মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
১১:০৯ পি.এম
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালকের দায়িত্ব গ্রহণ করেছেন ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স (এফএমবি) বিভাগের অধ্যাপক ড. মোঃ মীর মোশাররফ হোসেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী মো. জালাল উদ্দীন স্বাক্ষরিত একটি অফিস আদেশের মাধ্যমে তার নতুন দায়িত্বের বিষয়টি জানানো হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে যে, কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমকে আইকিউএসি পরিচালকের অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে অধ্যাপক ড. মোঃ মীর মোশাররফ হোসেনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে আইকিউএসি পরিচালকের দায়িত্ব অর্পণ করা হয়েছে।
আদেশ অনুযায়ী, অধ্যাপক ড. মোঃ মীর মোশাররফ হোসেন অতিরিক্ত এ দায়িত্ব পালনের জন্য বিধি অনুযায়ী প্রাপ্য ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
নতুন দায়িত্ব গ্রহণের পর প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে ড. মোঃ মীর মোশাররফ হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের মান নিশ্চিতকরণ নীতি প্রণয়ন এবং প্রতিটি বিভাগ ও অনুষদে গুণগত শিক্ষার পরিবেশ গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য। এ লক্ষ্যে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের মানদণ্ড অনুসরণ করে স্ব-মূল্যায়ন প্রতিবেদন প্রস্তুত, নথির ভাণ্ডার সংরক্ষণ এবং আউটকাম-বেজড এডুকেশন কারিকুলাম বাস্তবায়নে কাজ করব। পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের আইসিটি ও এআই ব্যবহারে দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ, নতুন শিক্ষকদের ফাউন্ডেশন ট্রেনিং, নিয়মিত কোর্স ও ধারাবাহিক মূল্যায়ন, অ্যালামনাই সার্ভে, মানসম্মত গবেষণা প্রকাশনা এবং বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক র্যাংকিং উন্নয়নে উদ্যোগ নেব। এসব কার্যক্রমে উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, ডিন ও বিভাগীয় প্রধানদের সঙ্গে সমন্বয় করে বিশ্ববিদ্যালয়ের সার্বিক মানোন্নয়নে কাজ করে যাব।’
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নয়াদিল্লি দুই দেশের বিদ্যমান কাঠামোবদ্ধ ব্যবস্থার মাধ্যমে সকল দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনার জন্য প্রস্তুত রয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য জানান।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারতের সাধারণ অবস্থান হচ্ছে—ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখা। ভারতের লক্ষ্য হলো এ সম্পর্ককে ইতিবাচক দিকে এগিয়ে নেওয়া।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর এবং এ নিয়ে দুই দেশের মধ্যে যোগাযোগের বিষয়ে জানতে চাইলে মুখপাত্র জানান, এ বিষয়ে নতুন কোনো তথ্য থাকলে তা জানানো হবে।
এছাড়া, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে মুখপাত্র আরও বলেন, ভারত দুই দেশের মধ্যে বিদ্যমান কাঠামোবদ্ধ ব্যবস্থার মধ্যেই সকল দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত।
প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রেও দুই দেশের মধ্যে যোগাযোগ বিদ্যমান। ভারতের বহুপক্ষীয় বিমান মহড়া ‘তরঙ্গ শক্তি’তে বাংলাদেশের সি-১৩০জে পরিবহন বিমান অংশ নেওয়ার প্রসঙ্গে ভারতের অবস্থান জানতে চাওয়া হলে মুখপাত্র বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে ভারতের মূল অবস্থান অপরিবর্তিত রয়েছে—নয়াদিল্লি একটি ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কুমিল্লায় আলোচিত ইয়াশাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের পক্ষে আইনজীবী লড়বেন না বলে সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা জেলা আইনজীবী সমিতি। এই সিদ্ধান্ত মানবিক দৃষ্টিকোণ থেকে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সমিতির নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে জেলা আইনজীবী সমিতি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ তথ্য জানান সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সহিদ উল্লাহ এবং সাধারণ সম্পাদক মো. মাহাবুবুল হক খন্দকার।
সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, উপ-উপাচার্য অধ্যাপক ড. আমজাদ হোসেন সরকার, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোলায়মান, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আলোচনা সভায় অপ্রতিম হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা, প্রকৃত অপরাধীদের শনাক্ত করা এবং তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।
অ্যাডভোকেট মো. সহিদ উল্লাহ বলেন, ‘আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে মৌখিকভাবে সিদ্ধান্ত নিয়েছি, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির কেউ অপ্রতিম হত্যা মামলায় আসামিদের পক্ষে লড়বেন না।’
আসামিদের পক্ষে কোনো আইনজীবী না দাঁড়ালে ন্যায়বিচার নিশ্চিত করতে কোনো ব্যাঘাত ঘটবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা যদি আসামির পক্ষে কেউ না দাঁড়াই, তাহলে রাষ্ট্র নিজেই আসামির পক্ষে আইনজীবী নিয়োগ করবে। কারণ একতরফা বিচার হলে সেখানে ন্যায়বিচার নিশ্চিত না হওয়ার সম্ভাবনা থাকে।’
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়ন নবম জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুমোদন করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়ে আনন্দ র্যালির আয়োজন করেছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবন থেকে শুরু করে চারুকলা অনুষদ সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি একই স্থানে এসে শেষ হয়। পরে, কর্মচারী সমিতি এবং কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ ধন্যবাদ জ্ঞাপন করে বক্তৃতা দেন।
কর্মচারী সমিতির সভাপতি নজরুল ইসলাম কাজল এ সময় বলেন, "আমরা আশাবাদী ছিলাম অন্তর্বতীকালীন সরকার আমাদের দাবির পে স্কেল বাস্তবায়ন করে যাবেন।" তিনি উল্লেখ করেন যে, অন্তর্বর্তীকালীন সরকার পে স্কেল বাস্তবায়ন না করায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা যমুনা অভিমুখে আন্দোলন কর্মসূচির জন্য এগিয়ে যান। সেই সময় পুলিশি লাঠিচার্জ ও টিয়ারশেলে অনেক কর্মচারী আহত হন। পরবর্তীকালে, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মধ্যেই পে স্কেল বাস্তবায়ন করেছে। এজন্য তিনি সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তিনি শ্রমিক দিবসে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বক্তব্য স্মরণ করে বলেন, 'তোমরা আমার নামটা কর্মচারীদের তালিকায় দাও, আমিও তোমাদের সাথে কাজ করে দেশের উন্নয়নের জন্য কাজ করতে চাই।' সরকারের প্রতি এই আন্তরিকতা কর্মচারীদের আশান্বিত করেছে। তিনি ভবিষ্যতে কর্মচারীরা সকল উন্নয়নমূলক কাজে সরকারের পাশে থাকবে বলেও উল্লেখ করেন।
কর্মচারী ইউনিয়নের সভাপতি হারুন উর রশিদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় ঢাকায় যমুনাতে আন্দোলনের সময় গ্রেনেড ও পানি দিয়ে হামলা করা হয়েছিল। তিনি জানান, একটি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী আন্দোলনের সময় পঙ্গু হয়েছিল, যার খোঁজ খবর রাখা হচ্ছে না। তিনি ফেডারেশনের কাছে তাদের খোঁজখবর নেওয়ার দাবি জানান। এছাড়াও, বর্তমান সরকার সাত মাসে এই পে স্কেল দেওয়ার মাধ্যমে দুঃসাহসের পরিচয় দিয়েছেন, যা আগে কেউ করতে পারেনি।
নজরুল বিশ্ববিদ্যালয়ের তিনজন কর্মচারী যমুনা অভিমুখী আন্দোলনে আহত হয়েছিলেন। র্যালি শেষে, সেই তিন কর্মচারী হারুন, রুকন এবং রানাকে ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
উল্লেখ্য, ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন বা গেজেট জারি হয়েছে, যা ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর বলে গণ্য হচ্ছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
‘স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন ২০২৬’ এর প্রণয়ন উপলক্ষে চিকিৎসকদের সংগঠন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) একটি বিশেষ গোলটেবিল বৈঠক ও আলোচনা সভার আয়োজন করেছে।
এই অনুষ্ঠানটি বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর তোপখানা রোডে অবস্থিত বিএমএ ভবনের শহীদ ডা: শামসুল আলম খান মিলন মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড্যাবের প্রধান উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য অধ্যাপক ডা: ফরহাদ হালিম ডোনার।
আলোচনা সভায় সভাপতিত্ব করবেন ড্যাবের সম্মানিত সভাপতি অধ্যাপক ডা: হারুন আল রশীদ এবং সঞ্চালনা করবেন সংগঠনের মহাসচিব ডা: মো. জহিরুল ইসলাম শাকিল।
স্বাস্থ্য সুরক্ষা আইন সম্পর্কিত উপকমিটির আহ্বায়ক অধ্যাপক ডা: মো. সিরাজুল ইসলাম এবং সদস্য সচিব ডা: রেজা মো. সামিউল হাসান (বাবু) যৌথভাবে এই আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ