ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

মুন্সীগঞ্জে ৩৫৭ পূজামণ্ডপে ২৪২.২০ মেট্রিক টন চাল বরাদ্দ


মুন্সীগঞ্জে ৩৫৭ পূজামণ্ডপে ২৪২.২০ মেট্রিক টন চাল বরাদ্দ

মুন্সীগঞ্জে শারদীয় দুর্গাপুজা উপলক্ষে সরকার ৩৫৭টি পূজামণ্ডপের জন্য মোট ২৪২.২০ মেট্রিক টন চাল বরাদ্দ করেছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসের তথ্য অনুযায়ী, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে শারদীয় দুর্গাপূজা উদযাপনের জন্য ৩৫৭টি পূজামণ্ডপে ভক্তদের আহার্য বাবদ ৩৫৭ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে।

এতে সদর উপজেলার ৪৪টি মণ্ডপে বরাদ্দ করা হয়েছে ২৬.৪০ মেট্রিক টন, গজারিয়ার ১০টি মণ্ডপে ৬ মেট্রিক টন, টঙ্গিবাড়ীর ৫২টি মণ্ডপে ৩১.২০ মেট্রিক টন, লৌহজংয়ে ৩৭টি মণ্ডপে ২২.২০ মেট্রিক টন, সিরাজদিখানে ১২৯টি মণ্ডপে ৭৭.৪০ মেট্রিক টন এবং শ্রীনগরে ৮৫টি মণ্ডপে ৫১ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহাম্মদ মুবিনুর রহমান জানিয়েছেন, প্রতি মণ্ডপের জন্য ৬শ’ কেজি হারে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

প্রত্যেক উপজেলায় পূজা উদযাপন কমিটিগুলো যাতে বরাদ্দকৃত চাল নির্দিষ্ট সময়ে পায়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবারের বরাদ্দে মণ্ডপ প্রতি চালের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। গত বছরের তুলনায় এবারে ৬৯.৭০ মেট্রিক টন চাল বেশি বরাদ্দ করা হয়েছে। সূত্র: বাসস

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিল্লিতে আবহাওয়া অধিদপ্তরের রেড অ্যালার্ট, ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:০৭ পি.এম


দিল্লিতে আবহাওয়া অধিদপ্তরের রেড অ্যালার্ট, ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা

ভারতের রাজধানী দিল্লিতে ভারী বৃষ্টির সঙ্গে তীব্র ঝড়ের সম্ভাবনা দেখা দেওয়ায় দেশটির আবহাওয়া অধিদপ্তর রেড অ্যালার্ট জারি করেছে। পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে যে, ঘণ্টায় ১৫ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত এবং ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী, সোমবার (১২ অক্টোবর) স্থানীয় সময় ভোর ৬টায় এই সতর্কতা জারি করা হয়েছে।

দিল্লির পাশাপাশি পার্শ্ববর্তী নয়ডা, গুরুগ্রাম ও গাজিয়াবাদেও বৃষ্টির প্রভাব লক্ষ্য করা গেছে। রাজধানীর করোলবাগ এলাকার ঝান্ডেওয়ালা মন্দিরের কাছে ভারী বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে সকালের ব্যস্ত সময়ে সড়কে যান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

তবে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টির এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম। আগামী ছয় দিন দিল্লির আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং এ সময়ে উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

এদিকে, আগামী দিনগুলোতে দিল্লির দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোলায় ইসলামী আন্দোলন নেতার সব পদ স্থগিত, আপত্তিকর ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:০৭ পি.এম


ভোলায় ইসলামী আন্দোলন নেতার সব পদ স্থগিত, আপত্তিকর ভিডিও ভাইরাল

ভোলায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ব্যক্তিগত আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা দক্ষিণ জেলা শাখার সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিনের সকল সাংগঠনিক পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এই ঘটনার পর দলটি একটি পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

রোববার (১১ অক্টোবর) ভোলা দক্ষিণ জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের ঘোষণা করা হয়।

স্থানীয় সূত্র এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী, ভাইরাল ভিডিওতে আব্বাস উদ্দিনকে এক নারীর সঙ্গে ভিডিও কলে আপত্তিকর অবস্থায় কথা বলতে দেখা গেছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

আব্বাস উদ্দিন চরফ্যাশন এলাকার একটি কওমি মহিলা মাদ্রাসার পরিচালনার সঙ্গে যুক্ত থাকায়, স্থানীয়রা প্রতিষ্ঠানটির পরিবেশ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

এদিকে, ভিডিওটি নিয়ে অনুশোচনা প্রকাশ করে আব্বাস উদ্দিন দাবি করেছেন যে, এটি কয়েক মাস আগে ঘটে এবং ভিডিও কলে থাকা নারী তার স্ত্রী। তিনি জানান, ভিডিওটি তার মোবাইল ফোনে সংরক্ষিত ছিল। সম্প্রতি ফোনটি হারিয়ে যাওয়ার পর একটি চক্র অসৎ উদ্দেশ্যে সেটি উদ্ধার করে তাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে।

তবে, মোবাইল ফোনে এ ধরনের সংবেদনশীল ভিডিও সংরক্ষণের ক্ষেত্রে অসতর্কতা ছিল বলে তিনি স্বীকার করেছেন। তার এসব দাবির সত্যতা সম্পর্কে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম জানিয়েছেন, সংগঠনের শৃঙ্খলা ও আদর্শের প্রশ্নে তারা কঠোর অবস্থানে রয়েছে।

তিনি জানান, ভোলা দক্ষিণ জেলা শাখার সভাপতি প্রফেসর কামাল উদ্দিনের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে আব্বাস উদ্দিনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। যদি তদন্তে অভিযোগ প্রমাণিত হয়, তবে তার বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আব্বাস উদ্দিনের সকল সাংগঠনিক পদ স্থগিত থাকবে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:০৮ পি.এম


ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি

নির্বাচন কমিশন (ইসি) বহুল কাঙ্ক্ষিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে।

রাজধানীর আগারগাঁওয়ে সোমবার (১২ অক্টোবর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠক শেষে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায় ইসি।

ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচন ৫ ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের নির্বাচন ২১ জানুয়ারি এবং দ্বিতীয় ধাপের নির্বাচন ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে, যা রোজার আগে হবে।

রোজার পর তৃতীয় ধাপের নির্বাচন ২৯ এপ্রিল, চতুর্থ ধাপের নির্বাচন ১৩ মে এবং পঞ্চম ধাপের নির্বাচন ২৭ মে অনুষ্ঠিত হবে।

সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানিয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, যেসব ইউনিয়ন পরিষদের নির্বাচনের সময় পার হয়ে গেছে বা এই সময়সীমার মধ্যে নির্বাচনী চক্রের আইনি মেয়াদ পূর্ণ হবে, সেগুলোতে ২৭ মে’র মধ্যে ভোট সম্পন্ন করা হবে।

তিনি জানান, নির্বাচনে কোনো একক অঞ্চলকে আলাদা না করে সব জেলায় একযোগে কার্যক্রম শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই প্রক্রিয়ায় জেলার সদর উপজেলাগুলো এবং যেসব ইউনিয়ন পরিষদের মেয়াদ পার হয়ে গেছে (ওভারডিউ) সেগুলোকে প্রথম দিকে অগ্রাধিকার দেওয়া হবে।

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত ১৭ জানুয়ারি নির্ধারিত থাকায় এবং আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধ বিবেচনা করে প্রথম ধাপের ভোটের তারিখ ২১ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে বলে জানান এই নির্বাচন কমিশনার।

এনআইডি অনুবিভাগ ও স্মার্টকার্ড প্রসঙ্গে ইসি সানাউল্লাহ বলেন, দ্বিতীয় বিষয় যেটা আমরা আলোচনা করেছি, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের আমাদের কর্মকর্তাদের প্রশাসনিক এবং আর্থিক কিছু ক্ষমতা নিয়ে। এখানে প্রাথমিক কিছু আলোচনা হয়েছে, বিস্তারিত একটি কমিটির মাধ্যমে সম্পাদন হবে। আমরা কিছু ইন্টার্নাল রিডিস্ট্রিবিউশন এলাও করেছি।

তিনি বলেন, আমাদের পার্সোনালাইজেশন সেন্টার নিয়ে একটা সমস্যা ছিল। চুক্তি ও অডিট অবজেকশনের ব্যাপারে আমরা সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিয়েছি, যাতে করে আগামী মাসের (নভেম্বর) মাঝামাঝি সময় থেকে পূর্ণ ক্যাপাসিটিতে পার্সোনালাইজেশন সেন্টারে স্মার্টকার্ডগুলো প্রিন্ট করা যায়। একইসঙ্গে অডিট অবজেকশনসহ অন্যান্য প্রশাসনিক বিষয়গুলো সমাধানের উদ্যোগ নিতে বলা হয়েছে।

ইভিএম যন্ত্রাংশ ও ইভিএম ব্যবহার না করা নিয়ে এই নির্বাচন কমিশনার বলেন, আমরা তো ইতোপূর্বেই কমিশনের একদম শুরুর দিকের সভাতেই সিদ্ধান্ত নিয়েছি যে ইভিএম আর ব্যবহৃত হবে না। কিন্তু, এই ইভিএমগুলো এখনো আমাদের কাছে রয়ে গেছে এবং ইভিএম সংক্রান্ত অনেক ঝামেলা এখনো পোহাতে হচ্ছে। ইভিএম সংক্রান্ত যে কমিটিগুলো ছিল তাদের বক্তব্য আমরা শুনেছি। চূড়ান্তভাবে ডিসপোজালসহ পূর্ববর্তী কমিটির সিদ্ধান্তগুলো কীভাবে বলবৎ করা যায়, সেজন্য কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে।

ইসি সানাউল্লাহ বলেন, আমরা চাচ্ছি দ্রুততম সময়ে এই ইভিএমগুলো যেন ডিসপোজাল হয়ে যায়। পাশাপাশি যে আইনি বিষয়গুলো আছে—দুদকসহ, সেগুলোর জন্য যে এভিডেন্স বা প্রমাণ রাখা দরকার সেগুলো রেখে বাকিগুলোকে দ্রুততম সময়ে ডিসপোজাল দেওয়াই হচ্ছে আমাদের উদ্দেশ্য।

মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া সহজীকরনের বিষয়ে তিনি বলেন, মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দিতে আমাদের এখন যে পদ্ধতি আছে, তাতে সুনির্দিষ্টভাবে পরিবারের সদস্য বা চেনা জানা কাউকে ১২ নম্বর ফর্মটি পূরণ করতে হয়। এতে দেখা যাচ্ছে সচেতনতার অভাব হোক বা অন্যান্য কারণে অনেক মৃত ভোটার তালিকাতে থেকে যান। আমরা এটাকে কিভাবে আরও যুগোপযোগী করা যায়, অন্যান্য সোর্স থেকে ইনফরমেশন নিয়ে মৃত ভোটারদের টাইমলি বাদ দেওয়া যায় তা নিয়ে আলোচনা করেছি।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, আমরা একটা প্রস্তাবনা শুনেছি, সেই প্রস্তাবনাটা পাইলট আকারে কিছু উপজেলা এবং ইউনিয়নে আমরা চালু করব। তারপরে এটার সাকসেস দেখার পরে ও রিভিউ করার পরে পূর্ণাঙ্গভাবে সারাদেশে ডেপ্লয় করা হবে।

এরপর নির্বাচন পদক সম্পর্কে তিনি বলেন, জাতীয় নির্বাচন পদক নীতিমালা ২০২৫-এর একটা খসড়া আজকে উপস্থাপন করা হয়েছে। এটাতে আজকে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। কমিশনের সদস্যবৃন্দ ব্যক্তিগতভাবে এটি আরও স্টাডি করে মতামত দেওয়ার কথা জানিয়েছেন, ততদিন পর্যন্ত আমরা ওয়েট করব। গত বছর এ পদক দেওয়া হয়নি, এই বছরেরটাও পেন্ডিং আছে। নীতিমালার আলোকেই তা দেওয়া হবে।

আইনশৃঙ্খলা ও নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে ইসি সানাউল্লাহ বলেন, জাতীয় নির্বাচনের আগেও আমাদেরকে এমন অনেক কথা শুনতে হয়েছিল, তারপরও জাতীয় নির্বাচন স্মরণকালের সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। আমরা মনে করি না বাংলাদেশ আর কোনো সংঘাতময় নির্বাচনের পথে হাঁটার জন্য প্রস্তুত আছে। আমরা আশা করব যে ভালো নির্বাচনের সংস্কৃতি আমরা শুরু করেছি, তা বলবত্ত রাখব এবং সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডার আমাদের সহায়তা করবেন।

সোমবারের বৈঠকে সিইসি ছাড়াও অন্য চারজন নির্বাচন কমিশনারসহ ইসির উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে চার সন্তানের কেউই ছিল না কাছে, দরজা ভাঙতেই সামনে এলো ‘অপ্রত্যাশিত দৃশ্য’

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:০৮ পি.এম


রাজশাহীতে চার সন্তানের কেউই ছিল না কাছে, দরজা ভাঙতেই সামনে এলো ‘অপ্রত্যাশিত দৃশ্য’

রাজশাহীতে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গৃহকর্মীসহ তিনজনকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য।

রোববার (১১ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে নগরীর কেদুর মোড়ের ‘বেলী ভিলা’ নামক বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বেলী খাতুন (৭০) মৃত ফখরুদ্দীনের স্ত্রী। তার চার সন্তানের মধ্যে দুই ছেলে ও এক মেয়ে বিদেশে বসবাস করেন এবং অন্য ছেলে ঢাকায় থাকেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে বেলী খাতুনের স্বামী মারা যান। এরপর থেকে তিনি ওই বাড়ির দোতলায় একা থাকতেন। রোববার রাতে দীর্ঘ সময় ডাকাডাকি করেও তার সাড়া না পেয়ে বাড়ির ভাড়াটিয়া, গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা এবং প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বাড়ির ভাড়াটে মো. মারুফ জানান, শুক্রবার বৃদ্ধাকে শেষবারের মতো বাড়ির বাইরে দেখা গিয়েছিল। এরপর থেকে তার থাকার কক্ষটি তালাবদ্ধ ছিল। প্রতিবেশীরা ধারণা করেছিলেন তিনি হয়তো কোনো আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেছেন। কিন্তু রোববার রাতে তার বন্ধ ঘর থেকে তীব্র দুর্গন্ধ ছড়াতে থাকলে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পরে বোয়ালিয়া মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঘরের ভেতর থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

এদিকে, ওই নারীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার বাড়ির সামনে স্থানীয়দের ভিড় জমে। পরে ময়নাতদন্তের জন্য রাতেই মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী গণমাধ্যমকে জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। দুই থেকে তিন দিন আগে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের গৃহকর্মীসহ তিনজনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে। সেই সঙ্গে এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%