ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

প্রধানমন্ত্রীর ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি বাস্তবায়নে আমিনুল হকের আহ্বান


প্রধানমন্ত্রীর ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি বাস্তবায়নে আমিনুল হকের আহ্বান

ঢাকা, ১০ আগস্ট, ২০২৬ : আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের উদ্যোগ বাস্তবায়নে বৃক্ষরোপণ কর্মসূচি শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রতিটি পরিবারের সদস্যকে অন্তত একটি করে গাছ লাগানোর সঙ্গে সম্পৃক্ত করতে হবে।

আজ সোমবার সকালে রাজধানীর মিরপুরের এমডিসি মডেল স্কুল অ্যান্ড কলেজ ও সুলতান মোল্লা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

আমিনুল হক বলেন, ‘আগামী পাঁচ বছরে আমরা সারা দেশে ২৫ কোটি গাছ লাগাতে চাই। এই লক্ষ্য সামনে রেখে ঢাকা-১৬ আসনের পল্লবী ও রূপনগরের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করেছি। তবে আমরা শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে এই কার্যক্রম সীমাবদ্ধ রাখতে চাই না।’

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বাড়ির সামনে, আঙিনায় কিংবা বসবাসের আশপাশে সুযোগমতো অন্তত একটি করে গাছ লাগাতে হবে। একই সঙ্গে বাড়ি ফিরে অভিভাবকদেরও গাছ লাগাতে উৎসাহিত করার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের জন্য গাছের কোনো বিকল্প নেই। গাছ অক্সিজেন সরবরাহের পাশাপাশি সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রত্যেক নাগরিককে বৃক্ষরোপণের সঙ্গে সম্পৃক্ত করতে হবে।

তিনি বলেন, ‘আমরা সবাই যদি একটি করে গাছ লাগাই, তাহলে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচিতে প্রত্যেকে অংশীদার হতে পারব। আমাদের সম্মিলিত উদ্যোগই একটি সবুজ ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে পারে।’

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে আমিনুল হক শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এ সময় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, স্থানীয় বাসিন্দা এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ ইন্দোনেশিয়ার কাছে অন-অ্যারাইভাল ভিসা সুবিধা চায়

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৫১ পি.এম


বাংলাদেশ ইন্দোনেশিয়ার কাছে অন-অ্যারাইভাল ভিসা সুবিধা চায়

বাংলাদেশ কর্তৃপক্ষ বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীদের জন্য ইন্দোনেশিয়ার কাছে অন-অ্যারাইভাল ভিসা সুবিধা চেয়েছে।

পর্যটন, আতিথেয়তা ও বিমান চলাচল খাতে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে ঢাকা ও জাকার্তার মধ্যে আলোচনা চলাকালে এ বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্টিওয়াতির সঙ্গে একটি বৈঠকের সময় এ বিশেষ বিষয়টি উত্থাপন করেন। বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।

আফরোজা খানম বলেন, বাংলাদেশি ভ্রমণকারীদের কাছে ইন্দোনেশিয়া অন্যতম একটি জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে ভ্রমণকারী বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা সুবিধা নিশ্চিত করাকে সরকার গুরুত্বের সঙ্গে দেখছে।

অন্যদিকে, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা সুবিধা সহজতর করতে বাংলাদেশ সরকারের সঙ্গে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছেন।

বৈঠকের সময় উপস্থিত দুই দেশের প্রতিনিধিরা পর্যটন ও আতিথেয়তা খাতে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের উপর গুরুত্বারোপ করেছেন।

রাষ্ট্রদূত লিস্টিওয়াতি জানান, বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে বাংলাদেশের সঙ্গে কাজ করার বিষয়ে ইন্দোনেশিয়ার আগ্রহ রয়েছে।

প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, দেশের পর্যটন খাতের উন্নয়নের অংশ হিসেবে মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি, এভিয়েশন হাব প্রতিষ্ঠার লক্ষ্যে দেশে মেইনটেন্যান্স, রিপেয়ার অ্যান্ড ওভারহল (এমআরও) ইউনিট তৈরির বিষয়টিও সরকার বিবেচনা করছে।

সাক্ষাতে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশের হসপিটালিটি খাতের উন্নয়নে ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করার আগ্রহ প্রকাশ করেন।

এছাড়া, বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ইন্দোনেশিয়ায় ভিসা অন অ্যারাইভাল সুবিধা বহাল রাখার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করার আশ্বাসও দেন রাষ্ট্রদূত।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে পৃথক অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ ৬ লাখ ইয়াবা জ/ব্দ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৫৭ পি.এম


কক্সবাজারে পৃথক অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ ৬ লাখ ইয়াবা জ/ব্দ

কক্সবাজারের ৩৪ ও উখিয়ার ৬৪ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬ লাখ পিস ইয়াবা, অস্ত্র ও গুলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ সময় নাম উল্লেখিত ২ পাচারকারীকে আটক করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এস এম খাইরুল আলম এক সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করেন। তিনি বলেন, "মিয়ানমার থেকে একটি মাদকের চালান ঘুমধুমের নয়াপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে এমন সংবাদে বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা হাতে থাকা ব্যাগগুলো ফেলে দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।"

পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে তিনটি ব্যাগ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ব্যাগগুলো তল্লাশি করে ২ লাখ ৪৬ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। তবে মাদক কারবারিদের পালিয়ে যাওয়ার কারণে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি অধিনায়ক জানান, "শীঘ্রই মাদকের তালিকা নতুন তালিকা হবে। অভিযান আরো জোরদার করা হয়েছে। সীমান্তে আগের তুলনায় বিজিবির সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে।"

এদিকে, উখিয়া ৬৪ বিজিবির পালংখালী বিওপির পৃথক অভিযানে নদীপথে ইয়াবা পাচারকালে ২ জন আসামীসহ তিন লক্ষ পঞ্চাশ হাজার (৩,৫০,০০০) পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামি কক্সবাজার জেলার টেকনাফ থানার কাটাখালী হাতিমারা গ্রামের বাসিন্দা নুর বশর (২২) এবং উলুবনিয়া গ্রামের বাসিন্দা আবুল ফয়েজ (২৫)।

সোমবার উখিয়া ৬৪ বিজিবি’র অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
বিএনপিকে উদ্দেশ করে জামায়াতে ইসলামীর আমির

‘আপা যে পথে হেঁটেছেন, সেই পথে হাঁটলে মক্কা নয়, দিল্লি যেতে হবে’

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৫:০৯ পি.এম


‘আপা যে পথে হেঁটেছেন, সেই পথে হাঁটলে মক্কা নয়, দিল্লি যেতে হবে’

বিএনপিকে উদ্দেশ্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আপা যে পথে হেঁটেছেন, এখন আপনারাও সেই পথে হাঁটছেন। অত্যাচারীর এই পথ পালানোর পথ। এই পথে হাঁটলে মক্কায় যেতে পারবেন না, দিল্লি যেতে হবে।’ তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ কোনো আধিপত্যবাদ বা বিদেশি খবরদারি মেনে নেবে না।

সোমবার (১০ আগস্ট) দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। এই সমাবেশের আয়োজন করা হয় ইসলামী ছাত্রশিবিরের নেতা সাইফুল্লাহ বারী এবং জামায়াতকর্মী সালাউদ্দিন হত্যার বিচার ও সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে।

এর পূর্বে জামায়াতে ইসলামীর আমির বোনারপাড়া শিমুলতাইর এলাকায় নিহত সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিনের কবর জিয়ারত করেন।

সমাবেশে বিএনপিকে ইঙ্গিত করে শফিকুর রহমান বলেন, ‘আপা যাওয়ার আগে বলতেন, আমি পালাই না, অমুকের মেয়ে পালায় না। কিন্তু এখন কী হলো? পালিয়েছে।’ তিনি এও বলেন, যে পথগুলো অনুসরণ করবে, তাদেরও পালাতে হবে। তার ভাষায়, ‘এই পথের শেষ ঠিকানা দিল্লি। এ দেশের মানুষ দিল্লির খবরদারি বাংলাদেশের ওপর চায় না। কোনো আধিপত্যবাদ মানবো না।’

তিনি উল্লেখ করেন, জামায়াত কোনো অপশক্তির কাছে মাথা নত করবে না। মজবুত কদমে মাথা উঁচু করে মানুষ হিসেবে বাঁচতে চান তারা। এ সময় উপস্থিত নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘লড়াই চলছে, লড়াই চলবে। ইনশাআল্লাহ হকের বিজয় হবে, ১৮ কোটি মানুষের বিজয় হবে।’

ফ্যাসিবাদ প্রসঙ্গে জামায়াত আমির বলেছেন, এটি কোনো নির্দিষ্ট দলের সঙ্গে যুক্ত নয়, বরং একটি ভাইরাসের মতো। যেখানে এটি প্রভাব বিস্তার করে, সেখানেই ফ্যাসিবাদ সৃষ্টি হয়।

তিনি বলেন, ‘এক ফ্যাসিবাদীকে তাড়িয়ে বাংলাদেশের জনগণ আরেক ফ্যাসিবাদী চায় না। বাংলার জমিনে কোনো ফ্যাসিবাদকে প্রশ্রয় দেওয়া হবে না।’

২০২৪ সালের আন্দোলনের প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, ওই সময় ভাই-বোনেরা রাস্তায় নেমেছিলেন, এমনকি ১০ মাসের শিশুসন্তান নিয়েও মায়েরা রাস্তায় নেমেছিলেন। জাতির প্রয়োজনে আবারও রাজপথে নামতে হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

‘হয়তো আবার আমাদের রাস্তায় নামতে হবে। জাতির জন্য একবার নয়, শতবার নামব ইনশাআল্লাহ,’ বলেন জামায়াত আমির।

তিনি আরও বলেন, যারা অপরাধ করে, দখল বাণিজ্য করে, নিরীহ মানুষের কাছ থেকে চাঁদা নেয় অথবা মা-বোনদের ওপর নির্যাতন চালায়, তারাই প্রকৃত কাপুরুষ। এমন অপরাধী নিজের সন্তান হলেও তাকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন তিনি।

বর্তমান সরকার ও রাজনৈতিক দল হিসেবে জামায়াত গত ১৫ বছর মজলুম ছিল উল্লেখ করে শফিকুর রহমান বলেন, মজলুমরা আবার জালিম হতে চাইবে না। সরকার গঠনের পর জামায়াতের পাঁচজন নিহত হয়েছেন বলেও তিনি দাবি করেন।

তিনি বলেছেন, ‘আমরা কি চাই, আবার খুনের রাজত্ব কায়েম হোক? না, চাই না। তাই এখানেই ফুলস্টপ। আর সামনে খুনের দিকে পা বাড়াবেন না।’

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ, বিশেষ করে যুবকেরা কারও চোখ রাঙানিকে ভয় পায় না।

ক্ষমতা চিরস্থায়ী নয় উল্লেখ করে জামায়াত আমির জানিয়েছেন, ‘ক্ষমতা কারও কোমরের নিচে চিরস্থায়ী নয়। আল্লাহ যাঁদের সম্মান দিয়ে ক্ষমতায় বসান, তাঁদের আবার আছাড় মেরে টুকরো টুকরোও করে দিতে পারেন।’

গণভোটের প্রসঙ্গ তুলে শফিকুর রহমান বলেন, জনগণ গণভোটে তাদের মতামত দিয়েছে এবং সরকারে থাকা ব্যক্তিরাও জনগণকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিল।

তিনি বলেন, গণভোটের রায় না মানলে শুধু ক্ষমতা হারাতে হবে না, একসময় ‘নাই হয়ে যেতে হবে’। জনগণের রায় অগ্রাহ্য বা অপমান করে অতীতে কেউ টিকে থাকতে পারেনি, শান্তি ও সম্মান পায়নি এবং ক্ষমতা পাকাপোক্ত করতে পারেনি বলেও মন্তব্য করেছেন তিনি।

বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা মজলুম ছিলেন। আমরা চাই আপনারা ঠিক পথে ফিরে আসুন। জনগণের সংস্কার সাধন করুন, ফ্যাসিবাদের রাস্তা বন্ধ করুন, মানবিক এবং গণতান্ত্রিক বাংলাদেশের রাস্তা খুলে দিন।’

এটি করা হলে বিরোধী দল হিসেবে সরকারকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেন জামায়াত আমির।

বৃহত্তর রংপুর অঞ্চলের মানুষকে বঞ্চিত না করার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, এ অঞ্চলের মানুষকে বঞ্চিত করার অধিকার কারও নেই। যারা বঞ্চিত করবে, তাদের ‘গণদুশমন’ হিসেবে উল্লেখ করেন তিনি।

চাঁদাবাজি ও দখলদারির বিরুদ্ধেও কঠোর অবস্থানের কথা জানান জামায়াত আমির। তিনি বলেন, ২০২৪ সালের বিপ্লবের উদ্দেশ্য ছিল সমাজ থেকে সব ধরনের ময়লা-আবর্জনা পরিষ্কার করা। চাঁদাবাজি ও দখলদারির সঙ্গে জড়িত হয়ে যারা মানুষ হত্যা করছে, তাদের সমাজের ‘আবর্জনা’ হিসেবে আখ্যা দিয়ে এসব দূর করার আহ্বান জানান তিনি।

একই সঙ্গে প্রশাসনকে কোনো রাজনৈতিক দলের বাহিনী না হয়ে সবার জন্য কাজ করার আহ্বান জানান শফিকুর রহমান। নিহত সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিন হত্যার বিচার দাবি করে তিনি বলেন, ‘প্রশাসন কারও দলীয় বাহিনী নয়। প্রশাসন এ দেশের সম্পদ। তাঁরা সবার হয়ে কাজ করবেন।’

সমাবেশে তিনি প্রশাসনের উদ্দেশ্যে আরও বলেন, আসামিদের নজরদারিতে রাখার পাশাপাশি মূল আসামিদের গ্রেপ্তার করতে হবে। এ সময় তিনি পলাশ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার না করার বিষয়েও প্রশ্ন তোলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রংপুর সফরের প্রসঙ্গ টেনে তাঁর বক্তব্যের সমালোচনা করেন জামায়াত আমির। তিনি বলেন, বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা ও দলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি রংপুরে এসে এমন বক্তব্য দিয়েছেন, যাতে রংপুরবাসীকে পিছিয়ে থাকার কথা বলা হয়েছে।

শফিকুর রহমানের দাবি, মির্জা ফখরুল বলেছেন, রংপুরবাসী জামায়াত ও জাতীয় পার্টিকে ভোট দেওয়ায় তারা পিছিয়ে থাকবে।

এর জবাবে তিনি বলেন, ‘আমরা কাকে ভোট দেব, এটা কি বিএনপি ঠিক করে দেবে? তাহলে আরও একটা আইন পাস করেন যে, আগামীতে বিএনপি ছাড়া আর কাউকে ভোট দেওয়া যাবে না। তখন জনগণ তাদের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেবে ইনশাআল্লাহ।’

দেশে সব শ্রেণি-পেশা ও সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, তিনি এমন বাংলাদেশ দেখতে চান যেখানে শিশুরা নিরাপদ থাকবে, মেয়েরা ও মায়েরা নিরাপদ থাকবে, যুবক ও বয়স্করা নিরাপদ থাকবে।

তাঁর ভাষায়, সব ধর্মের মানুষ, সব বর্ণের মানুষ এবং সব ভাষাভাষীর মানুষকে নিরাপদে বসবাসের সুযোগ দিতে হবে।

সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, গাইবান্ধা সদর আসনের সংসদ সদস্য ও জেলা আমির আব্দুল করিম, গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, বগুড়া জেলা জামায়াতের আমির মো. আব্দুল হক, সাঘাটা উপজেলা জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম হোসাইন ও সেক্রেটারি আব্দুল গফুরসহ অন্যান্য স্থানীয় নেতারা।

গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছের সভাপতিত্বে সমাবেশটি অনুষ্ঠিত হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাবনা ক্যাডেট কলেজে ৫২ জনের সবাই এসএসসিতে পেয়েছে জিপিএ-৫

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৪৭ পি.এম


পাবনা ক্যাডেট কলেজে ৫২ জনের সবাই এসএসসিতে পেয়েছে জিপিএ-৫

পাবনা ক্যাডেট কলেজ ২০২৬ সালের পরীক্ষার ফলাফলে অসাধারণ সাফল্য অর্জন করেছে।

এ বছর এই কলেজটির ৫২ জন ক্যাডেট পরীক্ষায় অংশগ্রহণ করে এবং সবাই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তাদের প্রত্যেকেই জিপিএ-৫ পেয়ে গেছে।

এতে প্রতিষ্ঠানটির পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির হার দুইটি শতভাগ হয়ে গেছে।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, পাবনা ক্যাডেট কলেজের ৫২ জন পরীক্ষার্থীর মধ্যে একটি ক্ষেত্রেও অকৃতকার্য হয়নি। এর মধ্যে ৫০ জন গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। আর দুজনও জিপিএ-৫ অর্জনের ফলে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

পাবনা ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল মেহেদী হাসান বলেন, এই সাফল্য শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। নিয়মিত পাঠদান, কঠোর শৃঙ্খলা, সময়ানুবর্তিতা এবং শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানের কারণে ক্যাডেটরা ভালো ফলাফল করতে সক্ষম হয়েছে।

এই অর্জন আমাদের জন্য আনন্দদায়ক ও গর্বের বিষয়।

তিনি আরও বলেন, ভালো ফলাফল ছাড়াও শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।

ভবিষ্যতে শিক্ষার মান আরও উন্নত করতে আমাদের কাজ করে যেতে হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%