ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

মেসিকে ছাড়িয়ে রোনালদোর রেকর্ডের দিকে এগিয়ে যাচ্ছেন কেইন


মেসিকে ছাড়িয়ে রোনালদোর রেকর্ডের দিকে এগিয়ে যাচ্ছেন কেইন

হ্যারি কেইন চ্যাম্পিয়নস লিগে ৩০ বছর বয়স পেরোনোর পর গোল করার ক্ষেত্রে লিওনেল মেসিকে ছাড়িয়ে গেছেন। এখন ইংল্যান্ডের অধিনায়ক ক্রিস্তিয়ানো রোনালদোর রেকর্ড স্পর্শ করার সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছেন। ভাইকিংয়ের বিরুদ্ধে জোড়া গোল করে নতুন এক মাইলফলক গড়ার পাশাপাশি এই সম্ভাবনাও আরও জোরালো করেছেন বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার।

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বায়ার্ন ভাইকিংয়ের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে। প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়ে জার্মান ক্লাবটি। বিরতির পর ৫৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে কেইন ব্যবধান কমান। ছয় মিনিট পর হেডে নিজের দ্বিতীয় গোল করে দলকে সমতায় ফেরান তিনি। পরে লুইস দিয়াজের গোলে এগিয়ে গেলেও শেষ মুহূর্তে গোল হজম করে জয় হাতছাড়া করে বায়ার্ন।

ভাইকিংয়ের বিপক্ষে জোড়া গোলের সুবাদে চ্যাম্পিয়নস লিগে ৩০ বছরের পর কেইনের গোলসংখ্যা ৩৬ দাঁড়িয়েছে। তিনি ৪০টি ম্যাচ খেলেছেন। অন্যদিকে, একই বয়সে মেসি ৪৮ ম্যাচে ৩৫ গোল করেছিলেন। অর্থাৎ, কেইন মেসির চেয়ে আট ম্যাচ কম খেলেই তাকে ছাড়িয়ে গেছেন।

আরও পড়ুন: শূন্য রান করেও ম্যাচের নায়ক ম্যাক্স ফিল্ড, খেললেন ১৩২ বল

তবে এই তালিকায় এখনও সবার ওপরে রয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। ৩০ বছর বয়সের পর চ্যাম্পিয়নস লিগে ৭৪ ম্যাচ খেলে ৬৮ গোল করেছেন তিনি। রোনালদোর সেই রেকর্ড ভাঙতে হলে কেইনকে এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে।

এদিকে, চ্যাম্পিয়নস লিগে টানা ম্যাচে গোল করার রেকর্ডেও রোনালদোর দিকে এগোচ্ছেন কেইন। ভাইকিংয়ের বিপক্ষে গোল করে টানা নয় ম্যাচে জালের দেখা পেয়েছেন তিনি। এই কীর্তি রয়েছে রবার্ট লেভানডফস্কি ও রুড ফন নিস্টেলরয়েরও। আর টানা ১১ ম্যাচে গোল করে এই তালিকার শীর্ষে আছেন রোনালদো।

আগামী সপ্তাহে বায়ার্নের মাঠে আর্সেনালের বিপক্ষে গোল করতে পারলে কেইন টানা ১০ ম্যাচে গোল করার কীর্তি গড়বেন। এরপর আগামী মাসে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে গোল করতে পারলে রোনালদোর টানা ১১ ম্যাচে গোলের রেকর্ড স্পর্শ করার সুযোগ পাবেন ইংলিশ ফরোয়ার্ড।

চলতি মৌসুমেও দুর্দান্ত ছন্দে রয়েছেন কেইন। সব প্রতিযোগিতা মিলিয়ে নয় ম্যাচে আট গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও চার গোল। বুন্দেসলিগার প্রথম পাঁচ ম্যাচে তার গোল তিনটি, সঙ্গে রয়েছে তিনটি অ্যাসিস্ট।

আরও পড়ুন: রিয়ালের জয় ছাপিয়ে গুলারের লাল কার্ড বিতর্ক

জাতীয় দলের হয়েও দারুণ সময় কাটছে কেইনের। সম্প্রতি ইংল্যান্ডের হয়ে নিজের ১২৫তম ম্যাচ খেলেছেন তিনি। এর মধ্য দিয়ে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডে সাবেক গোলরক্ষক পিটার শিলটনের পাশে বসেছেন এই স্ট্রাইকার। আন্তর্জাতিক বিরতিতে ইংল্যান্ডের চার ম্যাচে ছয় গোল করে জাতীয় দলের হয়ে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯১।

চ্যাম্পিয়নস লিগে মেসিকে পেছনে ফেলার পর এবার রোনালদোর রেকর্ডের দিকে নজর কেইনের। ধারাবাহিক এই গোল-ছন্দ ধরে রাখতে পারলে ইউরোপীয় ক্লাব ফুটবলের মঞ্চে আরও একটি বড় কীর্তি গড়ার সুযোগ রয়েছে তাঁর সামনে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৪৬ জেলায় ১২০ প্রতিষ্ঠানকে জরিমানা, বাজারে অনিয়মের বিরুদ্ধে অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:১৩ পি.এম


৪৬ জেলায় ১২০ প্রতিষ্ঠানকে জরিমানা, বাজারে অনিয়মের বিরুদ্ধে অভিযান

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফল, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে তদারকি চালিয়ে দেশের ৪৬ জেলায় ১২০টি প্রতিষ্ঠানকে মোট ৯ লাখ ৯৩ হাজার ২০০ টাকা জরিমানা করেছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকা মহানগরসহ ৪৬ জেলায় অধিদপ্তরের ৬১টি টিম একযোগে পাইকারি ও খুচরা ব্যবসাপ্রতিষ্ঠানে এসব অভিযান পরিচালনা করে। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখা এবং অতিরিক্ত মূল্য আদায় প্রতিরোধে এ অভিযান পরিচালিত হয়েছে। এ সময় পণ্যের বিক্রয়মূল্য, মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ ও প্রদানসহ বিভিন্ন বিষয় যাচাই করা হয়।

ব্যবসায়ীদের কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিক মজুত ও পণ্যের সরবরাহে প্রতিবন্ধকতা তৈরি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করতে সতর্ক করা হয়।

ফল ব্যবসায়ীদের ন্যায্য ও যৌক্তিক মূল্যে ফল বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে। পচা বা নষ্ট ফল ভালো ফলের সঙ্গে মিশিয়ে বিক্রি এবং ফলে ক্ষতিকর রাসায়নিক বা অননুমোদিত পদার্থ ব্যবহার থেকে বিরত থাকতে বলা হয়েছে।

ভোক্তাদের পণ্য কেনার আগে মূল্যতালিকা যাচাই ও সঠিক ওজন বুঝে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে অধিদপ্তরের পক্ষ থেকে। প্রযোজ্য ক্ষেত্রে সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ দেখে পণ্য কেনা এবং রশিদ বা ভাউচার সংগ্রহের অনুরোধ জানানো হয়েছে।

কেনাকাটায় অনিয়ম বা প্রতারণার শিকার হলে অধিদপ্তরের হটলাইন ১৬১২১-এ অভিযোগ জানাতে বলা হয়েছে। বাজারে শৃঙ্খলা, ন্যায্যমূল্য ও স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে এ তদারকি অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর। সূত্র: বাসস

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় পাশে থাকবে যুক্তরাষ্ট্র’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:১৪ পি.এম


‘দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় পাশে থাকবে যুক্তরাষ্ট্র’

বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ সমর্থন ও সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে, এমন তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

বুধবার (১৪ অক্টোবর) সকালে ব্যাংককে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিদলের বৈঠক শেষে তিনি এ তথ্য প্রকাশ করেন।

তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্বব্যাংক এবং যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগসহ সংশ্লিষ্ট পক্ষগুলো বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক সংকট এবং উচ্চ মূল্যস্ফীতির পেছনে পূর্ববর্তী সরকারের সময় থেকে উদ্ভূত সমস্যাগুলোকে বিবেচনায় নিচ্ছে। পাশাপাশি, মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবও বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব ফেলছে বলে তাদের ধারণা।

তিতুমীর আরও বলেন, বর্তমান সরকার বাংলাদেশের অর্থনৈতিক সংকট মোকাবিলা ও বিদ্যমান সমস্যাগুলো সমাধানে আন্তরিকভাবে কাজ করছে, এমনটাই সংশ্লিষ্ট পক্ষগুলোর বিশ্বাস। এই কারণে আইএমএফ, বিশ্বব্যাংক এবং যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগসহ বিভিন্ন পক্ষ বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস প্রদান করছে।

এছাড়া, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে এসব সহযোগিতার অগ্রগতি এবং নিশ্চয়তা পাওয়া যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা নেবেন জ্বালানিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:১৪ পি.এম


এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা নেবেন জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন যে, এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট যদি প্রত্যাহার না করা হয়, তাহলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ তথ্য জানান।

জ্বালানিমন্ত্রী আরও বলেন, "যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হয়েছে।" তিনি উল্লেখ করেন যে, জ্বালানির দামেও স্থিতিশীলতা নেই। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রই একমাত্র সোর্স হিসেবে রয়েছে, অন্য সোর্সগুলো ঠিক নেই। এ অবস্থায়, ভোক্তা পর্যায়ে জ্বালানির দাম সহনীয় রাখতে সরকার কাজ করছে। তিনি সতর্ক করেন যে, "এমন পরিস্থিতিতে কেউ নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে ধর্মঘটের চেষ্টা করলে ১৯৫৬ সালের আইন প্রয়োগ করা হবে।" তিনি বলেন, কথায় কথায় ধর্মঘট ডেকে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।

মন্ত্রী আরও উল্লেখ করেন, সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়েছে এবং জনগণ আস্থা রেখে সরকারকে দায়িত্ব দিয়েছে। তিনি বলেন, "তাহলে জনগণ যাতে কোনো ধরনের ভোগান্তিতে না পড়ে, সে বিষয়ে সরকার সজাগ রয়েছে।" তিনি ধর্মঘটের পরিবর্তে আলোচনার টেবিলে বসে সমস্যার সমাধান করার আহ্বান জানান।

তিনি আরও জানান, এলপিজি ব্যবসায়ীদের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের বিষয়েও আলোচনা হয়েছে। এ বিষয়ে চলতি মাসেই আবারও বৈঠকে বসা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদিতে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখার কথা জানালেন প্রবাসী কল্যাণ মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:১৪ পি.এম


সৌদিতে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখার কথা জানালেন প্রবাসী কল্যাণ মন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, সৌদি আরবে হামলায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বক্ষণিক খোঁজ রাখা হচ্ছে।

বুধবার (১৪ অক্টোবর) নারায়ণগঞ্জের বন্দরে অবস্থিত শ্রম কল্যাণ কেন্দ্র পরিদর্শন শেষে, সৌদি আরবের বিমানবন্দরে হামলার শিকার বাংলাদেশিদের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য প্রকাশ করেন।

মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, "ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গেই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং শ্রম উইং সার্বক্ষণিক খোঁজখবর রাখছে।" তিনি আরও জানান, "এই মর্মান্তিক ঘটনায় আমাদের দুজন প্রবাসী নাগরিক মৃত্যুবরণ করেছেন এবং অনেকেই আহত হয়ে স্থানীয় কয়েকটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমরা সার্বক্ষণিক তাদের চিকিৎসার খোঁজ নিচ্ছি। আমি নিজেও আহত একজনের বাবার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলে সমবেদনা জানিয়েছি ও সহায়তার আশ্বাস দিয়েছি।"

মন্ত্রী সৌদি প্রবাসীদের উদ্দেশে পরামর্শ দেন, "ক্রান্তিকালীন সময়ে অত্যন্ত সাবধানে ও নিরাপদ আশ্রয়ে থাকতে।" তিনি জরুরি প্রয়োজনে সরাসরি বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট নম্বরগুলোতে যোগাযোগ করার আহ্বান জানান।

বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি সম্পর্কে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "প্রবাসীদের যেকোনো সমস্যা সমাধানে সরকার সর্বদা আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ।" তিনি বলেন, "বিমানবন্দরে হয়রানি সংক্রান্ত নির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে তা সরাসরি নিষ্পত্তির জন্য আমাদের ইমেইল- [email protected] এ প্রেরণের জন্য অনুরোধ করছি।"

নারায়নগঞ্জের শ্রমজীবী মেয়েদের আবাসন সুবিধার জন্য মহিলা হোস্টেল এবং চিকিৎসা সহায়তার জন্য ৫ শয্যার হাসপাতাল পরিদর্শন করেছেন মন্ত্রী। তিনি বলেন, "এলাকার সর্বস্তরের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করতে আগামী ৭ নভেম্বর এই শ্রমজীবী মহিলা হোস্টেল এবং পাঁচ শয্যার হাসপাতালের কার্যক্রম পূর্ণ উদ্যমে পুনরায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার লক্ষ্য নিয়ে কাজ করছি।"

এ সময় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. ফরহাদ সিদ্দিক, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক জামিল আহমেদ, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুছ সামাদ আল আজাদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%