বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
১২:৫৫ পি.এম
২৭ বছর বয়সী নাদিরা আক্তারের জীবনে স্বামীর মৃত্যুর পর সবকিছু যেন পাল্টে গেছে। গত বছর সড়ক দুর্ঘটনায় স্বামী শাহজাহানের মৃত্যু ঘটার পর থেকেই পৈতৃক সম্পত্তি ও বসতঘর নিয়ে বিরোধ শুরু হয়। তিনি অভিযোগ করেছেন, স্বামীর স্বজনরা তাকে বসতঘর দখল, মারধর ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন।
সম্প্রতি নাদিরাকে দুই শিশুসন্তানসহ বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি চরম অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। ময়মনসিংহের নান্দাইল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চণ্ডীপাশা এলাকায় এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে অভিযুক্ত সাতজনের বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নাদিরা আক্তার।
অভিযোগের তালিকায় রয়েছেন— আব্দুল আউয়াল (৪০), ফাতেমা আক্তার (২৭), সাহিদা আক্তার (২৯), আম্বিয়া বেগম (৫৯), সুফিয়া খাতুন (৫২), নাজমা আক্তার (৪৮) ও শাহানা আক্তার (৪০)। অভিযোগে উল্লেখ করা হয়েছে, তারা সকলেই নাদিরার স্বামীর স্বজন।
পারিবারিক ও অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ৯ বছর আগে নাদিরা ও শাহজাহানের বিয়ে হয়। তাদের সংসারে দুই ও পাঁচ বছর বয়সী দুটি সন্তান রয়েছে। সুখে কাটছিল তাদের দিন। কিন্তু ২০২৫ সালে স্বামীর আকস্মিক মৃত্যুর পর নাদিরা বিপাকে পড়েন। এরপর থেকেই তার আশ্রয় ও সম্পত্তি নিয়ে টানাপোড়েন শুরু হয়।
নাদিরার অভিযোগ, স্বামীর মৃত্যুর পর থেকে ননদ, ননাস ও তাদের স্বজনরা শাহজাহানের পৈতৃক সম্পত্তি ও সেমিপাকা বসতঘর দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন। বিভিন্ন সময় তাকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য চাপ দেওয়া হয়। এর ধারাবাহিকতায় গত ৬ নভেম্বর সকালে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে তার বসতবাড়িতে প্রবেশ করেন এবং সীমানার গাছপালা কেটে ক্ষতিসাধন করেন।
এতে বাধা দিতে গেলে নাদিরাকে মারধর করে জখম করা হয়। পরে জোরপূর্বক দুই সন্তানসহ তাকে ঘর থেকে বের করে দিয়ে ঘরটি দখলে নেন অভিযুক্তরা। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান। পরে আহত অবস্থায় নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন নাদিরা।
স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠকের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির চেষ্টা করা হলেও কোনো সমাধান আসেনি। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
এ বিষয়ে স্থানীয় প্রতিবেশী রফিকুল ইসলাম বলেন, ‘নাদিরার স্বামীর মৃত্যুর পর থেকেই তাকে বাড়ি থেকে বিতাড়িত করতে শাহজাহানের বোন ও স্বজনরা অত্যাচার চালাচ্ছেন। আমরা অনেক সালিশ-দরবার করেও কোনো সমাধান করতে পারিনি।’
অপরদিকে অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তারা কারও ঘর দখল করেননি, বরং নিজেদের ঘরেই অবস্থান করছেন।
ভুক্তভোগী নাদিরা আক্তার বলেন, ‘স্বামীর মৃত্যুর পর থেকেই অভিযুক্তরা আমার স্বামীর সম্পত্তি ও ঘর দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন। অবশেষে ঘর দখল করে আমাকে দুই সন্তানসহ বের করে দিয়েছেন। আমি স্বামীর ঘরেই ফিরতে চাই। ছোট দুটি সন্তান নিয়ে এখন কোথায় যাব, কীভাবে বাঁচব বুঝতে পারছি না।’
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জয়পুরহাটে ফেলে দেওয়া হাঁসের পালক এখন বৈদেশিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ পণ্য হয়ে উঠেছে। দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা এই পালককে নানা প্রক্রিয়ায় বাছাই ও পরিশোধন করে জয়পুরহাট থেকে চীন, ভিয়েতনাম, তাইওয়ান ও ভারতসহ বিভিন্ন দেশে পাঠানো হচ্ছে। এসব দেশে পালক ব্যবহার করে তৈরি হচ্ছে জ্যাকেট, কম্বল, চাদর, বালিশ এবং ব্যাডমিন্টনের ফেদারের ককসহ অন্যান্য পণ্য। এই উদ্যোগের ফলে দরিদ্র ও অসহায় নারীদের পাশাপাশি বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। জেলা প্রাণিসম্পদ বিভাগ এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে।
একসময় হাঁসের মাংস সংগ্রহের পর পালক ফেলে দেওয়া হতো। সেই পরিত্যক্ত পালকই এখন জয়পুরহাটে সম্ভাবনার নতুন দুয়ার খুলে দিয়েছে। ২০১৪ সালে হাঁসের পালক নিয়ে কাজ শুরু করেন শেরপুর জেলার তরুণ উদ্যোক্তা আলতাব হোসেন। প্রথমে সফলতা না পাওয়ায় ২০১৫ সালে তিনি চীনে চলে যান। সেখানে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে পালক নিয়ে একটি প্রতিষ্ঠানে এক বছর কাজ করেন। ২০২২ সালে অত্যাধুনিক মেশিন নিয়ে দেশে ফিরে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় তিলকপুর বাজারে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে পালক প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপন করেন। এই কারখানার নাম ‘সারাবাংলা ডাউন প্রোডাক্ট’।
প্রতিমাসে দেশের বিভিন্ন জেলা থেকে ২৫ থেকে ৩০ টন পালক সংগ্রহ করে এখানে নিয়ে আসা হয়। এরপর রোদে শুকিয়ে বাছাই ও অত্যাধুনিক মেশিনে বিভিন্ন প্রক্রিয়ায় প্রস্তুত করে পাঠানো হচ্ছে চীন, ভিয়েতনাম, তাইওয়ান ও ভারতসহ বিভিন্ন দেশে। এসব পালক ব্যবহার করে তৈরি হচ্ছে জ্যাকেট, কম্বল, চাদর, বালিশ, জাহাজের সোফা, ব্যাডমিন্টনের ফেদারের কক এবং শীতের বিভিন্ন পোশাকসহ নানা ধরনের পণ্য। এই উদ্যোগের মাধ্যমে দরিদ্র ও অসহায় নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
নারীশ্রমিক মীম খাতুন বলেন, “পালকগুলো নিয়ে আসার পর রোদে দিই। এরপর বস্তাই করে কারখানায় পাঠাই। এখান থেকে যে টাকা পাই তা দিয়ে সংসার চালানোর পাশাপাশি আমার ছেলে-মেয়ের পড়াশোনার খরচ চালাই।”
সামেনা বেগম নামে একজন জানান, “আমার পরিবারে ৮ জন সদস্য। আমার স্বামী মারা গেছে ৮ বছর আগে। স্বামী মারা যাওয়ার পর পরিবার চালাতে অনেক কষ্ট হতো। পরে এই কারখানা হওয়ার পর এখানে কাজ পাই। প্রতিমাসে ১০ হাজার টাকা বেতন পাই। ওভার টাইম করলে আরও বেশি হয়। এখন আমার পরিবার ভাল চলে।”
কারখানার ম্যানেজার সোহেল রানা বলেন, “সারাদেশ থেকে হাঁসের পালক সংগ্রহ করি। পালকগুলো একটু ভেজার মতো থাকায় এখানে নিয়ে আসার পর প্রথমে রোদে শুকাইতে হয়। এরপর বস্তায় করে নিয়ে এসে মেশিনে দেওয়া হয়। তারপর কয়েকটি প্রক্রিয়া শেষে পালক প্রস্তুত করা হয়। ছোট পালক দিয়ে জ্যাকেট, কম্বল, জাহাজের সোফা, চাদর, বালিশসহ শীতের বিভিন্ন পোশাক তৈরি হয়। আর পাখার পালক দিয়ে কক তৈরি হয়। এগুলো বিদেশে পাঠানো হয়। আমাদের এখানে ১৬ জন শ্রমিক কাজ করে।”
উদ্যোক্তা আলতাব হোসেন বলেন, “২০১৪ সালে ছোট পরিসরে হাঁসের পালক নিয়ে কাজ করি। কিন্তু বিষয়টি ভালভাবে বুঝতে না পেরে আমি লাভবান হতে পারিনি। এরপর আমি স্কলারশিপ নিয়ে চীনে গিয়ে পড়াশোনা শেষ করে পালক নিয়ে একটি প্রতিষ্ঠানে ১ বছর কাজ করি। ছোট থেকেই আমার ইচ্ছা ছিল আমি ব্যবসা করব। এরপর চীন থেকে মেশিন নিয়ে এসে ২০২২ সালে জয়পুরহাটের তিলকপুরে কারখানা শুরু করি। যার এক বছর পর থেকে আমি সফলতা পাচ্ছি। এই পালক চীন, ভিয়েতনাম, তাইওয়ান ও ভারতে পাঠাচ্ছি। যেসব দেশে শীত বেশি সেখানে এর চাহিদা অনেক।”
তিনি আরও বলেন, “আমার এই কারখানা করতে ৪ থেকে ৫ কোটি টাকা খরচ হয়েছে। আমরা যদি এই পালক থেকে দেশেই এসব পণ্য তৈরি করতে পারি, তাহলে বিদেশে রপ্তানি করে আরও টাকা আয় করা সম্ভব হবে। কিন্তু এর পূর্ণাঙ্গ সেটাপ করতে প্রায় ১৫ কোটি টাকা প্রয়োজন। সরকার যদি আমাদের সহযোগিতা করে বা স্বল্প সুদে ঋণ দেয় তাহলে সম্ভব হবে এমন উদ্যোগ নেওয়ার।”
জেলা প্রাণিসম্পদ দপ্তরের ট্রেনিং কর্মকর্তা কল্পনা রানী রায় বলেন, “একসময় যে পালক ফেলে দেওয়া হতো সেই পালক সারাদেশ থেকে সংগ্রহ করে এখানে প্রক্রিয়ার মাধ্যমে বাছাই করে বিদেশে পাঠানো হচ্ছে। ফেলে দেওয়া পালক অনেক সম্ভাবনাময় একটা পণ্য হয়ে উঠেছে। আমরা প্রাণিসম্পদ দপ্তর থেকে ওই কারখানা ভিজিট করেছি। আমরা তাদের বিভিন্ন শর্ত পূরণ করতে বলেছি, তাহলে সরকার থেকে পদকের জন্য নাম পাঠানো হবে। এছাড়া তাদের বিভিন্ন কারিগরি পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি এখানে যদি বিনিয়োগ বাড়ে তাহলে পালক থেকে এখানেই সব পণ্য তৈরি করা সম্ভব হবে। এতে করে যেমন কর্মসংস্থান সৃষ্টি হবে তেমন বৈদেশিক মুদ্রা আয় হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম কক্সবাজারে পৌঁছেছেন। তাঁরা কক্সবাজার সরকারি কলেজের একাদশ শ্রেণি ও অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে অংশ নিতে আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সেখানে পৌঁছান।
এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার জন্য এবং তাঁদের উচ্চশিক্ষা, ক্যারিয়ার পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মজীবন সম্পর্কে দিকনির্দেশনা দেওয়ার উদ্দেশ্যে।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষা, নেতৃত্বের বিকাশ, দক্ষতা অর্জন ও ক্যারিয়ার গঠনে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢালিউডে ব্যর্থ প্রেমিকের চরিত্রে অভিনয় করে আলাদা পরিচিতি অর্জন করেছেন অভিনেতা বাপ্পারাজ। পর্দায় প্রেমের ব্যর্থতার গল্পে দর্শকদের আবেগী করলেও বাস্তব জীবনে ভালোবাসার মানুষকে পেতে তাঁকে খুব বেশি কাঠখড় পোড়াতে হয়নি। পরিবারের আপত্তি উপেক্ষা করে একসময় প্রেমিকাকে নিয়ে পালিয়ে যান এই অভিনেতা। তিনি আশ্রয় নেন প্রয়াত অভিনেতা সোহেল চৌধুরী ও অভিনেত্রী দিতির বাসায়। সেখানেই কাজি ডেকে বিয়ে করেন তাঁরা। তবে বিয়ের পরপরই বাবার পাঠানো লোকজনের হাতে ধরা পড়ে তাঁদের।
সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বাপ্পারাজ তাঁর জীবনের এই গল্পটি শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, ভালোবাসার মানুষকে জীবনসঙ্গী করতে চাইলেও শুরুতে পরিবারের সম্মতি পাননি। তাই শেষ পর্যন্ত পরিবারের অমতে বিয়ের সিদ্ধান্ত নিতে বাধ্য হন।
স্মৃতিচারণা করতে গিয়ে বাপ্পারাজ বলেন, সোহেল ও দিতির বাসায় কাজি ডেকে এনে বিয়ে করেন তিনি। তবে সেই সময় সোহেল বাসায় উপস্থিত ছিলেন না। এরপর দুপুরে খাওয়া-দাওয়া শেষে তাঁরা রেস্ট নিচ্ছিলেন। এমন সময় তাঁর বাবা লোক পাঠিয়ে তাঁদের ধরে নেন। পরে বাসায় দুই পক্ষের মধ্যে নানা আলোচনা হয়। অবশেষে এক পর্যায়ে সবকিছু ঠিক হয়ে যায়।
নায়করাজ রাজ্জাকের ছেলে হিসেবে চলচ্চিত্রে প্রবেশ করলেও অভিনয়ের নিজস্ব ধরন ও চরিত্র নির্বাচনের মাধ্যমে আলাদা দর্শকপ্রিয়তা অর্জন করেছেন বাপ্পারাজ। নায়করাজের হাত ধরে ‘চাঁপা ডাঙার বউ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তাঁর। এরপর ‘ঢাকা ৮৬’, ‘জ্বীনের বাদশা’, ‘প্রতিশ্রুতি’ ও ‘প্রেমের সমাধি’র মতো সিনেমায় অভিনয় করেন তিনি।
বিশেষ করে ‘প্রেমের নাম বেদনা’, ‘ভুলো না আমায়’, ‘বাবা কেন চাকর’, ‘পাগলীর প্রেম’, ‘সন্তান যখন শত্রু’ ও ‘মা যখন বিচারক’ সিনেমায় তাঁর অভিনয় দর্শকের প্রশংসা কুড়িয়েছে। তবে ব্যর্থ প্রেমিকের চরিত্রে অভিনয় করেই সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন এই অভিনেতা। ‘চাচা হেনা কোথায়’ সিনেমায় তাঁর অভিনীত চরিত্রটি এখনও দর্শকের স্মৃতিতে জায়গা করে আছে।
পর্দার সেই প্রেমের পরিণতি এবং বাস্তব জীবনের গল্প অবশ্য এক নয়। সিনেমায় প্রেমে ব্যর্থ হলেও বাস্তবে ভালোবাসার মানুষকে জীবনসঙ্গী করতে পেরেছেন বাপ্পারাজ। বর্তমানে তিনি দুই সন্তানের বাবা। তাঁর দুই মেয়ে বিবাহিত। অভিনেতা জানিয়েছেন, তাঁদের কেউ অভিনয়ে আসবেন কি না, এমন সম্ভাবনা নেই।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ১২ নভেম্বর, ২০২৬ : আসন্ন পবিত্র রমজানে সারা দেশে প্রতিদিন ৫২০টি ট্রাকে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির পরিকল্পনা গ্রহণ করেছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
গত রমজানে ৪৫০টি ট্রাকে পণ্য বিক্রি করা হয়েছিল, কিন্তু এবার ট্রাকের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৭০টি বেড়ে ৫২০টি হচ্ছে। এর ফলে উপকারভোগীর সংখ্যা ৩৪ লাখ থেকে ৪০ লাখে উন্নীত হবে। অর্থাৎ, নতুন করে আরও ছয় লাখ মানুষ সাশ্রয়ী দামে পণ্য কেনার সুযোগ লাভ করবেন।
রমজানে পণ্যের সরবরাহ বৃদ্ধি করতে ভোজ্যতেল, ডাল ও চিনি অতিরিক্ত আমদানির প্রস্তুতি নিচ্ছে টিসিবি। স্মার্ট কার্ডধারীদের পাশাপাশি কার্ডবিহীন সাধারণ ভোক্তাদের জন্যও সাশ্রয়ী দামে পণ্য কেনার সুযোগ দিতে খোলাবাজারে বিক্রির (ওএমএস) উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল বাসসকে জানিয়েছেন, রমজানে পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার জন্য সংস্থাটির নিজস্ব ক্রয় পরিকল্পনা রয়েছে। এ পরিকল্পনার আওতায় প্রস্তুতি চলছে। তিনি মনে করেন, নিয়মিত পণ্য সরবরাহে কোনো সমস্যা হবে না।
তিনি আরও বলেন, স্মার্ট কার্ডের নিয়মিত কার্যক্রমের বাইরে আরও বেশি মানুষের কাছে পণ্য পৌঁছানোর জন্য সরকার অতিরিক্ত বিক্রির বিষয়টি বিবেচনা করছে। এ লক্ষ্যে ভোজ্যতেল, ডাল ও চিনি আমদানির জন্য বিদেশি সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কিছু পণ্যের জন্য দরপত্রও আহ্বান করা হয়েছে।
টিসিবির চেয়ারম্যান জানিয়েছেন, অতিরিক্ত আমদানির পরিমাণ এখনো চূড়ান্ত হয়নি, তবে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রির পরিমাণ বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।
রমজানে পণ্য আমদানির বড় প্রস্তুতি
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে টিসিবি ইতোমধ্যে একটি ক্রয় পরিকল্পনা তৈরি করেছে। এই পরিকল্পনার আওতায় স্থানীয় ও আন্তর্জাতিক উৎস থেকে ২২ কোটি লিটার ভোজ্যতেল, ২ লাখ ২০ হাজার টন মসুর ডাল, ১ লাখ ১০ হাজার টন চিনি, ১৪ হাজার টন ছোলা এবং ৪ হাজার ৪০০ টন খেজুর সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এদিকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ভোজ্যতেল, চিনি, ছোলা, মসুর ডাল ও খেজুরের আমদানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় বৃদ্ধি পেয়েছে।
এ সময়ে দেশে ভোজ্যতেল আমদানি হয়েছে ৮ লাখ ২৩ হাজার টন, যা আগের বছরের একই সময়ে ছিল ৭ লাখ ৫ হাজার টন। এই পণ্যের জন্য এলসি খোলা হয়েছে ৮ লাখ ৫ হাজার টনের, যা আগের বছরের তুলনায় ১ লাখ ৩১ হাজার টন বেশি। একই সময়ে সয়াবিন বীজ আমদানি বেড়ে ৫ লাখ ১ হাজার টনে দাঁড়িয়েছে, যা আগের বছরের তুলনায় ১ লাখ ১৩ হাজার টন বেশি।
চিনি আমদানি হয়েছে ৬ লাখ ৮৭ হাজার টন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১ লাখ ৫৩ হাজার টন বেশি। এ সময়ে চিনির জন্য এলসি খোলা হয়েছে ৮ লাখ ১০ হাজার টনের।
রমজানে ইফতারের অন্যতম উপকরণ ছোলার আমদানিও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। চলতি অর্থবছরের প্রথম প্রায় চার মাসে ছোলা আমদানি হয়েছে ৮২ হাজার টন, যা আগের বছরের একই সময়ে ছিল মাত্র ১২ হাজার টন। এ সময়ে ছোলার জন্য এলসি খোলা হয়েছে ১ লাখ ৩৮ হাজার টনের।
এ ছাড়া, মসুর ডাল আমদানি হয়েছে ১ লাখ ২২ হাজার টন, যা আগের বছরের তুলনায় ৬৪ হাজার টন বেশি। এই পণ্যের জন্য এলসি খোলা হয়েছে ১ লাখ ১৪ হাজার টনের। অন্যদিকে, খেজুর আমদানি বেড়ে ১১ হাজার টনে দাঁড়িয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৪ হাজার টন।
টিসিবির বাড়তি ট্রাক, অতিরিক্ত পণ্য আমদানির প্রস্তুতি এবং বাজারে আমদানি বৃদ্ধির এই চিত্র আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করার ক্ষেত্রে ইতিবাচক প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ