সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০৫:০৫ পি.এম
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ নাসির উদ্দিন উল্লেখ করেছেন, "আমরা চাই না ময়মনসিংহের সীমান্ত দিয়ে কোন পলাতক আসামি দেশে প্রবেশ করুক।" এই কারণে, হেড কোয়ার্টের নির্দেশে ময়মনসিংহের সীমান্তবর্তী এলাকায় কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।
আজ সোমবার (২৩ নভেম্বর) ময়মনসিংহে এক সংবাদ সম্মেলনে তিনি নিজেদের কঠোর নজরদারি ও তৎপরতার বিষয়টি তুলে ধরেন।
মোহাম্মদ নাসির উদ্দিন জানান, ময়মনসিংহ সেক্টরের অধীনে মোট ২৪২.৫ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে। এই দীর্ঘ সীমান্তে ময়মনসিংহ সেক্টরের তিনটি ব্যাটালিয়ন দিন-রাত নিরলসভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে অবৈধ অনুপ্রবেশ এবং সকল ধরনের চোরাচালান প্রতিরোধ করে আসছে।
তিনি আরও বলেন, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা ও সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায়, সীমান্ত দিয়ে যেকোনো ধরণের অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন, চোরাচালান এবং রাষ্ট্রবিরোধী নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থান গ্রহণ করেছে। বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী, দেশের ঝুঁকিপূর্ণ এবং স্পর্শকাতর সীমান্ত এলাকাগুলো চিহ্নিত করে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
এরই ধারাবাহিকতায়, সীমান্তকে আরও সুরক্ষিত এবং কার্যক্রমকে পূর্বের চেয়ে অধিকতর কার্যকর করতে ময়মনসিংহ সেক্টর বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে।
বিজিবির এই সেক্টর কমান্ডার আরো জানান, সীমান্ত আধুনিকীকরণ কার্যক্রমের অংশ হিসেবে প্রতিটি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। বর্তমানে ৫০টির অধিক সিসি টিভি ক্যামেরা, ৩০টির অধিক সার্চ লাইট, নাইট ভিশন ডিভাইস, ড্রোন এবং থার্মাল ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি পরিচালনা করা হচ্ছে। এছাড়া, ৬৫টি সিসি টিভি ক্যামেরা ও ৩৩টি সার্চ লাইট বসানোর কার্যক্রম চলমান রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম মন্তব্য করেছেন, ‘প্রধানমন্ত্রী উনার জায়গা থেকে ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান জানিয়েছেন।’
সোমবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এই তথ্য তুলে ধরেন। বৈঠকটি জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে গড়ে ওঠা ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য পুনরুদ্ধারের উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়।
নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী সঙ্গে আলোচনা প্রসঙ্গে আরও জানান, ‘আমাদের জায়গা থেকে আমরা বলেছি—বর্তমান পরিস্থিতিটা আসলে একদিনে হয়নি। নির্বাচনের পর থেকেই গত সাত থেকে আট মাসে ধারাবাহিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচার বিষয়ে আপসকামিতা ও আওয়ামী লীগ প্রশ্নে কঠোর অবস্থান না নেওয়া এবং ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয়গুলো আরও স্পষ্ট না করার ফলে আজকের পরিস্থিতি তৈরি হয়েছে।’
এর আগে, দুপুর ১টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপি প্রতিনিধি দল বৈঠকে বসে। ওই প্রতিনিধি দলে ছিলেন—দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য আকরাম হোসাইন সিএফ।
জাতীয় সংসদে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী রাজনৈতিক দলগুলোর ঐক্যের আহ্বান জানান। বিরোধীদলের পক্ষ থেকেও এই আহ্বানে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। এনসিপি’কে দিয়ে আজকের সংলাপের সূচনা হলেও অন্য দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপের সূচি এখনো চূড়ান্ত হয়নি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন। সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে চার সদস্যের প্রতিনিধিদলটি দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে এ বৈঠকটি সম্পন্ন করে।
প্রধানমন্ত্রীর সঙ্গে প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে বের হয়ে সাংবাদিকদের নাহিদ ইসলাম জানান, প্রধানমন্ত্রী জুলাই এবং ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে এক জায়গায় আসতে বলেছেন। এনসিপি তার সঙ্গে সংস্কারকে যুক্ত করতে বলেছে।
তিনি উল্লেখ করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যাপকভাবে অবনতি হয়েছে। ধারাবাহিকভাবে এই পরিস্থিতি তৈরি হয়েছে। ফ্যাসিস্ট শক্তি সন্ত্রাস করছে। দেশের পরিস্থিতি কীভাবে উত্তোরণ ঘটানো যায়, তা নিয়ে আলোচনা হয়েছে।
নাহিদ ইসলাম বলেন, সরকার ঐক্যের আহ্বান জানিয়েছে। ফ্যাসিবাদবিরোধী লড়াই এবং গণঅভ্যুত্থানে থাকা দলগুলো নিয়ে দীর্ঘমেয়াদি রোডম্যাপ জরুরি। আধিপত্যবাদ প্রশ্নে জাতীয় পররাষ্ট্রনীতি তৈরি করা প্রয়োজন। এটি দলীয় কোনো লড়াই নয়। দলীয় লড়াইয়ের চেয়েও জনগণের ঐক্য প্রয়োজন।
বৈঠকে গঙ্গা চুক্তিতে ভারতের সঙ্গে ন্যায্য হিস্যা আদায়ে সরকার যাতে আপস না করে সে আহ্বান জানানো হয়েছে। এছাড়া পলাতক শেখ হাসিনাকে ফিরিয়ে এনে রায় কার্যকর করার উদ্যোগ নেয়ার আহ্বান জানানো হয়েছে বলে জানান নাহিদ।
তিনি আরও বলেন, সংবিধান সংশোধনে সংসদীয় কমিটি সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত করছে। এই কমিটি বাতিলের দাবি জানানো হয়েছে। সংবিধান সংস্কার পরিষদের শপথের আহ্বান জানিয়েছে এনসিপি।
এনসিপির দাবি সরকার বিবেচনার আশ্বাস দিয়েছে বলে জানান নাহিদ।
নাহিদ ইসলাম আরও বলেন, ভারত তার ভূখণ্ড ব্যবহার করতে দিয়ে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে দিচ্ছে। আওয়ামী লীগ বনাম বিএনপি-এনসিপি নয়। ভূখণ্ডের বিষয়। এখন ভারতীয় আধিপত্যের সঙ্গে লড়াই। তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কিশোরগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় সাতটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এর আগে শনিবার (২২ নভেম্বর) জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন: করিমগঞ্জ উপজেলার উত্তর গণেশপুর এলাকার মৃত জুলহাস মিয়ার ছেলে মো. উজ্জ্বল মিয়া (৩৯), কিশোরগঞ্জ সদর উপজেলার চাউলমহল এলাকার মো. আসলামের ছেলে তানভীর ইসলাম পিয়াল (২৫), সদর উপজেলার বৌলাই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মুলসতাল এলাকার মৃত করিমউদ্দিনের ছেলে মো. রানা ইদ্রিস (৪০), সদর উপজেলার হারজাগী ৯ নম্বর ওয়ার্ডের কাছন মিয়ার ছেলে মো. তামিম মিয়া (২৪) এবং করিমগঞ্জ উপজেলার রাজকুটি এলাকার মৃত আব্দুল মোতালেবের ছেলে নওফেল (২৪)।
ডিবি সূত্রে জানা গেছে, গ্রেফতারদের দেয়া তথ্যের ভিত্তিতে কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল, খরমপট্টি, বৌলাই ইউনিয়নের দিঘীরপাড় ও নাকভাঙ্গা এবং করিমগঞ্জ উপজেলার বালিখোলাসহ জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে সাতটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানিয়েছেন, এ ঘটনায় গ্রেফতার পাঁচজনসহ পলাতক আরও ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা করার প্রক্রিয়া চলছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের ফলে ৩৩ হাজার ৩৪৯টি খাতার ফল পরিবর্তিত হয়েছে। বোর্ডভিত্তিক বিস্তারিত ফল থেকে জানা যাবে কতজন শিক্ষার্থী আগে অকৃতকার্য হয়ে নতুন করে পাস করেছেন এবং কতজন জিপিএ-৫ অর্জন করেছেন।
সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টার পর দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করেছে।
এবারই প্রথমবারের মতো এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পাশাপাশি পুনর্মূল্যায়নের ব্যবস্থা চালু করা হয়েছে। এর ফলে শিক্ষার্থীরা নম্বর গণনা বা যোগ-বিয়োগের ভুল সংশোধনের পাশাপাশি উত্তরপত্রের মূল্যায়ন নতুন করে পর্যালোচনা করার সুযোগ পেয়েছেন।
এর আগে, ৩১ অক্টোবর ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশগ্রহণ করেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন পাস করেন এবং ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন অকৃতকার্য হন। গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।
ফল প্রকাশের পরদিন ১ নভেম্বর থেকে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন গ্রহণ শুরু হয়। আবেদনের শেষ সময় ছিল ৮ নভেম্বর দুপুর ১২টা। আন্তঃশিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবার ১১টি শিক্ষা বোর্ডে পুনর্নিরীক্ষণের জন্য ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী আবেদন করেন। তাদের আবেদনের ভিত্তিতে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য জমা পড়ে।
বোর্ডভিত্তিক হিসাবে ঢাকা শিক্ষা বোর্ডে সবচেয়ে বেশি আবেদন জমা পড়ে, যেখানে ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা হয়। দ্বিতীয় অবস্থানে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ১ লাখ ১৭ হাজার ৭০০টি আবেদন জমা পড়ে। এছাড়া রাজশাহী বোর্ডে ১ লাখ ৯ হাজার ৯৭১টি, যশোর বোর্ডে ৯৭ হাজার ৬১৮টি, কুমিল্লা বোর্ডে ৯২ হাজার ৭৭৬টি, দিনাজপুর বোর্ডে ৮৯ হাজার ৪২০টি, ময়মনসিংহ বোর্ডে ৭১ হাজার ৭৬২টি, বরিশাল বোর্ডে ৫৩ হাজার ৪০৯টি, সিলেট বোর্ডে ৫১ হাজার ২৪৩টি, মাদরাসা শিক্ষা বোর্ডে ৪০ হাজার ৮৩০টি এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২৬ হাজার ৮০৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়ে।
শিক্ষার্থীরা তাদের নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং কেন্দ্রীয় ফল প্রকাশের ওয়েবসাইট থেকে পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের ফল জানতে পারছেন। এছাড়া আবেদন করার সময় প্রদত্ত মোবাইল নম্বরে খুদে বার্তার মাধ্যমে ফল পাঠানো হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ