ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

১০ জনের সুইজারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা


১০ জনের সুইজারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা

চলতি বিশ্বকাপে শেষ কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা ফুটবল দল। এই ম্যাচে তারা সুইসদের ৩-১ গোলের ব্যবধানে পরাজিত করে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

রোববার (১২ জুলাই) কানসাস সিটিতে অনুষ্ঠিত ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে নবম মিনিটে কর্নার লাভ করে আর্জেন্টিনা। লিওনেল মেসি একেবারে মাপা শট নেন। সুইস ডিফেন্ডারকে এড়িয়ে গোল পেতে অ্যালিস্টারকে অনেকদূর লাফিয়ে উঠতে হয়েছিল।

তবে তার সামনে থাকা ম্যানুয়েল আকানজির লাফিয়ে বল না পাওয়ার সুযোগটা কাজে লাগায় আর্জেন্টিনা। দ্বিতীয়বার ঘেষে প্রবেশ করা বলে গোলরক্ষক গ্রেগর কোবেলের অন্য কিছু করার ছিল না। ফলে আর্জেন্টিনা ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছিল।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

দ্বিতীয়ার্ধে সুইসরা গোল পরিশোধ করার জন্য মরিয়া হয়ে ওঠে। গোলের জন্য তাদের অপেক্ষা করতে হয় ২০ মিনিট। ৬৭ মিনিটে এনদোয়ে বাম দিকে রদ্রিগেজের সঙ্গে একটি চমৎকার ওয়ান-টু পাস খেলেন। ফিরতি পাসটি নিয়ন্ত্রণে নিয়ে এনদোয়ে কাছের পোস্ট দিয়ে মার্টিনেজকে পরাস্ত করেন। কোণাকুনি শটে বলটি দূরের পোস্টে গিয়ে জড়িয়ে যায়।

এতে সমতা ফেরে সুইজারল্যান্ড। ৫ মিনিট পর তারা ১০ জনের দলে পরিণত হয়। ৭২ মিনিটে তাদের ফরোয়ার্ড এম্বোলো দ্বিতীয় হলুদ কার্ড দেখেন। ৬৯ মিনিটে রেফারি প্রাথমিকভাবে এম্বোলোর ফাউল করার কারণে পারেদেসকে হলুদ কার্ড দেখান।

তবে ভিডিও ফার্ম নিয়ামে দেখা যায় দুজনের মধ্যে কোনো সংস্পর্শ হয়নি। ফাউলের অভিনয় করার কারণে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় এম্বোলোকে। জয়সূচক গোলের খোঁজে মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা। ৯০ মিনিটে নিকো গঞ্জালেজ একটি ক্রস রুখে দিয়ে বাঁ প্রান্ত থেকে স্লাইড করেন। গোলমুখের সামনে বল উড়ে যায়। ম্যাক অ্যালিস্টারের হেড গোলবারের ওপর দিয়ে চলে যায়।

যোগ করা সময়ে বক্সের বাইরে বল পান মেসি। ডানদিকে কাট করে তিনি দূরের পোস্ট দিয়ে শট নেন। কিন্তু বিপজ্জনকভাবে বল বাঁক খেয়ে পোস্টের পাশ দিয়ে মাঠের বাইরে চলে যায়।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

শেষ মুহূর্তে মেসির কর্নার থেকে জটলার ভেতরে বল পায় আর্জেন্টিনা। কিন্তু লিসান্দ্রো মার্টিনেজের অ্যাক্রোবেটিক কিক কোবেল সহজেই আটকে দেন। এতে ম্যাচ অতিরিক্ত সময়ে চলে যায়।

অতিরিক্ত সময় শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে আর্জেন্টিনা দ্বিতীয় গোলের দেখা পায়। হুলিয়ান আলভারেজের দর্শনীয় গোলে তারা ২-১ এ এগিয়ে যায়। ১১২ মিনিটে বক্সের বাইরে বেশ দূর থেকে তার বাঁকানো শট দূরের পোস্টের কোণা দিয়ে জালে জড়ায়। শেষ দিকে ব্যবধান ৩-১ করেন লাউতারো মার্টিনেজ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল, যেভাবে জানবেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫৮ এম


আজ প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল, যেভাবে জানবেন

দীর্ঘ প্রতীক্ষা, নীতিগত বিতর্ক ও একাধিকবার পিছিয়ে যাওয়ার পর অবশেষে রোববার (১২ জুলাই) দুপুর ১২টায় ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

ফল প্রকাশ উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় যৌথভাবে এই সংবাদ সম্মেলন করবে।

সংবাদ সম্মেলনে ফল প্রকাশের আনুষ্ঠানিক ঘোষণার পরপরই তা অনলাইনে উন্মুক্ত করা হবে। একই সঙ্গে শিক্ষার্থীরা অনলাইন, খুদে বার্তা (এসএমএস) এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে ফল জানতে পারবেন। শিক্ষার্থীদের মোবাইল ফোনেও এসএমএসের মাধ্যমে ফল জানার সুযোগ থাকবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, যেকোনো মোবাইল অপারেটর (টেলিটক, গ্রামীণফোন, রবি, এয়ারটেল ও বাংলালিংক) থেকে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে DPE লিখে একটি স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে শিক্ষার্থীর নাম ও ফলাফল জানা যাবে। উদাহরণ হিসেবে, কোনো শিক্ষার্থীর রোল নম্বর ১২৩৪৫৬ হলে লিখতে হবে DPE 123456 এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

এ ছাড়া ইন্টারনেটের মাধ্যমে বিস্তারিত ফলাফল দেখতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইপিইএমআইএস (IPEMIS) ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা’ অপশন নির্বাচন করে শিক্ষার্থীর রোল নম্বর, জেলা ও উপজেলার তথ্য দিয়ে ‘সাবমিট’ বা ‘ফল দেখুন’ বাটনে ক্লিক করলে মার্কশিটসহ ফলাফল দেখা যাবে।

এর আগে বৃহস্পতিবার (৯ জুলাই) এই ফল প্রকাশের কথা থাকলেও চূড়ান্ত অনুমোদন প্রক্রিয়া শেষ না হওয়ায় তা স্থগিত করা হয়। এমনিতেই নীতিমালা নিয়ে আইনি জটিলতা, পরীক্ষা পিছিয়ে যাওয়া এবং ফল প্রকাশে দীর্ঘ বিলম্বের কারণে শুরু থেকেই আলোচনায় ছিল প্রাথমিক বৃত্তি পরীক্ষা। এর মধ্যে আনুষ্ঠানিক ঘোষণার আগেই ঢাকা বিভাগের নয়টি জেলার ফল অনলাইনে উন্মুক্ত হয়ে যাওয়ার ঘটনায় নতুন করে বিতর্ক সৃষ্টি হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্তও শুরু হয়েছে।

প্রাথমিকভাবে মে মাসের দ্বিতীয় সপ্তাহে ফল প্রকাশের পরিকল্পনা করা হয়েছিল। পরে ঈদুল ফিতরের আগে, এরপর ঈদের পরে এবং সর্বশেষ জুন মাসের মধ্যে ফল প্রকাশের সম্ভাব্য সময় নির্ধারণ করা হলেও প্রতিবারই তা পিছিয়ে যায়। দীর্ঘ অপেক্ষার পর ৯ জুলাই ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হলেও শেষ মুহূর্তে ফল আগাম উন্মুক্ত হওয়ার নজিরবিহীন ঘটনায় সেটিও স্থগিত করা হয়। সব জটিলতা কাটিয়ে অবশেষে আজ আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করা হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপনে নারী শিক্ষার্থীদের ভিডিও ধারণ, আবারও আটক ৬

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১০:০৩ এম


গোপনে নারী শিক্ষার্থীদের ভিডিও ধারণ, আবারও আটক ৬

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের টিজিং ও ভিডিও ধারণের ঘটনার রেশ কাটতে না কাটতেই, ক্যাম্পাসে আবারো গোপনে নারী শিক্ষার্থীদের ভিডিও ধারণের একটি ঘটনা ঘটলো। এ ঘটনায় ছয়জন বহিরাগতকে আটক করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আটককৃত ছয় জনেই দশম শ্রেণির শিক্ষার্থী এবং তারা সকলেই বহিরাগত।

শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে এ ঘটনা ঘটেছে। আটকের পর তাদেরকে পুলিশে হস্তান্তর করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছেন স্থানীয় বাসিন্দা তাজুল, মোস্তাকিম, আরিফিন, ফয়সাল, জাহিদ হাসান জনি ও লিওন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগামীকাল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক নাট্যোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশবিদ্যা বিভাগের কয়েকজন শিক্ষার্থী নাট্যোৎসবের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় এক বহিরাগত কিশোর নারী শিক্ষার্থীদের জুম করে ভিডিও ধারণ করতে উদ্যত হন। বিষয়টি নজরে আসার পর আশেপাশে থাকা শিক্ষার্থীরা দ্রুত তাদের আটক করে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী ফয়সাল বলেন, “আমরা বিষয়টি দেখতে পেয়ে তাদের আটক করি।” পরে আটককৃতরা ভিডিওটি মুছে ফেলার চেষ্টা করলেও মোবাইলের রিসেন্টলি ডিলিটেড ফোল্ডারে ফুটেজ পাওয়া যায়।

তবে অভিযুক্তদের একজন দাবি করেছেন যে, তারা ঘুরতে বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন এবং তাদের অজান্তেই একজন সঙ্গী তার মোবাইল ফোন নিয়ে ভিডিও ধারণ করেন। অপর একজনের দাবি ছিল, “ইচ্ছাকৃতভাবে ভিডিও করা হয়নি; ভুলবশত মোবাইলের বাটনে চাপ লেগে ভিডিও রেকর্ড হয়ে যায়।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহাবুবুর রহমান জনি বলেন, “অভিযুক্তদের মোবাইল ফোনে সংশ্লিষ্ট ভিডিওসহ নারী শিক্ষার্থীদের আপত্তিকর ভিডিও পাওয়া গেছে।” পরে তাদের বিশ্ববিদ্যালয়ের পুলিশ তদন্ত কেন্দ্রে পাঠানো হয়েছে। আটক শিক্ষার্থীদের স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং অভিভাবকদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভিয়েতনামে নৌকাডুবিতে নিহত ১৫ পর্যটক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১০:১৩ এম


ভিয়েতনামে নৌকাডুবিতে নিহত ১৫ পর্যটক

ভিয়েতনামের ফু কুওক দ্বীপের কাছাকাছি একটি মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় ১৫ জন ভারতীয় পর্যটক প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন পুরুষ এবং ২ জন নারী রয়েছেন। এই তথ্য ভারতীয় দূতাবাস শনিবার (১১ জুলাই) ভিয়েতনামে নিশ্চিত করেছে।

ভারতীয় দূতাবাস জানিয়েছে, ভিয়েতনাম কর্তৃপক্ষের সূত্রে যে তথ্য সংগ্রহ করা হয়েছে, সেটির ভিত্তিতে জানা গেছে, নৌকাটিতে ৩২ জন ভারতীয় পর্যটক এবং ৪ জন ক্রু সদস্যসহ মোট ৩৬ জন আরোহী ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) দ্বারাও দূতাবাস নিহতদের একটি তালিকা প্রকাশ করেছে। তালিকা থেকে প্রত্যক্ষ্যত দেখা যায়, মৃত ১৫ জনের সবাই ভারতীয় দক্ষিণাঞ্চলের বাসিন্দা।

নিহতদের পরিবারের জন্য গভীর সমবেদনা জানিয়ে, হ্যানয়স্থ ভারতীয় দূতাবাস ও হো চি মিন সিটির কনস্যুলেট বলেছে, তারা যেকোনো ধরনের জরুরি সহায়তার জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে।

নৌকাডুবির ঘটনা জানার পর, ভিয়েতনাম কোস্টগার্ডের চতুর্থ অঞ্চল কমান্ড দ্রুত অনুসন্ধান ও উদ্ধার কাজ শুরু করে। ৪০ জন কর্মকর্তা, একটি কোস্টগার্ড জাহাজ এবং দুইটি দ্রুতগতির উদ্ধারকারী নৌকার সহায়তায় স্থানীয় বাসিন্দাদের নিয়ে তারা উদ্ধার অভিযান চালায়। অভিযানে ৩৬ জন আরোহীকে পানি থেকে উদ্ধার করে তীরে আনার সক্ষমতা দেখালেও, দুর্ভাগ্যবশত ১৫ জন প্রাণ হারান।

দুর্ঘটনার পর বাকি ২১ জনকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে দুজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং বর্তমানে তারা নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি সামাজিক মাধ্যমে একটি বার্তায় বলেন, ‘ভিয়েতনামে ভারতীয় পর্যটকদের নিয়ে ঘটে যাওয়া মর্মান্তিক নৌকা দুর্ঘটনায় বেশ কয়েকটি মূল্যবান প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আমার আন্তরিক সমবেদনা। আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।’

তিনি আরও বলেন, এই কঠিন সময়ে ভারত সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রয়েছে এবং ভিয়েতনামে অবস্থিত ভারতীয় দূতাবাস ভিকটিমদের সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানে নিয়োজিত রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানে যুক্তরাষ্ট্রের নতুন দফার হা ম লার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে।

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১০:১৭ এম


ইরানে যুক্তরাষ্ট্রের নতুন দফার হা ম লার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে।

ইরানে যুক্তরাষ্ট্রের নতুন দফার হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। যুক্তরাষ্ট্রের এই হামলার জবাবে জর্ডান, কাতার, কুয়েত ও বাহরাইনসহ বেশ কিছু দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

রোববার (১২ জুলাই) পৃথক এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, তারা কাতারের আল উদেইদ বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে। তাদের দাবি অনুযায়ী, এই হামলায় ঘাঁটিটির যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণ ও মেরামত কেন্দ্র এবং কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ধ্বংস করে দেওয়া হয়েছে।

কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কাতারের ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে। তবে হামলার ফলে কোন ক্ষয়ক্ষতির বিষয়ে তারা নিশ্চিত তথ্য দেয়নি।

অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশটির সেনাবাহিনী দাবি করেছে, তারা বিস্ফোরকবাহী ড্রোন ব্যবহার করে কুয়েতে যুক্তরাষ্ট্রের এক প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, একটি গোলাবারুদ সংরক্ষণাগার এবং একটি রাডার স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

এছাড়া বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি যোগাযোগ সিস্টেম (কমিউনিকেশন সিস্টেম) এবং একটি রাডার স্থাপনায়ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে তেহরান। ইরানের সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার প্রতিক্রিয়া হিসেবেই এসব অভিযান পরিচালনা করা হয়েছে।

আইআরজিসি আরও জানান, জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে তারা একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তাদের দাবি অনুযায়ী, এই হামলায় ঘাঁটির কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং এমকিউ-৯ ড্রোন রাখা হ্যাঙ্গার ধ্বংস হয়ে গেছে।

এর আগে, হরমুজ প্রণালিতে চলাচলকারী একটি জাহাজে হামলার পর ইরানের বিভিন্ন স্থানে নতুন করে বিমান হামলা চালানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। আইআরজিসির দাবি, সংশ্লিষ্ট জাহাজটি নিজের অবস্থান শনাক্তকারী ব্যবস্থা (ট্র্যাকিং সিস্টেম) বন্ধ করে এবং অনুমোদিত নৌপথ ছেড়ে সামুদ্রিক নিরাপত্তা বিঘ্নিত করেছিল। একাধিক সতর্কবার্তা উপেক্ষা করায়, জাহাজটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, সাইপ্রাসের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে আইআরজিসির হামলার পরই ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরু করা হয়েছে। সেন্টকমের দাবী অনুযায়ী, চলতি সপ্তাহে তিনটি বাণিজ্যিক তেলবাহী জাহাজে হামলার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে যায়। সর্বশেষ হামলায় জাহাজটির ইঞ্জিন কক্ষ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং সেটি আর যাত্রা চালিয়ে যেতে পারেনি। এছাড়া, জাহাজের এক বেসামরিক নাবিক নিখোঁজ রয়েছেন বলেও জানিয়েছে তারা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সেন্টকম বলেছে, ‘বাণিজ্যিক জাহাজে আগের হামলার জন্য জবাবদিহির পরও সমঝোতা স্মারক মেনে চলার আরেকটি সুযোগ ইরানকে দেওয়া হয়েছিল। কিন্তু তারা আবারও তা করতে ব্যর্থ হয়েছে।’

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ওই বিবৃতি শেয়ার করে লিখেছেন, ‘ইরান ভুল সিদ্ধান্ত নিয়েছে, এখন তার মূল্য দিতে হবে।’

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল একযোগে ইরানে বিমান হামলা শুরুর পর থেকে উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ে। এতে বৈশ্বিক জ্বালানির দাম বৃদ্ধি পায়। যুদ্ধের অবসানে কয়েকটি দেশের সঙ্গে ওমানও মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।

যুদ্ধ শুরু হওয়ার আগে, বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় পাঁচ ভাগের এক ভাগ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হতো। কিন্তু এই নৌপথে ইরানের অবরোধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ার ফলে বিশ্বব্যাপী মূল্যস্ফীতির চাপ আরও বাড়ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%