০৯:৩৭ পি.এম
দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশিদের মধ্যে প্রায় ৩০ হাজারের অধিক ব্যক্তি ই-৯ ভিসাধারী। তবে, বর্তমানে দেশটিতে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের জন্য ভাষাগত যোগ্যতার শর্ত ছাড়া দক্ষ কর্মী বা ই-৭-৪ ভিসা পাওয়ার নতুন সুযোগ তৈরি হয়েছে।
সিউলের বাংলাদেশ দূতাবাস কোরিয়া সরকারের মানবসম্পদ উন্নয়ন সংস্থার (এইচআরডি) প্রকাশিত এই বিজ্ঞপ্তির প্রতি প্রবাসী কর্মীদের দৃষ্টি আকর্ষণ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোরিয়ান ভাষার পরীক্ষা না দিয়েই ই-৭-৪ ভিসার জন্য আবেদন করা যাবে। এই ক্ষেত্রে ‘কে-পয়েন্ট ই-৭-৪’ স্কোরিং সিস্টেমে ৩০০-এর মধ্যে অন্তত ১৫০ পয়েন্ট থাকতে হবে। তবে, ভিসা নবায়নের সময় ভাষার সনদ জমা দিতে হবে। এছাড়া, পরিবারকে কোরিয়ায় নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করতে ভাষাগত যোগ্যতা প্রয়োজন।
আরও পড়ুন: নিউইয়র্কে বিনা খরচে ট্যাক্স ফাইল, বাংলায় সহায়তা পাবেন যেভাবে
এই আবেদনের জন্য প্রধান শর্ত হলো, বিগত ১০ বছরে কোরিয়ায় অন্তত ৪ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে (রাজধানী সিউলের বাইরে ৩ বছর বা জনসংখ্যা কম এমন এলাকায় ২ বছর)। এছাড়াও, বর্তমানে কর্মরত প্রতিষ্ঠানে অন্তত ১ বছর ধরে কাজ করা, নিয়োগকর্তার সুপারিশপত্র এবং সর্বনিম্ন ২৬ মিলিয়ন ওন বার্ষিক বেতনে ২ বছরের চুক্তিপত্র থাকতে হবে।
অদক্ষ ই-৯ ভিসায় সর্বোচ্চ ৪ বছর ১০ মাস থাকার নিয়ম থাকলেও, ই-৭-৪ ভিসা দীর্ঘমেয়াদে বসবাসের সুযোগ প্রদান করে।
সাধারণ নিয়ম অনুযায়ী এই ক্যাটাগরিতে ২০০ পয়েন্ট প্রয়োজন। ভিসাসংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য প্রবাসীদের ইমিগ্রেশন কনট্যাক্ট সেন্টার (১৩৪৫) অথবা এইচআরডি কোরিয়া সেন্টারে (১৫৭৭-০০৭১) যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার চিঠি পাওয়ার পর করণীয় নির্দেশনা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন