০৪:৩৫ পি.এম
রাজধানীতে বিভিন্ন অপরাধে ব্যবহৃত ধারালো অস্ত্রের অবৈধ বিক্রি রোধে অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগ ৪৬৪টি বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করেছে। এই অভিযানের সময় তিন বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন রবিউল ইসলাম (৪০), মো. আজাদ (৩০) ও মো. রাজন (৩৪)।
শুক্রবার (৩১ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রাজধানীতে ঘটিত ছিনতাইসহ অন্যান্য অপরাধে ধারালো অস্ত্র ব্যবহারের বিষয়টি মাথায় রেখে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে আসছে ডিএমপি। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (৩০ জুলাই) মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন অর রশীদের পরিকল্পনায় এবং স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের (এডিসি) নেতৃত্বে বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট লিংক রোড এলাকায় অভিযান পরিচালিত হয়।
এই অভিযানে মোট ৪৬৪টি ধারালো অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার হয়েছে। উদ্ধার করা সামগ্রীর মধ্যে বড় চাপাতি, বড় ছুরি, সুইচ গিয়ার চাকু, কমব্যাট নাইফ, আসল পিস্তলের আদলে তৈরি খেলনা পিস্তল, ইলেকট্রিক শক গান, চাইনিজ কুড়াল এবং ব্যাটন স্টিক অন্তর্ভুক্ত রয়েছে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
অভিযানের সময় তিন বিক্রেতাকে গ্রেফতার করা হয়। নিয়াজ মেহেদী আরও জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। রাজধানীতে অবৈধ অস্ত্রের বিক্রি ও ব্যবহার রোধে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন