সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৩:০৩ পি.এম
গাজীপুরের জয়দেবপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে সুটকেস ও বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হওয়া দ্বিখণ্ডিত ও অর্ধগলিত নারীর মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। একই সঙ্গে সংস্থাটি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবি করেছে।
নিহত নারীর নাম ডলি আক্তার (৩০)। তিনি ময়মনসিংহের মুক্তাগাছা থানার পাহাড়পাবিজান গ্রামের বাদশা মিয়ার মেয়ে। জীবিকার তাগিদে গাজীপুরে এসে তিনি বাঘের বাজার এলাকার গোল্ডেন রিপিট গার্মেন্টসে সুইং অপারেটর হিসেবে কাজ করতেন।
পিবিআই সূত্রে জানা গেছে, তদন্তে ডলি আক্তারের পরিচয় শনাক্তের পাশাপাশি হত্যাকাণ্ডের নেপথ্যের ঘটনাও বেরিয়ে এসেছে। প্রাথমিক তদন্তে পরকীয়াসংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে তথ্য পাওয়া গেছে।
পিবিআই গাজীপুরের পুলিশ সুপার মো. রকিবুল আক্তার জানান, ডলি আক্তারকে হত্যার নেপথ্যে কারা জড়িত, কীভাবে তাকে হত্যা করা হয় এবং হত্যার পর কীভাবে মরদেহ খণ্ডিত করে সুটকেস ও বস্তায় ভরে ঘটনাস্থলে ফেলে রাখা হয় এসব বিষয়ে তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় তদন্ত কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে। তদন্তে পাওয়া তথ্য-প্রমাণের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পিবিআই।
এদিকে, হত্যাকাণ্ডের নেপথ্যের ঘটনা, জড়িত ব্যক্তিদের পরিচয় এবং তদন্তে পাওয়া গুরুত্বপূর্ণ তথ্য জানাতে সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় পিবিআই গাজীপুর জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর ফকিরা গার্মেন্টস-সংলগ্ন আবুল কাশেমের বহুতল ভবনের পাশে কালভার্টের নিচে একটি কালো রঙের সুটকেস দেখতে পান স্থানীয়রা।
খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুটকেসটি খুলে এক নারীর দ্বিখণ্ডিত ও অর্ধগলিত মরদেহের একটি অংশ উদ্ধার করে। পরে আশপাশে তল্লাশি চালিয়ে বস্তাবন্দি অবস্থায় মরদেহের অপর অংশও উদ্ধার করা হয়।
ঘটনার পর থেকেই মরদেহের পরিচয় ও হত্যাকাণ্ডের কারণ জানতে তদন্তে নামে পুলিশ। পরে পিবিআইয়ের তদন্তে নিহত নারীর পরিচয় এবং হত্যাকাণ্ডের নেপথ্যের তথ্য বেরিয়ে আসে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
হরমুজ প্রণালীকে কেন্দ্র করে আঞ্চলিক স্থিতিশীলতা এবং সম্ভাব্য চুক্তি নিয়ে ওমানে অনুষ্ঠিতব্য ইরান ও উপসাগরীয় দেশগুলোর গুরুত্বপূর্ণ আলোচনা স্থগিত করা হয়েছে। মধ্যস্থতাকারী দেশ ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, সর্বসম্মত ‘ঐকমত্যের স্বার্থে’ বৈঠকটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানিয়েছেন, এই সিদ্ধান্তটি উপসাগরীয় অঞ্চলের কয়েকটি প্রতিবেশী দেশের অনুরোধের ভিত্তিতে নেওয়া হয়েছে। মূলত তেহরান ও মাসকাটের যৌথ আলোচনার ফলস্বরূপ এই বৈঠক স্থগিতের পদক্ষেপ গ্রহণ করা হয়।
এদিকে, সোমবার (১৪ সেপ্টেম্বর) ওমানের রাজধানী মাসকাটে উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদস্য রাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের উপস্থিতিতে নৌপথটির ভবিষ্যৎ ও নিরাপত্তা নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। তবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া একটি বার্তায় ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি জানিয়েছেন, পারস্পরিক ঐকমত্য ও গঠনমূলক পরিবেশ বজায় রাখার জন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বদর আল বুসাইদি আরও উল্লেখ করেছেন, ‘আমাদের অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য যেকোনো সহায়ক কূটনৈতিক সংলাপ এগিয়ে নিতে মাসকাট সব সময় প্রতিশ্রুতিবদ্ধ।’
বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালীতে সাম্প্রতিক সামরিক মহড়া, জলসীমা নিষেধাজ্ঞা এবং ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে ওমানের এই মধ্যস্থতা প্রচেষ্টা বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে সোনার দাম প্রায় প্রতিদিনই ওঠানামা করছে। সর্বশেষ বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দাম সমন্বয় করায় সোমবার (১৪ সেপ্টেম্বর) নতুন নির্ধারিত দামেই সোনা বিক্রি হচ্ছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দেশের বাজারে সোনার দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়েছে বাজুসের পক্ষ থেকে। স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ডের দাম বাড়ার কারণে এই মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে এই মানের সোনার দাম ছিল ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা।
এছাড়াও, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, নির্ধারিত সোনার দামের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। তবে গহনার নকশা ও মানের ওপর ভিত্তি করে মজুরির পরিমাণ কম-বেশি হতে পারে।
সোনার পাশাপাশি দেশের বাজারে রুপার দামও নির্ধারণ করেছে বাজুস। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ১৬ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৭৮২ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৮২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৯১ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুসের সর্বশেষ নির্ধারিত এই দামেই আজ দেশের বাজারে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ইমাম-উল-হকের বিরুদ্ধে অভিযোগের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। নাটকীয়ভাবে চোটের অজুহাত দেখানোর অভিযোগের পর, এবার ড্রেসিংরুমের গোপন তথ্য ফাঁস করার এবং শৃঙ্খলাভঙ্গের অভিযোগও উঠেছে পাকিস্তানের বাঁহাতি এই ব্যাটারের বিরুদ্ধে। যদি সব অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তিনি গুরুতর শাস্তির মুখোমুখি হতে পারেন। এমনকি নিষেধাজ্ঞার সম্ভাবনাও দেখা দিয়েছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইমামের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো বিশ্লেষণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটি প্রাথমিক প্রতিবেদন প্রস্তুত করেছে। সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, তদন্তের পর খুব শিগগিরই তার বিরুদ্ধে শাস্তিমূলক সিদ্ধান্ত আসতে পারে।
ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে চোটের অজুহাত দেখানোর অভিযোগে প্রথমবারের মতো আলোচনায় আসেন ইমাম। সিরিজের দ্বিতীয় ম্যাচে বাঁ পায়ের মাংসপেশিতে চোট পাওয়ার কথা জানিয়ে তিনি কোনো ইনিংসেই ব্যাট করতে নামেননি। বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন ইংল্যান্ডের সাবেক পেসার স্টুয়ার্ট ব্রড। এরপর ইমামের চোটের সত্যতা যাচাইয়ের জন্য তদন্ত শুরু করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
চোটের অভিযোগ প্রমাণিত হলে ইমামের বিরুদ্ধে দুই বছরের নিষেধাজ্ঞার সুপারিশ করা হয়েছিল বলে পাকিস্তানের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়। তবে পরে কোচ, নির্বাচক ও অধিনায়কদের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা পরিবর্তিত হয়। তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে ইমামের ওপর নিষেধাজ্ঞা না দেওয়ার সুপারিশ করেছিলেন বলে জানা যায়।
এদিকে, চোটের অভিযোগের তদন্ত চলাকালীন নতুন করে ড্রেসিংরুমের তথ্য ফাঁস ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ সামনে এসেছে। ফলে ইমামের বিরুদ্ধে তদন্ত আরও জটিল আকার ধারণ করেছে।
এছাড়া, ইমাম ও মোহাম্মদ রিজওয়ানের আর্থিক কর্মকাণ্ড নিয়েও তদন্ত চলমান রয়েছে। জিও নিউজের সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি তাদের মোবাইল ফোনের ফরেনসিক ও প্রযুক্তিগত বিশ্লেষণ করছে।
তদন্তের কেন্দ্রে রয়েছে দুজনের আর্থিক লেনদেন। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের আগে ও পরে তাদের আর্থিক কর্মকাণ্ড এবং ব্যাংক হিসাব খতিয়ে দেখা হচ্ছে। যদি কোনো সন্দেহজনক লেনদেনের সন্ধান মেলে, তবে অর্থের উৎস ও গন্তব্যের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে তাদের সম্পর্কও তদন্তের আওতায় আনা হবে।
সব মিলিয়ে মাঠের বাইরে বিভিন্ন অভিযোগে চাপে রয়েছেন ইমাম। তদন্তে অভিযোগগুলোর সত্যতা মিললে, তার বিরুদ্ধে কঠোর শাস্তি আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, মাঠে পাকিস্তানের পরিস্থিতিও ভালো যাচ্ছে না। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে তারা ৩-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছে। হেডিংলিতে প্রথম টেস্টে ইনিংস ও ১০৩ রানে হারার পর, লর্ডসে ১৯৪ রান এবং এজবাস্টনে ৮ উইকেটে হারে পাকিস্তান।
এই ধবলধোলাইয়ের পর টেস্ট র্যাঙ্কিংয়ে পাকিস্তানের অবস্থান নেমে গেছে নবম স্থানে। ৭১ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট ইতিহাসে এটিই দলটির সবচেয়ে নিচের অবস্থান।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সিরাজগঞ্জের তাড়াশে ঘটেছে আটটি গরু চুরির ঘটনা, যেখানে গোয়ালঘরের তালা ভেঙে গরুগুলো চুরি করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষকের ছেলে মো. জাহিদ হাসান অভিযোগ করেছেন যে, রোববার (১৩ সেপ্টেম্বর) রাত দুইটার পরে যেকোনো সময় এই চুরির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, খুটিগাছা গ্রামের কৃষক হায়দার আলীর গোয়ালঘরে গরুগুলো রাখা ছিল। গত রাতে দুর্বৃত্তরা প্রথমে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং পরে আটটি গরু নিয়ে পালিয়ে যায়।
সকালে হায়দার আলী গোয়ালঘরে গিয়ে গরু না পেয়ে বিষয়টি বুঝতে পারেন। পরে আশপাশের এলাকায় খোঁজ করেও তিনি গরুগুলোর কোনো সন্ধান পাননি।
ক্ষতিগ্রস্ত কৃষক হায়দার আলী জানিয়েছেন, গরুগুলো তার পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ ছিল। আটটি গরু একসঙ্গে চুরি হয়ে যাওয়ার ফলে তিনি আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন।
স্থানীয়দের মতে, রাতের আঁধারে সংঘবদ্ধ চোরের দল এ ঘটনা ঘটাতে পারে। তারা গরু চুরির ঘটনা ঠেকাতে পাহারা ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাম জাফর জানিয়েছেন, পুলিশ চুরি যাওয়া গরু উদ্ধার এবং জড়িতদের শনাক্ত করতে চেষ্টা চালাচ্ছে।
উল্লেখ্য, গত মাসে উপজেলার তিন কৃষকের মোট ১০টি গরু চুরির ঘটনা ঘটেছিল।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ