বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং
০৪:০৫ পি.এম
সদ্যবিদয়ী জুন মাসে দেশে রফতানি আয়ের পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় বেড়ে দাঁড়িয়েছে ২৫ দশমিক ৯১ শতাংশ।
বৃহস্পতিবার (২ জুলাই) প্রকাশিত রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত জুন মাসে দেশের রফতানি আয় বৃদ্ধি পেয়েছে। প্রবৃদ্ধির এই হার দাঁড়িয়েছে ২৫ দশমিক ৯১ শতাংশে। ২০২৫ সালের জুন মাসে দেশের রফতানি আয়ের পরিমাণ ছিল ৩৩৩ কোটি ৭৯ লাখ ডলার। আর ২০২৬ সালের জুন মাসে হয়েছে ৪২০ কোটি ২৬ লাখ ডলারের পণ্য রফতানি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২ জুলাই, ২০২৬ : শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষার মান উন্নয়ন ও শ্রেণিকক্ষের শিক্ষা কার্যক্রম সচল রাখতে বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ বন্ধে একটি ‘রেগুলেশন’ বা আইনি নিষেধাজ্ঞা থাকা উচিত।
মন্ত্রী বলেন, ‘শিক্ষকরা শিক্ষকতার পেশায় থাকবেন, আর নির্বাচনে গেলে তারা রাজনীতির পেশায় চলে যাবেন। এ দুটি বিষয় একসাথে চললে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হয়।’
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি উক্ত মন্তব্য করেন।
এছাড়া, এর আগে বাংলাদেশে ‘জিপিই সিস্টেম ট্রান্সফরমেশন গ্রান্ট (এসটিজি) এবং মাল্টিপ্লায়ার গ্রান্টের’ আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এই অনুষ্ঠানটি গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন (জিপিই), ইউনেস্কো, ইউনিসেফ, এডিবি, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়।
শিক্ষকদের নির্বাচনমুখী হওয়া প্রসঙ্গে নিজস্ব অভিজ্ঞতা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে ৪ হাজারের বেশি চেয়ারম্যান পদ এবং ৪৯৩টি উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল সংখ্যক শিক্ষক অংশ নেন। এতে শ্রেণিকক্ষের শিক্ষা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নির্বাচন কমিশনের এমন একটি ফ্রি রেগুলেশন বা নিষেধাজ্ঞা থাকা উচিত; যাতে শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে না যান। যদি যেতে হয়, তাহলে তারা যেন চাকরি ছেড়ে দিয়ে যান। রাষ্ট্রের যে বিনিয়োগ ও ট্রেনিংয়ের ব্যবস্থা রয়েছে, তা যেন দেশের সুন্দর জাতি গঠনে সঠিকভাবে কাজে লাগে।’
আজ শুরু হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষা সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন, ‘আজ সকাল ১০টা থেকে আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। আমাদের ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা এবং মনিটরিং সেল রয়েছে, ফলে এখন আর প্রত্যেক কেন্দ্রে গিয়ে পাহারা দিতে হচ্ছে না। শিক্ষকরা সজাগ, অভিভাবকরা সচেতন এবং পুলিশ বিভাগ বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করছে। শিক্ষার্থীরাও সতর্ক, তারা এখন আর কোনো ‘আনফেয়ার’ (অসদুপায়) অবলম্বন করবে না বলেই আমাদের বিশ্বাস।’
এইচএসসি পরীক্ষায় নিয়মিত শিক্ষার্থীদের একাংশের ঝরে পড়ার (ড্রপ আউট) হার বৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘অতীতে এসএসসি বা এইচএসসির পর মেয়েদের বিয়ে হয়ে যাওয়া কিংবা ছেলেদের কাজে চলে যাওয়ার একটি স্বাভাবিক প্রবণতা ছিল। আমরা এই ড্রপ আউটের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি। আগামীতে ক্লাসরুমের শিক্ষা এবং শিক্ষকের সংখ্যা আরও বাড়িয়ে সিলেবাস সুন্দরভাবে সাজানো হবে।’
প্রাথমিকের সাড়ে ৩২ হাজার শিক্ষকের মামলা সম্পর্কে ড. মিলন বলেন, ‘বিষয়টি আদালতের আপিল বিভাগের নজরে এসেছে এবং তারা সিদ্ধান্ত নিয়েছেন। তবে কোর্টের আদেশটি এখনো আমাদের হাতে আসেনি। এ বিষয়ে আমরা আজ বিস্তারিত জানাব।’
অনুষ্ঠানে বাংলাদেশে জিপিই সিস্টেম ট্রান্সফরমেশন গ্রান্ট (এসটিজি) এবং মাল্টিপ্লায়ার সমন্বয়ে মোট ৯৮.৮৫ মিলিয়ন মার্কিন ডলারের গ্রান্টের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন।
এছাড়া, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের পক্ষে ইউনিসেফ বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রতিনিধি ইমানুয়েল আব্রিউ, ইউনেস্কো বাংলাদেশের প্রতিনিধি ড. সুসান ভাইজ, এডিবি’র বাংলাদেশ প্রতিনিধি (অফিসার ইনচার্জ) আকিরা মাতসুনাগা এবং ব্রিটিশ হাই কমিশনের হিউম্যান ক্যাপিটাল টিমের লিডার গোলাম কিবরিয়াসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এবার আরেক মামলায় আসামি হতে যাচ্ছেন। শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় তার সম্পৃক্ততা পাওয়া গেছে, এমনটি জানিয়েছেন চিফ প্রসিকিউটর।
জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ার ছয়জনকে হত্যার মামলায় মানবতাবিরোধী অপরাধে গত ৩০ জুন রায় হয় জাসদ নেতা ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর। রায়ে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১০ বছরের কারাদন্ড দিয়েছেন। তবে, এটি এখানেই শেষ হচ্ছে না। মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় এবার আসামি হতে যাচ্ছেন হাসানুল হক ইনু।
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, ২০১৩ সালে রাতের আঁধারে শাপলাচত্বরে ঘটে যাওয়া হত্যাযজ্ঞে হাসানুল হক ইনুর সম্পৃক্ততা পাওয়া গেছে। এই মামলায় তাকেও আসামি করা হবে।
চলতি মাসের শেষ সপ্তাহে তদন্ত প্রতিবেদন ও ফরমাল চার্জ দাখিল করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর।
রাজনৈতিক পটপরিবর্তনের পর গেল বছরের ২৬ নভেম্বর হেফাজতে ইসলাম শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে শাপলা চত্বরের হত্যাযজ্ঞ নিয়ে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
আর্জেন্টিনা দল ফ্লোরিডায় নকআউট পর্বের নিজেদের প্রথম ম্যাচ খেলতে গেছে। সেখানে নিরাপত্তা ব্যবস্থা এমনভাবে কড়াকড়ি করা হয়েছে যে, পুরো আর্জেন্টাইন দলকে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হয়েছে। তল্লাশি থেকে বাদ পড়েননি মেসিও।
যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার বেস ক্যাম্প। দলের পরবর্তী ম্যাচটি মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, যেখানে তারা কেপ ভার্ডের মুখোমুখি হবে।
এই ম্যাচ খেলতে মিসৌরির বিমানে ওঠার আগে মেসিদের নিয়মমাফিক নিরাপত্তা তল্লাশির মুখোমুখি হতে হয়েছে, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।
একটি ছোট ভিডিও ক্লিপ ইন্টারনেটে আলোচনা সৃষ্টি করেছে। ওই ক্লিপে দেখা যাচ্ছে, আলবিসেলেস্তে খেলোয়াড়রা নিজেদের লাগেজ বিমানবন্দরের নিরাপত্তা কর্মীদের কাছে রেখে সামনে এগোচ্ছেন। মেসিকে মেটাল ডিটেক্টর দিয়ে পুরো শরীর তল্লাশি করা হচ্ছে।
অন্য একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে, রদ্রিগো ডি পলকেও মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হচ্ছে এবং কোনো এক কারণে মেসি অট্টহাসিতে ফেটে পড়ছেন।
বিশ্বকাপের এবারের টুর্নামেন্টের বড় চমক কেপ ভার্ড। তারা তিনটি ম্যাচ খেলে কোনো একটি জিততে পারেনি তবে হারেনি। সবথেকে ছোট দেশ হিসেবেও বিশ্বকাপের নকআউটে উঠে এসেছে। এই দলের বিপক্ষে আর্জেন্টিনাকে ভুগতে হতে পারে। বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় এই দুই দল মুখোমুখি হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
দেশে হাম এবং হামের উপসর্গ যেহেতু মৃত্যু মিছিল থামছেই না, গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) এই ভাইরাসের উপসর্গ নিয়ে দেশে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১১৯টি শিশু।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ শিশুর প্রত্যেকেই হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। তবে এই সময়ে ল্যাব টেস্টে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, সাড়ে তিন মাস ধরে দেশে হামের প্রকোপ উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ১৫ মার্চ থেকে শুরু করে আজ ২ জুলাই পর্যন্ত সারা দেশে হাম এবং এর উপসর্গ নিয়ে মোট ৭২৪টি শিশুর প্রাণহানি ঘটেছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ জন। আর বাকি ৬৩১টি শিশু মারা গেছে হামের তীব্র উপসর্গ নিয়ে।
অধিদফতরের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৪টি শিশুর শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। এর বাইরে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ৯৬৫ জন। আক্রান্তদের মধ্যে গত এক দিনে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৯০২টি শিশু। বিপরীতে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৮৭৭ জন।
গত সাড়ে তিন মাসের সামগ্রিক চিত্র আরও ভয়াবহ। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২ হাজার ৯৯৩ জনে। এর মধ্যে ল্যাবরেটরি টেস্টের মাধ্যমে ১২ হাজার ২৮৬ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। এই সময়ে আক্রান্ত ও উপসর্গ আক্রান্ত মিলিয়ে মোট ৮৬ হাজার ৪১১টি শিশুকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। তবে আশার কথা হলো, তাদের মধ্যে ৮২ হাজার ৭৫৯ জন শিশু চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের হামের টিকা সময়মতো নিশ্চিত না করা হলে পরিস্থিতি আরও নাজুক হতে পারে। বিশেষ করে পুষ্টিহীনতায় ভোগা শিশুদের মধ্যে এই ভাইরাসের জটিলতা অনেক বেশি দেখা দিচ্ছে। উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ