ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

নেপালে তুষারধসে ১৫ পর্বতারোহী সহকারীর মৃত্যু, ৮টি মরদেহ উদ্ধার


নেপালে তুষারধসে ১৫ পর্বতারোহী সহকারীর মৃত্যু, ৮টি মরদেহ উদ্ধার

নেপালের হিমলুং শৃঙ্গের বেস ক্যাম্পে তুষারধসে অন্তত ১৫ জন নেপালি পর্বতারোহী সহকারীর মৃত্যু ঘটেছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) উদ্ধারকর্মীরা তুষার চাপা পড়া ক্যাম্প থেকে নতুন করে আটজনের মরদেহ উদ্ধার করেন।

শুক্রবার (২ অক্টোবর) নেপাল ন্যাশনাল মাউন্টেইন গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি তুল সিং গুরুং বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানান।

তুল সিং গুরুং জানিয়েছেন, গত রোববার ভোরে চীন সীমান্তের নিকটবর্তী ৭ হাজার ১২৬ মিটার উচ্চতার হিমলুং শৃঙ্গের বেস ক্যাম্পে এই তুষারধসের ঘটনা ঘটে। সেখানে পরবর্তী পর্বতারোহণ অভিযানের প্রস্তুতি হিসেবে তাঁবু স্থাপন ও দড়ি বাঁধার কাজ করছিলেন নেপালি কর্মীরা।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

তিনি আরও বলেন, বৃহস্পতিবার উদ্ধার করা মরদেহগুলো হেলিকপ্টারের মাধ্যমে রাজধানী কাঠমান্ডুতে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। নিখোঁজ একজনকে জীবিত উদ্ধারের সম্ভাবনা খুবই কম বলে উল্লেখ করেন তিনি। এ অবস্থায় উদ্ধার অভিযান প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। তুষারধসের সময় ক্যাম্পে কোনো বিদেশি পর্বতারোহী উপস্থিত ছিলেন না।

উদ্ধারকারী দলটি ১১ সদস্য নিয়ে অভিজ্ঞ গাইডসহ চার মিটারেরও বেশি গভীর বরফ খুঁড়ে তল্লাশি কার্যক্রম চালায়। বেস ক্যাম্পের তাঁবুগুলো তুষারের নিচে চাপা পড়েছিল। এর আগে রোববার দুই পর্বতারোহণ গাইড, সোমবার দুই কিচেন স্টাফ এবং মঙ্গলবার আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

নেপালে অতীতে বড় ধরনের পর্বতারোহণ দুর্ঘটনার ঘটনা ঘটেছে। ২০১৪ সালে এভারেস্টে তুষারধসে ১৬ জন এবং ২০১৫ সালে ভূমিকম্পের কারণে এভারেস্ট এলাকায় ১৮ জনের মৃত্যু হয়েছিল।

এদিকে, গত ২৬ আগস্ট হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ বন্যায় ১ হাজার ৪০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং এখনও নিখোঁজদের সন্ধান চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। জাতীয় দুর্যোগ সংস্থার তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ভারী বৃষ্টির ফলে নতুন করে বন্যা ও ভূমিধসে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে ইরান আতঙ্ক, তিন দেশে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

বিশ্বের ১৪টি সর্বোচ্চ পর্বতশৃঙ্গের মধ্যে আটটি নেপালে অবস্থিত। দেশটির অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ পর্বতারোহণ ও ট্রেকিং পর্যটন। সাত হাজার মিটার উচ্চতার শৃঙ্গ জয়ের লক্ষ্যে অভিযানে অংশ নেওয়া পর্বতারোহীদের কাছে হিমলুং একটি জনপ্রিয় গন্তব্য।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কর্নেল বিশ্ববিদ্যালয়ে ধর্ষণকাণ্ডে গভর্নরের ক্ষোভ, ‘সত্যটা জানতে চাই’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৩ পি.এম


কর্নেল বিশ্ববিদ্যালয়ে ধর্ষণকাণ্ডে গভর্নরের ক্ষোভ, ‘সত্যটা জানতে চাই’

যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে যৌন নিপীড়নের (ধর্ষণ) অভিযোগের তদন্তে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে। নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল রাজ্যের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসকে বিশেষ জজ হিসেবে নিয়োগ দিয়েছেন। ২০২৪ সালের ওই অভিযোগের তদন্ত এখন নতুনভাবে রাজ্য পর্যায়ে শুরু হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে হোকুল বলেন, অভিযোগকারী তরুণীকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব পালনকারী কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তি ব্যর্থ হয়েছেন বলে তিনি মনে করেন। বিশেষ করে কর্নেল বিশ্ববিদ্যালয়ের পুলিশ এবং টম্পকিন্স কাউন্টির জেলা জজের কার্যালয়ের ভূমিকা নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

হোকুল জানান, স্থানীয় জেলা জজ কোনো অভিযোগ দায়ের না করেই তদন্ত বন্ধ করে দিয়েছিলেন। তার অভিযোগ, সংশ্লিষ্ট তরুণী বা ঘটনার সঙ্গে জড়িত অন্যদের সাক্ষাৎকারও নেওয়া হয়নি। এমনকি পুলিশের কাছে দেওয়া পুরো বক্তব্যের প্রতিলিপিও চাওয়া হয়নি।

তিনি বলেন, নতুন করে পাওয়া তথ্যের ভিত্তিতে মামলাটি একজন বিশেষ জজের মাধ্যমে ব্যাপকভাবে পর্যালোচনা করা প্রয়োজন। তার ভাষায়, কোনোভাবেই এই ঘটনাকে ধামাচাপা দিতে দেওয়া হবে না।

নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস জানিয়েছেন, এটি এখন সক্রিয় ফৌজদারি তদন্ত। তার কার্যালয় ঘটনার তথ্য পর্যালোচনা করবে, প্রমাণ সংগ্রহ করবে এবং সংশ্লিষ্টদের সাক্ষাৎকার নেবে। অপরাধের প্রমাণ পাওয়া গেলে মামলা করার উদ্যোগ নেওয়া হবে।

জেমস বলেন, এ ধরনের ব্যাপক তদন্তে সময় লাগবে এবং তদন্ত কয়েক মাস চলতে পারে। তবে পুরো বিষয়টি শেষ পর্যন্ত খতিয়ে দেখার জন্য তার কার্যালয় কাজ করবে।

এর আগে মামলাটি টম্পকিন্স কাউন্টির জেলা জ ম্যাথিউ ভ্যান হাউটেনের অধীনে ছিল। তিনি ২০২৪ সালে অভিযোগের পর মামলা না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। পরে ওই তরুণী কর্নেল বিশ্ববিদ্যালয় এবং ছাত্র ভ্রাতৃসংঘের সাত সাবেক সদস্যের বিরুদ্ধে মামলা করলে নতুন করে তদন্ত শুরু হয়।

ভ্যান হাউটেন এখন জেমসের নিয়োগকে সমর্থন করেছেন। তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তদন্তকারীদের পুরো তথ্য দেওয়া হয়নি বলে এখন পরিষ্কার হয়েছে।

উল্লেখ্য, আদালতের নথিতে ওই তরুণীকে ‘জেন ডো’ নামে উল্লেখ করা হয়েছে। তার অভিযোগ, ২০২৪ সালে কর্নেল বিশ্ববিদ্যালয়ের চি ফাই ছাত্র ভ্রাতৃসংঘের ভবনে তাকে মাদক ও মদ্যপান করানো হয়। পরে একাধিক ব্যক্তি তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন, যখন তিনি আংশিক বা পুরোপুরি অচেতন অবস্থায় ছিলেন বলে তার দাবি।

মামলার নথি অনুযায়ী, ভুক্তভোগী দাবি করেছেন, এক পর্যায়ে ছাত্র ভ্রাতৃসংঘের এক সদস্য সামাজিক যোগাযোগমাধ্যমে অন্য সদস্যদের কাছে বার্তা পাঠিয়ে ঘটনাটি জানান এবং অন্যদের সেখানে আসার আহ্বান জানান।

তবে মামলায় অভিযুক্ত দুই ব্যক্তির আইনজীবীরা অভিযোগ অস্বীকার করেছেন। তাদের একজনের দাবি, তার মক্কেল ওই তরুণীকে স্পর্শই করেননি। অন্য অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সাম্প্রতিক প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৪ সালের নভেম্বরে ওই তরুণী কর্নেল বিশ্ববিদ্যালয়ের পুলিশের কাছে ঘটনার বিষয়ে বিস্তারিত বক্তব্য দেন। একটি প্রতিলিপিতে তিনি নিজেকে ধর্ষণের শিকার হয়েছেন বলে দৃঢ়ভাবে জানান।

কিন্তু জেলা জজের কার্যালয়ে পাঠানো পুলিশের প্রতিবেদনে তার বক্তব্যের গুরুত্বপূর্ণ কিছু অংশ ছিল না বলে গভর্নর হোকুল অভিযোগ করেছেন। এ বিষয়টিও নতুন তদন্তে খতিয়ে দেখা হবে।

ঘটনার পাশাপাশি নিউইয়র্কের যৌন নিপীড়নসংক্রান্ত (ধর্ষণ) আইন পরিবর্তনের পক্ষেও অবস্থান নিয়েছেন হোকুল।

বর্তমান আইনে কোনো ব্যক্তি নিজের ইচ্ছায় মদ বা মাদক গ্রহণ করে পরে এতটাই অসুস্থ বা অচেতন হয়ে পড়লে যে সম্মতি দেওয়ার সক্ষমতা হারান, এমন পরিস্থিতিতে যৌন নিপীড়নের অভিযোগ প্রমাণ করা কঠিন হতে পারে। হোকুল এই আইনি সীমাবদ্ধতা পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন।

তিনি বলেন, কেউ নিজের ইচ্ছায় মদ বা মাদক গ্রহণ করলেও যদি পরে যৌন সম্পর্কে সম্মতি দেওয়ার মতো অবস্থায় না থাকেন, তাহলে সেটিকে যৌন নিপীড়নের (ধর্ষণ) অনুমতি হিসেবে দেখা উচিত নয়।

কর্নেল বিশ্ববিদ্যালয়ের ঘটনাটি এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে যৌন নিপীড়নের অভিযোগ কীভাবে তদন্ত ও মোকাবিলা করা হয়, সে বিষয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

সূত্র: দ্য অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ ঢাকার যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৪ পি.এম


আজ ঢাকার যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে

ঢাকাতে প্রতিদিনই কেনাকাটার জন্য কোথাও না কোথাও যাওয়ার প্রয়োজন পড়ে। তবে, মার্কেটে যাওয়ার পূর্বে সেই এলাকার সাপ্তাহিক বন্ধের দিনটি জানা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যথায়, বিড়ম্বনায় পড়ার সম্ভাবনা রয়েছে।

শনিবার (৩ অক্টোবর) তারিখে কোন কোন মার্কেট, শপিংমল এবং দোকানপাট বন্ধ থাকবে তা দেখে নিন।

যেসব মার্কেট বন্ধ থাকবে

গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, আজিমপুর সুপার মার্কেট, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠবাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন এবং ইসলামপুর কাপড়ের দোকান।

যেসব এলাকার দোকানপাট বন্ধ

বাংলাবাজার, শ্যামবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজারীবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, গুলিস্তানের দক্ষিণ অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, শাঁখারী বাজার, চানখারপুল এবং লক্ষ্মীবাজার।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রিটোরিয়াসের ব্যাটিংয়ে গেইলের বিশ্বরেকর্ড ভেঙে নতুন ইতিহাস

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৪ পি.এম


প্রিটোরিয়াসের ব্যাটিংয়ে গেইলের বিশ্বরেকর্ড ভেঙে নতুন ইতিহাস

দক্ষিণ আফ্রিকার তরুণ ব্যাটার লুয়ান-দ্রে প্রিটোরিয়াস টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড ভেঙে দিয়েছেন। মাত্র ২০ বছর বয়সে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের অসাধারণ ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইলকে ছাড়িয়ে গেছেন তিনি।

পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে এত দিন গেইলের দখলে ছিল ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডটি। ২০১৩ সালের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ৬৬ বলে অপরাজিত ১৭৫ রান করেছিলেন ‘ইউনিভার্স বস’। ১৩ বছর ধরে অক্ষত থাকা সেই রেকর্ড এবার নিজের করে নিলেন প্রিটোরিয়াস।

শুক্রবার (২ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় ব্লুমফন্টেইনে নাইটসের বিপক্ষে টাইটানসের হয়ে এই কীর্তি গড়েন তরুণ ওপেনার। ৭৯ বলের ইনিংসে ১৫টি চার ও ১৩টি ছক্কা হাঁকান তিনি। তার স্ট্রাইক রেট ছিল ২৩৭.৯৭।

ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং প্রদর্শন করেন বাঁহাতি প্রিটোরিয়াস। মাত্র ২৪ বলে পূর্ণ করেন অর্ধশতক। এরপর আরও ১৬ বল খেলে পৌঁছে যান তিন অঙ্কের ঘরে। অর্থাৎ, মাত্র ৪০ বলেই সেঞ্চুরি তুলে নেন তিনি। ৫৮ বলে পূর্ণ করেন দেড়শ রান।

প্রিটোরিয়াসের ব্যাটিং তাণ্ডবে একপর্যায়ে টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরির সম্ভাবনাও জেগেছিল। তবে নির্ধারিত ২০ ওভারের ইনিংস শেষ হয়ে যাওয়ায় ১৮৮ রানেই অপরাজিত থাকতে হয় তাকে। তার রেকর্ডগড়া ইনিংসে ভর করে ৩ উইকেটে ২৬৭ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় টাইটানস।

জবাবে ব্যাট করতে নেমে টাইটানসের বোলারদের সামনে দাঁড়াতে পারেনি নাইটস। ১৭.২ ওভারে মাত্র ১৪৩ রানে অলআউট হয়ে যায় দলটি। এতে ১২৪ রানের বড় জয় পায় টাইটানস।

সাম্প্রতিক সময়েও দারুণ ছন্দে রয়েছেন প্রিটোরিয়াস। এর আগে নামিবিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার হয়ে টি-টোয়েন্টি ম্যাচে ৫৩ বলে ১০১ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন তিনি। এবার ঘরোয়া ক্রিকেটে ১৮৮ রানের অপরাজিত ইনিংস খেলে টি-টোয়েন্টির ইতিহাসে নিজের নাম নতুন করে লিখলেন এই তরুণ ব্যাটার।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের সহায়তায় সরকার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৫ পি.এম


জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের সহায়তায় সরকার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের সঠিক চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে তাদের স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে সরকার সার্বিক সহযোগিতা প্রদান করছে, এমন তথ্য জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

মন্ত্রী বলেন, "উপযুক্ত চিকিৎসা সুবিধা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিয়ে এসব শিশুর মুখে হাসি ফোটানো আমাদের সামাজিক ও জাতীয় দায়িত্ব।"

শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে আন্তর্জাতিক দাতব্য প্রতিষ্ঠান ‘স্মাইল ট্রেন আমেরিকা’র সহযোগিতায় ‘নিউ লাইফ হসপিটাল ক্লেফট প্রজেক্ট’ ও ‘চাইল্ড হেলথ্ অ্যাওয়ারনেস ফাউন্ডেশন’ আয়োজিত ‘বিশ্ব হাসি দিবস-২০২৬’ উদযাপনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দিবসটি উপলক্ষে সফল অস্ত্রোপচারের মাধ্যমে সুস্থ হওয়া শিশুদের নিয়ে এক মিলনমেলা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

তথ্যপ্রযুক্তি মন্ত্রী আরও বলেন, "হাসি একটি সার্বজনীন ভাষা। বিশেষ করে একটি শিশুর মুখের হাসি তার পরিবার ও পুরো সমাজকে আনন্দিত করে। একটি সুস্থ ও হাসিখুশি শিশিই আগামী দিনের সমৃদ্ধ জাতি গড়ে তুলবে। তাই শিশুদের সুস্থতা, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।"

তিনি উল্লেখ করেন, শিশুদের স্বাস্থ্যসেবা আরও সহজ, সাশ্রয়ী ও দ্রুত করতে প্রযুক্তি ও উদ্ভাবন বড় ভূমিকা রাখতে পারে। টেলিমেডিসিন ও ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিশুরাও এখন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাচ্ছে। প্রযুক্তির এই সুফল প্রতিটি শিশুর কাছে পৌঁছে দিতে সরকার কাজ করছে।

চিকিৎসকদের অবদানের প্রশংসা করে মন্ত্রী বলেন, "আজ এখানে ঠোঁট ও তালু কাটা শিশুদের চিকিৎসার মাধ্যমে মুখে হাসি ফিরিয়ে দেওয়ার যে মানবিক উদ্যোগ দেখলাম, তা অত্যন্ত প্রশংসনীয়। ড. বিজয় দাসসহ সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা যে সেবা দিচ্ছেন, তা শুধু চিকিৎসাসেবা নয়- এটি শিশু ও তাদের পরিবারগুলোতে নতুন আনন্দ ফিরিয়ে দেওয়ার একটি মহৎ উদ্যোগ।"

এ ধরনের সামাজিক ও মানবিক কাজে দেশের বিত্তবান ব্যক্তি, বেসরকারি প্রতিষ্ঠানসহ সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ফকির মাহবুব আনাম বলেন, "শিশুদের জন্য আমরা যে সময়, শ্রম, মেধা ও অর্থ বিনিয়োগ করব, সেটিই হবে দেশের ভবিষ্যতের প্রকৃত বিনিয়োগ। আসুন, সবাই মিলে প্রতিটি শিশুর সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করি।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এবং স্মাইল ট্রেন (বাংলাদেশ ও নেপাল)-এর প্রোগ্রাম ডিরেক্টর এ বি এম মোবাশ্বের হোসেন। বক্তারা জন্মগত ত্রুটিমুক্ত সমাজ গঠনে সচেতনতা সৃষ্টি এবং বিনামূল্যে অস্ত্রোপচার কার্যক্রম আরও বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন।

চাইল্ড হেলথ্ অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও নির্বাহী প্রধান অধ্যাপক ডা. বিজয় কৃষ্ণ দাসের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. শামীম আরা খান চৌধুরী, বিশ্ব হাসি দিবস-২০২৬ উদযাপন কমিটির সদস্য সচিব ডা. আসলামুল ইসলাম রুদ্র এবং নিউ লাইফ হাসপাতাল (প্রা.) লি.-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আসাদুজ্জামান।

অনুষ্ঠানে সফল অস্ত্রোপচারে সুস্থ হয়ে ওঠা শিশু ও তাদের অভিভাবকদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%