ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদমুখী পদযাত্রার প্রস্তুতি, খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা


ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদমুখী পদযাত্রার প্রস্তুতি, খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল কর্তৃক পরিচালিত খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা জারি করেছে দেশের সরকার।

রোববার (১১ অক্টোবর) সংবিধানের নিরাপত্তাসংক্রান্ত দুটি অনুচ্ছেদের আওতায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর ফলে, প্রদেশটির সরকার কার্যত স্থগিত হয়ে গেছে।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নেওয়া সুপারিশ তিনি অনুমোদন করেছেন।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসবাদ দমনে প্রাদেশিক সরকার ইচ্ছাকৃতভাবে সহযোগিতা থেকে সরে এসেছে বলে মন্ত্রিসভা মনে করছে। নিরাপত্তা পরিস্থিতির পর্যালোচনার পর জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

খাইবার পাখতুনখোয়া প্রদেশে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের সরকার রয়েছে। ইমরান খান তিন বছরের বেশি সময় ধরে কারাগারে থাকলেও, দেশের বিভিন্ন স্থানে তার ব্যাপক জনপ্রিয়তা বিদ্যমান।

এদিকে, ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদ অভিমুখে পদযাত্রার প্রস্তুতি নিচ্ছে তার দল। এই প্রেক্ষাপটে প্রদেশটিতে জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র: আল জাজিরা

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে ইরান আতঙ্ক, তিন দেশে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভালোবেসে বিয়ে, এক বছরের মাথায় পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৩৩ পি.এম


ভালোবেসে বিয়ে, এক বছরের মাথায় পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার হওয়া গৃহবধূ চন্দনা রানী শীলের (২২) হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭, যার মধ্যে তার স্বামী শিমুল শীলও রয়েছে।

শনিবার (১০ অক্টোবর) এসআরবি ৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

গত শুক্রবার সকালে সীতাকুণ্ডের বারৈয়াঢালা ইউনিয়নের টেরিয়াইল উচ্চবিদ্যালয়ের পেছনে একটি জমির আইল থেকে পুলিশ চন্দনার মরদেহ উদ্ধার করে। তার দুই হাত কাপড় দিয়ে বাঁধা ছিল এবং গলায় ওড়না প্যাঁচানো ছিল।

পরিবারের সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি দেখে তার পরিচয় শনাক্ত করেন।

এসআরবি-৭ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে সীতাকুণ্ডের বড় দারোগারহাট এলাকায় কুমিরা হাইওয়ে থানার সামনে থেকে শিমুল শীলকে গ্রেপ্তার করা হয়। শিমুলের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ১০টা ৪০ মিনিটে টেরিয়াইল বাজারের লাকি কমিউনিটি সেন্টারের সামনে থেকে পীযুষ শীল ওরফে প্রিতমকে গ্রেপ্তার করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে বারবকুণ্ডের মান্দারীটোলা এলাকা থেকে নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। শনিবার রাত ১২টা ১৫ মিনিটে ফকিরহাট এলাকা থেকে মো. ইলিয়াসকে গ্রেপ্তার করা হয়। এসআরবি নজরুল ও ইলিয়াসকে তদন্তে পাওয়া আসামি হিসেবে উল্লেখ করেছে।

এদিকে, এ ঘটনার মূল অভিযুক্ত চন্দনার স্বামী শিমুল শীল গতকাল আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তার জবানবন্দিতে তিনি আরও দুই তরুণকে সঙ্গে নিয়ে স্ত্রীকে হত্যার কথা জানিয়েছেন।

চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাখাওয়াত হোসেনের আদালতে শিমুল শীল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে শিমুলের সঙ্গে চন্দনার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং পরে তারা বিয়ে করেন। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে চন্দনাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো বলে পরিবারের অভিযোগ।

ঘটনার আগের দিনও নির্যাতনের শিকার হয়ে চন্দনা বাবার বাড়িতে ফিরে এসেছিলেন। পরে তার স্বামী তাকে আবার ডেকে নিয়ে যান। এর এক দিন পর পরিবারের সদস্যরা তার মৃত্যুর খবর পান।

এদিকে গ্রেপ্তার হওয়া শিমুল জবানবন্দিতে আদালতকে জানান, তার স্ত্রী চন্দনা রানীর সঙ্গে নজরুলের সম্পর্ক ছিল বলে তার সন্দেহ ছিল। বিষয়টি নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। ঘটনার দিন রাতে তিনি এ নিয়ে চন্দনাকে জেরা করেন। সেখানে নজরুলও উপস্থিত ছিলেন। একপর্যায়ে চন্দনা মামলার হুমকি দিলে তারা চন্দনাকে হত্যা করেন। হত্যায় নজরুলের বন্ধু ইলিয়াসও অংশ নেন। তিনজন মিলেই চন্দনাকে খুন করেন।

পুলিশ জানায়, নজরুল ইসলাম ও ইলিয়াস হোসেন দুজনেই বন্ধু। নজরুল সিএনজি অটোরিকশার চালক এবং ইলিয়াস মিনিবাসের চালক। শিমুল ও পীযূষ দুজনেই কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ডাম্পিং স্টেশনে প্রহরীর কাজ করেন।

নজরুলের সিএনজিচালিত অটোরিকশায় আসা-যাওয়া করতে গিয়ে চন্দনার সঙ্গে তার পরিচয় হয়। এ নিয়ে স্বামীর সঙ্গে তার বিরোধ তৈরি হয়। আর এর জের ধরেই শিমুল ও নজরুল তাকে ডেকে নিয়ে হত্যা করেন। হত্যায় অংশ নেন নজরুলের বন্ধু ইলিয়াসও।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, ঘটনার পর দায়ের করা হত্যা মামলার শিমুল ও পীযূষকে গ্রেপ্তার করা হয়। তবে জিজ্ঞাসাবাদের পর শিমুল হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন এবং নজরুল এবং ইলিয়াসের জড়িত থাকার তথ্য দেন। এরপর রাতেই নজরুল এবং ইলিয়াসকে ভাটিয়ারী ক্যান্টনমেন্ট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গতকাল গ্রেপ্তার চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ফেরার পথে তাজমিনের ধর্ষণ-খুন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৩৩ পি.এম


কক্সবাজারে ‘রাজুর স্ত্রী’ পরিচয়ে হোটেলে ফেরার পথে তাজমিনের ধর্ষণ-খুন

কক্সবাজারের একটি আবাসিক হোটেলে রাজুর স্ত্রী পরিচয়ে রাত কাটিয়েছিলেন কুমিল্লার ধর্ষণের পর হত্যার শিকার স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন (১৫)। হোটেলের নথিতে তার নাম লেখা হয়েছিল তানজু আক্তার এবং বয়স ১৮ বছর বলে উল্লেখ করা হয়েছিল। কক্সবাজার থেকে বাড়ি ফেরার পথে কুমিল্লার পদুয়ারবাজারে বাস থেকে নেমে সিএনজিতে ওঠার পর চালক মো. সুমন মিয়ার (৩৫) হাতে তিনি প্রাণ হারান। এ ঘটনায় গ্রেপ্তার সুমন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

কক্সবাজারের কলাতলীতে অবস্থিত একটি আবাসিক হোটেলের নথি ও নিরাপত্তা ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, গত ৬ অক্টোবর সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে রিয়াজ উদ্দিন ওরফে রাজুর সঙ্গে ৩০২ নম্বর কক্ষ ভাড়া নিয়েছিলেন তাজমিন। সেখানে তাকে রাজুর স্ত্রী হিসেবে পরিচয় দেওয়া হয়। হোটেলের খাতায় রাজুর ঠিকানা বান্দরবানের লামা উল্লেখ করা হয়েছিল। এক রাত থাকার পর ৭ অক্টোবর বেলা ১১টার দিকে তারা হোটেল ত্যাগ করেন।

গণমাধ্যমের অনুসন্ধানে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা আদান-প্রদান ও ছোট ভিডিও বিনিময়ের মাধ্যমে রাজুর সঙ্গে তাজমিনের পরিচয় ও ঘনিষ্ঠতা তৈরি হয়। তাদের পরিচয়ের সময়কাল নিয়ে ভিন্ন তথ্য পাওয়া গেছে। রাজুর এক সহকর্মীর দাবি, ১৭ দিন আগে তাদের পরিচয় হয়েছিল। অন্য একটি সূত্রের দাবি, পরিচয় প্রায় পাঁচ মাসের। রাজু গত তিন বছর ধরে কক্সবাজারের একটি আবাসিক হোটেলে কাজ করছেন।

তাজমিনের কক্সবাজার যাত্রার পেছনে পারিবারিক মনোমালিন্যের তথ্যও উঠে এসেছে। গত ৪ অক্টোবর এক বান্ধবীকে হাতঘড়ি দেওয়া নিয়ে মায়ের সঙ্গে কথা-কাটাকাটির পর তিনি বাসা ছাড়েন। প্রথমে ব্রাহ্মণবাড়িয়ায় এক বান্ধবীর কাছে যান। পরে রাজুর সঙ্গে যোগাযোগ করলে তিনি বিকাশের মাধ্যমে ৫০০ টাকা পাঠান বলে জানা গেছে।

কক্সবাজারে যাওয়ার পর রাজু তাজমিনের জন্য ৯০০ টাকা দিয়ে বাসের টিকিট কাটেন। কক্সবাজারের একটি পরিবহন কাউন্টারের প্রতিনিধি আবদুল্লাহ গণমাধ্যমকে জানান, ৬ অক্টোবর রাত ৮টার পর তাজমিন ও রাজু পরদিনের বাসের টিকিট সংগ্রহ করেন। ৭ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে তাজমিনকে বাসে তুলে দেওয়া হয়।

নিরাপত্তা ক্যামেরার দৃশ্য অনুযায়ী, ৭ অক্টোবর রাত পৌনে ১২টার দিকে কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোডের একটি হোটেলের সামনে বাস থেকে নামেন তাজমিন। এরপর শহরের রেসকোর্স এলাকার বাসায় যাওয়ার জন্য সুমন মিয়ার অটোরিকশায় ওঠেন। পুলিশের তথ্য অনুযায়ী, সুমন তাকে গন্তব্যে না নিয়ে লালমাই উপজেলার ভোরালজগতপুর উত্তরপাড়ার নির্জন স্থানে নিয়ে যান। সেখানে ধর্ষণের পর গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয় তাকে।

পরদিন ৮ অক্টোবর সকালে একটি ধানখেতের আইল থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে চট্টগ্রাম থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। তার দেখানো জায়গা থেকে তাজমিনের ব্যবহৃত মুঠোফোনও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তাজমিনের মা কেয়া খাতুন গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে মেয়ের সঙ্গে তার শেষ কথা হয়। তখন তাজমিন শুধু এক বান্ধবীর বাসায় থাকার কথা বলেছিলেন। মা তাকে বাড়িতে ফিরিয়ে আনতে চাইলেও তিনি কোথায় আছেন, তা স্পষ্ট করেননি।

তাজমিনের গৃহশিক্ষক সাদ বিন এরশাদ গণমাধ্যমকে জানান, মেয়েটি চঞ্চল স্বভাবের ছিল। রাগারাগি হলে প্রায়ই একা বাসা থেকে বেরিয়ে যেত। তবে মা অসুস্থ থাকলে যমজ দুই ছোট ভাইয়ের যত্ন নিত সে।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, এ ঘটনায় সুমন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। উদ্ধার করা মুঠোফোনের কলতালিকা ও অন্যান্য ডিজিটাল তথ্য যাচাই করে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে ঘটনার বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসুর উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৩৪ পি.এম


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসুর উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও স্বাস্থ্যসেবা প্রদানের উদ্দেশ্যে দুই দিনব্যাপী ‘রাকসু হেলথ ক্যাম্প’ আয়োজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) পরিবেশ ও সমাজকল্যাণ বিভাগ।

রোববার (১১ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এই ক্যাম্পের উদ্বোধন করা হয়।

ক্যাম্পটি ১১ ও ১২ অক্টোবর দুই দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে। এতে ১৬টি বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার পাশাপাশি প্রায় ১৫ ধরনের বিনামূল্যের মেডিকেল পরীক্ষা করানোর সুযোগ রয়েছে।

রাকসুর পরিবেশ ও সমাজকল্যাণ বিভাগের উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পের বাস্তবায়নে সহযোগিতা করছে ড্রিমার্স কনসালটেশন অ্যান্ড রিসার্চ (ডিসিআর) এবং ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ), রাজশাহী।

আয়োজকরা জানিয়েছেন, ক্যাম্পে নাক-কান-গলা, লিভার, কিডনি, বক্ষব্যাধি, গাইনি ও মেডিসিনসহ ১৬টি বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগ রয়েছে। এছাড়া আলট্রাসনোগ্রাম, ইসিজি, রিফ্র্যাকশন টেস্ট ও ফিজিওথেরাপিসহ প্রায় ১৫ ধরনের বিনামূল্যের মেডিকেল পরীক্ষা করানো যাবে। ক্যাম্পের অন্যতম বিশেষত্ব হলো, বিভিন্ন পরীক্ষার রিপোর্ট একই দিনে, দুই থেকে তিন ঘণ্টার মধ্যে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

ডিসিআরের প্রতিনিধি ড. ইলিয়াস হোসেন জানিয়েছেন, "শুধু হাসপাতালভিত্তিক চিকিৎসাসেবার মাধ্যমে জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সম্ভব নয়। তাই একই জায়গায় চিকিৎসকের পরামর্শ, পরীক্ষা-নিরীক্ষা ও রিপোর্টভিত্তিক পরামর্শ দেওয়ার ব্যবস্থা করেছি। আমাদের পোর্টেবল ল্যাবে পরীক্ষা করে দুই ঘণ্টার মধ্যে রিপোর্ট দেওয়া হবে। রোগীর বয়স, উচ্চতা, ওজন ও ঝুঁকি বিবেচনায় প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হবে। মূল লক্ষ্য হলো, রোগকে প্রাথমিক পর্যায়ে শনাক্ত করে জটিলতা ও ব্যয়বহুল চিকিৎসার ঝুঁকি কমানো। এ লক্ষ্যে ড্রিমার্স কনসালটেশন অ্যান্ড রিসার্চ গত ১৮ বছর ধরে কাজ করছে।"

রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার বলেছেন, "রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাথমিক চিকিৎসাসেবাও ঠিকমতো পান না। সেখানে এক জায়গায় এতগুলো সেবা পাওয়া এবং মাত্র দুই ঘণ্টার মধ্যে পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়া অবিশ্বাস্য।"

রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ মন্তব্য করেছেন, "আমরা সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই। আমরা দোয়া করি, অসুস্থ শিক্ষার্থীরা এই চিকিৎসাসেবার মাধ্যমে সুস্থ হয়ে উঠুক।"

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মতিয়ার রহমান বলেছেন, "এ ধরনের চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে শিক্ষার্থীরা বিনামূল্যে বা স্বল্পমূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা নেওয়ার সুযোগ পাচ্ছেন। বিশেষ করে আর্থিক সীমাবদ্ধতার কারণে যারা উন্নত চিকিৎসা নিতে পারেন না, তাদের জন্য এ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করি, এ ধরনের উদ্যোগ দেশজুড়ে ছড়িয়ে পড়বে এবং আন্তর্জাতিকভাবেও স্বীকৃতি লাভ করবে।"

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মতিয়ার রহমান। এছাড়া অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, এনডিএফ এবং ডিসিআরের চিকিৎসক, রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জিএস সালাউদ্দিন আম্মারসহ রাকসুর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জবির ছাত্রী হলে ল্যাপটপ ও টাকা চুরি, প্রশাসনের দায়সারা বক্তব্য

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৩৪ পি.এম


জবির ছাত্রী হলে ল্যাপটপ ও টাকা চুরি, প্রশাসনের দায়সারা বক্তব্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হল নবাব ফয়জুন্নেছা চৌধুরানী হলে একটি কক্ষ থেকে ল্যাপটপ ও নগদ টাকা চুরির অভিযোগ উঠেছে। ঘটনার প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও চুরি যাওয়া মালামাল উদ্ধার হয়নি।

এদিকে, সংশ্লিষ্ট ফ্লোরের চারটি সিসিটিভি ক্যামেরা অচল থাকলেও তা নিয়ে হল প্রশাসনের ভূমিকা এবং বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী। তাদের অভিযোগ, ঘটনার পর প্রত্যাশিত সহযোগিতা না দিয়ে দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে কর্তৃপক্ষ।

ভুক্তভোগী আফসানা মিমি বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার অভিযোগ, গত ৭ অক্টোবর হলের ১৩০৩ নম্বর কক্ষ থেকে প্রায় ৬০ হাজার টাকা মূল্যের একটি ল্যাপটপ চুরি হয়। এর পরদিন ৮ অক্টোবর একই কক্ষের আরেক শিক্ষার্থী এশার আলমারি থেকে দুই হাজার টাকার বেশি খোয়া যায়। ঘটনার পর হল প্রশাসনকে জানানো হলেও এখন পর্যন্ত চুরি যাওয়া মালামালের সন্ধান পাওয়া যায়নি।

মিমি জানান, ৬ অক্টোবর রাতে ল্যাপটপটি ব্যাগে ভরে বিছানার মাথার কাছে রেখেছিলেন তিনি। পরদিন দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত কক্ষে ছিলেন না। ওই সময়ের মধ্যেই ল্যাপটপটি চুরি হয়েছে বলে ধারণা তাঁর। ৮ অক্টোবর সকালে একই কক্ষের আরেক শিক্ষার্থীর টাকা খোয়া যাওয়ার ঘটনা জানার পর খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে দুপুরে ক্লাস থেকে ফিরে নিজের ব্যাগে ল্যাপটপটি পাননি তিনি। পরে পুরো ফ্লোরে খোঁজ করেও সেটির সন্ধান মেলেনি।

ঘটনার পর হল প্রভোস্ট ও প্রশাসনের কাছে অভিযোগ জানাতে গেলে দুই থেকে তিন ঘণ্টা অপেক্ষা করতে হয় বলে দাবি করেন মিমি। পরে তাঁদের জানানো হয়, সংশ্লিষ্ট ফ্লোরের চারটি সিসিটিভি ক্যামেরাই অচল।

মিমি বলেন, "আমার ল্যাপটপ ও সহপাঠীর টাকা চুরি হওয়ার পর আমরা হল কর্তৃপক্ষের কাছে যাই। কিন্তু দুই-তিন ঘণ্টা বসিয়ে রাখার পর তারা জানায়, ফ্লোরের চারটি সিসিটিভি ক্যামেরাই নষ্ট। তারা দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। একটা ফ্লোরে ৮০-৯০ জন মেয়ে থাকে। সেখানে এক সপ্তাহ ধরে সিসিটিভি নষ্ট, অথচ তারা খেয়াল করেনি। হল কর্তৃপক্ষের এই অসাবধানতার কারণে আমার যে ক্ষতি হয়েছে, আমি এর সুষ্ঠু তদন্ত ও ক্ষতিপূরণ চাই।"

এ বিষয়ে হলের প্রভোস্ট আঞ্জুমান আরা আরটিভিকে বলেন, "দুই দিন আগে ইঁদুরে সিসিটিভি ক্যামেরার তার কেটে ফেলায় সেগুলো অচল হয়ে পড়ে। আর শিক্ষার্থী ঠিক কবে ল্যাপটপ হারিয়েছেন, তা নিশ্চিত করে বলতে পারছেন না। তাঁর বান্ধবীর টাকা খুঁজতে গিয়ে তিনি ল্যাপটপটি নেই বলে দেখতে পান।"

প্রভোস্ট আরও বলেন, "হলে ওঠার আগেই শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হয়, কোনো কিছু হারিয়ে গেলে এর দায়ভার হল প্রশাসন নেবে না। আমরা কয়েকবার ওই কক্ষের শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করেছি। এ ঘটনায় রোববার একটি সভা ডেকেছি। কক্ষে কে বা কারা আসা-যাওয়া করেন, তা তো আমাদের জানা থাকে না।"

হলের নিরাপত্তা জোরদারে প্রবেশপথে ফিঙ্গারপ্রিন্ট ব্যবস্থা চালুর পরিকল্পনার কথা জানিয়ে প্রভোস্ট বলেন, "এ ব্যবস্থা চালু করলে বাইরে থেকে অতিথি আনতে না পারার কারণে শিক্ষার্থীরা আবার আপত্তি তুলতে পারেন। আমরা চেষ্টা করছি, শিক্ষার্থী তার টিউশনির কষ্টের টাকা দিয়ে কেনা ল্যাপটপটি খুঁজে বের করতে।"

উল্লেখ্য, চুরির ঘটনায় হলের নিরাপত্তাব্যবস্থা এবং সিসিটিভি ক্যামেরার নিয়মিত তদারকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। চুরি যাওয়া মালামাল উদ্ধারে কার্যকর তদন্তের পাশাপাশি নিরাপত্তাব্যবস্থার ত্রুটি চিহ্নিত করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানায় হলের শিক্ষার্থীরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%