০৪:১৪ পি.এম
দক্ষিণ আফ্রিকার তরুণ ব্যাটার লুয়ান-দ্রে প্রিটোরিয়াস টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড ভেঙে দিয়েছেন। মাত্র ২০ বছর বয়সে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের অসাধারণ ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইলকে ছাড়িয়ে গেছেন তিনি।
পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে এত দিন গেইলের দখলে ছিল ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডটি। ২০১৩ সালের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ৬৬ বলে অপরাজিত ১৭৫ রান করেছিলেন ‘ইউনিভার্স বস’। ১৩ বছর ধরে অক্ষত থাকা সেই রেকর্ড এবার নিজের করে নিলেন প্রিটোরিয়াস।
শুক্রবার (২ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় ব্লুমফন্টেইনে নাইটসের বিপক্ষে টাইটানসের হয়ে এই কীর্তি গড়েন তরুণ ওপেনার। ৭৯ বলের ইনিংসে ১৫টি চার ও ১৩টি ছক্কা হাঁকান তিনি। তার স্ট্রাইক রেট ছিল ২৩৭.৯৭।
আরও পড়ুন: শূন্য রান করেও ম্যাচের নায়ক ম্যাক্স ফিল্ড, খেললেন ১৩২ বল
ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং প্রদর্শন করেন বাঁহাতি প্রিটোরিয়াস। মাত্র ২৪ বলে পূর্ণ করেন অর্ধশতক। এরপর আরও ১৬ বল খেলে পৌঁছে যান তিন অঙ্কের ঘরে। অর্থাৎ, মাত্র ৪০ বলেই সেঞ্চুরি তুলে নেন তিনি। ৫৮ বলে পূর্ণ করেন দেড়শ রান।
প্রিটোরিয়াসের ব্যাটিং তাণ্ডবে একপর্যায়ে টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরির সম্ভাবনাও জেগেছিল। তবে নির্ধারিত ২০ ওভারের ইনিংস শেষ হয়ে যাওয়ায় ১৮৮ রানেই অপরাজিত থাকতে হয় তাকে। তার রেকর্ডগড়া ইনিংসে ভর করে ৩ উইকেটে ২৬৭ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় টাইটানস।
জবাবে ব্যাট করতে নেমে টাইটানসের বোলারদের সামনে দাঁড়াতে পারেনি নাইটস। ১৭.২ ওভারে মাত্র ১৪৩ রানে অলআউট হয়ে যায় দলটি। এতে ১২৪ রানের বড় জয় পায় টাইটানস।
সাম্প্রতিক সময়েও দারুণ ছন্দে রয়েছেন প্রিটোরিয়াস। এর আগে নামিবিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার হয়ে টি-টোয়েন্টি ম্যাচে ৫৩ বলে ১০১ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন তিনি। এবার ঘরোয়া ক্রিকেটে ১৮৮ রানের অপরাজিত ইনিংস খেলে টি-টোয়েন্টির ইতিহাসে নিজের নাম নতুন করে লিখলেন এই তরুণ ব্যাটার।
আরও পড়ুন: রিয়ালের জয় ছাপিয়ে গুলারের লাল কার্ড বিতর্ক
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন