মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং
০২:৩৯ পি.এম
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক আরাফাত রানা, চুয়েট ছাত্রদলের সভাপতি এবং যুগ্ন সাধারণ সম্পাদকসহ বিশ্ববিদ্যালয়ের অনেক সাবেক শিক্ষার্থী এখনও উপাচার্য ভবনে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল পর্যন্ত তারা উপাচার্য ভবন থেকে বের হতে পারেননি। সরেজমিনে গিয়ে দেখা যায়, উপাচার্য ভবনে তালা ঝুলছে। গতকাল সোমবার দুপুর ১ টা থেকে তারা অবরুদ্ধ রয়েছেন। রাত আটটায় চুয়েট শিক্ষার্থীরা নতুন উপাচার্যকে পদত্যাগপূর্বক ভবন ত্যাগ করার জন্য আল্টিমেটাম প্রদান করলেও উপাচার্য এখনও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি।
ভেতরে আটকে থাকা নতুন উপাচার্য জানান, শিক্ষার্থীদের কাছে তার কাছে কোনো লিখিত দাবি নেই এবং কোনো বক্তব্যও নেই। তিনি বলেন, "যদি তারা লিখিত আকারে দাবি জানায়, তবে শিক্ষা মন্ত্রণালয় বা ইউজিসিকে অবহিত করতেন।" এছাড়া জানা যায়, অবরুদ্ধ অবস্থায় গতকাল অসুস্থ হয়ে পড়েছিলেন তার সাথে থাকা দুজন।
এ ব্যাপারে তিনি আরও বলেন, "আমার সাথে চারজন এলামনাই সদস্য আছেন, একজন আমার বন্ধু, দুজন বড়ভাই। বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছাত্রও আছে ৬-৭ জন। তারা আন্দোলন করুক, সমস্যা নাই। কিন্তু আমি দপ্তরে আসলাম নয়টায়, তাঁর দুই-তিন ঘন্টার মধ্যেই এভাবে বিদ্যুৎ, পানি, গ্যাস লাইন বন্ধ করে দেয়াটা অমানবিক।"
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, গত সোমবার সকাল নয়টার দিকে প্রশাসনিক ভবনের ফটকের তালা ভেঙে চুয়েট ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে উপাচার্য নিজ কার্যালয়ে প্রবেশ করেন। এ খবর পেয়ে শিক্ষার্থীরা তাঁকে দুপুর ১২টার মধ্যে ভবন ছেড়ে যাওয়ার সময়সীমা বেঁধে দেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি ভবন ত্যাগ না করায় দুপুর সাড়ে ১২টার দিকে প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা।
গত ২১ সেপ্টেম্বর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলমকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণের প্রতিবাদে এবং তাকে পুনর্বহালের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।
২২ সেপ্টেম্বর থেকে তারা সর্বাত্মক ‘শাটডাউন’ কর্মসূচি পালন করে আসছেন। একই দাবিতে কর্মবিরতি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও। গতকাল সোমবার তাঁরা অসহযোগ কর্মসূচি ঘোষণা করেন। এ পরিস্থিতিতে প্রায় তিন সপ্তাহ ধরে বিশ্ববিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম, পরীক্ষা ও অন্যান্য শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নৌপথে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয় কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেছে। এই নির্দেশনায় নৌদুর্ঘটনা মোকাবিলার জন্য উদ্ধারকারী জাহাজ প্রস্তুত রাখা, ফিটনেসবিহীন নৌযান চলাচল বন্ধ রাখা, অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধ এবং রাতে স্পিডবোট চলাচল বন্ধ রাখার মতো ১৬টি নির্দেশনা অন্তর্ভুক্ত রয়েছে।
গত ৮ অক্টোবর নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোকে এসব নির্দেশনা বাস্তবায়নের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, যাত্রীদের নৌযানে ওঠানামা নির্ধারিত টার্মিনালের পন্টুন ব্যবহার করে করতে হবে। সদরঘাটসহ বিভিন্ন স্থানে নদীর মাঝপথে লঞ্চের সঙ্গে নৌকা বা ট্রলারের মাধ্যমে যাত্রী ওঠানামা বন্ধ রাখতে হবে। লঞ্চ ও অন্যান্য নৌযানে সরকার নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন করতে হবে এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করতে হবে।
দুর্ঘটনার ঝুঁকি কমানোর জন্য ফিটনেসবিহীন লঞ্চ, নৌযান ও ফেরির চলাচল নিষিদ্ধ করা হয়েছে। রাতের বেলায় স্পিডবোট চলাচল বন্ধ থাকবে। দিনের বেলায় স্পিডবোট নদীর মাঝখান দিয়ে চলাচল করতে পারবে না এবং যাত্রীদের লাইফ জ্যাকেট পরা নিশ্চিত করতে হবে।
নৌদুর্ঘটনা বা জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য উদ্ধারকারী জাহাজ প্রস্তুত রাখতে বলা হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ নদীবন্দরে অগ্নিনির্বাপণ ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়ার সতর্কবার্তা অনুসরণ করে নৌযান পরিচালনার নির্দেশও দেওয়া হয়েছে।
সদরঘাট নৌ টার্মিনাল ও পন্টুন এলাকায় হকার ও ক্যানভাসারদের অবস্থান বন্ধ রাখতে হবে। টার্মিনালের প্রবেশপথে নৌযানের রুট ও পন্টুনের তথ্য প্রদর্শন এবং অবৈধ পার্কিং বন্ধের ব্যবস্থা নিতে হবে।
নৌপথের নাব্যতা বজায় রাখার পাশাপাশি ফেরিঘাটে যানবাহনের প্রবেশ ও সারিবদ্ধ চলাচল নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফেরিতে ওঠার আগে চালক ছাড়া অন্য যাত্রীদের বাস বা যানবাহন থেকে নেমে যাওয়ার ব্যবস্থা করতে হবে।
এ বিষয়ে ফেরিঘাটে নির্দেশনামূলক সাইনবোর্ড স্থাপন করতে হবে। নারী, শিশু ও প্রতিবন্ধী যাত্রীদের সুবিধা নিশ্চিত করতে টার্মিনালে পানি, স্যানিটেশন, নিরাপত্তা, মোবাইল ফোন চার্জিং ও বিশ্রামের ব্যবস্থা উন্নত করার কথাও বলা হয়েছে।
নৌযাত্রায় জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য লঞ্চে চারটি হটলাইন নম্বর প্রদর্শন করতে হবে। নম্বরগুলো হলো- জাতীয় জরুরি সেবা ৯৯৯, ফায়ার সার্ভিস ১০২, বিআইডব্লিউটিএর যাত্রীসেবা ১৬১১৩ এবং কোস্ট গার্ড ১৬১১১। আবহাওয়ার তথ্যের জন্য ১০৯০ অথবা ৪১০২৫৭৩০ ও ৪১০২৫৭৩১ নম্বরে যোগাযোগ করা যাবে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব ছন্দা পালের স্বাক্ষরে জারি করা নির্দেশনাটি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এবং নৌপরিবহন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোতে পাঠানো হয়েছে। সূত্র: বাসস
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিনোদন পার্কে রোলার কোস্টার থেকে পড়ে একজনের মৃত্যু ঘটেছে। এই ঘটনার ফলে আহত হয়েছেন আরও কয়েকজন।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৪টার দিকে আটলান্টার নিকটবর্তী অস্টেলে অবস্থিত সিক্স ফ্ল্যাগস ওভার জর্জিয়া পার্কে এই দুর্ঘটনা ঘটে।
কব কাউন্টির জরুরি যোগাযোগ বিভাগ একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে, তবে এই ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। কব কাউন্টি পুলিশের গুরুতর অপরাধ তদন্ত বিভাগ ঘটনাটি তদন্ত করছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পার্কের গোলিয়াথ নামের রোলার কোস্টার থেকে একজনকে পড়ে যেতে দেখা গেছে। অন্তত দুজন প্রত্যক্ষদর্শীর দাবি, ওই ব্যক্তি মাটিতে পড়ার আগে রাইডের বিভিন্ন অংশে আঘাত পান।
এক প্রত্যক্ষদর্শী স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ওই ব্যক্তি পড়ে যাওয়ার সময় রোলার কোস্টারের গাড়িতে তিনবার আঘাত পান।
লোগান কনার নামের একজন জানান, তিনি তার বাগ্দত্তাকে নিয়ে ওই রোলার কোস্টারে ছিলেন। এ সময় তিনি এক ব্যক্তিকে নিজের আসন থেকে ছিটকে বেরিয়ে যেতে দেখেন। তার ভাষ্য, লোকটি পাশের দিকে কাত হয়ে শূন্যে ভেসে উঠেছিলেন এবং তার সঙ্গে সরাসরি চোখাচোখিও হয়েছিল।
আরেক প্রত্যক্ষদর্শী জানান, রোলার কোস্টার থেকে পড়ে যাওয়া ব্যক্তির সঙ্গে একটি শিশু ছিল।
ঘটনার পর রোলার কোস্টারটি মাঝপথে থেমে যায়। পরে যাত্রীদের সেখান থেকে বেরিয়ে আসার দৃশ্য ভিডিওতে দেখা গেছে।
পার্ক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, তারা এই ঘটনায় গভীরভাবে শোকাহত। নিহত ব্যক্তির পরিবার, বন্ধু ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন কর্তৃপক্ষ। পাশাপাশি, পার্কে উপস্থিত দর্শনার্থী ও কর্মীদের সহায়তা দেওয়া হচ্ছে। পরিবারের গোপনীয়তার প্রতি সম্মান জানিয়ে আপাতত ঘটনার বিস্তারিত প্রকাশ করা হবে না বলেও জানিয়েছে তারা।
সুইজারল্যান্ডের প্রতিষ্ঠান বোলিগার অ্যান্ড মাবিলার কনসাল্টিং ইঞ্জিনিয়ার্সের নকশা ও নির্মাণে তৈরি গোলিয়াথ রোলার কোস্টারটি ২০০৬ সালে চালু হয়। এটি ২০০ ফুটেরও বেশি উচ্চতা থেকে নিচে নামার ব্যবস্থা রয়েছে। এ ধরনের রোলার কোস্টারকে হাইপার কোস্টার বলা হয়।
এর আগে, গত সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সিক্স ফ্ল্যাগস ম্যাজিক মাউন্টেন পার্কের এক্স২ রোলার কোস্টারে চড়ার পর মস্তিষ্কে আঘাত পাওয়ার অভিযোগে একাধিক মামলা দায়ের করা হয়। আইনজীবীদের দাবি, ওই রাইডে চড়ার কারণে প্রায় ১০০ জনের মস্তিষ্কে আঘাত লেগেছিল।
এক্স২ রোলার কোস্টারে ৩৬০ ডিগ্রি ঘুরতে পারে এমন আসন, ২১৫ ফুট উচ্চতা থেকে নিচে নামার ব্যবস্থা এবং আকস্মিক উল্টে যাওয়া ও ঘূর্ণনের ব্যবস্থা রয়েছে। গত ১২ জুলাই থেকে রাইডটি বন্ধ রয়েছে। এর আগের দিন আইনজীবী ক্রিস্টোফার বুলোন জানিয়েছিলেন, মামলাকারীদের একজন ওই রাইডে চড়ার পর গুরুতর মস্তিষ্কের আঘাত পেয়েছেন। সে সময় পার্ক কর্তৃপক্ষ জানিয়েছিল, চলমান মামলা নিয়ে তারা মন্তব্য করে না।
আটলান্টার শহরকেন্দ্র থেকে প্রায় ১০ মাইল পশ্চিমে অবস্থিত সিক্স ফ্ল্যাগস ওভার জর্জিয়া পার্ক।
সূত্র: এনবিসি নিউজ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীতে স্ত্রীকে হত্যা করে মরদেহ খণ্ডিত করে রান্নাঘরে লুকিয়ে রাখার অভিযোগে স্বামী দুলাল হাওলাদার (৫০) গ্রেপ্তার হয়েছে। এই ঘটনার সাথে জড়িত দুলালকে পুলিশ আটক করেছে।
রোববার (১১ অক্টোবর) মধ্যরাতে দক্ষিণ যাত্রাবাড়ীর একটি পাঁচতলা ভবনের চতুর্থ তলায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শিরিন বেগম (৪২) পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বিখাখালি গ্রামের মৃত সোহরাব আলীর কন্যা।
পুলিশ ও মামলার বিবরণী অনুযায়ী, ঘটনার রাতে পাশের ফ্ল্যাট থেকে সন্দেহজনক কোপানোর শব্দ শুনতে পান বাড়ির মালিক খোরশেদ আলম। তিনি জানান, ৮-১০ দিন আগে ভাড়া নেওয়া ওই ফ্ল্যাটের দরজায় দীর্ঘক্ষণ কড়া নাড়ার প্রায় আধা ঘণ্টা পর দুলাল দরজা খুলেন।
ভেতরে সন্দেহজনক পরিস্থিতি এবং স্ত্রীর কোনো সাড়া না পেয়ে বাড়ির মালিক জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রান্নাঘর থেকে শিরিনের খণ্ডিত মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত দুলালকে আটক করে।
মামলার বাদী ও নিহত দম্পতির ছেলে সিরাজ হাওলাদার জানান, তার মা শিরিন দীর্ঘদিন জর্ডানে গৃহকর্মীর কাজ করতেন। দুই মাস আগে শাশুড়ির মৃত্যুর খবর পেয়ে দেশে ফিরে স্বামীকে নিয়ে যাত্রাবাড়ীর ওই ফ্ল্যাটে ভাড়া থাকছিলেন। দেশে ফেরার পর থেকেই স্বামী দুলাল তার কাছে টাকা দাবি করতেন এবং এ নিয়ে প্রায়ই ঝগড়া হতো। এছাড়া ফোনে অন্য কারও সঙ্গে কথা বলার কারণে তাদের মধ্যে সন্দেহ ও বিরোধ ছিল।
যাত্রাবাড়ী থানার তদন্তকারী কর্মকর্তা ও উপপরিদর্শক (এসআই) মো. আতিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুলাল স্বীকার করেছেন যে, রবিবার রাতে কথা-কাটাকাটির একপর্যায়ে স্ত্রীর মাথা ধরে দেয়ালে আঘাত করলে তিনি জ্ঞান হারান। এরপর বটি দিয়ে স্ত্রীর মাথা ও দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন করে রান্নাঘরে লুকিয়ে রাখেন এবং আলামত হিসেবে রক্তের দাগ মুছে ফেলার চেষ্টা করেন।
এই ঘটনার প্রেক্ষিতে নিহতের ছেলে সিরাজ হাওলাদার যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পর নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজধানীর উত্তরার সিটি অরচার্ড রিক্রিয়েশন ক্লাব অ্যান্ড বারে অভিযান পরিচালনা করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ৪৭ জন নারী ও পুরুষকে আটক করেছে।
এই অভিযানটি সোমবার (১২ অক্টোবর) রাত ৯টায় শুরু হয়ে রাত সাড়ে ১০টা পর্যন্ত চলেছিল।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা জোনাল টিমের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ইলিয়াস কবীর অভিযানের নেতৃত্ব দেন।
অভিযান চলাকালে পারমিট ছাড়া মদ ও বিয়ার সেবনের অভিযোগে ১৭ জন নারীসহ মোট ৪৭ জনকে আটক করা হয়।
ডিবির উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ইলিয়াস কবীর এশিয়া পোস্টকে জানান, ‘আমরা পারমিটবিহীন মদ ও বিয়ার পান করার অভিযোগে ১৭ জন নারী ও ৩০ জনকে আটক করেছি।’
ইলিয়াস কবীর আরও বলেন, প্রতিটি বারেই একে একে অভিযান চালানো হবে। পারমিট ছাড়া কেউ মাদক সেবন করতে পারবে না।
ডিবির এই কর্মকর্তা জানান, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ