ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

মিরপুরে ক্লিনিক ভাঙচুর ও লুটপাটে ৯ গ্রেপ্তার, উদ্ধার দুই ট্রাক মালামাল


মিরপুরে ক্লিনিক ভাঙচুর ও লুটপাটে ৯ গ্রেপ্তার, উদ্ধার দুই ট্রাক মালামাল

রাজধানীর মিরপুর-১ নম্বরে অবস্থিত বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভেকু ব্যবহার করে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ৯ জনকে গ্রেপ্তার করেছে। একই সাথে, লুট হওয়া দুই ট্রাক মালামালও উদ্ধার করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও মামলার এজাহার থেকে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে শাহ আলী থানাধীন রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা চালায় একটি দল। হ্যামার, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তারা সীমানাপ্রাচীর টপকে প্রতিষ্ঠানে প্রবেশ করে। এ সময় দায়িত্বে থাকা দুই নৈশপ্রহরী আন্দ্রিয় সরকার (৪৩) ও মো. আব্দুল হাইকে (৬৩) মারধর করে বেঁধে রাখার অভিযোগ রয়েছে।

আরও পড়ুন: সদরঘাটে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসানের আকস্মিক পরিদর্শন

হামলাকারীরা পরে হ্যামার দিয়ে প্রধান ফটক ভেঙে একটি ভেকু নিয়ে স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে প্রবেশ করে। এরপর একের পর এক ভবন ও স্থাপনায় ভাঙচুর চালানো হয়।

প্রতিষ্ঠানের পূর্ব পাশে থাকা প্রায় ২৮ ফুট দীর্ঘ ও ১৫ ফুট প্রস্থের একটি সেমিপাকা ঘর ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে যে, এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। হামলাকারীরা পরে পরিবার পরিকল্পনা সেবা দেওয়ার আরেকটি সেমিপাকা ঘর ও আসবাবপত্র ভাঙচুর করে, যার ফলে ক্ষতি হয় প্রায় ৪ লাখ টাকা।

এছাড়া, ক্লিনিক ইনচার্জ, চিকিৎসক ও ডেপুটি ক্লিনিক ইনচার্জের ব্যবহৃত প্রায় ৬০ ফুট দীর্ঘ ও ১৭ ফুট প্রস্থের সেমিপাকা ঘর, আসবাবপত্র ও চিকিৎসাসামগ্রী ভাঙচুর করা হয়। এ অংশে ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা বলে এজাহারে দাবি করা হয়েছে।

প্রায় ১০০ ফুট দীর্ঘ ও ৪০ ফুট প্রস্থের রেজিস্ট্রেশন শাখায়ও ব্যাপক ভাঙচুর চালানো হয়, যার ফলে আরও প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আলট্রাসনোগ্রাম, টিকাদান ও ল্যাবরেটরির পাকা ভবনের দরজা-জানালা ভেঙে প্রায় ২ লাখ টাকার ক্ষতি করা হয়েছে।

আরও পড়ুন: ঢাকায় ২৪ ঘণ্টার অভিযানে পুলিশের হাতে ৪৮৪ জন গ্রেপ্তার

ভাঙচুরের পাশাপাশি, স্বাস্থ্যকেন্দ্র থেকে দুটি আলট্রাসনোগ্রাম মেশিন, একটি জেনারেটর, দুটি কম্পিউটার, দুটি প্রিন্টার, তিনটি ফ্রিজ, তিনটি এসি, তিনটি স্টিলের আলমারি, বিপুল পরিমাণ ওষুধ ও অন্যান্য সামগ্রী লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় ৬০ লাখ টাকা।

এ ঘটনায় রাড্ডা সেন্টারের নির্বাহী পরিচালক নাসরিন আখতার বাদী হয়ে শাহ আলী থানায় মামলা দায়ের করেছেন। মামলার তদন্তে পুলিশ ৯ জনকে গ্রেপ্তার করেছে এবং লুট হওয়া মালামালের দুই ট্রাক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় দলে এক ম্যাচে ১১ জনের অভিষেক, সুলিভান ইতিহাস গড়লেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৪৮ পি.এম


জাতীয় দলে এক ম্যাচে ১১ জনের অভিষেক, সুলিভান ইতিহাস গড়লেন

যুক্তরাষ্ট্র পেরুর বিরুদ্ধে একটি বড় জয় পেয়েছে। তবে ৪-১ গোলের এই জয়ের ম্যাচটি বিশেষভাবে স্মরণীয় হয়ে উঠেছে কারণ এক ম্যাচেই জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছে ১১ জন ফুটবলারের। তাদের মধ্যে বেশিরভাগই তরুণ ছিলেন। এই ম্যাচের মাধ্যমে ১৬ বছর বয়সী কাভান সুলিভান ইতিহাস গড়েছেন।

শনিবার পেরুর বিরুদ্ধে ১৬ বছর ৩৬২ দিন বয়সে যুক্তরাষ্ট্রের জার্সিতে অভিষেক ঘটে সুলিভানের। এর ফলে তিনি জাতীয় দলের হয়ে অভিষেক নেওয়া দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের রেকর্ড গড়েছেন। এর আগে এই রেকর্ডটি ছিল ফ্রেডি আদুর দখলে, যিনি ২০০৬ সালে ১৬ বছর ২৩৪ দিন বয়সে যুক্তরাষ্ট্রের হয়ে অভিষেক করেছিলেন।

পেরুর বিপক্ষে ম্যাচে যুক্তরাষ্ট্রের একাধিক তরুণ ফুটবলার নজর কেড়েছেন। ম্যাচ শুরুর আগেই ঘরের মাঠের দুই তারকা অ্যালেক্স ফ্রিম্যান ও জাস্টিন এলিসকে ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ছিল। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তরুণ সুলিভান। যুক্তরাষ্ট্রের ফুটবলের অন্যতম সম্ভাবনাময় প্রতিভা হিসেবে ম্যাচের শুরু থেকেই তার দিকে ছিল বাড়তি নজর।

ম্যাচে ৬২ মিনিট মাঠে ছিলেন সুলিভান। যদিও তিনি গোল কিংবা অ্যাসিস্ট করতে পারেননি, তবুও তার খেলায় আত্মবিশ্বাসের ছাপ ছিল। একাধিকবার বল নিয়ে পেরুর রক্ষণভাগে আক্রমণ চালানোর চেষ্টা করেন তিনি। তবে অতিরিক্ত উদ্দীপনার কারণে পেরুর গোলরক্ষক পেদ্রো গালেসের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে হলুদ কার্ডও দেখেন এই তরুণ।

অভিষেকেই ম্যাচের চতুর্থ মিনিটে গোল করে ঘরের দর্শকদের মাতিয়ে দেন জাস্টিন এলিস। প্রাক-ম্যাচ আতশবাজির ধোঁয়া পুরোপুরি কাটার আগেই তার গোলে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে স্টেডিয়ামজুড়ে।

এরপর ১৭ বছর বয়সী উইঙ্গার ম্যাথিস আলবার্ট মাঠে নামার কয়েক সেকেন্ডের মধ্যেই পেনাল্টি আদায় করেন। স্পট কিক থেকে গোল করে যুক্তরাষ্ট্রের ব্যবধান বাড়ান মালিক টিলম্যান।

ম্যাচের তৃতীয় গোলটি আসে ১৮ বছর বয়সী জুলিয়ান হলের পা থেকে। সেবাস্তিয়ান বেরহল্টারের দুর্দান্ত ক্রস থেকে বল পেয়ে পেরুর জালে পাঠান হল।

এরপর ম্যাচের অন্যতম সেরা গোলটি করেন বেরহল্টার নিজেই। দূরপাল্লার বাঁকানো শটে পেরুর গোলরক্ষককে পরাস্ত করে যুক্তরাষ্ট্রের জয় নিশ্চিত করেন তিনি।

যদিও যুক্তরাষ্ট্র বড় ব্যবধানে জয় পেয়েছে, তবুও ম্যাচটি পুরোপুরি নিখুঁত ছিল না। প্রথমার্ধে রক্ষণভাগের ভুলে একটি গোল হজম করতে হয়েছে তাদের। পাশাপাশি পেরু আরও কয়েকটি সুযোগ তৈরি করেছিল। ফলে দলের কোচ মরিসিও পচেত্তিনির জন্য রক্ষণভাগের এই দুর্বলতাগুলো ভাবনার কারণ হয়ে দাঁড়াতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রিসে গ্যাস বিস্ফোরণে নিহত ৬, চারজন মার্কিন নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৪৮ পি.এম


গ্রিসে গ্যাস বিস্ফোরণে নিহত ৬, চারজন মার্কিন নাগরিক

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় একটি শক্তিশালী গ্যাস বিস্ফোরণের ফলে একটি ভবন ধসে পড়েছে। এই ঘটনায় অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে চারজন মার্কিন নাগরিক রয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ধসে পড়া দুই তলা ভবনের ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকারী দল মরদেহগুলো উদ্ধার করে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

উদ্ধারকৃত নথিপত্র ও ব্যক্তিগত মালামাল পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে যে, নিহত চার মার্কিন নাগরিকের মধ্যে দুজন পুরুষ এবং দুজন নারী ছিলেন। তারা ওই ভবনে পর্যটক হিসেবে অবস্থান করছিলেন। অন্যদিকে, নিহত অন্য দুজন ছিলেন দ্বিতীয় তলায় বসবাসকারী এক প্রবীণ দম্পতি, যাদের একজন ব্রিটিশ পুরুষ এবং অন্যজন গ্রিক নারী। এই ঘটনার ফলে পাশের ভবনের আরও দুজন আহত হয়েছেন।

এথেন্সের মেয়র হারিস দুকাস জানিয়েছেন, একটি বড় ধরনের গ্যাস লিক থেকেই এই ভয়াবহ বিস্ফোরণ ঘটতে পারে। বিস্ফোরণের তীব্রতায় ভবনটি সম্পূর্ণরূপে ধসে পড়ে এবং আশপাশের বেশ কিছু স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপত্তাজনিত কারণে ক্ষতিগ্রস্ত এলাকার ভবনগুলো খালি করে দেওয়া হয়েছে।

এদিকে, গ্রিক দৈনিক 'কাঠিমেরিনি' জানায়, নিহত চার মার্কিন পর্যটকের গত শুক্রবার সকালে দেশে ফেরার ফ্লাইট ধরার কথা ছিল। কিন্তু তারা হোটেল ছেড়ে বের হওয়ার আগেই দুর্ঘটনার শিকার হন।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, ওই এলাকায় দীর্ঘদিন ধরে গ্যাস লিক ও শর্ট সার্কিটের ঝুঁকি ছিল। পৌর কর্তৃপক্ষ এবং বিদ্যুৎ সংস্থাকে বারবার সতর্ক করার পরও কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। তবে ঠিক কীভাবে এবং কোথা থেকে গ্যাসের বিস্ফোরণটি ঘটেছে, তা নিশ্চিত করতে পুলিশের তদন্ত চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাবি শিক্ষার্থীকে ঘুমের মধ্যে কালাচ সাপের ছোবল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৪৮ পি.এম


রাবি শিক্ষার্থীকে ঘুমের মধ্যে কালাচ সাপের ছোবল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হলের এক আবাসিক শিক্ষার্থীকে ঘুমন্ত অবস্থায় বিষধর কালাচ সাপ কামড় দেওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের নিচতলায় ১৩৮ নং রুমে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নূরনবী ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও রুমমেট সূত্রে জানা গেছে, রাতে ঘুমিয়ে ছিলেন নূরনবী। পরে ভোর সাড়ে চারটার দিকে কালাচ সাপ তাকে কামড় দেয়। বিষয়টি তাৎক্ষণিক বুঝতে পেরে রুমমেটদের জানালে তারা দ্রুত বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যান। সেখান থেকে পরে তাকে রামেকে নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং অ্যান্টিভেনম দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রউপদেষ্টা অধ্যাপক ড. এ এইচ এম খুরশীদ আলম বলেন, সাপের কামড়ে আক্রান্ত শিক্ষার্থী বর্তমানে স্থিতিশীল আছে। ইতোমধ্যে তাকে অ্যান্টিভেনম দেওয়া হয়েছে। আইসিইউ প্রস্তুত রাখা হয়েছে। হলের প্রভোস্ট ও সংশ্লিষ্ট বিভাগের সভাপতির সঙ্গে আমার কথা হয়েছে। তাদেরও হাসপাতালে যাওয়ার কথা রয়েছে। আমি সার্বক্ষণিকভাবে পরিস্থিতির খোঁজখবর রাখছি এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি মনিটর করছি।

এদিকে বিশ্ববিদ্যালয়ের সাপ উদ্ধারকারী সংস্থা সোয়ান এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। সেই সঙ্গে সাপটিকে বিষধর কালাচ সাপ বলে শনাক্ত করে।

বাংলাদেশ বন বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা এবং তরুণ বন্যপ্রাণী গবেষক জোহরা মিলা জানান, ভারতীয় উপমহাদেশ তথা বাংলাদেশের অন্যতম বিষধর সাপ এই কালাচ (Common Krait)। এটি ফণাহীন, দেখতে শান্ত স্বভাবের নিশাচর সাপ। দিনের বেলা ঝোপঝাড়, ইঁদুরের গর্ত, পুরোনো বাড়ির ভাঙাচোরা দেওয়াল বা ঘরের কোণে লুকিয়ে থাকে। রাতে খাবারের সন্ধানে বের হয়ে অনেক সময় ঘুমন্ত মানুষকে কামড় দেয়। সমস্যা হচ্ছে- এই সাপটি কামড় দিলে তীব্র ব্যথা অনুভূত হয় না, আক্রান্ত স্থান ফুলেও যায় না। ফলে ঘুমন্ত ব্যক্তি টেরই পান না তিনি দংশনের শিকার হয়েছেন।

তিনি বলেন, কালাচের বিষ খুবই শক্তিশালী নিউরোটক্সিন। কামড়ানোর কয়েকঘণ্টার মধ্যে পেট ব্যথা, বমি, চোখ বন্ধ হয়ে আসা, শ্বাসকষ্ট ইত্যাদির মতো লক্ষণ দেখা দেয়। ফলে দ্রুত সঠিক চিকিৎসা করাতে না পারলে আক্রান্ত ব্যক্তির মৃত্যুর আশঙ্কা অনেক বেশি। তাই রাতে এমন কোনো ঘটনা ঘটলে দ্রুত হাসাপাতালে যেতে হবে।

সাপটির কবল থেকে বাঁচতে কয়েকটি পরামর্শ দিয়েছেন তিনি। জোহরা মিলা বলেন, সাপটির সামনে পড়লে তাকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। লাঠি দিয়ে আশেপাশে শব্দ করুন যাতে প্রাণীটি দূরে চলে যায়। কালাচ থাকতে পারে এমন স্থান যেমন ঝোপঝাড়, পুরাতন ভবনে ফাটল, দীর্ঘদিন পড়ে থাকা ইট-পাথরে হাত দেবেন না। উপদ্রব আছে এমন এলাকায় অন্ধকারে চলাচল করবেন না, সঙ্গে টর্চ লাইট রাখুন এবং ঘুমানোর আগে অবশ্যই বিছানার চারপাশে ভালোভাবে মশারি গুজে ঘুমাবেন।

সাপটি না মারতে অনুরোধ করে জোহরা মিলা আরও বলেন, প্রাণীটি ইঁদুর, বিভিন্ন পোকামাড়ক খেয়ে আমাদেরই উপকার করে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। বাংলাদেশের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ অনুযায়ী কালাচ সংরক্ষিত বন্যপ্রাণী। তাই এটি হত্যা বা এর কোনো ক্ষতিকরাও আইনত শাস্তিযোগ্য অপরাধ।

উল্লেখ্য, এর আগেও গত ৪ সেপ্টেম্বর গভীর রাতে একই হলের ১২১ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থীর মশারির ওপর থেকে একটি বিষধর কালাচ সাপ উদ্ধার করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ঝড়ের তাণ্ডব, বাতিল ৪২৫টি ফ্লাইট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৪৯ পি.এম


যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ঝড়ের তাণ্ডব, বাতিল ৪২৫টি ফ্লাইট

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ‘নরইস্টার’ নামক একটি শক্তিশালী ঝড়ের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঝড়ের তাণ্ডবে এই অঞ্চলে ব্যাপক প্লাবন এবং তীব্র বিদ্যুৎ বিভ্রাটের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল পর্যন্ত ৪ শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিসের তথ্য অনুযায়ী, আগামী কয়েক দিন এই ঝড়ের প্রভাব অব্যাহত থাকতে পারে। এই সময়ে প্রবল বাতাস, উপকূলীয় এলাকায় অস্বাভাবিক উচ্চ জোয়ার এবং ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

পরিস্থিতির অবনতি হওয়ায় শুক্রবার নিউইয়র্ক ও নিউ জার্সির গভর্নররা নিউইয়র্ক সিটিসহ ঝুঁকিপূর্ণ কয়েকটি কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেন। বাসিন্দাদের নিরাপদে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে এবং সৈকত ও উপচে পড়া খালের আশপাশ থেকে দূরে থাকার জন্য কড়া নির্দেশনা প্রদান করা হয়েছে।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল ঝড়ের সতর্কবার্তা জারি করে বলেন, "এই দুর্যোগের সময়ে উপকূলের কাছাকাছি যাওয়া মানেই নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলা।" স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, খালের পানি উপচে বিভিন্ন লোকালয় এবং ঘরবাড়ির উঠানে ঢুকে পড়েছে।

ফ্লাইট নজরদারি ওয়েবসাইট ‘ফ্লাইটঅ্যাওয়ার’-এর তথ্য অনুযায়ী, শনিবার পর্যন্ত ৪২৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং ১ হাজার ৩৩৮টিরও বেশি ফ্লাইটের সময়সূচি বিপর্যয়ে পড়েছে। এছাড়া, ম্যাসাচুসেটসে ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরানের নির্ধারিত কনসার্টটি আবহাওয়ার কারণে বাতিল করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%