প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ইমাম-উল-হকের বিরুদ্ধে অভিযোগের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। নাটকীয়ভাবে চোটের অজুহাত দেখানোর অভিযোগের পর, এবার ড্রেসিংরুমের গোপন তথ্য ফাঁস করার এবং শৃঙ্খলাভঙ্গের অভিযোগও উঠেছে পাকিস্তানের বাঁহাতি এই ব্যাটারের বিরুদ্ধে। যদি সব অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তিনি গুরুতর শাস্তির মুখোমুখি হতে পারেন। এমনকি নিষেধাজ্ঞার সম্ভাবনাও দেখা দিয়েছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইমামের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো বিশ্লেষণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটি প্রাথমিক প্রতিবেদন প্রস্তুত করেছে। সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, তদন্তের পর খুব শিগগিরই তার বিরুদ্ধে শাস্তিমূলক সিদ্ধান্ত আসতে পারে।
ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে চোটের অজুহাত দেখানোর অভিযোগে প্রথমবারের মতো আলোচনায় আসেন ইমাম। সিরিজের দ্বিতীয় ম্যাচে বাঁ পায়ের মাংসপেশিতে চোট পাওয়ার কথা জানিয়ে তিনি কোনো ইনিংসেই ব্যাট করতে নামেননি। বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন ইংল্যান্ডের সাবেক পেসার স্টুয়ার্ট ব্রড। এরপর ইমামের চোটের সত্যতা যাচাইয়ের জন্য তদন্ত শুরু করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
চোটের অভিযোগ প্রমাণিত হলে ইমামের বিরুদ্ধে দুই বছরের নিষেধাজ্ঞার সুপারিশ করা হয়েছিল বলে পাকিস্তানের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়। তবে পরে কোচ, নির্বাচক ও অধিনায়কদের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা পরিবর্তিত হয়। তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে ইমামের ওপর নিষেধাজ্ঞা না দেওয়ার সুপারিশ করেছিলেন বলে জানা যায়।
এদিকে, চোটের অভিযোগের তদন্ত চলাকালীন নতুন করে ড্রেসিংরুমের তথ্য ফাঁস ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ সামনে এসেছে। ফলে ইমামের বিরুদ্ধে তদন্ত আরও জটিল আকার ধারণ করেছে।
এছাড়া, ইমাম ও মোহাম্মদ রিজওয়ানের আর্থিক কর্মকাণ্ড নিয়েও তদন্ত চলমান রয়েছে। জিও নিউজের সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি তাদের মোবাইল ফোনের ফরেনসিক ও প্রযুক্তিগত বিশ্লেষণ করছে।
তদন্তের কেন্দ্রে রয়েছে দুজনের আর্থিক লেনদেন। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের আগে ও পরে তাদের আর্থিক কর্মকাণ্ড এবং ব্যাংক হিসাব খতিয়ে দেখা হচ্ছে। যদি কোনো সন্দেহজনক লেনদেনের সন্ধান মেলে, তবে অর্থের উৎস ও গন্তব্যের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে তাদের সম্পর্কও তদন্তের আওতায় আনা হবে।
সব মিলিয়ে মাঠের বাইরে বিভিন্ন অভিযোগে চাপে রয়েছেন ইমাম। তদন্তে অভিযোগগুলোর সত্যতা মিললে, তার বিরুদ্ধে কঠোর শাস্তি আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, মাঠে পাকিস্তানের পরিস্থিতিও ভালো যাচ্ছে না। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে তারা ৩-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছে। হেডিংলিতে প্রথম টেস্টে ইনিংস ও ১০৩ রানে হারার পর, লর্ডসে ১৯৪ রান এবং এজবাস্টনে ৮ উইকেটে হারে পাকিস্তান।
এই ধবলধোলাইয়ের পর টেস্ট র্যাঙ্কিংয়ে পাকিস্তানের অবস্থান নেমে গেছে নবম স্থানে। ৭১ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট ইতিহাসে এটিই দলটির সবচেয়ে নিচের অবস্থান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন