ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ


খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

খুলনার জেলা পুলিশ রাতে পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর ধারাবাহিক হামলার আশঙ্কার কারণে বিশেষ অভিযান পরিচালনা করার সময় পুলিশ সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট ইউনিটপ্রধানদের কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) রাতে জেলার বিশেষ শাখার (ডিএসবি) পুলিশ সুপার কর্তৃক স্বাক্ষরিত একটি দাপ্তরিক চিঠির মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে রূপসা, তেরখাদা, দিঘলিয়া ও বটিয়াঘাটা থানার এলাকায় বিশেষ অভিযান চলছে। সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটার পর, অভিযানে অথবা অন্য কোনো দায়িত্ব পালনের সময় রাতে কোনো পুলিশ সদস্য যেন একা চলাচল না করেন, তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

পুলিশের বিভিন্ন ইউনিট ও সংশ্লিষ্ট দপ্তরে নির্দেশনাটির অনুলিপি পাঠানো হয়েছে। এর মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ, অপরাধ ও অপারেশন, ডিএসবি ও ট্রাফিক), সার্কেল সহকারী পুলিশ সুপার, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ট্রাফিক বিভাগ, পুলিশ লাইন্স, রিজার্ভ অফিস ও কোর্ট পুলিশ পরিদর্শক অন্তর্ভুক্ত রয়েছে। জেলার সংশ্লিষ্ট থানা ও দপ্তরগুলোও এই নির্দেশনার আওতায় এসেছে।

খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক জানিয়েছেন, বৃহস্পতিবার (৮ অক্টোবর) গভীর রাতে রূপসা থানায় বিশেষ অভিযান শেষে ফেরার পথে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন এক পুলিশ পরিদর্শক। ঘটনার সময় তিনি সাদা পোশাকে ছিলেন। এই ঘটনার পর জেলা পুলিশের সদস্যদের নিরাপত্তা বিবেচনায় রাতে একা চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে নগরীর খানজাহান আলী সড়কে খুলনা কলেজিয়েট স্কুলের সামনে হামলার শিকার হন ৪৩ বছর বয়সী পুলিশ পরিদর্শক শাহ আলম। ছিনতাইকারীদের চাপাতির কোপে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ লাইন্স হাসপাতালে স্থানান্তর করা হয়।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জ্বালানি উৎপাদনের প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৯ পি.এম


জ্বালানি উৎপাদনের প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শন করেছেন। তিনি এ প্রকল্প বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

শনিবার (১০ অক্টোবর) সকালে ঢাকার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়।

প্রদর্শনীতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. মো. খালেকুজ্জামান প্রধানমন্ত্রীর কাছে মানববর্জ্য, পয়ঃশোধনাগারের বর্জ্য, রান্নাঘরের বর্জ্য এবং কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রযুক্তি ও গবেষণার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

প্রধানমন্ত্রী প্রকল্পটির কার্যক্রম ও বাস্তবায়ন পরিকল্পনা পর্যবেক্ষণ করেন। প্রকল্পটির সম্ভাবনা বিবেচনায় তিনি প্রয়োজনীয় সরকারি সহায়তা প্রদানের আশ্বাস দেন।

গবেষকরা জানান, গত প্রায় ১০ বছর ধরে পরিচালিত গবেষণায় ‘হাইড্রোথার্মাল লিকুইফ্যাকশন’ (এইচটিএল) প্রযুক্তির মাধ্যমে বর্জ্য থেকে জৈব অপরিশোধিত তেল বা বায়োক্রুড উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। গবেষণাগারের পরীক্ষায় ৫০ থেকে ৫৫ শতাংশ পর্যন্ত বায়োক্রুড উৎপাদনের ফলাফল পাওয়া গেছে। পাশাপাশি ডিজেলসমৃদ্ধ বায়োক্রুড উৎপাদনেও সাফল্য অর্জিত হয়েছে।

গবেষণার পরবর্তী ধাপে প্রতিদিন ১ থেকে ৩ টন বর্জ্য প্রক্রিয়াকরণের সক্ষমতাসম্পন্ন একটি পাইলট প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে। এই প্ল্যান্টের মাধ্যমে প্রযুক্তিটির কার্যকারিতা, উৎপাদন ব্যয় ও বাণিজ্যিক সম্ভাবনা যাচাই করা হবে। প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়নে আনুমানিক ১০০ থেকে ১২০ কোটি টাকা প্রয়োজন হবে।

গবেষকদের দাবি, প্রযুক্তিটি বাণিজ্যিকভাবে সম্প্রসারণ করা গেলে ভবিষ্যতে আমদানি করা অপরিশোধিত তেলের প্রায় ১০ থেকে ১৫ শতাংশের বিকল্প তৈরি করা সম্ভব হবে। এতে বছরে আনুমানিক ৬ হাজার ৫০০ থেকে ১৩ হাজার কোটি টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের সম্ভাবনা রয়েছে। তবে এ লক্ষ্য অর্জনের জন্য বৃহৎ পরিসরে প্রযুক্তিটির কার্যকারিতা ও অর্থনৈতিক সক্ষমতা যাচাই করা প্রয়োজন।

প্রকল্পসংশ্লিষ্টদের প্রত্যাশা, সরকারি সহায়তার মাধ্যমে প্রযুক্তিটি বাণিজ্যিক পর্যায়ে নেওয়া সম্ভব হলে দেশের জ্বালানি সংকট মোকাবিলা ও বর্জ্য ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি এটি জ্বালানি আমদানিনির্ভরতা কমানো, বৈদেশিক মুদ্রা সাশ্রয়, পরিবেশদূষণ হ্রাস এবং দেশীয় জ্বালানি শিল্পের বিকাশে নতুন সম্ভাবনা তৈরি করবে।

এ সময় বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল মাহমুদ টুকু, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পাবলিক ম্যানেজমেন্ট বিভাগের সদস্য অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, কুয়েটের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাছুদ এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গেইলকে ছাড়িয়ে সেঞ্চুরিতে নতুন ইতিহাস গড়লেন শাই হোপ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৯ পি.এম


গেইলকে ছাড়িয়ে সেঞ্চুরিতে নতুন ইতিহাস গড়লেন শাই হোপ

শাই হোপ কিংবদন্তি ব্যাটার ক্রিস গেইলকে পেছনে ফেলে ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড গড়েছেন। ভারতের বিপক্ষে মাত্র ৪৫ বলে সেঞ্চুরি করে তিনি ইতিহাসের পাতায় নাম লেখানোর পাশাপাশি দলের জন্য একটি দুর্দান্ত জয় নিশ্চিত করেছেন। তার এবং শেরফান রাদারফোর্ডের বিধ্বংসী ব্যাটিংয়ে ২৫০ রানের লক্ষ্য ৯ বল হাতে রেখেই পেরিয়ে যায় ক্যারিবীয়রা।

শুক্রবার (৯ অক্টোবর) রাঁচিতে ভারতের বিরুদ্ধে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪৫ বলে ১০২ রানের অপরাজিত ইনিংস খেলে হোপ। তার ঝোড়ো ব্যাটিংয়ে গেইলের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে যায়। গেইল ২০১৬ সালে ৪৭ বলে সেঞ্চুরি করেছিলেন। এবার হোপ দুই বল কম খেলে শতক পূর্ণ করে গেইলকে ছাড়িয়ে যান।

তবে ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এখনো জনসন চার্লসের দখলে রয়েছে। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ৩৯ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছেছিলেন তিনি। এই তালিকায় চার্লসের পরেই এখন হোপের অবস্থান। এরপর রয়েছেন গেইল।

ভারতের বিপক্ষে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডেও যৌথভাবে নাম লিখিয়েছেন হোপ। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৪৫ বলে সেঞ্চুরি করেছিলেন ইংল্যান্ডের জ্যাকব বেথেল। একই সংখ্যক বলে শতক পূর্ণ করে তার পাশে জায়গা করে নিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক।

হোপের দুর্দান্ত ইনিংসের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শেরফান রাদারফোর্ড। মাত্র ৩৭ বলে ৮৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। চতুর্থ উইকেটে হোপের সঙ্গে তার ১২০ রানের জুটি ম্যাচের গতিপথ বদলে দেয়।

শেষ পর্যন্ত ২৫০ রানের বিশাল লক্ষ্য তাড়া করে ৯ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ের মধ্য দিয়ে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের সর্বোচ্চ সফল রান তাড়ার নতুন রেকর্ড গড়ে ক্যারিবীয়রা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আয়াস শাহবাগে আটক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১০ পি.এম


রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আয়াস শাহবাগে আটক

ঢাকার সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দিতে গিয়ে আটক হয়েছেন রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াস।

শনিবার (১০ অক্টোবর) শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল খালেক এই তথ্য নিশ্চিত করেছেন। দুপুরের দিকে শাহবাগ থানা পুলিশ তাকে আটক করে।

আব্দুল খালেক জানান, শিল্পকলার সামনে থেকে আয়াস নামে একজনকে আটক করা হয়েছে এবং তাকে থানায় নিয়ে আসা হয়েছে। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছে দেওয়ার চেষ্টা করছিলেন।

এর আগে, ৫ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এরপর ফুটপাতের দেওয়ালে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামসহ দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ গুণী ব্যক্তিত্বের প্রতিকৃতি আঁকা হয়।

পরে পথচারীদের চলাচলের জন্য ফুটপাত উন্মুক্ত করে দেওয়া হয়। ফুটপাতে নতুন ডাস্টবিন স্থাপন, পথচারীদের বিশ্রামের জন্য বেঞ্চ নির্মাণ এবং সীমানা প্রাচীর সংস্কার করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মনপুরা পোস্ট অফিসের নতুন ভবন নির্মাণ ৫ বছরেও শেষ হয়নি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১০ পি.এম


মনপুরা পোস্ট অফিসের নতুন ভবন নির্মাণ ৫ বছরেও শেষ হয়নি

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায়, নিজস্ব ভবন না থাকার কারণে বছরের পর বছর ধরে ভাড়া নেওয়া জরাজীর্ণ আধাপাকা টিনশেডের ঘরে চলছে একমাত্র প্রধান পোস্ট অফিসের কার্যক্রম। সংকীর্ণ ও ঝুঁকিপূর্ণ এই ঘরে সীমিত পরিসরে দাপ্তরিক কাজ চলছে। ফলে ডাক বিভাগের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা চালুর সুযোগ না থাকায়, পোস্ট অফিসটির কার্যক্রম এখনো অনেকটা সনাতন পদ্ধতিতে পরিচালিত হচ্ছে।

অন্যদিকে, জরাজীর্ণ ভবনে গুরুত্বপূর্ণ নথিপত্র ও বিভিন্ন পরীক্ষার উত্তরপত্র সংরক্ষণ করতে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের আতঙ্কে থাকতে হয়। পোস্ট অফিসটির দায়িত্বপ্রাপ্ত পোস্টমাস্টার মো. আবু তাহের জানিয়েছেন, রাতে একই ঘরের একাংশে তাদের থাকতে হয়।

তিনি আরও জানান, স্কুল, মাদ্রাসা, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন পরীক্ষার সময় তাদের উদ্বেগ বেড়ে যায়। এসএসসি, এইচএসসি, সমমান ও ডিগ্রি পরীক্ষার উত্তরপত্র এ টিনশেডের ঘরেই রাখতে হয়। এ সময় কোনো দুর্ঘটনা ঘটলে গুরুত্বপূর্ণ উত্তরপত্রের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে।

জানা গেছে, ২০০২ সালে নদীভাঙনের আশঙ্কার কথা উল্লেখ করে পোস্ট অফিসের তিনতলা ভবনটি ভেঙে ফেলা হয়। এরপর থেকে পোস্ট অফিসটি আর স্থায়ী ভবনে ফিরতে পারেনি। স্থানীয় রফিকুল ইসলামের কাছ থেকে মাসিক ২ হাজার ৫০০ টাকা ভাড়ায় নেওয়া একটি আধাপাকা টিনশেডের ঘরে চলছে এর কার্যক্রম।

দীর্ঘদিনের এ সংকট নিরসনে ২০২১ সালে পোস্ট অফিসের জন্য দেড়তলা পাকা ভবন নির্মাণের কাজ শুরু হয়। তবে পাঁচ বছর পেরিয়ে গেলেও নির্মাণকাজ এখনো শেষ হয়নি। ফলে নতুন ভবনে কার্যক্রম স্থানান্তরের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও সেবাপ্রত্যাশীরা।

সরেজমিনে দেখা গেছে, পাওয়ার হাউস-সংলগ্ন ছোট একটি জরাজীর্ণ আধাপাকা টিনশেডের ঘরে চলছে পোস্ট অফিসের কার্যক্রম। ভেতরে দুটি কাঠের টেবিল, দুটি ভাঙাচোরা আলমারি, চারটি চেয়ার এবং ডাক বিভাগের কিছু কাগজপত্র রয়েছে। ঘরটির সামনের অংশে দাপ্তরিক কাজ করা হয়, আর পেছনের অংশে রাত কাটান কর্মকর্তা-কর্মচারীরা।

পোস্টমাস্টার, পোস্টম্যান ও প্যাকারম্যানকে সীমিত সুযোগ-সুবিধার মধ্যেই সরকারি চিঠিপত্র গ্রহণ, বাছাই ও বিতরণের কাজ করতে দেখা গেছে। বর্তমানে চিঠিপত্র আদান-প্রদান ও সীমিত পরিসরে মানি অর্ডার-সংক্রান্ত কার্যক্রম ছাড়া অন্যান্য সেবা বন্ধ রয়েছে। ভবন ও অবকাঠামোগত সীমাবদ্ধতার পাশাপাশি লোকবলসংকটও রয়েছে। এতে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতেই হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের।

ডাক বিভাগের আওতায় চিঠি, পার্সেল, মানি অর্ডার ও ইলেকট্রনিক মানি অর্ডারসহ বিভিন্ন সেবা থাকলেও মনপুরা পোস্ট অফিসে এসব সেবার বেশির ভাগই পাওয়া যায় না বলে অভিযোগ স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের।

তাদের অভিযোগ, প্রয়োজনীয় সেবা না পাওয়ায় চিঠি ও পার্সেল পাঠাতে তারা বেসরকারি কুরিয়ার সার্ভিসের ওপর নির্ভর করছেন। ঝুঁকিপূর্ণ টিনশেডের ঘর হওয়ায় অনেকে পোস্ট অফিসে পার্সেল পাঠাতেও আগ্রহী নন। অন্যদিকে, মানি অর্ডারের খরচ বেশি মনে হওয়ায় আর্থিক লেনদেনের ক্ষেত্রে নগদ ও বিকাশের মতো মোবাইল আর্থিক সেবা ব্যবহার করছেন তারা।

এ বিষয়ে মনপুরা পোস্ট অফিসের দায়িত্বপ্রাপ্ত পোস্টমাস্টার মো. আবু তাহের জানান, স্থায়ী পাকা ভবন না থাকায় তারা কাঙ্ক্ষিত সেবা দিতে পারছেন না। এছাড়া লোকবলসংকটও রয়েছে। নতুন ভবনের নির্মাণকাজ চলমান রয়েছে। সেখানে আইসিটি কর্নার থাকবে। ভবনটি চালু হলে আধুনিক ও ডিজিটাল সেবা দেওয়া সম্ভব হবে।

সংশ্লিষ্টদের মতে, ডাক বিভাগের সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে মনপুরা পোস্ট অফিসের স্থায়ী ভবন নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করা জরুরি। পাশাপাশি প্রয়োজনীয় জনবল নিয়োগ ও আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা চালু করা গেলে দ্বীপ উপজেলার বাসিন্দাদের ভোগান্তি কমবে এবং সরকারি ডাকসেবার প্রতি মানুষের আস্থা বাড়বে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%