০৩:৫০ পি.এম
ইরানের পার্লামেন্ট নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মেহেরদাদ আখলাকি কেতাবচিকে অনুমোদন প্রদান করেছে।
রোববার (১৮ অক্টোবর) রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানায় সংবাদ সংস্থা রয়টার্স। নতুন দায়িত্ব গ্রহণের পর আখলাকি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি আবারও ইরানে হামলা চালায়, তাহলে তার জবাব হবে অপ্রত্যাশিত এবং ব্যাপক।
পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটে আখলাকির পক্ষে ২৩৭টি এবং বিপক্ষে ১৫টি ভোট পড়ে। মোট ২৭৭টি ভোটের মধ্যে কোনো ভোটই বাতিল বা বিরত হিসেবে গণ্য হয়নি। ভিডিও সম্মেলনের মাধ্যমে অনুষ্ঠিত অধিবেশনে আইনপ্রণেতারা আখলাকির পক্ষে ও বিপক্ষে বক্তব্য শোনার পর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনাও পর্যালোচনা করেন।
আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত
এভাবে কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটলো। এর আগে প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রাথমিক হামলায় নিহত হন। এরপর মাজিদ এবন আল-রেজা ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।
ভোটের আগে আইনপ্রণেতাদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে আখলাকি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি আবারও ইরানে হামলা চালায়, তাহলে ইরানের জনগণ ও ইসলামি যোদ্ধাদের জবাব হবে অপ্রত্যাশিত এবং ব্যাপক। তিনি সতর্ক করেন যে, এর ফলে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে যে পরিণতি সৃষ্টি হবে, তার দায় ওয়াশিংটন ও তার মিত্রদের নিতে হবে।
আখলাকি আরও দাবি করেন, তিনি গত ৩৫ বছর ধরে শত্রুদের হত্যার তালিকায় রয়েছেন। একই সঙ্গে তিনি ইরানকে প্রতিরোধ ফ্রন্ট হিসেবে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দেন।
নতুন প্রতিরক্ষামন্ত্রী জানান, ইরানের প্রতিরক্ষা উৎপাদন বৃদ্ধি, সামরিক গবেষণা জোরদার এবং বর্তমান নিরাপত্তা হুমকি মোকাবিলায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাঠামোকে আরও কার্যকর করা হবে তার প্রধান লক্ষ্য।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে ইরান আতঙ্ক, তিন দেশে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা
দীর্ঘদিন ধরে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন আখলাকি। এর আগে তিনি দেশের মহাকাশ ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি শিল্পের সঙ্গে যুক্ত সংস্থা অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশনের প্রধান ছিলেন। যুক্তরাষ্ট্র তার ওপর ক্ষেপণাস্ত্র-সংশ্লিষ্ট কর্মকাণ্ডের অভিযোগে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
সূত্র: রয়টার্স , আনাদোলু এ্যাজেন্সী
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন