আবাসিক এলাকায় ‘শব্দদূষণ’ সৃষ্টি হতে পারে। তাছাড়া, আশেপাশের বড় হাসপাতালগুলোর কারণে প্রতিবাদ থেকে সৃষ্ট যানজট রোগী পরিবহনে সমস্যা সৃষ্টি করতে পারে।
মুম্বাই পুলিশের এমন অবস্থানের প্রতিক্রিয়ায়, মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্দের গত জানুয়ারিতে একই স্থানে একটি জনসভায় ভাষণ দেওয়ার ভিডিও শেয়ার করে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ প্রশ্ন তোলেন, শিন্দে কীভাবে এই জায়গায় অনুষ্ঠানের অনুমতি পেয়েছিলেন?
এদিকে, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি অনুসন্ধানী প্রতিবেদনে জানা যায়, ভোটার তালিকার স্পেশাল ইনটেন্সিভ রিভিশন (এসআইআর) সংক্রান্ত নির্বাচন কমিশনের একাধিক সিদ্ধান্তে ১০ মাসে অন্তত ১৪ বার আপত্তি জানিয়েছেন দুই নির্বাচন কমিশনার। এই প্রতিবেদনের পর প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ এবং তার বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধিতে ব্যবস্থা নেয়ার দাবি জানায় ককরোচ বা তেলাপোকা জনতা পার্টি।
সংবাদপত্রটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক জোশী এসআইআর সম্পর্কিত কিছু সিদ্ধান্ত তাদের না জানিয়ে নেওয়া হয়েছে বলে আনুষ্ঠানিকভাবে আপত্তি জানান।
গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সিজেপি হুঁশিয়ারি দিয়েছিল, প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশব্যাপী আন্দোলন শুরু হবে। দীপ তখন বলেন, ‘চলুন, এই গান্ধী জয়ন্তীতে আমরা গণতন্ত্র রক্ষার অঙ্গীকার করি।’
তিনি আরও জানান, আন্দোলনটি মুম্বাই থেকে শুরু হয়ে পরবর্তীতে ভারতের অন্যান্য শহরে ছড়িয়ে দেওয়া হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বাংলাদেশের ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।
এ সাক্ষাৎটি সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়, এবং আইসিএসবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রতিনিধিদল মন্ত্রীর কাছে বাংলাদেশে চার্টার্ড সেক্রেটারি পেশার ভবিষ্যৎ উন্নয়ন ও অগ্রগতিতে সহযোগিতা ও সমর্থন কামনা করে।
এ সময় মন্ত্রী প্রতিনিধিদলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং আইসিএসবি’র কার্যক্রমে তার সর্বাত্মক সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দেন।
রোববার অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে, আইসিএসবি প্রেসিডেন্ট প্রতিনিধিদলের সদস্যদের মন্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং চার্টার্ড সেক্রেটারি পেশার উন্নয়ন ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আইসিএসবি’র বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তাকে অবহিত করেন।
সাক্ষাৎকালে আইসিএসবি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. রফিকুল ইসলাম, কাউন্সিল সদস্য মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, কাউন্সিল সদস্য খোন্দকার নাসির উদ্দিন মাহমুদ এবং সেক্রেটারি ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাব্বিরুল আলম চৌধুরী উপস্থিত ছিলেন।
আইসিএসবির নেতৃবৃন্দ মন্ত্রীকে প্রতিনিধিদলকে মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন যে, তার অব্যাহত সহযোগিতা ও দিকনির্দেশনা ইনস্টিটিউটের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সূত্র: বাসস
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রের প্রধান প্রবেশদ্বার খুলে দেওয়া হয়েছে। এর পর, ভাঙচুর করা ভবনগুলো পরিষ্কার করে সেখান থেকেই টিকাদানসহ অন্যান্য স্বাস্থ্যসেবা দেওয়া শুরু করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) এই বিষয়টি নিশ্চিত করেছেন রাড্ডা এমসিএইচ-এফপির নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার।
তিনি জানান, সকালে এসে প্রথমে গেট খুলে দেওয়া হয়। এরপর ভাঙা ভবনগুলো পরিষ্কার করা হয়েছে। বর্তমানে টিকাদান কার্যক্রমসহ সক্ষমতা অনুযায়ী অন্যান্য স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। ধীরে ধীরে ভবনগুলো মেরামত করে আবারও পুরোদমে সব কার্যক্রম চালু করার পরিকল্পনা রয়েছে।
স্বাস্থ্যকেন্দ্রটির কার্যক্রম স্বাভাবিক করতে সরকার সর্বাত্মক সহযোগিতা করছে বলেও তিনি উল্লেখ করেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। ভাঙচুর করা ভবনের ভেতর থেকেই চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। নিরাপত্তার জন্য সেখানে সার্বক্ষণিক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। পুলিশ আশা করছে, দ্রুত প্রতিষ্ঠানটির কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হবে। এ ঘটনায় সরকারও কঠোর অবস্থানে রয়েছে বলে জানানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় স্বাস্থ্যকেন্দ্রটির একটি পাকা ও তিনটি আধাপাকা ভবন ভেঙে দেওয়া হয়। লুট করা হয় ওষুধ, টিকা, চিকিৎসা সরঞ্জামসহ অন্যান্য মালামাল।
এ ঘটনায় বিএনপি নেতা হানিফ মিয়াসহ ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে শাহ আলী থানায় মামলা করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদেরও আসামি করা হয়েছে। হামলা ও ভাঙচুরে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছেন।
রাড্ডা এমসিএইচ-এফপির ১৫টি কক্ষে তিনজন চিকিৎসকসহ প্রায় ৩০ জন কর্মকর্তা-কর্মচারী কাজ করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের (১ অক্টোবর) ফেনী সফরের নিরাপত্তা ব্যবস্থা চূড়ান্ত করেছে প্রশাসন। সফরের জন্য সভাস্থলগুলোকে রেড, ইয়েলো ও হোয়াইট— এই তিনটি জোনে ভাগ করে নিরাপত্তা-ব্যবস্থা গঠন করা হচ্ছে। প্রধানমন্ত্রীর সফরের দিন পরশুরাম ও ফুলগাজী উপজেলায় পুলিশের আড়াই হাজারের বেশি সদস্য মোতায়েন থাকবে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর ফেনী সফরের জন্য চূড়ান্ত নিরাপত্তা সমন্বয় সভায় এসব তথ্য উপস্থাপন করা হয়।
সভায় প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) ঊর্ধ্বতন কর্মকর্তা, ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সরকারি দপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশাসনের একটি সূত্র জানায়, পরশুরাম ও ফুলগাজীতে সভাস্থলে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে রেড, ইয়েলো ও হোয়াইট— এই তিন জোনে নিরাপত্তার ব্যবস্থা সাজানো হবে। সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট এবং স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) বৈঠক করেছে।
পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, প্রধানমন্ত্রীর আগমনের দিন পরশুরাম ও ফুলগাজী উপজেলায় পুলিশের আড়াই হাজারের বেশি সদস্য মোতায়েন থাকবে। প্রয়োজন অনুযায়ী সব স্থানে পুলিশ সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করবে।
প্রধানমন্ত্রীর সফরে কতজন বিজিবি সদস্য মাঠে কাজ করবে এ বিষয়ে জানতে চাইলে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, এ বিষয়ে জেলা প্রশাসক কার্যালয়ে সভা হয়েছে, সেখান থেকে তথ্য পাওয়া যাবে। পরবর্তীতে তিনি কোনো মন্তব্য না করেই কল কেটে দেন।
ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল আমিন সরকার বলেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় থাকবে। নিরাপত্তায় এসএসএফ ছাড়াও পুলিশ, এসআরবি, বিজিবি, কোস্টগার্ডসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করবেন। তবে মোট কতজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবেন, তা সুনির্দিষ্টভাবে জানাতে পারেননি তিনি।
জেলা প্রশাসন সূত্র জানায়, আগামী ১ অক্টোবর সকালে পরশুরামের ঘাটঘর এলাকায় মুহুরী নদীর তীরে একনেকে অনুমোদিত ১ হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ের মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে তিনি জনসভাতে বক্তব্য রাখবেন। এরপর ফুলগাজীতে গিয়ে প্রধানমন্ত্রী একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এর মধ্যে শুরুতে খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ এবং পরশুরাম-ফুলগাজী-ছাগলনাইয়া উপজেলার সরকারি দপ্তরে স্থাপিত ৯৬২ দশমিক পাঁচ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার প্যানেলের উদ্বোধন করবেন। পরে ফুলগাজীর জেলা পরিষদ ডাকবাংলোয় বিশ্রাম ও নামাজ আদায় করবেন তিনি।
সূত্র আরও জানায়, এরপর দুপুর ৩টা থেকে ৩টা ২০ মিনিটের মধ্যে প্রধানমন্ত্রী ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হবেন। সেখানে তিনটি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ফ্যামিলি কার্ড, ইমাম ও পুরোহিতদের ভাতা, কৃষক কার্ড এবং দরিদ্র শিক্ষার্থী ও অসহায় মানুষের জন্য সহযোগিতা কার্যক্রমে অংশ নেবেন। পরে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সুধী সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করার পরিকল্পনা রয়েছে।
এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম বলেন, সভাস্থলে নিরাপত্তাব্যবস্থাকে তিনটি জোনে ভাগ করা হবে। এগুলো হলো— রেড, ইয়েলো ও হোয়াইট জোন। রেড জোনে প্রবেশের সুযোগ পাবেন যারা, তাদের জন্য বিশেষ সিকিউরিটি কার্ড দেওয়া হবে। ইয়েলো জোনের জন্য আলাদা কার্ড থাকবে। যারা এই কার্ড পাবেন, তারা কেবল ইয়েলো জোনে যেতে পারবেন। রেড ও ইয়েলো জোনের বাইরে যে এলাকা থাকবে, সেটি হোয়াইট জোন হিসেবে বিবেচিত হবে। এই জোনে সাধারণ মানুষ প্রবেশ করতে পারবেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সম্ভাব্য সূচি অনুযায়ী সড়ক পথে পরশুরাম যাবেন। পরে ফেরার বিষয়টি এখনো চূড়ান্ত করা হয়নি।
এদিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে আনুষঙ্গিক প্রস্তুতির কাজও শেষ পর্যায়ে রয়েছে। সরেজমিনে দেখা গেছে, প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে পরশুরামের ঘাটঘর এলাকায় মুহুরী নদীর তীরে জনসভাস্থল প্রস্তুতির কাজ চলছে। একই সঙ্গে পরশুরাম পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে অস্থায়ী হেলিপ্যাড তৈরির প্রস্তুতি চলছে। জনসভাস্থলে মঞ্চ, উদ্বোধনী ফলকের স্থানসহ প্রয়োজনীয় অবকাঠামো তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। জনসভায় অংশগ্রহণকারী মানুষের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হচ্ছে। সভাস্থলে পানির ট্যাংক ও পোর্টেবল টয়লেট স্থাপনসহ স্যানিটেশন ব্যবস্থা স্থাপন করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। পাশাপাশি অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং অন্যান্য প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কার্যক্রমও চলছে।
সড়ক যোগাযোগ স্বাভাবিক ও নিরাপদ রাখতে ফেনী-পরশুরাম প্রধান সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে মেরামত ও সংস্কার কাজ করছে সড়ক ও জনপথ বিভাগ। পাশাপাশি পরশুরাম-সুবার বাজার সড়কের জনসভাস্থলের আশপাশের এলাকাতেও প্রয়োজনীয় সংস্কার ও প্রস্তুতিমূলক কাজ করা হচ্ছে। একইভাবে ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সৌন্দর্যবর্ধনের কাজ চলছে।
এর আগে, গত ১৭ সেপ্টেম্বর ফেনী সফরে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের। পরে তা স্থগিত করে ১ অক্টোবর সফরের তারিখ পুনর্নির্ধারণ করা হয়। এ নিয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ