০৯:০৫ পি.এম
ফরিদপুরে পদ্মার পানি কমার সাথে সাথে শুরু হয়েছে তীব্র নদীভাঙন। অব্যাহত ভাঙনের ফলে সম্পূর্ণ দুটি গ্রাম চোখের সামনে বিলীন হয়ে গেছে। ভিটেমাটি ও সহায়-সম্বল হারিয়ে গৃহহীন মানুষের আহাজারিতে পদ্মার পাড় ভারী হয়ে উঠেছে।
বুধবার (২১ অক্টোবর) সকালে সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মোস্তফা জানান, পদ্মার করাল গ্রাসে এক নিমেষেই মুছে গেছে জয়নাল মাতুব্বর ডাঙীর মতো একটি পুরো গ্রামের অস্তিত্ব। আজকের দিনে সদর উপজেলার জয়নাল মাতুব্বর ডাঙ্গী গ্রামটি কেবল স্মৃতি হয়ে দাঁড়িয়ে আছে। একের পর এক বসতভিটা, স্বপ্ন এবং সহায়-সম্বল গিলে খেয়ে পদ্মা এখন রুদ্ররূপ ধারণ করেছে।
হঠাৎ এবং ভয়াবহ এ ভাঙনে নর্থচ্যানেল ইউনিয়নের একাধিক ওয়ার্ডে দুই শতাধিক বসতবাড়ি এবং কয়েক হাজার বিঘা ফসলি জমি নদীগর্ভে তলিয়ে গেছে। বিলীন হয়েছে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘরও। ঘরবাড়ি হারিয়ে শত শত পরিবার এখন খোলা আকাশের নিচে পলিথিন টাঙিয়ে কিংবা বাঁধে কোনোমতে দিন কাটাচ্ছেন। ভাঙনকবলিত এলাকায় দেখা দিয়েছে চরম খাদ্য, নিরাপদ পানি ও চিকিৎসার সংকট।
আরও পড়ুন: ভেসে যাচ্ছিলেন একজন, উদ্ধারে একে অপরের হাত ধরে শেকল তৈরি করেও রক্ষা হয়নি
ভাঙনের তীব্রতায় ধ্বংস হয়ে গেছে কোটি কোটি টাকার সরকারি অবকাঠামো। চার কোটি টাকা ব্যয়ে নির্মিত নর্থচ্যানেল কবিরপুর এলাকার চার চরের সংযোগকারী কবিরপুর সেতুটি শেষ পর্যন্ত পদ্মায় বিলীন হয়ে গেছে। সেতুর পাশাপাশি প্রায় তিন কিলোমিটার পাকা সড়ক সম্পূর্ণ নদীগর্ভে তলিয়ে যাওয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া ধসে পড়েছে একটি মসজিদ, একটি দ্বীনি মক্তব এবং হাজার হাজার ফলদ ও বনজ গাছপালা।
ভিটেমাটি হারানো প্রবীণ বাসিন্দারা বিলাপ করে জানান, চোখের সামনে নিজের হাতে গড়া ঘরবাড়ি পদ্মায় তলিয়ে গেলেও তা রক্ষা করার কোনো সুযোগ পাননি তারা। সন্তান ও গবাদিপশু নিয়ে এখন কীভাবে দিন কাটবে, তা নিয়ে দিশেহারা পুরো জনপদ।
ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ভিত্তিতে খাদ্য, নিরাপদ পানি, পলিথিন-তাঁবু ও চিকিৎসা সেবার পাশাপাশি দ্রুত স্থায়ী পুনর্বাসনের দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সাথে নদীভাঙন রোধে জিওব্যাগ ফেলা এবং স্থায়ী বাঁধ নির্মাণের তাগিদ দেওয়া হয়েছে।
এ বিষয়ে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেন জানান, কবিরপুর ভাঙন এলাকা ইতোমধ্যে পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য নায়াব ইউসুফ। পরবর্তী নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
আরও পড়ুন: সাইবার সিকিউরিটি আইন সংশোধনে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন