প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
হ্যারি কেইন চ্যাম্পিয়নস লিগে ৩০ বছর বয়স পেরোনোর পর গোল করার ক্ষেত্রে লিওনেল মেসিকে ছাড়িয়ে গেছেন। এখন ইংল্যান্ডের অধিনায়ক ক্রিস্তিয়ানো রোনালদোর রেকর্ড স্পর্শ করার সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছেন। ভাইকিংয়ের বিরুদ্ধে জোড়া গোল করে নতুন এক মাইলফলক গড়ার পাশাপাশি এই সম্ভাবনাও আরও জোরালো করেছেন বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার।
মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বায়ার্ন ভাইকিংয়ের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে। প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়ে জার্মান ক্লাবটি। বিরতির পর ৫৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে কেইন ব্যবধান কমান। ছয় মিনিট পর হেডে নিজের দ্বিতীয় গোল করে দলকে সমতায় ফেরান তিনি। পরে লুইস দিয়াজের গোলে এগিয়ে গেলেও শেষ মুহূর্তে গোল হজম করে জয় হাতছাড়া করে বায়ার্ন।
ভাইকিংয়ের বিপক্ষে জোড়া গোলের সুবাদে চ্যাম্পিয়নস লিগে ৩০ বছরের পর কেইনের গোলসংখ্যা ৩৬ দাঁড়িয়েছে। তিনি ৪০টি ম্যাচ খেলেছেন। অন্যদিকে, একই বয়সে মেসি ৪৮ ম্যাচে ৩৫ গোল করেছিলেন। অর্থাৎ, কেইন মেসির চেয়ে আট ম্যাচ কম খেলেই তাকে ছাড়িয়ে গেছেন।
তবে এই তালিকায় এখনও সবার ওপরে রয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। ৩০ বছর বয়সের পর চ্যাম্পিয়নস লিগে ৭৪ ম্যাচ খেলে ৬৮ গোল করেছেন তিনি। রোনালদোর সেই রেকর্ড ভাঙতে হলে কেইনকে এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে।
এদিকে, চ্যাম্পিয়নস লিগে টানা ম্যাচে গোল করার রেকর্ডেও রোনালদোর দিকে এগোচ্ছেন কেইন। ভাইকিংয়ের বিপক্ষে গোল করে টানা নয় ম্যাচে জালের দেখা পেয়েছেন তিনি। এই কীর্তি রয়েছে রবার্ট লেভানডফস্কি ও রুড ফন নিস্টেলরয়েরও। আর টানা ১১ ম্যাচে গোল করে এই তালিকার শীর্ষে আছেন রোনালদো।
আগামী সপ্তাহে বায়ার্নের মাঠে আর্সেনালের বিপক্ষে গোল করতে পারলে কেইন টানা ১০ ম্যাচে গোল করার কীর্তি গড়বেন। এরপর আগামী মাসে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে গোল করতে পারলে রোনালদোর টানা ১১ ম্যাচে গোলের রেকর্ড স্পর্শ করার সুযোগ পাবেন ইংলিশ ফরোয়ার্ড।
চলতি মৌসুমেও দুর্দান্ত ছন্দে রয়েছেন কেইন। সব প্রতিযোগিতা মিলিয়ে নয় ম্যাচে আট গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও চার গোল। বুন্দেসলিগার প্রথম পাঁচ ম্যাচে তার গোল তিনটি, সঙ্গে রয়েছে তিনটি অ্যাসিস্ট।
জাতীয় দলের হয়েও দারুণ সময় কাটছে কেইনের। সম্প্রতি ইংল্যান্ডের হয়ে নিজের ১২৫তম ম্যাচ খেলেছেন তিনি। এর মধ্য দিয়ে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডে সাবেক গোলরক্ষক পিটার শিলটনের পাশে বসেছেন এই স্ট্রাইকার। আন্তর্জাতিক বিরতিতে ইংল্যান্ডের চার ম্যাচে ছয় গোল করে জাতীয় দলের হয়ে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯১।
চ্যাম্পিয়নস লিগে মেসিকে পেছনে ফেলার পর এবার রোনালদোর রেকর্ডের দিকে নজর কেইনের। ধারাবাহিক এই গোল-ছন্দ ধরে রাখতে পারলে ইউরোপীয় ক্লাব ফুটবলের মঞ্চে আরও একটি বড় কীর্তি গড়ার সুযোগ রয়েছে তাঁর সামনে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন