প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢালিউডে ব্যর্থ প্রেমিকের চরিত্রে অভিনয় করে আলাদা পরিচিতি অর্জন করেছেন অভিনেতা বাপ্পারাজ। পর্দায় প্রেমের ব্যর্থতার গল্পে দর্শকদের আবেগী করলেও বাস্তব জীবনে ভালোবাসার মানুষকে পেতে তাঁকে খুব বেশি কাঠখড় পোড়াতে হয়নি। পরিবারের আপত্তি উপেক্ষা করে একসময় প্রেমিকাকে নিয়ে পালিয়ে যান এই অভিনেতা। তিনি আশ্রয় নেন প্রয়াত অভিনেতা সোহেল চৌধুরী ও অভিনেত্রী দিতির বাসায়। সেখানেই কাজি ডেকে বিয়ে করেন তাঁরা। তবে বিয়ের পরপরই বাবার পাঠানো লোকজনের হাতে ধরা পড়ে তাঁদের।
সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বাপ্পারাজ তাঁর জীবনের এই গল্পটি শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, ভালোবাসার মানুষকে জীবনসঙ্গী করতে চাইলেও শুরুতে পরিবারের সম্মতি পাননি। তাই শেষ পর্যন্ত পরিবারের অমতে বিয়ের সিদ্ধান্ত নিতে বাধ্য হন।
স্মৃতিচারণা করতে গিয়ে বাপ্পারাজ বলেন, সোহেল ও দিতির বাসায় কাজি ডেকে এনে বিয়ে করেন তিনি। তবে সেই সময় সোহেল বাসায় উপস্থিত ছিলেন না। এরপর দুপুরে খাওয়া-দাওয়া শেষে তাঁরা রেস্ট নিচ্ছিলেন। এমন সময় তাঁর বাবা লোক পাঠিয়ে তাঁদের ধরে নেন। পরে বাসায় দুই পক্ষের মধ্যে নানা আলোচনা হয়। অবশেষে এক পর্যায়ে সবকিছু ঠিক হয়ে যায়।
নায়করাজ রাজ্জাকের ছেলে হিসেবে চলচ্চিত্রে প্রবেশ করলেও অভিনয়ের নিজস্ব ধরন ও চরিত্র নির্বাচনের মাধ্যমে আলাদা দর্শকপ্রিয়তা অর্জন করেছেন বাপ্পারাজ। নায়করাজের হাত ধরে ‘চাঁপা ডাঙার বউ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তাঁর। এরপর ‘ঢাকা ৮৬’, ‘জ্বীনের বাদশা’, ‘প্রতিশ্রুতি’ ও ‘প্রেমের সমাধি’র মতো সিনেমায় অভিনয় করেন তিনি।
বিশেষ করে ‘প্রেমের নাম বেদনা’, ‘ভুলো না আমায়’, ‘বাবা কেন চাকর’, ‘পাগলীর প্রেম’, ‘সন্তান যখন শত্রু’ ও ‘মা যখন বিচারক’ সিনেমায় তাঁর অভিনয় দর্শকের প্রশংসা কুড়িয়েছে। তবে ব্যর্থ প্রেমিকের চরিত্রে অভিনয় করেই সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন এই অভিনেতা। ‘চাচা হেনা কোথায়’ সিনেমায় তাঁর অভিনীত চরিত্রটি এখনও দর্শকের স্মৃতিতে জায়গা করে আছে।
পর্দার সেই প্রেমের পরিণতি এবং বাস্তব জীবনের গল্প অবশ্য এক নয়। সিনেমায় প্রেমে ব্যর্থ হলেও বাস্তবে ভালোবাসার মানুষকে জীবনসঙ্গী করতে পেরেছেন বাপ্পারাজ। বর্তমানে তিনি দুই সন্তানের বাবা। তাঁর দুই মেয়ে বিবাহিত। অভিনেতা জানিয়েছেন, তাঁদের কেউ অভিনয়ে আসবেন কি না, এমন সম্ভাবনা নেই।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন