০৬:২০ পি.এম
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বেড়াতে নিয়ে ১৮ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে তার ফুফাতো ভাই সাকিব উদ্দিনকে (২২) গ্রেফতার করেছে র্যাব-১১। সাকিবকে শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার মাইজদী বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।
রোববার (৫ জুলাই) দুপুরে এই বিষয়ে তথ্য নিশ্চিত করেন র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত। গ্রেফতার করা সাকিব হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম সোনাদিয়া গ্রামের মো. সফিকের ছেলে।
র্যাব সূত্রে জানানো হয়েছে, ভুক্তভোগী এবং অভিযুক্ত পরস্পর মামাতো ও ফুফাতো ভাইবোন। গত ৫ জুন ভুক্তভোগী তরুণী তার মায়ের সঙ্গে বড় বোনের বাড়িতে বেড়াতে যান। সেদিন তার ফুফাতো ভাই সাকিব তাকে গ্রাম ঘুরিয়ে দেখানোর কথা বলে মোটরসাইকেলে করে বাড়ি থেকে নিয়ে যান। এরপর ঘোরাঘুরি শেষে সন্ধ্যার সময় সোনাদিয়া ইউনিয়নের পশ্চিম চরচেঙ্গা বেড়িবাঁধ সংলগ্ন একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে নানা প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
ধর্ষণের পর ভুক্তভোগীকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যান সাকিব। পরে স্বজনরা তাকে অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার করেন। বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়লে ভুক্তভোগী তরুণী স্বজনদের কাছে ঘটনার বিস্তারিত জানান। এরপর এই ঘটনার প্রেক্ষিতে থানায় মামলা দায়ের করা হয়।
র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার মো. মুহিত কবীর সেরনিয়াবাত জানান, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নোয়াখালীর সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন