০৭:০৫ পি.এম
গাইবান্ধার সুন্দরগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার হওয়ার পর শাকিল খান(২৬) নামের জাতীয় নাগরিক পার্টির(এনসিপি) একজন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার(২০ জুলাই) বিকালে সংগঠনটির জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক(দপ্তর) রাশেদুল ইসলাম জুয়েল স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
শাকিল খান সুন্দরগঞ্জ উপজেলা শাখার সহ-সাংগঠনিক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জেলা এনসিপির আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদি এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব চৌধুরী রাহাত ইবনে শহীদের যৌথ সিদ্ধান্তে শাকিল খানকে সুন্দরগঞ্জ উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক পদসহ দলের সকল ধরনের দায়িত্ব এবং প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়েছে যে, শাকিল খানের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাবিরোধী আচরণ এবং অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। তার কর্মকাণ্ড দলের নীতি, আদর্শ ও ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে। এই কারণে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি দলীয় নেতাকর্মীসহ সর্বসাধারণকে তার সঙ্গে দলের নামে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার জন্য আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
এর আগে রবিবার(১৯ জুলাই) দিবাগত রাতে সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর বাজার এলাকা থেকে শাকিল খানকে আট পিস ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন