০৫:০৬ পি.এম
রাজধানীর পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের (মিটফোর্ড হাসপাতাল) সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগ (৩৯) হত্যার ঘটনায় করা মামলায় আদালত ২১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন। এর ফলে আনুষ্ঠানিক বিচার এ মামলায় শুরু হলো।
রোববার (১২ জুলাই) ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোসাদ্দেক মিনহাজের আদালত এই আদেশ দিয়েছেন। বিচারক আগামী ১৯ জুলাই সাক্ষ্য গ্রহণের তারিখও নির্ধারণ করেছেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চের আইনজীবী এ এস এম শাহাদাৎ আলী এই তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: সদরঘাটে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসানের আকস্মিক পরিদর্শন
মামলার আসামিদের মধ্যে রয়েছেন মাহমুদ হাসান মাহিন ওরফে মাহমুদুল হাসান (মহিন), তারেক রহমান রবিন, টিটন গাজী, আলমগীর, মনির ওরফে লম্বা মনির, সজীব বেপারী, নানু কাজী, রিজওয়ান উদ্দীন ওরফে অভিজিৎ বসু, জহিরুল ইসলাম, সাগর, রুমান বেপারী, আবির হোসেন ও মো. পারভেজ, জহিরুল ওরফে জলিল, মো. ইমরান, শারাফাত ওরফে শফিউল ইসলাম, জিয়াউদ্দিন রাজিব, হোসেন চৌকিদার, সারোয়ার হোসেন টিটু, মঙ্গল মিয়া ওরফে মনির হোসেন এবং অপু দাস। আসামিদের মধ্যে প্রথম ১০ জন কারাগারে রয়েছে, পরের তিন জন উচ্চ আদালতে জামিনে আছেন, এবং শেষের আট জন পলাতক রয়েছে।
এদিন আসামিপক্ষের আইনজীবীরা মামলায় অব্যাহতির জন্য আবেদন জানান, যা রাষ্ট্রপক্ষ বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের অব্যাহতির আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠনের আদেশ দেন। শুনানির সময় আদালতে উপস্থিত আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রার্থনা করেন।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত বছরের ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে কিছু লোক ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) এলোপাতাড়ি পাথর দিয়ে আঘাত করে এবং কুপিয়ে নির্মমভাবে হত্যা করে। ওই হত্যাকাণ্ডের পর ১০ জুলাই নিহতের বড় বোন মঞ্জুয়ারা বেগম বাদী হয়ে ১৯ জনের বিরুদ্ধে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।
তদন্ত শেষে গত ৮ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ২১ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। তদন্তকারী কর্মকর্তা ১০ আসামিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অব্যাহতির জন্য সুপারিশ করেন।
আরও পড়ুন: কমিউনিটি ব্যাংকে চাকরির সুযোগ, বয়স ২৩ হলেই আবেদন করতে পারবেন
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন