ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

সারাদেশে ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে বৈঠক


সারাদেশে ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে বৈঠক

পর্যায়ক্রমে সারাদেশে ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

সোমবার (২০ জুলাই) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠকটি হয়।

বৈঠকে বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি এবং পর্যায়ক্রমে সারাদেশে এর সম্প্রসারণের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

ধাপে ধাপে সারাদেশে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিস্তারের লক্ষ্যে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ, আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার ওপর প্রধানমন্ত্রী গুরুত্বারোপ করেন।

দেশের প্রকৃত উপকারভোগীদের কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা কার্যকর, স্বচ্ছ ও নির্ভুলভাবে পৌঁছে দিতে একটি নির্ভুল ও গ্রহণযোগ্য তথ্যভান্ডার গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্ব দেন।

এ সময় প্রধানমন্ত্রী তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ. বি. এম. আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস. এম. আব্দুল আওয়াল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বয়সকে হার মানিয়ে ৯৬ বছর বয়সী ইনফ্লুয়েন্সারের বিশ্ব রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৩:০২ পি.এম


বয়সকে হার মানিয়ে ৯৬ বছর বয়সী ইনফ্লুয়েন্সারের বিশ্ব রেকর্ড

৯৬ বছর বয়সী আইলিন চিন। জ্যামাইকার এই নারীর কাছে একটি পুরোনো বাদামি রঙের বাসমতি চালের ব্যাগ আছে। ব্যাগটিতে জিপার বা চেইন লাগিয়ে যত্নে কিছু পুরোনো কাগজের টুকরা রাখা আছে, যা শুধু রান্নার রেসিপি নয়, বরং তার পরিবারের ইতিহাস এবং শত বছরের ঐতিহ্যও বোঝায়।

রান্নার হাতেখড়ি তার পাঁচ বছর বয়সে শুরু হয়। বিয়ের পর ১৯৫০-এর দশকে স্বামীর সাথে জ্যামাইকার সেন্ট মেরি এলাকার হাইগেট চলে আসেন। এখানে তারা একটি বেকারি প্রতিষ্ঠা করেন। দীর্ঘ বছর চলার পর ২০০৮ সালে সেই বেকারিটি বন্ধ হয়ে যায়। এরপর আইলিন পরিবারের সঙ্গে থাকার সিদ্ধান্ত নেন। পরে তিনি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামিতে চলে আসেন।

ফ্লোরিডায় এলেও আইলিন নিজের শিকড়ের স্বাদ ভুলে যাননি। তার তৈরি যে রেসিপিগুলো একসময় নিজের বেকারিকে জনপ্রিয় করেছিল সেগুলো নাতি লুকাস ওংয়ের ব্যবস্থাপনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়ে আসেন। তিন বছর ধরে আইলিন ক্যামেরার সামনে সে খাবারগুলো তৈরি করছেন। নাতি সেই রান্নার ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন। এইভাবেই তিনি একজন সফল ইনফ্লুয়েন্সার হয়ে ওঠেন।

তার খাবারের তালিকায় রয়েছে নিখুঁত চকলেট চিপ কুকি, আবার কখনো জ্যামাইকার ঐতিহ্যবাহী মুখরোচক খাবার। এসব খাবার তৈরি করে আইলিন সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ সাড়া ফেলেছেন। সুস্বাদু খাবারের সঙ্গে যখন তিনি কৈতাবে বলেন, ‘মি রাহটিড!’ (আহা, দারুণ!), তখন স্ক্রিনের ওপাশে থাকা লাখো দর্শকের মুখে হাসি ফোটে।

বর্তমানে ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব এবং ফেসবুক মিলিয়ে এই দাদি-নাতির অনুসারীর সংখ্যা প্রায় ৩০ লাখ!

এখন শুধু লাইক-কমেন্টে সীমাবদ্ধ নন তিনি। ৯৬ বছর ৮৯ দিন বয়সে আইলিন চিন গড়েছেন এক অবিশ্বাস্য বিশ্ব রেকর্ডও। তিনি বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত নারী ফুড ইউটিউবার হিসেবে ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস’-এর পাতায় নাম লিখিয়েছেন।

রেকর্ড গড়ার পর উচ্ছ্বসিত আইলিন বলেন, "পরবর্তী প্রজন্মের কাছে রান্নার এ জ্ঞান পৌঁছে দিতে পারছি, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। মানুষ যখন আমার পারিবারিক রেসিপিগুলো দেখে আনন্দ পায়, তখন আমার বুকটা ভরে যায়।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোল্ডকাপ ফুটবলের জন্য লোগো-স্লোগান-থিম সং চেয়েছে কর্তৃপক্ষ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৩:০৬ পি.এম


গোল্ডকাপ ফুটবলের জন্য লোগো-স্লোগান-থিম সং চেয়েছে কর্তৃপক্ষ

‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬’ উপলক্ষে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের কাছ থেকে আহ্বান করা হয়েছে লোগো, রিলস, মাসকট, স্লোগান ও থিম সং।

সোমবার (২০ জুলাই) তারিখে, মাউশি অধিদপ্তরের এক আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।

আদেশে স্পষ্টভাবে বলা হয়, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য আগামী ২৮ জুলাইয়ের মধ্যে তাদের তৈরি লোগো, রিলস, মাসকট, স্লোগান ও থিম সং নির্দিষ্ট নির্দেশনা অনুযায়ী hpmgoldcup@gmail.com-এ ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে। উল্লেখ্য, এই প্রতিযোগিতার বিজয়ীদের স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান পুরস্কৃত করবেন।

অংশগ্রহণের জন্য নির্দেশনাবলী দিয়ে আদেশে বলা হয়েছে, প্রতিযোগিতার লোগো অবশ্যই পিএনজি, জেপিজি অথবা জেপিইজি ফরমেটে পাঠানো আবশ্যক। রিলস তৈরির ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ফুটবল খেলা সম্পর্কিত বিষয়বস্তু হতে হবে। তৈরিকৃত রিলসের লিংক ই-মেইলে পাঠাতে হবে।

থিম সং ওয়ার্ড এবং পিডিএফ ফরমেটে এবং মাসকট ও স্লোগান তৈরি করে উল্লেখিত ই-মেইলে পাঠাতে হবে। সকল তথ্য পাঠানোর সময় অবশ্যই একটি সচল মোবাইল নম্বর এবং যোগাযোগের ঠিকানা সংযুক্ত করতে হবে।

আদেশে আরও উল্লেখ করা হয়েছে, যারা পূর্বে লোগো, রিলস ও থিম সং পাঠিয়েছেন, তারা নতুন করে আর পাঠানোর প্রয়োজন নেই।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাড়িতে ফিরে আত্মহত্যা করেছেন আর্জেন্টিনা সমর্থক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৩:১৫ পি.এম


বাড়িতে ফিরে আত্মহত্যা করেছেন আর্জেন্টিনা সমর্থক

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখে বাড়িতে ফিরে কুষ্টিয়ায় এক আর্জেন্টিনা সমর্থক আত্মহত্যা করেছেন।

সোমবার (২০ জুলাই) ভোরে ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুমন সরদার (৩০) একই এলাকার মো. আবজাল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক সুমন রাতে বন্ধুদের সঙ্গে বিশ্বকাপের ফাইনাল খেলা দেখেন এবং একসঙ্গে খাওয়া-দাওয়াও করেন। বাড়ি ফেরার পর স্ত্রী জেনি খাতুনের সঙ্গে তার ঝগড়া হয়।

পরে স্ত্রী ঘুমিয়ে পড়লে সুমন ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশের সদস্যরা আজ সকালে মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুর রহমান জানান, সুমন আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক ছিলেন। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য ও আর্জেন্টিনার পরাজয়, ঠিক কি কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫০ বারের চেষ্টা করেও সরকারি চাকরি না পাওয়া স্বর্ণপদকজয়ী ছাত্র, পরে…

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৩:১৮ পি.এম


৫০ বারের চেষ্টা করেও সরকারি চাকরি না পাওয়া স্বর্ণপদকজয়ী ছাত্র, পরে…

বি.টেক বা ব্যাচেলর অব টেকনোলজিতে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে স্বর্ণপদক অর্জন করেছিলেন। কিন্তু এরপর তিনি অন্তত ৫০ বার চেষ্টা করে একটি সরকারি চাকরি পেতে পারেননি। এই চরম হতাশা থেকে শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ২৩ বছর বয়সী একজন মেধাবী তরুণ। ভারতের উত্তর প্রদেশের কানপুরে নিজ বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

রোববার (১৯ জুলাই) টাইমস অব ইন্ডিয়া সহ ভারতের একাধিক গণমাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

পুলিশের দেয়া খবর অনুযায়ী, কানপুরের গোবিন্দ নগরের গুজাইনি অঞ্চলের তিনতলা বাড়ির একটি ঘর থেকে আনন্দের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার সময় আনন্দের পরিবার এক আত্মীয়ের বিয়ের কথা পাকা করতে বিহারে গিয়েছিল। বাড়ির গৃহকর্মী এসে আনন্দের ঘরের দরজা ভিতর থেকে বন্ধ দেখতে পান। দীর্ঘক্ষণ ডাকাডাকির পর কোন সাড়া না পেয়ে প্রতিবেশী এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে দরজা ভেঙে আনন্দের মরদেহ ও তার হাতে লেখা পাঁচ লাইনের একটি সুইসাইড নোট উদ্ধার করে।

উদ্ধার করা চিরকুটে লেখা ছিল, ‘দুঃখিত বাবা, আমি প্রায় ৫০ বার সরকারি চাকরির চেষ্টা করেও সফল হতে পারিনি। দয়া করে আমাকে ক্ষমা করে দিও।’ কানপুর পুলিশ আনন্দের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় এবং শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় তার শেষকৃত্য সম্পন্ন হয়।

নিহত আনন্দের বাবা রাজকুমার একটি বেসরকারি প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত কর্মচারী। তাদের মূল বাড়ি বিহারের বক্সার এলাকায়। তিনি জানান, আনন্দ ২০২৪ সালে পিএসআইটি নামের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বি.টেক পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন। পুরো উত্তর প্রদেশ রাজ্যে তিনি তৃতীয় হন। গত বছরের ১৩ আগস্ট কলেজের সমাবর্তন অনুষ্ঠানে উত্তর প্রদেশের গভর্নর আনন্দীবেন প্যাটেলের হাত থেকে স্বর্ণপদক গ্রহণ করেন আনন্দ।

পারিবারিক সূত্র জানায়, স্নাতক শেষ করার পর আনন্দ ভারতের পাওয়ার গ্রিডে শিক্ষানবিশি বা ইন্টার্নশিপ করেন। তারপর থেকেই তিনি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি গ্রহণ শুরু করেন। আনন্দের বাবা বলেন, ‘ও রেল, এসএসসি, ব্যাংক ও শিক্ষা দপ্তরের একের পর এক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। কিন্তু কোথাও চাকরি মেলেনি। এই কারণে গত কয়েক মাস ধরে ও প্রচণ্ড মানসিক চাপের মধ্যে ছিল।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%