০৮:৫৯ পি.এম
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানান, সাংবাদিকদের পেশাগত সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং সাধারণ মানুষের বিনোদনের চাহিদা পূরণে দেশের ৬৪ জেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
তিনি উল্লেখ করেন, ময়মনসিংহে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে একটি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে। সেখানে সাংবাদিকদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা থাকবে, পাশাপাশি আধুনিক সিনেপ্লেক্স ও বিনোদনের নানা ব্যবস্থা থাকবে। শিক্ষার্থীরা এবং সব বয়সী মানুষ সেখানে বিনোদনের সুযোগ পাবেন।
রোববার ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে, এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। নগরীর আকুয়া সারিন্দা সাফারি রিসোর্টে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, "আজকের শিক্ষার্থীরাই বিশ্বদরবারে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে বলে আশা করি।" তাদের মেধা, যোগ্যতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে বলে তিনি উল্লেখ করেন।
ইয়াসের খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নকল বন্ধ করেছেন। বিএনপি সরকারের সময় মেধার ভিত্তিতে সকল পরীক্ষার স্বচ্ছ ফলাফল নিশ্চিত করা হবে। তিনি বলেন, "কারচুপি বা নকলের কোনো সুযোগ থাকবে না।" প্রধানমন্ত্রী যে উন্নয়নের রাজনীতি শুরু করেছেন, সেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে বলেও তিনি মন্তব্য করেন।
শিক্ষার্থীদের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, "তোমাদের মধ্য থেকেই একদিন রাজনীতিবিদ, সংসদ সদস্য, মন্ত্রী, এমনকি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি হওয়ার মতো যোগ্য নেতৃত্ব গড়ে উঠতে পারে।" তিনি বলেন, সঠিক পথ বেছে নিতে হবে এবং সততা ও নিষ্ঠার সঙ্গে এগিয়ে যেতে হবে।
ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণ এবং যোগাযোগ অবকাঠামোর উন্নয়নের প্রসঙ্গে তিনি জানান, ময়মনসিংহে বিমানবন্দরের প্রয়োজনীয়তা নিয়ে ইতোমধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হয়েছে। প্রয়োজনে বিষয়টি আবারও মন্ত্রিসভায় উত্থাপন করা হবে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
ইয়াসের খান চৌধুরী আরও বলেন, মাওনা থেকে ময়মনসিংহ পর্যন্ত ফ্লাইওভার বা এক্সপ্রেসওয়ে নির্মাণ এবং সড়ক প্রশস্তকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে বিভাগের ৩৩ জন সংসদ সদস্যের স্বাক্ষরসংবলিত ডিও লেটার সংগ্রহ করা হয়েছে।
এ প্রকল্পের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে উল্লেখ করে তিনি জানান, শিগগিরই সড়কটির উন্নয়নকাজ শুরু হবে।
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ এবং ডিআইজি মোহাম্মদ জাহেদুল ইসলাম।
আরও পড়ুন: ক্ষমা চাইলেন ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বলা এমপি রতন
এ ছাড়া বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সিটি করপোরেশনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন