ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

আল মোস্তফা গ্রুপের এমডির বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ


আল মোস্তফা গ্রুপের এমডির বিরুদ্ধে চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মেঘনাঘাট এলাকায় অবস্থিত আল মোস্তফা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা কামালের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে ব্যবসায়িক লেনদেনের নিরাপত্তা হিসেবে জমা দেওয়া ব্যাংকের চেক ব্যবহার করে একের পর এক মামলা দায়ের করা হচ্ছে। ব্যবসায়ীদের হয়রানি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রভাব খাটানোর অভিযোগও রয়েছে।

অভিযোগের মধ্যে রয়েছে, দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্কের আর্থিক হিসাব নিষ্পত্তি না করে সিকিউরিটি চেক দিয়ে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। ভুক্তভোগী ব্যবসায়ীরা অভিযোগ করেছেন যে, এসব মামলাকে কেন্দ্র করে একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার সহায়তায় তাদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে এবং ডিবি পুলিশ দিয়ে হয়রানি করা হচ্ছে।

ভুক্তভোগী প্রতিষ্ঠানগুলোর দাবি, মো. মোস্তফা কামাল আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং তিনি এলাকার প্রভাবশালী নেতা হিসেবে ভূমি দখল থেকে শুরু করে বিভিন্ন খারাপ কাজ করেছেন। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর আল মোস্তফা গ্রুপের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর পাওনা ও দেনার হিসাব নিষ্পত্তির পরিবর্তে বিভিন্ন ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনা বৃদ্ধি পায়। কয়েকটি প্রতিষ্ঠানের ব্যবসায়ীরা এসব ঘটনাকে পরিকল্পিত ‘মামলা বাণিজ্য’ হিসেবে আখ্যায়িত করেছেন।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

হক গ্রুপের সঙ্গে আল মোস্তফা গ্রুপের ১৪ বছরের ব্যবসায়িক সম্পর্ক ছিল। হক গ্রুপের চিফ অপারেটিং অফিসার জাহিদুল ইসলাম বিদ্যুতের দাবি, দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্কের অংশ হিসেবে বিভিন্ন সময়ে ব্যাংকের চেক নিরাপত্তা জামানত হিসেবে দেওয়া হয়েছিল। কিন্তু ২০২৪ সালের আগস্টের পর আল মোস্তফা গ্রুপ মালামাল সরবরাহ বন্ধ করে দিলে উভয় পক্ষের মধ্যে হিসাব নিষ্পত্তির প্রয়োজন দেখা দেয়।

হক গ্রুপের পক্ষ থেকে বারবার আলোচনার মাধ্যমে দেনা-পাওনা সমন্বয়ের প্রস্তাব দেওয়া হলেও আল মোস্তফা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও তার প্রতিনিধিরা আলোচনায় বসেননি বলে অভিযোগ করা হয়েছে।

প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট কর্মকর্তার দাবি, সমঝোতার পরিবর্তে সিকিউরিটি চেক ব্যবহার করে হক গ্রুপের বিরুদ্ধে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস (এনআই) অ্যাক্টের আওতায় ২৫টি মামলা দায়ের করা হয়েছে। একই ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে থানায় পৃথক মামলা করা হয়েছে। মোট মামলা সংখ্যা ২৯টি। হাইকোর্টের একটি রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, এনআই অ্যাক্টে মামলা মানে কাউকে হয়রানির জন্য নয় বরং টাকা আদায় করার উপায় বের করা।

হক গ্রুপের একজন কর্মকর্তা জানিয়েছেন, আল মোস্তফা গ্রুপের সঙ্গে তাদের ১৪ বছরের ব্যবসায়িক লেনদেন হয়েছে, যার মোট পরিমাণ প্রায় ১১৪ কোটি টাকা। এর মধ্যে ১১২ কোটি ৪৫ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। হিসেব অনুযায়ী, তারা ১ কোটি ৫৫ লাখ টাকা পাওনা। আল মোস্তফা গ্রুপের দাবি অনুযায়ী, ৫ কোটি টাকার বেশি পাওনা রয়েছে। কিন্তু তারা ১১ কোটি টাকা পাওনার দাবি করে মামলা দিয়েছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

তিনি আরও জানান, যেসব চেকের আংশিক টাকা পরিশোধ করা হয়েছে, সেগুলোর বিপরীতেও মামলা দায়ের করা হয়েছে। আলাদা আলাদা মামলার মাধ্যমে একই চেক ও ভাউচার ব্যবহার করা হয়েছে। বারবার বসার তাগিদ দিলেও মোস্তফা কামাল বসতে রাজি নন। জানা গেছে, শুধু হক গ্রুপ নয়, অন্যান্য ব্যবসায়ীদের বিরুদ্ধেও এরকম মামলা দেওয়া হচ্ছে।

অভিযোগকারীরা দাবি করেছেন, শুধু হক গ্রুপ নয়, এলিন ফুডসহ আরও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও ব্যবসায়ীর বিরুদ্ধে একই ধরনের মামলা করা হয়েছে। নারায়ণগঞ্জ, ঢাকা, যশোর, নওগাঁ, কিশোরগঞ্জ, নরসিংদী, কুমিল্লা, চট্টগ্রাম ও নোয়াখালীসহ বিভিন্ন জেলায় এসব মামলা দায়েরের অভিযোগ রয়েছে।

ব্যবসায়িক বিরোধের কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে হয়রানির অভিযোগও উঠেছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে দেওয়া একটি লিখিত অভিযোগে জানা যায়, গভীর রাতে হক গ্রুপের চিফ অপারেটিং অফিসারের বাসায় গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল অভিযান পরিচালনা করে।

অভিযোগে দাবি করা হয়েছে, ওই কর্মকর্তাকে বাসা থেকে নিয়ে যাওয়া হয়েছে। পরে তাকে ডিবি কার্যালয়ে গ্রেফতার দেখানোর পরিবর্তে একটি থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। লিখিত অভিযোগে অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যদের ভূমিকা, অভিযানের অনুমোদন, আইনগত এখতিয়ার এবং গ্রেফতার প্রক্রিয়ার যথার্থতা তদন্তের অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন: ক্ষমা চাইলেন ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বলা এমপি রতন

আল মোস্তফা গ্রুপের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর মধ্যে অন্যতম হলো প্রতিষ্ঠানটির সঙ্গে একজন অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপারের (এএসপি) সংশ্লিষ্টতা। অভিযোগকারী ব্যবসায়ীদের দাবি, ওই সাবেক পুলিশ কর্মকর্তা ব্যবসায়িক বিরোধ ও মামলা পরিচালনাসংক্রান্ত বিভিন্ন বিষয়ে ভূমিকা পালন করছেন। তাদের অভিযোগ, তার পূর্ববর্তী পেশাগত পরিচয় ও যোগাযোগকে ব্যবসায়ীদের ওপর চাপ সৃষ্টির কাজে ব্যবহার করা হচ্ছে।

নদী-খাল ও সরকারি জমি দখলের অভিযোগ

আল মোস্তফা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা কামালের বিরুদ্ধে জমি দখল ও পরিবেশগত ক্ষতির অভিযোগও বিভিন্ন সময়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মেঘনাঘাট এলাকায় নদী, সরকারি খাসজমি এবং স্থানীয় বাসিন্দাদের জমি বালু ভরাটের মাধ্যমে দখলের অভিযোগ রয়েছে।

অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের অভিযোগ

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

আল মোস্তফা গ্রুপের শিল্পপ্রতিষ্ঠানে অবৈধ ও অননুমোদিত গ্যাস সংযোগ ব্যবহারের অভিযোগও রয়েছে। অভিযোগ অনুযায়ী, সোনারগাঁও শিল্প এলাকায় অনুমোদনবিহীন গ্যাস সংযোগের মাধ্যমে কারখানা পরিচালনার ঘটনা ঘটেছে। এসব বিষয় গণমাধ্যমে উঠে এসেছে।

কয়েকটি প্রতিষ্ঠানের অভিযোগ, এসব মামলাকে কেন্দ্র করে অর্থ আদায়ের চাপ দেওয়া হচ্ছে। তারা বিষয়টিকে ‘মামলা বাণিজ্য’ ও চাঁদাবাজির প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছেন।

মেঘনা গ্রুপের মোস্তফা কামালের সঙ্গে কোনো সম্পর্ক নেই। নামের মিলের কারণে বিভ্রান্তি এড়াতে সংশ্লিষ্টরা জানিয়েছেন, আল মোস্তফা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা কামাল এবং মেঘনা গ্রুপের একই নামের ব্যক্তি এক নন। দুটি প্রতিষ্ঠান পৃথক এবং তাদের ব্যবস্থাপনা, মালিকানা ও ব্যবসায়িক পরিচয়ও আলাদা। ফলে আল মোস্তফা গ্রুপের বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে মেঘনা গ্রুপ বা তার সংশ্লিষ্ট ব্যক্তিদের জড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন তারা।

নিরপেক্ষ তদন্ত ও ব্যবসায়িক বিরোধ নিষ্পত্তির দাবি করা হয়েছে। হক গ্রুপসহ অভিযোগকারী ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর দাবি, ব্যবসায়িক লেনদেনের প্রকৃত হিসাব নির্ধারণ করে আইনসম্মত উপায়ে বিরোধ নিষ্পত্তি করা হোক। একই সঙ্গে সিকিউরিটি চেকের ব্যবহার, একাধিক মামলা দায়েরের প্রেক্ষাপট, পুলিশের অভিযানের আইনগত ভিত্তি এবং অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার কথিত ভূমিকা নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়েছেন তারা।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

অভিযোগকারীদের মতে, ব্যবসায়িক বিরোধ নিষ্পত্তির জন্য আইনগত ব্যবস্থা গ্রহণের অধিকার সবার রয়েছে। তবে সেই প্রক্রিয়া যেন কাউকে অযৌক্তিকভাবে হয়রানি বা চাপ প্রয়োগের মাধ্যম হিসেবে ব্যবহার করা না হয়, তা নিশ্চিত করা জরুরি।

অভিযোগের বিষয়ে আল মোস্তফা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা কামালকে কল করা হলে তিনি রিসিভ করেননি।

অন্যদিকে এসব বিষয়ের বিষয়ে জানতে চাইলে শনিবার (১৭ অক্টোবর) পুলিশের অবসরপ্রাপ্ত এএসপি এএসএম আজাদ বলেন, আমি আল মোস্তফা গ্রুপে চাকরি করি। সুতরাং সবকিছুর দেখভালের দায়িত্ব আমার। টাকা আদায়ের পরিবর্তে ব্যবসায়ীদের বিরুদ্ধে একের পর এক মামলা দিচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, পাওনা আদায়ের জন্য তো মামলা দিবোই। টাকা দিয়ে যাক মামলা হবে না।

ডিবি পুলিশ দিয়ে অভিযানের বিষয়ে তিনি বলেন, হ্যা আমি ডিবি পুলিশ দিয়ে অভিযান চালিয়েছি আরও চালাবো। আপনি যা লেখার লিখে দেন বলেও জানান অবসরপ্রাপ্ত এএসপি এএসএম আজাদ।

আরও পড়ুন: ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৪, হাসপাতালে ভর্তি ১৮৫১ জন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধামরাইয়ে পরিত্যক্ত গোডাউনে আগুন, ৫ লাখ টাকার সম্পদ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫৪ পি.এম


ধামরাইয়ে পরিত্যক্ত গোডাউনে আগুন, ৫ লাখ টাকার সম্পদ উদ্ধার

ঢাকার ধামরাইয়ের বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) শিল্পনগরীতে অবস্থিত ‘মুকুল পিভিসি ইন্ডাস্ট্রিজ’-এর একটি পরিত্যক্ত গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নির্বাপণ করা সম্ভব হয়েছে। এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এবং ফায়ার সার্ভিসের তৎপরতায় আনুমানিক ৫ লাখ টাকার সম্পদ উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রোববার (১৮ অক্টোবর) সকাল ৯টা ১৭ মিনিটে বিসিক শিল্পনগরীর ওই গোডাউনটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তথ্য পাওয়ার মাত্র আট মিনিটের মাথায়, সকাল ৯টা ২৫ মিনিটে ধামরাই ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। ধামরাই ফায়ার স্টেশনের কর্মকর্তা আল আমিন খানের নেতৃত্বে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর সকাল ৯টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ১০টা ২০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

ধামরাই ফায়ার স্টেশন জানায়, ক্ষতিগ্রস্ত গোডাউনটি আনুমানিক ১০০ ফুট × ৩০ ফুট আয়তনের একটি স্টিল স্ট্রাকচারের স্থাপনা ছিল। প্রাথমিক ধারণা অনুযায়ী, গ্যাস লিকেজ থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

এই অগ্নিকাণ্ডে আনুমানিক ১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানানো হয়েছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত ও কার্যকরী পদক্ষেপের কারণে গোডাউন এবং এর আশেপাশের আনুমানিক ৫ লাখ টাকার সম্পদ আগুনে পুড়ে যাওয়া থেকে রক্ষা পেয়েছে।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আল আমিন খান বলেন, খবর পাওয়ার সাথে সাথেই আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দুটি ইউনিটের কর্মীরা অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিক আলামত দেখে মনে হচ্ছে গ্যাস লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ দল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৩৫ পি.এম


ঢাকায় দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ দল

ঢাকায় পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল, তারা দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এসেছে।

রোববার (১৮ অক্টোবর) রোস্টন চেজের নেতৃত্বে ক্যারিবীয়রা বাংলাদেশে প্রবেশ করে।

সফরের অংশ হিসেবে সফরকারীরা একটি প্রস্তুতি ম্যাচ খেলবে এবং এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশগ্রহণ করবে। ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশে ষষ্ঠবারের মতো টেস্ট সিরিজ খেলতে এসেছে।

প্রায় সাড়ে পাঁচ বছর আগে তারা বাংলাদেশ সফরে এসে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জয়লাভ করেছিল। এবার বাংলাদেশের সামনে পুরনো হিসাব চুকানোর সুযোগ রয়েছে।

এছাড়া, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে নাজমুল হোসেন শান্তর দলের জন্য এই সিরিজে ভালো করার বিকল্প নেই। বর্তমানে বাংলাদেশ পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে।

ফাইনালের দৌঁড়ে টিকে থাকতে হলে ঘরের মাঠের এই সিরিজে ধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি জয়ও শান্তদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

দুই দল এখন পর্যন্ত ১১টি টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছে। এর মধ্যে বাংলাদেশ দুবার জয়ী হয়েছে; ২০০৯ সালে এবং ২০১৮-১৯ মৌসুমে। ক্যারিবীয়দের জয় এসেছে আট সিরিজে, অন্য একটি সিরিজ ড্র হয়েছে।

সিরিজ শুরুর আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে ওয়েস্ট ইন্ডিজ। আগামী ২২ ও ২৩ অক্টোবর দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এরপর ২৮ অক্টোবর থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে, যা ১ নভেম্বর পর্যন্ত চলবে।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ৫ নভেম্বর শুরু হবে এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৯ নভেম্বর পর্যন্ত চলবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্ষমতার জন্য বিএনপির পাশে থাকলেও জামায়াতের মনে আ. লীগের আকর্ষণ: রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৩৫ পি.এম


ক্ষমতার জন্য বিএনপির পাশে থাকলেও জামায়াতের মনে আ. লীগের আকর্ষণ: রিজভী

ক্ষমতার জন্য বিএনপির সঙ্গেও থাকার কথা বললেও জামায়াতে ইসলামীর অন্তরে আওয়ামী লীগের প্রতি এক ধরনের আকর্ষণ রয়েছে, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় প্রেসক্লাবে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আফসার আহমদ সিদ্দিকীর ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

রিজভী জামায়াতের আমিরের বক্তব্যের সমালোচনা করে বলেন, "জামায়াতের আমির আজকেই বোধ হয় একটা কথা বলেছেন, যে বিএনপি ফ্যাসিস্টদের পথে এগিয়ে যাচ্ছে। তা আমি তাকে বলতে চাই, ফ্যাসিস্টদের পথ কী? কোনটা পথ? একটা দৃষ্টান্ত দেখান।"

তিনি আরও বলেন, "৫ আগস্টের পর আওয়ামী লীগের সবকিছু মাফ করে দেওয়া কিংবা ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কথা বিএনপির কোনো নেতা বলেননি। বিএনপির প্রধান নেতা তারেক রহমানও এমন কথা বলেননি। অথচ এখন বিএনপির বিরুদ্ধে ফ্যাসিস্টদের পথে হাঁটার অভিযোগ তোলা হচ্ছে।"

রিজভী বলেন, "বিএনপিকে জনগণ চেনে, বিএনপি যে প্রতিশ্রুতি দেয়, সেই প্রতিশ্রুতি থেকে বিন্দুমাত্র বিচ্যুত হয় না। কিন্তু আপনারা যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেই প্রতিশ্রুতি আপনারা ইসলামের নামে দিয়েছেন, আল্লাহর নামে দিয়েছেন। অনেক কথা বলছেন মানুষের মনকে জয় করার জন্য। কিন্তু পরক্ষণেই উল্টো কাজ করেছেন।"

তিনি উল্লেখ করেন, "আপনারা অতীতের যত কাজ, সে কাজগুলো কিন্তু আপনারা করেছেন শেখ হাসিনার পথ ধরেই।"

রিজভী বলেন, "বেগম খালেদা জিয়া এরশাদ সরকারকে অবৈধ আখ্যা দিয়ে তার অধীনে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। আওয়ামী লীগ ও জামায়াতও এরশাদের অধীনে নির্বাচনে না যাওয়ার কথা বলেছিল। কিন্তু পরে আওয়ামী লীগ সে অবস্থান থেকে সরে আসে এবং জামাতও সে অবস্থান থেকে সরে আসে। আপনারা (জামায়াত) তো প্রমাণ রেখেছেন ইতিহাসে। আপনারা হাসিনার পথে হাঁটতে সবচাইতে ভালোবাসেন। ক্ষমতার জন্য কখনো কখনো বিএনপির সঙ্গে জোট করার চেষ্টা করেন। কিন্তু মনের ভেতরে হাসিনার প্রদর্শিত পথেই আপনারা হাঁটেন।"

তিনি বলেন, "১৯৯৪-৯৫ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার আন্দোলনেও জামায়াত আওয়ামী লীগের সঙ্গে একই পথে হেঁটেছে। ইতিহাসের এসব উদাহরণ উপেক্ষা করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।"

বিএনপির এই নেতা বলেন, "বিএনপির মধ্যে অন্তর্ভুক্ত অসংখ্য নেতাকর্মীদের গুপ্তহত্যার আত্মদান, স্যাক্রিফাইস এবং ত্যাগের মধ্যে দিয়ে এই দল তৈরি হয়েছে। গণতন্ত্র হচ্ছে তার অভীষ্ট লক্ষ্য। গণতন্ত্র হচ্ছে তার আদর্শিক চেতনা।"

জামায়াতের উদ্দেশে রিজভী বলেন, "গণতন্ত্র ও দেশের স্বাধীনতার প্রশ্নে দলটির আদর্শিক অবস্থান কী, তা নিয়ে জনগণের মধ্যে সন্দেহ রয়েছে। গণতান্ত্রিক আন্দোলনগুলোতে জামায়াতের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন তিনি।"

আফসার আহমেদ সিদ্দিকীর সঙ্গে নিজের ঘনিষ্ঠ সম্পর্কের কথা তুলে ধরে রিজভী বলেন, "আফসার আহমেদকে বড় ভাই বলে ডাকলেও তাদের সম্পর্ক ছিল অনেকটা পিতা-পুত্রের মতো। তার সান্নিধ্য থেকে রাজনীতি বোঝার পাশাপাশি ব্যক্তিগত জীবনেও অনেক কিছু শিখেছেন তিনি।"

সভায় বিএনপির নার্সেস ও স্বাস্থ্য সহকারী সহসম্পাদক জাহানারা সিদ্দিকীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির স্বেচ্ছাসেবক-বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, স্বাস্থ্য-বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম, যুবদলের সহ-সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কানাডা বাংলাদেশে বিনিয়োগের জন্য চার প্রতিষ্ঠানকে ৩৯০ কোটি টাকা দিচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৩৬ পি.এম


কানাডা বাংলাদেশে বিনিয়োগের জন্য চার প্রতিষ্ঠানকে ৩৯০ কোটি টাকা দিচ্ছে

বাংলাদেশের কৃষি, বাণিজ্য, অর্থনৈতিক সংস্কার ও বেসরকারি খাতের উন্নয়নে চারটি নতুন উদ্যোগের জন্য কানাডা ৪ কোটি ৫০ লাখ কানাডিয়ান ডলার অনুদান ঘোষণা করেছে। এই অর্থ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৯০ কোটি টাকার সমান।

ঢাকার কানাডীয় হাইকমিশন রোববার (১৮ অক্টোবর) এ তথ্য প্রকাশ করেছে।

হাইকমিশন জানায়, কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী মাননীয় রণদীপ সারাই গত ১১ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ সফরের সময় বিশাল এই অনুদানের ঘোষণা দেন।

সফরের প্রধান উদ্দেশ্য ছিল কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে কানাডা ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করা এবং দুই দেশের জনগণের জন্য উন্নয়ন ও সমৃদ্ধির নতুন সুযোগ সৃষ্টি করা। সফরের সময় তিনি বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন উদ্যোগ, গবেষণা কার্যক্রম, দক্ষতা উন্নয়ন কর্মসূচি, রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা এবং বেসরকারি খাতের কার্যক্রম পরিদর্শন করেন। এর পাশাপাশি কানাডা ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন রণদীপ সারাই।

ঘোষিত নতুন অনুদানের মধ্যে বায়োএন্টারপ্রাইজ কানাডাকে ১ কোটি ৮০ লাখ কানাডিয়ান ডলার দেওয়া হবে। এই উদ্যোগের লক্ষ্য হলো কানাডার কৃষি খাতের উদ্ভাবকদের সঙ্গে বাংলাদেশের কৃষি ও খাদ্য খাতের সংযোগ স্থাপন করে খাদ্যনিরাপত্তা জোরদার করা। একই পরিমাণ অর্থ, অর্থাৎ ১ কোটি ৮০ লাখ কানাডিয়ান ডলার, কোওয়াটার ইন্টারন্যাশনালকে দেওয়া হবে। এই অর্থের মাধ্যমে বাংলাদেশের নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা সহজ করা, ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন এবং কানাডাসহ অন্যান্য আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর প্রবেশের সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

এছাড়া, অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক কাঠামোর সংস্কারে অগ্রাধিকারমূলক উদ্যোগ এগিয়ে নিতে বিশ্বব্যাংককে ৫০ লাখ কানাডিয়ান ডলার অনুদান দেওয়া হবে। ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর অর্থায়নের সুযোগ বাড়ানো এবং বেসরকারি খাতের বিকাশে সহায়তার জন্য আন্তর্জাতিক ফাইন্যান্স করপোরেশন বা আইএফসিকে ৪০ লাখ কানাডিয়ান ডলার দেওয়া হবে। এই চারটি উদ্যোগের মাধ্যমে কানাডা বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকারের পাশাপাশি অর্থনৈতিক সুযোগ সৃষ্টি, ব্যবসা সম্প্রসারণ এবং দুই দেশের মধ্যে পারস্পরিক অর্থনৈতিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দিচ্ছে।

সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে বৈঠক করেন প্রতিমন্ত্রী রণদীপ সারাই। বৈঠকগুলোতে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, জ্বালানি ও জলবায়ু অর্থায়নে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। রোহিঙ্গা সংকট এবং এর টেকসই সমাধানে বাংলাদেশ, কানাডা ও অন্যান্য অংশীদারের যৌথ প্রচেষ্টার গুরুত্ব নিয়েও উভয় পক্ষ মতবিনিময় করে।

বাংলাদেশ সফরের অংশ হিসেবে ঢাকার আশকোনায় ব্র্যাকের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণকেন্দ্র পরিদর্শন করেন প্রতিমন্ত্রী সারাই। সেখানে তিনি দেখেন, কানাডার সহায়তায় তরুণ-তরুণীরা, বিশেষ করে নারীরা, কীভাবে বিভিন্ন দক্ষতা অর্জনের মাধ্যমে উন্নত কর্মসংস্থানের সুযোগ তৈরি করছেন। কানাডা, ব্র্যাক ও অস্ট্রেলিয়ার বৃহত্তর একটি উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। কানাডা ৪ কোটি ৪০ লাখ কানাডিয়ান ডলার সহায়তা দিয়েছে, যা গত পাঁচ বছর ধরে বাংলাদেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে ভূমিকা রাখছে।

ঢাকায় আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) হাসপাতাল পরিদর্শনকালে কানাডার সহায়তায় পরিচালিত গবেষণা কার্যক্রমের অবদান সম্পর্কে অবগত হন প্রতিমন্ত্রী সারাই। এসব গবেষণার মাধ্যমে বিভিন্ন স্বাস্থ্য সমস্যার সাশ্রয়ী ও জীবনরক্ষাকারী সমাধান তৈরি হচ্ছে, যা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের লাখো মানুষের জীবনকে ইতিবাচকভাবে প্রভাবিত করছে। এমনকি এসব উদ্ভাবনের সুফল কানাডাতেও পৌঁছেছে।

বর্তমানে আইসিডিডিআর,বির প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনার জন্য কানাডা ১ কোটি ৫০ লাখ কানাডিয়ান ডলার অনুদান দিয়েছে। বাংলাদেশ ছাড়া কানাডাই একমাত্র দেশ, যারা প্রতিষ্ঠানটিকে এ ধরনের প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদান করে আসছে। যৌন ও প্রজননস্বাস্থ্যবিষয়ক বিভিন্ন সমস্যা ও ঘাটতি নিয়ে প্রয়োজনীয় গবেষণার জন্য আইসিডিডিআর,বিকে আরও ২ কোটি ৪০ লাখ কানাডিয়ান ডলার সহায়তা দিয়েছে কানাডা।

সফরের অংশ হিসেবে কক্সবাজারে গিয়ে দীর্ঘদিন ধরে নিজ দেশ থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেন কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী। সেখানে তিনি রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য কানাডার সহায়তায় পরিচালিত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সরাসরি অবগত হন। ২০১৮ সাল থেকে এ পর্যন্ত কানাডা ৬০ কোটি কানাডিয়ান ডলারেরও বেশি সহায়তা দিয়েছে, যা শিক্ষা, দক্ষতা প্রশিক্ষণ ও জীবিকার সুযোগ সম্প্রসারণে অবদান রাখছে।

কক্সবাজারে সফরকালে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমানের সঙ্গেও সাক্ষাৎ করেন প্রতিমন্ত্রী। বৈঠকে রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশ, কানাডা ও আঞ্চলিক অংশীদারদের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। দীর্ঘস্থায়ী এ সংকট মোকাবিলায় যৌথ প্রচেষ্টা এবং শরণার্থী ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য সহায়তা অব্যাহত রাখার গুরুত্ব আলোচনায় উঠে আসে।

কক্সবাজারে আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্রের (সিমিট) একটি প্রদর্শনী কেন্দ্রও পরিদর্শন করেন রণদীপ সারাই। সেখানে তিনি গবেষণাভিত্তিক কৃষি কার্যক্রমের মাধ্যমে কৃষকরা কীভাবে ফসলের উৎপাদন বাড়াচ্ছেন, খাদ্যের চাহিদা পূরণে অবদান রাখছেন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করছেন, তা প্রত্যক্ষ করেন। বাংলাদেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং কৃষিকে কেন্দ্র করে নতুন অর্থনৈতিক সুযোগ তৈরির লক্ষ্যে উদ্ভাবনী পদ্ধতি ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে সিমিট বায়োএন্টারপ্রাইজ কানাডার সঙ্গে কাজ করবে।

সফরের অংশ হিসেবে ঢাকায় গিলডান অ্যাকটিভওয়্যার বাংলাদেশ লিমিটেডও পরিদর্শন করেন সারাই। প্রতিষ্ঠানটি বাংলাদেশের তৈরি পোশাক খাতে কানাডার বৃহত্তম বিনিয়োগকারী। বাংলাদেশে প্রতিষ্ঠানটির উৎপাদন ও তথ্যপ্রযুক্তিবিষয়ক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ পরিদর্শনের মধ্য দিয়ে দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের আরেকটি গুরুত্বপূর্ণ দিক উঠে আসে। এ সময় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রমের প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। কর্মীদের দক্ষতা উন্নয়ন এবং ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার গুরুত্বও আলোচনায় স্থান পায়।

কৃষি ও খাদ্যনিরাপত্তা থেকে শুরু করে স্বাস্থ্যসেবা, দক্ষতা উন্নয়ন, ব্যবসায়িক পরিবেশ এবং শরণার্থী সহায়তা, বিভিন্ন ক্ষেত্রে কানাডার সহযোগিতার কার্যক্রম বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সম্পৃক্ত রয়েছে। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে কানাডা এদেশে ৬৩০ কোটি কানাডিয়ান ডলারেরও বেশি উন্নয়ন সহায়তা দিয়েছে।

দু দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ২০২৫ সালে ৪০০ কোটি কানাডিয়ান ডলার ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। পাঁচ দশকেরও বেশি সময় ধরে গড়ে ওঠা বন্ধুত্ব ও সহযোগিতার ধারাবাহিকতায় নতুন এ বিনিয়োগ ঘোষণা দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও সম্প্রসারণের উদ্যোগ হিসেবে তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে দুই দেশের অভিজ্ঞতা, দক্ষতা ও সম্পদ কাজে লাগিয়ে যৌথভাবে নতুন সুযোগ সৃষ্টি এবং বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে সহায়তার পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠান, বিনিয়োগকারী ও সাধারণ মানুষের জন্য নতুন সম্ভাবনা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশ সফর শেষে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সারাই আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক গ্রুপের ২০২৬ সালের বার্ষিক সভায় অংশ নিতে থাইল্যান্ডের উদ্দেশে যাত্রা করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%