০২:৩৪ পি.এম
২০২৬ সালের বিশ্বকাপের শেষ ষোলোতে ব্রাজিল ২-১ গোলে নরওয়ের কাছে পরাজিত হয়ে বিদায় নিয়েছে। ১৯৯০ সালের পর প্রথমবার ব্রাজিল এতো দ্রুত বিশ্বকাপ থেকে বিদায় নিচ্ছে। ম্যাচের অন্যতম একটি টার্নিং পয়েন্ট ছিল প্রথমার্ধে পাওয়া পেনাল্টি। তবে অনেকের প্রত্যাশা ছিল যে পেনাল্টিটি ভিনিসিউস জুনিয়র নেবেন, কিন্তু কোচের সিদ্ধান্তে দায়িত্ব দেওয়া হয় ব্রুনো গিমারায়েসকে। কিন্তু তার শটটি দারুণভাবে ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক ওরিয়ান নিল্যান্ড। এই সিদ্ধান্ত নিয়ে পরে ব্যাপক বিতর্ক শুরু হয়।
হারের হতাশা কাটিয়ে উঠতে না উঠতেই ব্রাজিলের কিংবদন্তি রোমারিও ভিনিসিউস জুনিয়রকে কঠোর ভাষায় সমালোচনা করেন। রোমারিওর মতে, দলের সবচেয়ে বড় তারকার পেনাল্টি নেওয়ার দায়িত্ব নেওয়া উচিত ছিল।
রোমারিও বলেন, 'আমি শুনেছি ও পড়েছি যে বলা হচ্ছে, ব্রুনো গিমারায়েস নাকি ভিনিসিউসের চেয়ে ভালো পেনাল্টি নেয়, তাই তাকেই দায়িত্ব দেওয়া হয়েছিল। ঠিক আছে, কোচের নির্দেশ সে সম্মান করেছে। কিন্তু ভাই, এখানে সঠিক মানসিকতা দেখাতে হয়। ভিনিসিউসই দলের সবচেয়ে বড় তারকা, আমাদের সেরা খেলোয়াড়। বলটা তুলে নাও, পেনাল্টি নাও, ব্যস!'
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
অন্যদিকে, ম্যাচ শেষে ভিনিসিউস নিজেই নিশ্চিত করেন যে এটি কোচ কার্লো আনচেলত্তির সিদ্ধান্ত এবং তিনি কখনোই দায়িত্ব এড়াননি।
ভিনিসিউস বলেন, 'কোচ আগেই ঠিক করে দেন কে পেনাল্টি নেবে। তিনি ব্রুনোকেই বেছে নিয়েছিলেন। আমি কখনো ব্যক্তিগত গৌরবের পেছনে ছুটি না, কিংবা টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হওয়ার চিন্তা করিনি। তাই ব্রুনোই পেনাল্টি নিয়েছে। সে আমার চেয়ে ভালো পেনাল্টি নেয় বলেই কোচ তাকে বেছে নিয়েছিলেন। এটাই সত্যি। আমি কখনো দায়িত্ব থেকে পালাইনি। অনেকেই বলবে আমি নিতে চাইনি, কিন্তু সেটা সত্য নয়। রিয়াল মাদ্রিদের হয়েও কোচ যখন বলেন, আমি পেনাল্টি নিই। এখন আমাদের আগামী বিশ্বকাপ ও সামনে থাকা ম্যাচগুলোর জন্য আরও ভালোভাবে প্রস্তুতি নিতে হবে।'
রোমারিও শুধু ভিনিসিউসকেই সমালোচনা করেননি, তরুণ ফরোয়ার্ড এন্দরিকেরও তিনি তীব্র সমালোচনা করেন। ম্যাচে সমতা থাকা অবস্থায় সহজ একটি গোলের সুযোগ নষ্ট করেছিলেন এন্দরিক।
রোমারিও বলেন, 'অনেকে বলে, ‘সে তো এখনও তরুণ।’ তরুণ হলে কী হয়েছে! তাকে ওই গোলটা করতেই হতো। তরুণ, মাঝবয়সী, অভিজ্ঞ; এসব কোনো অজুহাত নয়। যদি মাঠে নামো, তাহলে গোল করার দায়িত্বও তোমার।'
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
তিনি আরও বলেন, 'এন্দরিকই সেই গোল মিস করার জন্য দায়ী। বক্সে ঢোকার পর তার একমাত্র লক্ষ্য হওয়া উচিত ছিল গোল করা, কারণ সেটাই ছিল ম্যাচের ভাগ্য নির্ধারণের সুযোগ। আমি তাকে পছন্দ করি, বিশ্বাস করি ভবিষ্যতে সে ব্রাজিলকে অনেক আনন্দ দেবে। কিন্তু এই ম্যাচে সে খুবই খারাপ খেলেছে।'
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন