০৪:৪৬ পি.এম
রাঙামাটির কাপ্তাই উপজেলার শিলছড়ি গ্রামে আনসার ব্যাটালিয়ন ক্যাম্পের জমি অধিগ্রহণের বিষয়ে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাজু আহমেদ চলতি বছরের ২২ ফেব্রুয়ারি কাপ্তাই স্টারলিং ফ্লাইউড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাসান মাহমুদ খানের বিরুদ্ধে এ মামলা করেছেন। মামলায় জমি অধিগ্রহণ বাবদ ১০ কোটি ৩৮ লাখ ৮৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
দুদকের অভিযোগপত্রে বলা হয়েছে, কাপ্তাই উপজেলার ১০০ নম্বর ওয়াগ্গা মৌজার শিলছড়ি গ্রামে অবস্থিত স্টারলিং ফ্লাইউড ইন্ডাস্ট্রিজ লিমিটেড নিবন্ধিত যৌথ মূলধনী কোম্পানি হলেও, প্রতিষ্ঠানটির নামে লিজ প্রদান সংক্রান্ত কোনো রেকর্ডপত্র পাওয়া যায়নি। অভিযুক্ত ব্যক্তি তদন্তকালে সংশ্লিষ্ট লিজ ডিডও উপস্থাপন করতে পারেননি।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
এছাড়া, অভিযুক্ত ব্যক্তি থেকে ভূমি কীভাবে রেকর্ডভুক্ত হলো তা সম্পর্কিত কোনো তথ্যও পাওয়া যায়নি বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।
মামলার নথিতে আরো বলা হয়, প্রকৃত তথ্য গোপন করে ও জালিয়াতির মাধ্যমে দলিল ব্যবহার করে স্টারলিং ফ্লাইউড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নামে রেকর্ডীয় ২২ দশমিক ১৭ একর ভূমি থেকে আনসার ব্যাটালিয়নের জন্য ২০১৫ সালে অধিগ্রহণ প্রস্তাব দাখিল করা হয়। যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসকের কার্যালয় ৮ দশমিক ০৯ একর জমির অধিগ্রহণ (ক্ষতিপূরণ) দেয়ার সিদ্ধান্ত নেয়।
২০১৮ সালে ওই জমি এবং সেখানে থাকা গাছপালার ক্ষতিপূরণ বাবদ ১০ কোটি ৩৮ লাখ ৮৬ হাজার টাকা চেকের মাধ্যমে গ্রহণ করে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হাসান মাহমুদ খান। অভিযোগে বলা হয়েছে, ওই অর্থ তিনি ২০১৮ সালের ২ জুলাই গ্রহণ করেন।
দুদক জানায়, ভূমিটি যে উদ্দেশ্যে সরকারের কাছ থেকে লিজ নেওয়া হয়েছিল, সে উদ্দেশ্যে ব্যবহারযোগ্য না হলে তা সরকারের কাছে ফেরতযোগ্য ছিল। এই অবস্থায় প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে লিজ ডিড গোপন করে জমাবন্দি প্রদর্শনের মাধ্যমে অর্থ গ্রহণ করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। দণ্ডবিধির ৪০৯, ৪২০, ২০১, ৪৬৭ ও ৪৬৮ ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানায় দুদক।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
এ বিষয়ে শিলছড়ি বাসিন্দা সাবেক ইউপি সদস্য মিনু মারমা এবং বিএনপির নেতা জাফর আহমদ স্বপন জানান, ‘অভিযুক্ত হাসান মাহমুদ খানের সঙ্গে ভূমি মালিকানা সংক্রান্ত বিষয়ে শিলছড়ি এলাকার ভূমিহীন ১১৪ পরিবারের বিরোধ ছিল। এই কারণে আদালতে চলমান মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাষ্ট্রীয় ভূমি হুকুম দখলকৃত জায়গার বিপরীতে হাসান মাহমুদ খানকে কোনো প্রকার অর্থ পরিশোধ না করার জন্য আবেদন করা হয়েছিল।’
মামলা এবং অভিযোগের বিষয়ে জানতে কাপ্তাই স্টারলিং ফ্লাইউড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাসান মাহমুদ খানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে ফোনে এবং সাক্ষাতে পাওয়া যায়নি। তাই তার মতামত নেওয়া সম্ভব হয়নি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন