ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ইবিতে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ অনুষ্ঠিত


ইবিতে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে, যা স্তন ক্যান্সার সচেতনতার মাস উপলক্ষে আয়োজন করা হয়েছে। ক্যান্সার সচেতনতামূলক সংগঠন ‘ক্যাপ’ (ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম)—এর উদ্যোগে শনিবার (১০ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

‘স্ক্রিনিং জীবন বাঁচায়’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও আয়োজক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের হাতে স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা, আগাম শনাক্তকরণ ও স্বাস্থ্যসচেতনতার বিভিন্ন বার্তাসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়।

শোভাযাত্রা শেষে আয়োজিত সমাবেশে বক্তারা উল্লেখ করেন, সঠিক সময়ে স্তন ক্যান্সার শনাক্ত করা এবং নিয়মিত স্ক্রিনিংয়ের আওতায় আসা সম্ভব হলে অনেক জীবন রক্ষা করা সম্ভব। তারা এ রোগ নিয়ে প্রচলিত সামাজিক লজ্জা, সংকোচ ও ভ্রান্ত ধারণা দূর করে সমাজের সর্বস্তরে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন: চুয়েটের অচলাবস্থা নিরসনে তদন্ত কমিটি গঠনের উদ্যোগ

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেন, ক্যান্সার প্রতিরোধ এবং ক্যান্সার সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এটি নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ। তিনি বলেন, এর মাধ্যমে যে সচেতনতা সৃষ্টি হবে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, তা ক্যান্সারের মতো একটি ভয়াবহ রোগ থেকে আমাদেরকে প্রতিরোধ করতে সাহায্য করবে।

তিনি আরও বলেন, সচেতনতামূলক কার্যক্রমটি শুধুমাত্র এই অনুষ্ঠানের আয়োজনের মধ্যে সীমাবদ্ধ না থেকে স্কুল-কলেজ থেকে শুরু করে আমাদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত ব্যাপকভাবে প্রচার ও প্রসারের উদ্যোগ নেওয়া প্রয়োজন। বর্তমান পরিপ্রেক্ষিতে নারী শিক্ষার ক্ষেত্রেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই তিনি এই কমিটিকে এ বিষয়ে আরও উদ্যোগ গ্রহণ করার জন্য অনুরোধ জানান এবং এ ধরনের কর্মসূচি আয়োজনের জন্য তাদের সাধুবাদ জানান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০২৬ বিশ্বকাপে সবচেয়ে বেশি ঘৃণামূলক বার্তার শিকার আর্জেন্টিনা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১৬ পি.এম


২০২৬ বিশ্বকাপে সবচেয়ে বেশি ঘৃণামূলক বার্তার শিকার আর্জেন্টিনা

২০২৬ বিশ্বকাপ চলাকালীন সময়ে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি ঘৃণামূলক বার্তার শিকার হয়েছে। টুর্নামেন্টের অগ্রগতির সঙ্গে সঙ্গে দলটির বিরুদ্ধে বিদ্বেষমূলক বার্তার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ফিফার একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে। খবরটি এসেছে টিওয়াইসি স্পোর্টসের মাধ্যমে।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের প্রাক্কালে প্রকাশিত প্রতিবেদনে সামাজিক যোগাযোগমাধ্যম সুরক্ষা পরিষেবা (এসএমপিএস) পরিচালিত গবেষণার ফলাফল তুলে ধরা হয়েছে। ২০২৬ সালের ৯ জুন থেকে ২০ জুলাই পর্যন্ত এক্স, ইনস্টাগ্রাম, ফেসবুক ও টিকটক থেকে ১ কোটি ৭১ লাখেরও বেশি পোস্ট ও মন্তব্য বিশ্লেষণ করে গবেষণাটি সম্পন্ন করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, ঘৃণামূলক আক্রমণের শিকার হওয়ার তালিকায় আর্জেন্টিনার পরবর্তী অবস্থানে রয়েছে ইংল্যান্ড, স্পেন, ব্রাজিল ও নরওয়ে। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিকে ঘিরে সমালোচনার বড় অংশ ছিল রেফারিদের কাছ থেকে কথিত বাড়তি সুবিধা পাওয়ার অভিযোগ।

যদিও দল হিসেবে আর্জেন্টিনা শীর্ষে রয়েছে, তবে ব্যক্তিগতভাবে খেলোয়াড়দের বিরুদ্ধে বিদ্বেষমূলক বার্তার তালিকায় দেশটির অবস্থান চতুর্থ। এই ক্ষেত্রে ফ্রান্স, ইংল্যান্ড ও পর্তুগালের খেলোয়াড়েরা আর্জেন্টিনার খেলোয়াড়দের উপরে অবস্থান করছে।

খেলোয়াড়দের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণের একটি বড় অংশ ছিল বর্ণবাদী। বিশেষ করে আফ্রিকান বংশোদ্ভূত কয়েকজন খেলোয়াড়কে লক্ষ্য করে বিদ্বেষমূলক মন্তব্য করা হয়েছে। বিশ্বকাপে সবচেয়ে বেশি হয়রানির শিকার হওয়া খেলোয়াড়ের পরিচয় প্রকাশ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ওই খেলোয়াড় বর্ণবাদ, সমকামিতাবিদ্বেষ, নারীবিদ্বেষ ও ট্রান্সজেন্ডারবিরোধী বিদ্বেষের শিকার হয়েছেন।

বিদেশিবিদ্বেষমূলক বার্তার প্রধান লক্ষ্যবস্তু ছিল দক্ষিণ আফ্রিকা, আর্জেন্টিনা ও ইংল্যান্ড। এসব বার্তায় অভিবাসন, জাতীয় পরিচয় এবং দল নির্বাচনের মতো বিষয়কে কেন্দ্র করে বিদ্বেষ ছড়ানো হয়েছে।

শুধু আর্জেন্টিনা দল নয়, দেশটির সমর্থকদের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বর্ণবাদী বার্তা ছড়ানোর ক্ষেত্রে আর্জেন্টিনা ছিল শীর্ষে। অঞ্চলভিত্তিক হিসাবে সাধারণ বিদ্বেষমূলক আক্রমণের সবচেয়ে বড় অংশ এসেছে ইউরোপ থেকে, এরপর রয়েছে দক্ষিণ আমেরিকা।

বিশ্বকাপে সবচেয়ে গুরুতর হুমকির মুখে পড়েছেন ম্যাচ পরিচালনাকারী রেফারিরা। তাদের ব্যক্তিগত তথ্য প্রকাশ করে হয়রানি বাড়ানোর চেষ্টা করা হয়েছে, যা ‘ডক্সিং’ নামে পরিচিত। প্রতিবেদনে বলা হয়েছে, এ ধরনের ঘটনার অধিকাংশের শিকার হয়েছেন রেফারিরা।

রেফারিদের বিরুদ্ধে আক্রমণের পেছনে মূলত দুর্নীতি ও ম্যাচ পাতানোর সন্দেহ ছিল। ম্যাচ পরিচালনা নিয়ে অসন্তোষ থেকে শুরু করে ব্যক্তিগত তথ্য ফাঁসের চেষ্টা, বিভিন্নভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে তারা হয়রানির শিকার হয়েছেন।

প্রতিবেদনটি বিশ্ব ফুটবলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্বেষমূলক আচরণের ব্যাপকতা তুলে ধরেছে। একই সঙ্গে খেলোয়াড়, কোচ ও ম্যাচ কর্মকর্তাদের সুরক্ষায় অনলাইন হয়রানি মোকাবিলার প্রয়োজনীয়তা তুলে ধরেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাবির প্রফেসর ইমেরিটাস অধ্যাপক ড. অরুন কুমার পেলেন বিরল আন্তর্জাতিক সম্মাননা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১৭ পি.এম


রাবির প্রফেসর ইমেরিটাস অধ্যাপক ড. অরুন কুমার পেলেন বিরল আন্তর্জাতিক সম্মাননা

যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ বৈজ্ঞানিক সংগঠন আমেরিকান ফিজিক্যাল সোসাইটির (এপিএস) ২০২৬ সালের ফেলো নির্বাচনের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর ইমেরিটাস অধ্যাপক ড. অরুণ কুমার বসাক নির্বাচিত হয়েছেন।

এ ঘোষণা শুক্রবার (৯ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১০টায় প্রকাশিত হয়। এ বছর বিশ্বের বিভিন্ন দেশের পদার্থবিজ্ঞানীদের মধ্যে থেকে মাত্র ১৫৩ জন এই সম্মাননা অর্জন করেছেন।

নিউক্লিয়াস-নিউক্লিয়াস বিভবের প্রয়োগের মাধ্যমে নিউক্লীয় পদার্থবিজ্ঞান ও জ্যোতির্পদার্থবিজ্ঞানের দীর্ঘদিনের সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য এবং বাংলাদেশে কম্পিউটার সচেতনতা ও বিজ্ঞানশিক্ষার প্রসারে ড. অরুণ কুমার বসাকের ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননায় ভূষিত করা হয়েছে।

বিশেষ তাৎপর্যের বিষয় হলো, ড. অরুণ কুমার বসাক বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে কর্মরত একমাত্র পদার্থবিদ হিসেবে এ সম্মান অর্জন করেছেন।

এদিকে, গত ৫ অক্টোবর তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে ২০২৬ সালের গুণী শ্রেষ্ঠ শিক্ষকের সম্মাননা লাভ করেন।

৮৬ বছর বয়সেও গবেষণা, শিক্ষকতা ও বিজ্ঞানশিক্ষায় তার অবদান নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। তার এই অর্জন বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণার অঙ্গনে এক গর্বের সংযোজন।

আমেরিকান ফিজিক্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হওয়ার অনুভূতি প্রকাশ করে অধ্যাপক ড. অরুণ কুমার বসাক বলেন, "এই স্বীকৃতি আমার দীর্ঘদিনের গবেষণা, শিক্ষকতা ও বিজ্ঞানচর্চার প্রতি এক ধরনের সম্মান। আমি মনে করি, এটি শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, বাংলাদেশের বিজ্ঞানশিক্ষা ও গবেষণার জন্যও গর্বের বিষয়।"

তিনি আরও বলেন, "দেশের তরুণ শিক্ষার্থীরা যেন বিজ্ঞানচর্চা ও মৌলিক গবেষণায় আরও বেশি আগ্রহী হয়, সেটিই আমার প্রত্যাশা। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও নিষ্ঠা ও অধ্যবসায়ের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখা সম্ভব। আমি চাই, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার পরিবেশ আরও সমৃদ্ধ হোক এবং নতুন প্রজন্ম বিশ্বমানের বিজ্ঞানী হিসেবে গড়ে উঠুক।"

অভিনন্দন জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, "আমেরিকান ফিজিক্যাল সোসাইটির মতো আন্তর্জাতিকভাবে মর্যাদাপূর্ণ সংগঠনের ফেলো নির্বাচিত হওয়া অধ্যাপক ড. অরুণ কুমার বসাকের দীর্ঘদিনের গবেষণা, শিক্ষকতা ও বিজ্ঞানচর্চার এক অসাধারণ স্বীকৃতি। তার এই অর্জনে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ পুরো বাংলাদেশ গর্বিত। তার সাফল্য দেশের তরুণ শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা ও মৌলিক গবেষণায় আগ্রহী করে তুলবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণার ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে বলে আমরা আশাবাদী।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি, অধিনায়ক লিটন কুমার দাস

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১৭ পি.এম


ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি, অধিনায়ক লিটন কুমার দাস

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করেছে। ঘোষিত দলে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিটন কুমার দাস। সহ-অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন তাওহীদ হৃদয়। দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন রহস্যময় স্পিনার আলিস আল ইসলাম।

ত্রিদেশীয় সিরিজের অভিযান শুরু হবে আগামী ১৭ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের মাধ্যমে। সূচি অনুযায়ী, ১৯ অক্টোবর জিম্বাবুয়ে আফগানিস্তানের মুখোমুখি হবে। এরপর ২১ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ হবে আফগানিস্তান। সিরিজের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর।

চোটের কারণে আসন্ন সিরিজে পেসার নাহিদ রানার জায়গা হয়নি। তার অনুপস্থিতিতে বাংলাদেশের পেস আক্রমণে থাকবেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।

এদিকে, এশিয়ান গেমসে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেকের পর এবার ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন আলিস আল ইসলাম। রহস্যময় স্পিনার হিসেবে পরিচিত এই ক্রিকেটারকে ঘিরে নতুন করে আগ্রহ সৃষ্টি হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

ব্যাটিং বিভাগে অধিনায়ক লিটন দাসের সঙ্গে রয়েছেন তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় ও মোসাদ্দেক হোসেন সৈকত। অলরাউন্ডার হিসেবে দলে আছেন মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফউদ্দিন। উইকেটকিপার হিসেবে দায়িত্ব পালন করবেন নুরুল হাসান সোহান।

ত্রিদেশীয় এই সিরিজে বাংলাদেশের লক্ষ্য হবে নিজেদের সামর্থ্য প্রমাণ করে ফাইনালে জায়গা করে নেওয়া।

বাংলাদেশের স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও আলিস আল ইসলাম।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রবীন্দ্রনাথের ছবিতে কালি দিতে গিয়ে নারীসহ আটক ৪

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১৭ পি.এম


রবীন্দ্রনাথের ছবিতে কালি দিতে গিয়ে নারীসহ আটক ৪

রাজধানী ঢাকার শিল্পকলা একাডেমির সামনে অবস্থিত দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি লেপন করার সময় এক নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে শাহবাগ থানার পুলিশ তাদের আটক করে।

শিল্পকলা একাডেমির ওই দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সঞ্জীব চট্টোপাধ্যায়সহ উপমহাদেশের বিভিন্ন গুণীজনের প্রতিকৃতি আঁকা ছিল। শনিবার দুপুরে এক নারী ও তার সহযোগীরা রবীন্দ্রনাথের ছবিতে কালো কালি লেপে দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, ওই নারী একটি ব্রাশ দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি দিচ্ছেন। এ সময় শাহবাগ থানার এক পুলিশ সদস্য তাকে সরিয়ে দেন। পরে ওই নারী ও তার সহযোগীরা হট্টগোল শুরু করলে পুলিশ তাদের আটক করে ভ্যানে তোলে। আটকের সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

গণমাধ্যমের সামনে ওই নারী দাবি করেন, রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিপক্ষে ছিলেন এবং তিনি বলেছিলেন ‘কাঙ্গালদের আবার কিসের শিক্ষা’। রবীন্দ্রনাথকে ‘বাংলাদেশের বিরুদ্ধে’ আখ্যা দিয়ে প্রতিবাদস্বরূপ তিনি ছবিতে কালি দিয়েছেন বলে জানান।

তবে, সাংবাদিকদের জিজ্ঞাসাবাদের মুখে ওই নারী নিজের অবস্থান পরিবর্তন করে দাবি করেন, তিনি অসুস্থ (জ্বরে আক্রান্ত) এবং তাকে কেবল একটি ‘সাধারণ প্রতিবাদ কর্মসূচির’ কথা বলে শিল্পকলা একাডেমির সামনে নিয়ে আসা হয়েছিল। রবীন্দ্রনাথের ছবিতে কালি দিতে হবে— এমন বিষয়টি তিনি আগে থেকে জানতেন না। এছাড়া, আটকের সময় এক পুরুষ পুলিশ সদস্য তাকে ধাক্কা দিয়েছেন বলেও অভিযোগ করেন।

অন্যদিকে, আয়াশ নামের এক যুবককে আটক করার পর পুলিশের ভ্যানে তোলার সময় সেখানে হট্টগোল সৃষ্টি হয়।

শাহবাগ থানার ডিউটি অফিসার মোহাম্মদ আব্দুল খালেক জানান, ঘটনাস্থল থেকে আয়াশসহ মোট তিন যুবক ও এক নারীকে আটক করা হয়েছে। বেলা সাড়ে ১২টার দিকে তাদের থানায় নেওয়া হয়।

আটকদের বিরুদ্ধে কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে— জানতে চাইলে তিনি বলেন, এখনো তাদের বিরুদ্ধে মামলা করার বিষয়টি নিশ্চিত নয়। ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি নিয়ে সিদ্ধান্ত জানাবেন।

বর্তমানে আটকরা শাহবাগ থানা হেফাজতে রয়েছেন এবং পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%