ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

গেতাফেকে ৩-০ গোলে হারিয়ে বার্সেলোনার টানা আট জয়


গেতাফেকে ৩-০ গোলে হারিয়ে বার্সেলোনার টানা আট জয়

আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষে মাঠে ফিরে জয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে বার্সেলোনা। গেতাফেকে ৩-০ গোলে পরাজিত করে লা লিগায় টানা আট জয়ে শীর্ষস্থানকে আরও মজবুত করেছে হান্সি ফ্লিকের দল।

শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাতে কাম্প ন্যুয়ে বার্সেলোনার হয়ে গোল করেছেন অ্যান্থনি গর্ডন, গাব্রিয়েল জেসুস ও জুল কুন্দে। ম্যাচের দ্বিতীয় মিনিটেই গর্ডনের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জেসুস। দ্বিতীয়ার্ধের ৭৩ মিনিটে কুন্দের গোলে জয় নিশ্চিত হয় কাতালান ক্লাবটির।

আরও পড়ুন: শূন্য রান করেও ম্যাচের নায়ক ম্যাক্স ফিল্ড, খেললেন ১৩২ বল

হালকা চোটের কারণে সতর্কতামূলক ব্যবস্থায় অধিনায়ক রাফিনিয়াকে ছাড়াই মাঠে নামে বার্সেলোনা। ম্যাচের শুরুতেই প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের বাধা কাটিয়ে শট নেন গর্ডন। বলটি এক ডিফেন্ডারের পায়ে লেগে গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে প্রবেশ করে।

বার্সেলোনার জার্সিতে এটি ইংলিশ উইঙ্গারের প্রথম গোল। চলতি লিগে এখন পর্যন্ত তার চারটি অ্যাসিস্টও রয়েছে। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে সর্বশেষ চার ম্যাচেই গোল করেছেন তিনি। ম্যাচের অধিকাংশ সময় বল নিজেদের দখলে রেখে গেতাফের রক্ষণে চাপ সৃষ্টি করে বার্সেলোনা। ৩০ মিনিটে প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগান জেসুস।

ডি-বক্সের কাছে বল হারান গেতাফের ডিফেন্ডার রোমেরো। সেই সুযোগে বল নিয়ন্ত্রণে নিয়ে শক্তিশালী শটে জালে পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। চলতি মৌসুমে আর্সেনাল ছেড়ে বার্সেলোনায় যোগ দেওয়া জেসুসের এটি পাঁচ ম্যাচে তৃতীয় গোল।

বিরতির পরও আক্রমণের ধার কমেনি স্বাগতিকদের। ৫৩ মিনিটে জেরার্দ মার্তিনের ক্রস থেকে হেড করে ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি জেসুস। চার মিনিট পর দানি ওলমোর নিচু শট ঠেকিয়ে দেন গেতাফের গোলরক্ষক।

আরও পড়ুন: রিয়ালের জয় ছাপিয়ে গুলারের লাল কার্ড বিতর্ক

অবশেষে ৭৩ মিনিটে তৃতীয় গোলের দেখা পায় বার্সেলোনা। ডান দিক থেকে লামিন ইয়ামালের বাড়ানো ক্রসে কাছ থেকে পা ছুঁইয়ে বল জালে পাঠান ফরাসি ডিফেন্ডার জুল কুন্দে।

ম্যাচের শেষ দিকে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ পেয়েছিলেন ইয়ামাল। তবে বক্সের বাইরে থেকে তার বাঁ পায়ের শট পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়।

এই জয়ে লা লিগার প্রথম আট ম্যাচের সবকটিতে জিতে ২৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে বার্সেলোনা। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ।

লা লিগায় নিজেদের ইতিহাসের অন্যতম সেরা শুরুর রেকর্ডেও ভাগ বসিয়েছে বার্সেলোনা। এর আগে ২০১৩-১৪ মৌসুমে কোচ জেরার্দো মার্তিনোর অধীনেও লিগের প্রথম আট ম্যাচে জয় পেয়েছিল দলটি। চলতি মৌসুমে প্রথম আট ম্যাচে প্রতিপক্ষের জালে মোট ৩৪ গোল করেছে ফ্লিকের শিষ্যরা।

আরও পড়ুন: সালমান আগার সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে হারিয়ে পাকিস্তানের জয়

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলে মেরুজ্যোতি দেখা যেতে পারে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৫২ পি.এম


যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলে মেরুজ্যোতি দেখা যেতে পারে

যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলের আকাশে এ সপ্তাহান্তে মেরুজ্যোতির (Northern lights) বর্ণিল আলোর দেখা মিলতে পারে। সূর্য থেকে শক্তিশালী কণার নির্গমনের ফলে ভূচৌম্বকীয় ঝড়ের আশঙ্কা তৈরি হওয়ায় রোববার (১১ অক্টোবর) দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে এই আলোর প্রদর্শন ঘটতে পারে। তবে আবহাওয়া, মেঘ এবং কৃত্রিম আলোর উপস্থিতির কারণে সব স্থানে মেরুজ্যোতি দেখা নাও যেতে পারে।

যুক্তরাষ্ট্রের জাতীয় মহাসাগরীয় ও বায়ুমণ্ডলীয় প্রশাসনের মহাকাশ আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র রোববার মাঝারি মাত্রার ভূচৌম্বকীয় ঝড়ের সতর্কতা জারি করেছে। শুক্রবার (৯ অক্টোবর) প্রকাশিত পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুসারে, ৭ ও ৮ অক্টোবর সূর্য থেকে দুটি বিশাল পদার্থ ও চৌম্বকক্ষেত্রের উদগিরণ ঘটেছে। এগুলোকে করোনাল মাস ইজেকশন বলা হয়। বিজ্ঞানীদের ধারণা, দ্রুতগতির উদগিরণটি পৃথিবীর দিকে আসার পথে আগেরটির সঙ্গে মিশে যেতে পারে। এর ফলে সৃষ্ট ভূচৌম্বকীয় ঝড় মেরুজ্যোতি দেখার সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে।

পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে পশ্চিমে আইডাহো অঙ্গরাজ্য পর্যন্ত বিস্তৃত কিছু অঞ্চলে মেরুজ্যোতি দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চল ও মধ্য-পশ্চিমের ওপরের অংশের বাসিন্দাদের এ দৃশ্য দেখার সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি।

তবে কোন অঙ্গরাজ্যে নিশ্চিতভাবে মেরুজ্যোতি দেখা যাবে, তা বলা যাচ্ছে না। ঝড়ের প্রকৃত শক্তি, আকাশে মেঘের উপস্থিতি এবং শহরের কৃত্রিম আলো এ দৃশ্য দেখার ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। তাই পরিষ্কার ও কম আলোকদূষণযুক্ত স্থান থেকে আকাশ পর্যবেক্ষণের সুযোগ তুলনামূলক বেশি হতে পারে।

কেন দেখা যায় মেরুজ্যোতি?

সূর্য থেকে আসা বৈদ্যুতিক আধানযুক্ত কণা পৃথিবীর চৌম্বকক্ষেত্র ও বায়ুমণ্ডলের সঙ্গে মিথস্ক্রিয়া করলে আকাশে নানা রঙের আলোর সৃষ্টি হয়। এ প্রাকৃতিক আলোকচ্ছটাকেই মেরুজ্যোতি (Northern lights) বলা হয়।

সূর্য থেকে করোনাল মাস ইজেকশনের মাধ্যমে বিপুল পরিমাণ পদার্থ ও চৌম্বকক্ষেত্র পৃথিবীর দিকে আসতে পারে। এগুলো পৃথিবীর চৌম্বক পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়া করলে ভূচৌম্বকীয় ঝড় তৈরি হয়। ঝড়ের শক্তি বেশি হলে মেরুজ্যোতি সাধারণ সময়ের তুলনায় আরও দক্ষিণের এলাকাতেও দেখা যেতে পারে।

ভূচৌম্বকীয় ঝড়ের মাত্রা নির্ধারণে জি-১ থেকে জি-৫ পর্যন্ত পাঁচটি ধাপ ব্যবহার করা হয়। জি-১ হলো দুর্বল মাত্রার ঝড়, আর জি-৫ হলো চরম মাত্রার ঝড়। ঝড়ের মাত্রা যত বাড়ে, মেরুজ্যোতি তত দূরের অঞ্চলেও দৃশ্যমান হওয়ার সম্ভাবনা তৈরি হয়।

সূত্র: ইউএসএ টুডে

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালদ্বীপে বাংলাদেশি যুবক সজীবের রহস্যজনক মৃত্যু, তিন রুমমেট লাপাত্তা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৫৩ পি.এম


মালদ্বীপে বাংলাদেশি যুবক সজীবের রহস্যজনক মৃত্যু, তিন রুমমেট লাপাত্তা

মালদ্বীপে মো. সজীব (২৭) নামের এক বাংলাদেশি যুবকের রহস্যজনক মৃত্যু ঘটেছে। ঘটনার পর থেকে তার তিন রুমমেটকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

লাপাত্তা থাকা তিনজনের মধ্যে দুজন কুমিল্লার বরুড়া উপজেলার বাসিন্দা এবং একজন নেপালের নাগরিক। সজীবের মৃত্যুর ঘটনায় তাদের অনুপস্থিতি নিয়ে স্বজনদের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছে। তবে, মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।

নিহত সজীব কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের মহালক্ষ্মীপাড়া উত্তরপাড়া এলাকার আবদুল খালেকের ছেলে।

শুক্রবার (৯ অক্টোবর) রাতে সজীবের মৃত্যুর খবর দেশে পৌঁছায়। তার চাচাতো ভাই মো. সোহেল এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবারের সূত্রে জানা যায়, সজীবকে তার কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া গেছে। খবর পেয়ে মালদ্বীপের পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়।

নিহতের পরিবারের দাবি, মরদেহ উদ্ধারের সময় সজীবের সঙ্গে একই কক্ষে থাকা তিন প্রবাসী সেখানে উপস্থিত ছিলেন না। তাদের বর্তমান অবস্থান সম্পর্কেও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় সজীবের মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে বলে সন্দেহ করছেন স্বজনেরা। তাদের আশঙ্কা, তাকে হত্যা করে ঘটনাটি আত্মহত্যা হিসেবে উপস্থাপন করা হয়ে থাকতে পারে। তবে, এ অভিযোগের পক্ষে কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।

মালদ্বীপের পুলিশের বক্তব্যও জানা সম্ভব হয়নি। ফলে সজীবের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না।

সজীব অবিবাহিত ছিলেন। তার ব্যক্তিগত ও পারিবারিক জীবনে বড় ধরনের কোনো সমস্যা ছিল না বলে দাবি করেন স্বজনরা। তিনি প্রায় তিন বছর আগে মালদ্বীপে পাড়ি জমান, পরিবারের আর্থিক সচ্ছলতা আনার আশায়।

সজীবের আকস্মিক মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার মহালক্ষ্মীপাড়া উত্তরপাড়া এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজন ও এলাকাবাসী তার মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

এছাড়া, মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছে সজীবের পরিবার।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৫৩ পি.এম


আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়

বড়াইগ্রাম উপজেলার নাটোরের কিছু এলাকায় আজ রোববার (১১ অক্টোবর) গাছের ডালপালা কর্তন এবং বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ তথ্য শনিবার (১০ অক্টোবর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৪ ও ১০ নম্বর ফিডারের আওতাধীন এলাকায় সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ছাতিয়ানগাছা, শ্রীখণ্ডি, ভবানীপুর ও হারোয়া এলাকার গ্রাহকদের কিছুটা অসুবিধার সম্মুখীন হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে গাছের ডালপালা কর্তন এবং প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করা হবে।

পল্লী বিদ্যুৎ সমিতি জানায়, নির্ধারিত কাজের অগ্রগতির ওপর ভিত্তি করে বিদ্যুৎ বন্ধের সময়সূচিতে কিছু পরিবর্তন হতে পারে। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৮ জেলায় নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে নানান সুবিধা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৫৩ পি.এম


৮ জেলায় নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে নানান সুবিধা

প্রাণ গ্রুপ জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ অক্টোবর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।

পদের নাম: টেকনিক্যাল সার্ভিস অফিসার

লোকবল নিয়োগ: ১৫ জন

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর অথবা বিএসসি

অন্যান্য যোগ্যতার মধ্যে রয়েছে: কম্পিউটার ব্যবহারের মৌলিক দক্ষতা (এমএস অফিস, প্রতিবেদন তৈরি); পাশাপাশি শক্তিশালী যোগাযোগের দক্ষতা, সমস্যা সমাধানে সক্ষমতা এবং দলগতভাবে কাজ করার ক্ষমতা।

অভিজ্ঞতার ক্ষেত্রে: প্রার্থীদের জন্য কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা প্রয়োজন, তবে অভিজ্ঞতা ছাড়া আগ্রহী ব্যক্তিরাও আবেদন করতে পারবেন।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: ২৩ থেকে ৩৫ বছর

কর্মস্থল হিসেবে নির্ধারিত হয়েছে: ফরিদপুর, যশোর, খুলনা, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, নরসিংদী, নোয়াখালী ও সিলেট।

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে: মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, টি/এ, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাসসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুবিধা।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%