বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং
০৫:২৫ পি.এম
টানা বৃষ্টিপাত ও পাহাড়ধসের আশঙ্কা থাকার কারণে রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে ঠাঁই নেওয়া ক্ষতিগ্রস্ত জনগণের মধ্যে খাবার বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য এ্যাড. দীপেন দেওয়ান।
আজ বৃহস্পতিবার দুপুরে তিনি আশ্রয়কেন্দ্রে অবস্থানরত লোকজনের খোঁজখবর নেন এবং খাদ্যসামগ্রী বিতরণ করেন।
আশ্রয়কেন্দ্র পরিদর্শনকালে দীপেন দেওয়ান এমপি বলেন, ২০১৭ সালের ভয়াবহ পাহাড়ধসের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে দুর্যোগ মোকাবিলায় রাঙামাটিতে স্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপন সময়ের দাবি। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলেও জানান।
তিনি আরও বলেন, পাহাড়ধসের ঝুঁকি এড়াতে সবাইকে সচেতন হতে হবে এবং ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে অবস্থান করতে হবে।
আশ্রয়কেন্দ্র পরিদর্শন শেষে তিনি তবলছড়ি এডিসি হিল জুনিয়র উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমা আশরাফী, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তারেক সেকান্দারসহ বিএনপির সহ-সভাপতি আলী বাবর, যুগ্ম সম্পাদক এ্যাড. সাইফুল ইসলাম পনির, সদর থানা বিএনপির সভাপতি মো. মুজিবুল হক প্রমুখ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সিরাজগঞ্জে একটি যাত্রীবাহী বাসের চাপায় নিহত হয়েছেন অটোভ্যানের আরোহী মা এবং তাঁর তিন বছর বয়সী শিশুসন্তান। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও আহত হয়েছেন দুজন।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল বেলায় ঢাকা-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার হাটিকুমরুল মোড়ে ঘটে এই দুর্ঘটনা।
নিহতদের মধ্যে রয়েছেন কামারখন্দ থানার নুরনগর গ্রামের বিপ্লব হোসেনের স্ত্রী নীলা বেগম (২৫) এবং তাঁর তিন বছর বয়সী ছেলে। তবে, আহতদের নাম এবং পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, বগুড়া থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস হাটিকুমরুল মোড়ে আসার পর অটোভ্যানটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এই ঘটনার ফলে ঘটনাস্থলেই অটোভ্যানের আরোহী মা ও ছেলের মৃত্যু ঘটে এবং আরও দুজন আহত হন।
তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেয়। সেইসাথে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
খুলনার পাইকগাছায় ছেলে কারাগারে যাওয়ার খবর জানার পর এক বৃদ্ধার মৃত্যু হার্ট অ্যাটাকে হয়েছে।
বুধবার (৮ জুলাই) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার সময় তিনি নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।
মৃত বৃদ্ধা উপজেলার কালিদাসপুর গ্রামের মৃত আনার সরদারের পত্নী।
নিহতের দেবর মজিদ সরদার জানান, ৭ জুন তার ভাইপো হাসান সরদারকে হত্যা করা হয়। এই ঘটনায় হাসানের বাবা বাদী হয়ে ১০ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন। এ মামলার কাউন্টার ধারায় তারা নিজেদের ঘর পুড়িয়ে, নিহত হাসানের পরিবারের সদস্যসহ ১২ জনের বিরুদ্ধে ১৪ জুন দুটি মামলা দায়ের করেন। যার বাদী, হত্যার প্রধান আসামির ভাই মিলন এবং ২নং আসামি কুদ্দুসের স্ত্রী পারভীন আক্তার।
এ মামলায় গত ২ জুলাই মৃত বৃদ্ধার ছেলে সালামসহ অন্যরা জামিন আবেদন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠান। সালাম সরদার হাজতে এই খবর জানার পর, বুধবার সন্ধ্যায় তার মা স্ট্রোক করে মৃত্যুবরণ করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সহায়তার পরিবর্তে দক্ষতা অর্জনের মাধ্যমে অনাথ শিশুদের স্বনির্ভর করে তুলতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম ‘আলোর ক্যানভাস’ একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। কুমিল্লার একটি বৌদ্ধ মন্দিরের অনাথ আশ্রমের শিশুদের নিয়ে শুরু হওয়া এই উদ্যোগের আওতায় নিয়মিত আর্ট ও পেইন্টিং প্রশিক্ষণের মাধ্যমে শিশুদের সৃজনশীলতা উন্নয়ন এবং ভবিষ্যতে আয় মুখী দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করা হচ্ছে।
উল্লেখ্য, ‘আলোর ক্যানভাস’ প্ল্যাটফর্মের কার্যক্রমে নিযুক্ত রয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফরহাদ কাউছার, সামিউল ইসলাম সজীব, নুসরাত তাহসিন, সামিয়া খান ও আরমান আরিফ এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একই বিভাগের হোসাইন ঠাকুর।
সংগঠনটির পক্ষ থেকে কর্তৃপক্ষ জানায়, শিশুদের সৃজনশীল প্রতিভার বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং দক্ষ শিল্পী হিসেবে গড়ে তুলতে এ কার্যক্রমের আয়োজন করা হচ্ছে। সাময়িক সহানুভূতির পরিবর্তে, দীর্ঘমেয়াদি দক্ষতা উন্নয়নের মাধ্যমে শিশুদের স্বনির্ভর করে তোলার উদ্দেশ্যে এ উদ্যোগটি চালানো হচ্ছে।
এ লক্ষ্যে পেশাদার শিল্পীদের মাধ্যমে নিয়মিত আর্ট ও পেইন্টিং প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতে শিশুদের আঁকা ছবিগুলো পরিমার্জন করে প্রদর্শনী ও বাজারজাত করার পরিকল্পনা রয়েছে। ফ্রেম, ওয়াল আর্ট এবং বিভিন্ন ক্রাফট পণ্যে রূপ দিয়ে সেগুলো বিক্রয়ের মাধ্যমে অর্জিত অর্থ শিশুদের উন্নয়ন ও আশ্রমের কল্যাণে ব্যয় করা হবে বলে সংগঠনটি জানিয়েছে।
প্রশিক্ষণের শুরু থেকেই শিশুদের সৃজনশীলতা প্রশিক্ষকদের মুগ্ধ করেছে, যেখানে তারা রঙ ও তুলির আঁচড়ে প্রকৃতি, স্বপ্ন, পরিবার এবং নিজেদের অনুভূতি ফুটিয়ে তুলছে। অনেকের ছবিতে দেখা যাচ্ছে পাহাড়, নদী, পাখি, গ্রামবাংলা ও সুন্দর ভবিষ্যতের স্বপ্ন।
সংগঠনের সদস্যরা জানিয়েছেন যে, আর্থিক সংকট অথবা পারিবারিক অভাব কোনও শিশুর প্রতিভা বিকাশের পথে বাধা হওয়ার উচিত নয়। সঠিক প্রশিক্ষণ, দিকনির্দেশনা ও সুযোগ পেলে শিশুরা সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। এ লক্ষ্য সামনে রেখে স্থানীয় ও আন্তর্জাতিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতায় কার্যক্রমের পরিধি আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
সংগঠনটির কো-ফাউন্ডার ফরহাদ কাউছার বলেন, তরুণদের দক্ষতা উন্নয়ন, শিক্ষা এবং পরিবেশ ও জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করার লক্ষ্যে আমরা ‘আলোর ক্যানভাস’ নামে একটি তরুণ-নির্ভর প্ল্যাটফর্ম গড়ে তুলেছি। আমাদের প্রথম উদ্যোগ শুরু হয়েছে কুমিল্লার একটি বৌদ্ধ মন্দিরের অনাথ আশ্রমের শিশুদের নিয়ে। আমরা এই প্রতিভাগুলিকে প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভর করে তুলতে চাই, যাতে ভবিষ্যতে তারা নিজেদের দক্ষতাকে জীবিকার মাধ্যম হিসেবে কাজে লাগাতে পারে।
তিনি আরও জানান, বর্তমানে অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে শিশুদের আর্ট ও পেইন্টিং শেখানো হচ্ছে। পরবর্তীতে তাদের আঁকা ছবিগুলো ফ্রেম, ওয়াল আর্ট ও অন্যান্য ক্রাফট পণ্যে পরিণত করে বাজারজাত করা হবে। এসব থেকে অর্জিত সমস্ত মুনাফা শিশুদের উন্নয়ন ও আশ্রমের কল্যাণে ব্যয় করা হবে। পাশাপাশি, তাদের স্বাস্থ্যসেবা, মানসম্মত শিক্ষা এবং প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করতেও আমরা কাজ করে যাচ্ছি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সংসদ ভবন, ৯ জুলাই, ২০২৬ : বাংলাদেশ ২০২৪-২৫ অর্থবছরে বিশ্বের ২০২টি গন্তব্যে ৮১২টি পণ্য রপ্তানি করেছে। এ সময় দেশের বৃহত্তম রপ্তানি বাজারগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র, জার্মানি ও যুক্তরাজ্য শীর্ষ অবস্থানে রয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
আজ সংসদে সরকারি দলের সংরক্ষিত মহিলা আসন-৩৫-এর সদস্য সেলিনা সুলতানার লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বাংলাদেশের প্রধান রপ্তানি গন্তব্যের মধ্যে আরও রয়েছে- স্পেন, ফ্রান্স, নেদারল্যান্ডস, পোল্যান্ড, ভারত, ইতালি, কানাডা, জাপান, ডেনমার্ক, অস্ট্রেলিয়া, সুইডেন, বেলজিয়াম, চীন, তুরস্ক, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো ও রাশিয়া।
তিনি জানান, ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-জুন সময়কালে দেশের প্রধান রপ্তানি পণ্যের মধ্যে ছিল বোনা পোশাক (ওভেন গার্মেন্টস), নিট পোশাক, হোম টেক্সটাইল, হিমায়িত ও জীবিত মাছ, কৃষিপণ্য, পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, পাদুকা এবং প্রকৌশলজাত (ইঞ্জিনিয়ারিং) পণ্য।
বাণিজ্যমন্ত্রী সংসদকে জানান, ২০২৪-২৫ অর্থবছরে এসব পণ্য রপ্তানি করে বাংলাদেশ ৪৪ হাজার ১৬৭ দশমিক ৮৪ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে।
তিনি আরও বলেন, অর্থবছরটিতে এসব পণ্য থেকে অর্জিত রপ্তানি আয় দেশের মোট রপ্তানি আয়ের ৯১ দশমিক ৪৮ শতাংশ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ