মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৭:৩৯ পি.এম
১ সেপ্টেম্বর, ২০২৬ : মঙ্গলবার থেকে জাপান ওভারটাইমের নিয়ম শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর লক্ষ্যে নেওয়া হয়েছে। তবে, এই পদক্ষেপকে দেশের দীর্ঘদিনের কাজপাগল সংস্কৃতির দিকে ফিরে যাওয়ার প্রচেষ্টা হিসেবে সমালোচনা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নেতৃত্বাধীন সরকার জুলাই মাসে একটি প্রবৃদ্ধি কৌশল গ্রহণ করে, যেখানে কর্মঘণ্টার তদারকি ব্যবস্থায় পরিবর্তনের আহ্বান জানানো হয়। এর পরবর্তী পদক্ষেপ হিসেবে এই নিয়ম পরিবর্তন করা হলো।
এ খবরটি টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি জানায়।
শ্রমিকের তীব্র সংকট মোকাবিলা করতে গিয়ে কিছু ব্যবসায়ী খাত আরও নমনীয় কর্মপদ্ধতির দাবি জানাচ্ছিল। এই পরিবর্তনের পেছনে তাদের দাবিও আংশিকভাবে কাজ করেছে।
জাপানের শ্রম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটির প্রায় ৪০ শতাংশ প্রতিষ্ঠান শ্রমিক ও ব্যবস্থাপনার মধ্যে বিশেষ চুক্তির আওতায় পরিচালিত হচ্ছে। এসব চুক্তির মাধ্যমে আইনগতভাবে মাসে সর্বোচ্চ ১০০ ঘণ্টা পর্যন্ত ওভারটাইমের অনুমতি রয়েছে।
তবে, এসব প্রতিষ্ঠানকে কর্তৃপক্ষ মাসে ৪৫ ঘণ্টার মধ্যে ওভারটাইম সীমিত রাখার পরামর্শ দিয়ে আসছিল। এই নির্দেশনাকে কার্যত নিয়মের সমতুল্য হিসেবে বিবেচনা করা হতো। শ্রম মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এএফপিকে জানান, ৪৫ ঘণ্টার সীমা অতিক্রম করলে ‘কারোশি’ বা অতিরিক্ত কাজের কারণে মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়।
নতুন নিয়মটি মঙ্গলবার থেকে কার্যকর হচ্ছে, যার ফলে শ্রমমান পরিদর্শন দপ্তরগুলো ৪৫ ঘণ্টার সীমা নিয়ে প্রতিষ্ঠানগুলোর ওপর আর চাপ প্রয়োগ করবে না।
জাপান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একটি জরিপে দেখা যায়, মে মাসে এ ধরনের চাপ দেশটির প্রায় ২০ শতাংশ ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানের কার্যক্রম ‘সীমিত’ করে দিচ্ছে। বিশেষ করে নির্মাণ, পরিবহন ও আতিথেয়তা খাতের মতো জনবল সংকটে থাকা শিল্পগুলো এতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তবে সমালোচকরা বলছেন, এ পদক্ষেপ জাপানের করপোরেট সংস্কার কার্যক্রমকে পিছিয়ে দেবে। দীর্ঘ কর্মঘণ্টার ওপর ভিত্তি করে গড়ে ওঠা করপোরেট সংস্কৃতিকে আধুনিক করার যে উদ্যোগ নেওয়া হয়েছিল, এটি তার বিপরীতমুখী পদক্ষেপ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : দুর্নীতি দমন কমিশন (দুদক) এ এম নাঈমুর রহমান দুর্জয়ের স্ত্রী ফারহানা রহমান হ্যাপি, ঘিওরের সাবেক উপজেলা চেয়ারম্যান মাহবুবুর রহমান জনি এবং যুবলীগ নেতা মো. আবুল বাশারকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
আজ দুদক প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত নিয়মিত ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এই তথ্য প্রকাশ করেন।
দুদকের প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, তাদের নামে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ ও অস্বাভাবিক আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এই প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারা অনুযায়ী সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দুদক জানায়, সাবেক সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়ের স্ত্রী ফারহানা রহমান হ্যাপির নামে ১ কোটি ৩৯ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া গেছে। তাঁর অর্জিত সম্পদের পূর্ণাঙ্গ বিবরণ উদঘাটন এবং আয়ের উৎসের সঠিকতা যাচাইয়ের জন্য এই আদেশ দেওয়া হচ্ছে।
এছাড়া, মানিকগঞ্জের ঘিওর উপজেলার সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান জনির নামে ৬৯ লাখ ৯৪ লাখ ১৮৪ টাকার অসংগতিপূর্ণ সম্পদ পাওয়া গেছে। তাঁর স্থাবর ও অস্থাবর সম্পদের সঠিক হিসাব বের করার জন্য দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী একই আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।
অন্যদিকে, যুবলীগ নেতা মো. আবুল বাশারের বিরুদ্ধে ২০১০ থেকে ২০২৫ সাল পর্যন্ত অবৈধ বালু ব্যবসা, দুর্নীতি ও অর্থ পাচারের (মানি লন্ডারিং) মাধ্যমে বিপুল অর্থ অর্জনের অভিযোগ রয়েছে। তাঁর মালিকানাধীন ১৪টি ব্যাংক হিসাবে মোট ৮৬ কোটি ৮০ লাখ ৪৭ হাজার ৪৪৯ টাকার অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।
দুদকের নথিতে উল্লেখ করা হয়েছে, আবুল বাশারের নামে আরও বেনামী স্থাবর ও অস্থাবর সম্পদ থাকতে পারে। তাই তাঁর অর্জিত সব সম্পদের উৎস ও সত্যতা যাচাইয়ের জন্য সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সাবেক সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে ১ কোটি ২১ লাখ ৮১ হাজার ৭৯০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ২২টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৯৩ কোটি ৬৫ লাখ ৯৯ হাজার ৬৫০ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে ২০২৪ সালের ১৮ ডিসেম্বর দুদকের সমন্বিত জেলা কার্যালয় (সজেকা), ঢাকা-১-এ একটি মামলা দায়ের করা হয়। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।
দুদক প্রধান কার্যালয়ের পরিচালক মো. আবুল হাসনাতের নেতৃত্বে গঠিত তিন সদস্যের অনুসন্ধান দল এই বিষয়ে তদন্ত পরিচালনা করছে। দলের অন্য সদস্যরা হলেনÑসহকারী পরিচালক তাপস ভট্টাচার্য্য এবং উপ-সহকারী পরিচালক ওয়াশকুরুনী।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কুমিল্লা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ মন্তব্য করেছেন, জিয়াউর রহমানই একমাত্র প্রেসিডেন্ট যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং মহান মুক্তিযুদ্ধে সরাসরি অস্ত্র হাতে অংশগ্রহণ করেছেন।
আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে মন্ত্রী এই কথা বলেন।
মন্ত্রী আরও জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি দেশের মানুষের দায়িত্ববোধ, সততা ও সাধারণ জীবনযাপন রাজনৈতিক কর্মীদের জন্য চিরকাল অনুসরণীয় হয়ে থাকবে। তিনি বিএনপির নেতা-কর্মীদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ ও মানুষের কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।
মন্ত্রী বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী এবং জনগণের প্রত্যক্ষ ম্যান্ডেট ও ভোটের মাধ্যমে সরকার গঠন করেছে বিএনপি। ইতিহাসে কোনো স্বৈরাচারী বা অগণতান্ত্রিক সরকার জনগণের ওপর জোর করে চিরস্থায়ীভাবে ক্ষমতা ধরে রাখতে পারেনি। সময়ের পরিক্রমায় বহু শক্তিশালী শাসকের পতন ঘটেছে। তাই গণতন্ত্রের মূল শক্তি হলো জনগণ, এবং জনগণই রাষ্ট্রীয় ক্ষমতার প্রকৃত উৎস।
মন্ত্রী উল্লেখ করেন, দেশের প্রায় ৭৫ শতাংশ মানুষ কৃষি ও কৃষিকাজের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। তিনি বলেন, সরকার বিশ্বাস করে, কৃষকের অর্থনৈতিক উন্নয়ন হলেই দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত হবে। কৃষকের সার্বিক কল্যাণ ও উন্নয়ন ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়।
তিনি আরও বলেন, এমন একটি সময় ছিল যখন সাধারণ কৃষিপণ্যও আমদানি করতে হতো। তবে বর্তমান সরকারের বিভিন্ন কার্যকরি পদক্ষেপের ফলে অন্তত পেঁয়াজের ক্ষেত্রে আমাদের আমদানিনির্ভরতা অনেক কমেছে। আগামী দিনে আমাদের নতুন প্রজন্মকে আর পেঁয়াজ আমদানি করতে হবে না, বরং আমরা বিদেশে পেঁয়াজ রপ্তানির লক্ষ্য নিয়ে কাজ করছি।
কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবুর সভাপতিত্বে এবং কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, এমপি; সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া; মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজিবসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
টাঙ্গাইল, ১ সেপ্টেম্বর, ২০২৬ : বেকারত্ব দূরীকরণ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্দেশ্যে প্রথমবারের মতো জব ফেয়ার আয়োজন করা হয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে আজ মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জনসেবা চত্বরে দিনব্যাপী জব ফেয়ার-২০২৬ এর উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক।
জব ফেয়ার অনুষ্ঠানে জেলার শীর্ষস্থানীয় এনজিও, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং দেশের শীর্ষস্থানীয় মোট ৫১ টি প্রতিষ্ঠান তাদের চাহিদা অনুযায়ী আগ্রহী প্রার্থীদের নির্বাচনের জন্য রেজিষ্ট্রেশনের মাধ্যমে সিভি নিচ্ছেন। একইসাথে, মেলায় চাকরিপ্রত্যাশী প্রার্থীদের তাৎক্ষণিক ইন্টারভিউ নিয়ে যোগ্য প্রার্থীদের সরাসরি নিয়োগ প্রদান করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক শরীফা হক উল্লেখ করেন, চাকরি করতে আগ্রহী অনেক শিক্ষিত মানুষ বিভিন্ন সময় তাদের আগ্রহ প্রকাশ করেন। এই বিষয়গুলো মাথায় রেখেই আজকের জব ফেয়ার আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, এই জব ফেয়ার এর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের চাহিদা অনুযায়ী আগ্রহী প্রার্থী নির্বাচন করতে পারবেন এবং তরুণ প্রজন্মের মধ্যে উৎসাহ সৃষ্টি হবে। পরবর্তীতে এ ধরনের জব ফেয়ার আয়োজনের পরিকল্পনাও রয়েছে বলেও তিনি জানান।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহবুব হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমাইয়া মমিন, টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া প্রমুখ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নড়াইল, ১ সেপ্টেম্বর, ২০২৬ : আজ জেলা জুড়ে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র নড়াইল জেলা কমিটির উদ্যোগে শহরের চৌরাস্তা থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত নড়াইল চৌরাস্তায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
ব্যানার, ফেস্টুনসহ বর্ণাঢ্য এই র্যালিতে জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান অলেক সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা উল্লেখ করেন, বিএনপি দেশের জনগণের অধিকার রক্ষায় নিরলস কাজ করে যাচ্ছে। দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই উপলক্ষে দলীয় কর্মসূচির অংশ হিসেবে নড়াইল পৌরসভার পুকুরপাড়ে বৃক্ষ রোপণ এবং পৌর পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর এসব কর্মসূচিতে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার ইজাজুল হাসান বাবু, অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল, নগর বিএনপির সভাপতি মো. তেলায়েত হোসেন ও সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান, গোবরা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মো. সুলতান মোল্যা, জেলা যুবদলের সভাপতি মো. মশিয়ার রহমান ও সাধারণ সম্পাদক সায়াদত কবির রুবেল, জেলা ছাত্রদলের আহবায়ক খন্দকার মাহমুদুল হাসান সনি ও সদস্য সচিব মামুন গাজীসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ