প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
শীতের পুরোপুরি আগমনের পূর্বে রাশিয়ার মারাত্মক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ফলে ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড প্রায় সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। রাজধানী কিয়েভসহ দেশের বিভিন্ন অঞ্চলে দিনে ২০ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ নেই। এই অবস্থায় লাখ লাখ সাধারণ মানুষ তীব্র শীতের মধ্যে আলো, পানি এবং ঘর গরম রাখার ব্যবস্থা ছাড়া মানবেতর জীবনযাপন করছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের সাধারণ মানুষের কঠিন জীবন সংগ্রামের চিত্র তুলে ধরেছে।
কিয়েভের একটি সাততলা ভবনের ফ্ল্যাটে দুই সন্তান কিরিল ও ওলেনাকে নিয়ে বসবাস করেন সিঙ্গেল মাদার দারিনা কুলচিটস্কা। প্রতিদিন সন্ধ্যা নামার সাথে সাথে তার ঘরে শুরু হয় সময়ের সঙ্গে পাল্লা দেওয়ার লড়াই। কারণ, যেকোনো মুহূর্তে বিদ্যুৎ চলে গেলে লিফট বন্ধ হয়ে যাবে, পানির পাম্প থেমে যাবে এবং ওয়াই-ফাই বিচ্ছিন্ন হয়ে যাবে। দারিনা জানান, গত কয়েক দিনে তারা দিনে মাত্র চার থেকে পাঁচ ঘণ্টা বিদ্যুৎ পেয়েছেন। দুই ঘণ্টা বিদ্যুৎ থাকলে পরবর্তী আট ঘণ্টা অন্ধকারে থাকতে হচ্ছে।
ঘরের ভেতর এবং বাইরে তাপমাত্রা ক্রমাগত কমে যাওয়ায় ভারী কোট ও কয়েক স্তরের গরম কাপড় পরে থাকতে হচ্ছে তাদের। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিদ্যুৎ চলে গেলে টর্চ এবং এলইডি মোমবাতির আলোয় ‘উনো’ কার্ড খেলে সময় কাটায় দুই শিশু। দারিনার ১২ বছর বয়সী ছেলে কিরিল আক্ষেপ করে বলেন, “আলো নেই, পানি নেই, উষ্ণতা নেই, বিদ্যুৎ নেই—কোনো আনন্দও নেই। বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে সব আনন্দ যেন শুষে নেওয়া হয়েছে।”
কিয়েভের মেট্রো রেল এবং ট্রলিবাসের চলাচলও বিদ্যুৎ বিভ্রাটের কারণে বারবার স্থবির হয়ে পড়ছে। পুরো শহর যেন সন্ধ্যার পর ভুতুড়ে অন্ধকারে ডুবে যায়। ইউক্রেনীয় কর্মকর্তারা আশঙ্কা করছেন, দিনে অন্তত চার ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা না গেলে লাখ লাখ মানুষের জীবনধারণ অসম্ভব হয়ে পড়বে।
এদিকে, মার্কিন দূতরা শান্তি আলোচনার জন্য মস্কো ও কিয়েভ সফর করলেও জ্বালানি অবকাঠামোয় হামলা থামেনি। সম্প্রতি একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের অন্যতম বৃহৎ বিদ্যুৎকেন্দ্র সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। কেন্দ্রটির কন্ট্রোল রুমে কর্মরত ভলোদিমির কোভালেঙ্কো জানান, ভোররাতের হামলাটি ছিল নজিরবিহীন। ধ্বংসস্তূপ সরিয়ে মেরামত কাজ চালানোও অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রতি ১৫ থেকে ৩০ মিনিট পরপর বিমান হামলার সাইরেন বাজছে, আর কর্মীদের কাজ ফেলে বাঙ্কার বা মোটা দেয়ালের আড়ালে আশ্রয় নিতে হচ্ছে।
ইউক্রেনের বৃহত্তম বেসরকারি জ্বালানি কোম্পানি ডিটিইকে-র প্রধান নির্বাহী ম্যাক্সিম টিমচেঙ্কো জানান, রাশিয়া এবার হামলার মাত্রা ও ধরন দ্বিগুণ করেছে। এমনকি বৈদ্যুতিক খুঁটি ও তারে আগে থেকে ওত পেতে থাকা বিশেষ ‘ওয়েটার ড্রোন’ (Waiter Drones) ব্যবহার করে বিস্ফোরণ ঘটানো হচ্ছে। ফলে ক্ষতিগ্রস্ত কেন্দ্রগুলো আগামী গ্রীষ্মের আগে পুরোপুরি সচল করা সম্ভব হবে না।
তীব্র শীত ও অন্ধকার থেকে বাঁচতে অনেকেই রাজধানী বা দেশ ছেড়ে চলে যাচ্ছেন। তবে প্রিয়জনদের ছেড়ে যেতে মন চাইছে না দারিনার। মানসিক চাপ ও সন্তানদের দুঃস্বপ্নের কথা জানিয়ে তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “আমি আলো ছাড়া বাঁচতে চাই না। কিন্তু ইউক্রেনের মানুষ বলছে—আলো ছাড়া থাকব, তবু রুশদের ছাড়া থাকব। আমরা প্রচণ্ড ভয়ে আছি, তবু বিদ্যুৎহীন থাকা ভালো, কিন্তু রুশ আধিপত্য নয়।” সূত্র: বিবিসি নিউজ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন