বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১০:৩৩ পি.এম
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম মক্কা ও মদিনার নিরাপত্তাকে সব ধরনের রাজনৈতিক বিরোধ ও সংঘাতের ঊর্ধ্বে রাখার জন্য আহ্বান জানিয়েছেন।
তিনি উল্লেখ করেন, হারামাইন তথা মক্কা ও মদিনা বিশ্বের শতকোটি মুসলমানের প্রাণস্পন্দন এবং চূড়ান্ত সীমারেখা। মক্কা ও মদিনা কোনো রাষ্ট্রীয় রাজনীতির বিষয় নয়, তাই পবিত্র দুই নগরীর নিরাপত্তাকে সব রাজনৈতিক বিরোধ ও সংঘাতের ঊর্ধ্বে রাখতে হবে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) একটি বিবৃতিতে চরমোনাই পীর এসব কথা বলেন।
মক্কা ও মদিনা অঞ্চলের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সংবাদে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, গতকাল মক্কা-মদিনায় যখন সতর্কতামূলক সাইরেন বেজেছে, তখন গোটা মুসলিম উম্মাহ থমকে গিয়েছিল। হারামাইন তথা মক্কা ও মদিনা বিশ্বের শতকোটি মুসলিমের প্রাণের স্পন্দন। এটি আমাদের চূড়ান্ত সীমারেখা। মক্কা ও মদিনা সব রাষ্ট্র-রাজনীতির ঊর্ধ্বের বিষয়।
চরমোনাই পীর আরও বলেন, স্বস্তির বিষয় হলো, হুতিদের পক্ষ থেকে মক্কা-মদিনার নিরাপত্তার প্রতি কোনো ধরনের হুমকি সৃষ্টি না করার বার্তা পাওয়া গেছে। তাদের এই অবস্থানের ওপর অটল থাকতে হবে।
একই সঙ্গে সৌদি সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যেহেতু ইসলামের প্রধান দুই পবিত্র স্থানের রক্ষণাবেক্ষণের দায়িত্ব সৌদি সরকার পালন করছে, তাই তাদের এমন কোনো রাজনৈতিক বিরোধে জড়িয়ে পড়া উচিত নয়, যাতে পবিত্র দুই শহরের প্রতি কোনো ধরনের হুমকি তৈরি হয়।
তিনি আরও বলেন, শুধু নিরাপত্তা নিশ্চিত করাই নয়, মক্কা-মদিনা ও জাজিরাতুল আরবের শান ও মর্যাদা রক্ষা করাও সৌদি সরকারের দায়িত্ব।
হারামাইনের নিরাপত্তার সঙ্গে নিজেদের সংযুক্ত করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, হারামাইনের নিরাপত্তার প্রশ্নে আমরা, বাংলাদেশের জনগণ আপনাদের পাশে আছি এবং থাকবো।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
দীর্ঘকাল ধরে আমেরিকায় বসবাস করলেও ঢাকাই সিনেমার খ্যাতনামা নায়িকা মৌসুমী বিভিন্ন কারণে বা কাজের সুবাদে মাঝে মাঝে সংবাদ শিরোনামে আসেন। যদিও তিনি পারিবারিক কারণে দূরে রয়েছেন, তবুও ভক্তদের জন্য হঠাৎ করে একটি ভিডিও বার্তার মাধ্যমে উপস্থিত হয়েছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে, চিত্রনায়ক ওমর সানী তার ফেসবুক পৃষ্ঠায় মৌসুমীর এই ভিডিওটি পোস্ট করার পর থেকেই এটি আলোচনা ও আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
মূলত, নিজেদের পারিবারিক রেস্টুরেন্ট ব্যবসার নতুন উদ্যোগের বিষয়ে জানাতেই জনপ্রিয় এই অভিনেত্রী ভিডিও বার্তা প্রদান করেছেন। ভিডিওতে মৌসুমী উল্লেখ করেন, তাদের জনপ্রিয় ব্র্যান্ড ‘চাপওয়ালার শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট’-এর প্রথম শাখা মানিকগঞ্জের সাটুরিয়ায় সফলভাবে পরিচালিত হচ্ছে।
এর ধারাবাহিকতায়, সাভারের হেমায়েতপুরে রেস্টুরেন্টটির নতুন শাখা উদ্বোধন হতে যাচ্ছে। আগামী শুক্রবার (১৮ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করা হবে। ঐতিহ্যবাহী ‘চাপ’-এর পাশাপাশি নতুন শাখায় সব ধরনের বাঙালি খাবার পাওয়া যাবে বলেও তিনি জানান।
এদিকে, এই ভিডিও বার্তার মাধ্যমে আরেকটি বিষয় পরিষ্কার হয়েছে। এর আগে প্রায়ই ওমর সানী ও মৌসুমীর দাম্পত্য জীবন নিয়ে বিচ্ছেদের গুঞ্জন শোনা যেত।
তবে সম্প্রতি একটি ভিডিও কলে তাদের সাবলীল কথোপকথন এবং রেস্টুরেন্ট ব্যবসার প্রচারে মৌসুমীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সব গুঞ্জনকে একপ্রকার উড়িয়ে দিয়েছে।
এতে স্পষ্ট হয় যে, সমস্ত গুঞ্জনকে পেছনে ফেলে এই তারকা দম্পতির সম্পর্ক ও বোঝাপড়া এখনো বেশ সুমধুর ও অটুট রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন এবং এই মর্মান্তিক ঘটনায় তার অনাগত সন্তানকেও বাঁচানো সম্ভব হয়নি।
ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) হাসপাতালে বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নূর জাহানের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ মৌছাগাছা এলাকায়। তার স্বামী জোবায়ের হোসেন জানান, প্রায় দেড় বছর আগে তাদের বিয়ে হয়েছিল এবং আগামী মাসেই তাদের প্রথম সন্তানের ভূমিষ্ঠ হওয়ার কথা ছিল।
গত শুক্রবার মুরাদনগরের নিজ বাড়িতে অবস্থানকালে ডেঙ্গুতে আক্রান্ত হন নূর জাহান। শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে এসে হাসপাতালে ভর্তি করা হয়।
নূর জাহানের আকস্মিক এই প্রয়াণে তার পরিবার, পরিচিতজন ও পুরো শিক্ষাঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির সভাপতি ও বাংলা বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল মারুফ জানান, নূর জাহান ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ৬১তম আবর্তনের একজন অত্যন্ত মেধাবী ও সৃজনশীল শিক্ষার্থী ছিলেন এবং বিভাগের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিতেন।
তার অকালমৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মো. মশিউর রহমান ভূঞা বলেন, নূর জাহান অত্যন্ত আন্তরিক ও মেধাবী একজন শিক্ষার্থী ছিলেন। বিভাগের বিভিন্ন অনুষ্ঠানে তার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। তার এই মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ সুদানের দক্ষিণাঞ্চলে একটি সোনার খনি ধসে অন্তত ৮২ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন। ধ্বংসস্তূপের নিচে এখনো অনেক শ্রমিক আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
বর্তমানে স্থানটি দেশের প্রভাবশালী প্যারা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর নিয়ন্ত্রণে রয়েছে। বাহিনীটির একজন কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছেন, ঠিক কতজন খনির ভেতর আটকা পড়ে আছেন, তা সুনির্দিষ্টভাবে এখনো নিশ্চিত হওয়া যায়নি। সেখানে উদ্ধার তৎপরতা অত্যন্ত ধীরগতিতে চলছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এই খনি ধসের ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় কয়েক ডজন শ্রমিক খনির গভীরে কাজ করছিলেন। পরবর্তীতে বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত টানা অভিযান চালিয়ে মোট ৮২ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।
দুর্ঘটনা থেকে অলৌকিকভাবে বেঁচে ফেরা শ্রমিক খায়ের আল সায়েদ জাবারা জানান, সারারাত তারা নিজেদের সাধারণ সরঞ্জাম দিয়েই উদ্ধার কাজ চালানোর চেষ্টা করেছেন। তবে বিশাল পাথর ও বিপুল পরিমাণ মাটি সরানোর জন্য সেখানে কোনো ভারী যন্ত্রপাতি না থাকায় উদ্ধার তৎপরতা চরমভাবে ব্যাহত হচ্ছে।
উল্লেখ্য, ২০২৩ সালে সুদান সেনাবাহিনী এবং প্যারা-সামরিক আরএসএফ-এর মধ্যে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ শুরু হওয়ার পর দেশের অর্থনীতি মারাত্মকভাবে ভেঙে পড়ে। ব্যাপক বেকারত্বের মুখে দেশটির হাজার হাজার যুবক কোনো সুরক্ষা সরঞ্জাম ছাড়াই এসব অনুমোদনহীন ও ঝুঁকিপূর্ণ হাতুড়ে সোনার খনিতে কাজ করতে বাধ্য হচ্ছেন। বর্তমানে গৃহযুদ্ধের বিশাল অর্থের বড় একটি অংশ যোগান আসছে অবৈধভাবে পরিচালিত এসব সোনার খনি থেকে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে প্রাইভেটকার থেকে গুলি ছোঁড়ার ঘটনায় অভিযুক্ত তরুণ-তরুণীকে ঢাকার গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে র্যাব ও ভাঙ্গা থানার পুলিশের যৌথ টিম অভিযানে তাদেরকে আটক করে র্যাব-১-এর কার্যালয়ে নিয়ে যায়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ভাঙ্গা থানার দায়ের করা মামলায় তাদের দুজনকে গ্রেপ্তার দেখানোর পর ঢাকা ও মুন্সীগঞ্জে অস্ত্র উদ্ধারের অভিযান শুরু করে ভাঙ্গা থানার পুলিশ।
অস্ত্র উদ্ধার হলে, রাতের পর আরও জিজ্ঞাসাবাদের জন্য আগামীকাল বৃহস্পতিবার দুপুরে তাদেরকে জেল হাজতে পাঠানো হতে পারে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান।
পুলিশ জানায়, গত (১৭ আগস্ট) সোমবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে গাড়ি পার্কিং নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রাইভেটকার থেকে এক তরুণ জনসম্মুখে গুলি করে পালিয়ে যায়।
গুলির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এই ঘটনায় ছোটাছুটিতে দুজন আহত হন। সংবাদটি প্রচারের পর পুলিশ প্রশাসন তৎপর হয়ে ওঠে এবং ১৮ আগস্ট ভাঙ্গা থানার এসআই প্রশান্ত কুমার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করেন ভাঙ্গা থানার এসআই মিজানুর রহমান।
মামলা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি প্রাইভেটকার থেকে ভাঙ্গা হাইওয়ে থানার সামনে চা খেতে নামেন এক তরুণ ও তরুণী। রাস্তায় দাঁড়িয়ে থাকা স্থানীয়রা ওই তরুণকে বলেন, ভাই প্রাইভেটকারটি সাইড করে দাঁড়ান।
এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ওই তরুণ গাড়িতে গিয়ে পিস্তল বের করে পরপর কয়েক রাউন্ড গুলি করেন। এরপর তারা প্রাইভেটকার নিয়ে দ্রুত খুলনা রোডে চলে যান।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার দিবাগত রাতে পুলিশ ও র্যাবের একটি টিম ঢাকার গুলশান এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে। এরপর আমরা গুলি করা অস্ত্র উদ্ধারের জন্য ঢাকা ও মুন্সীগঞ্জ এলাকায় আসামিদের নিয়ে অভিযান পরিচালনা করছি।
তিনি আরও বলেন, আল্লাহ যদি সহায় থাকে অস্ত্রটি উদ্ধার হলে রাতে ভাঙ্গা থানায় হাজির করা হবে। পরদিন বৃহস্পতিবার তাদেরকে জেল হাজতে পাঠানো হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ