ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

সিলেটে ৩১ বস্তা ভারতীয় জিরা ও বারকি নৌকা জব্দ


সিলেটে ৩১ বস্তা ভারতীয় জিরা ও বারকি নৌকা জব্দ

গোয়াইনঘাটে সিলেটের, বিশেষ অভিযান পরিচালনা করে ৩১ বস্তা ভারতীয় জিরা এবং একটি ইঞ্জিনচালিত বারকি নৌকা জব্দ করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। এই ঘটনায় চার অজ্ঞাতনামা পলাতক আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি চোরাচালান মামলা দায়ের করা হয়েছে।

পুলিশের সূত্রে জানা গেছে, শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাতে গোয়াইনঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মহিউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ ডিউটিতে নিয়োজিত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, চার ব্যক্তি নৌকাযোগে ভারতীয় অবৈধ জিরা নিয়ে বাংলাবাজার থেকে সিলেটের দিকে রওনা হয়েছেন। খবর পেয়ে পুলিশ সরকারি স্পিডবোট নিয়ে তাদের ধাওয়া করে। চোরাকারবারিরা নৌকা ও মালামাল ফেলে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।

পুলিশ পরে উপস্থিত সাক্ষীদের সামনে নৌকাটি তল্লাশি করে ৯৩০ কেজি (৩১ বস্তা) ভারতীয় জিরা এবং ২৫ ঘোড়ার ইঞ্জিনসহ প্রায় ৪৫ ফুট লম্বা একটি কাঠের বারকি নৌকা জব্দ করে। জব্দকৃত জিরার আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৩০ হাজার টাকা।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক এই বিষয়ে জানান, অন্ধকারের সুযোগ নিয়ে চোরাকারবারিরা পালিয়ে গেলেও তাদের পরিচয় শনাক্ত এবং গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না এবং ভবিষ্যতে এ ধরনের বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমি খুবই খুশি, এটি দারুণ অর্জন: রোনালদো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৯:২৯ পি.এম


আমি খুবই খুশি, এটি দারুণ অর্জন: রোনালদো

বয়স ৪১ বছর অতিক্রম করেছে। তবে ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলের প্রতি আকাঙ্ক্ষা যেন একটুও কমেনি। বরং সময়ের সঙ্গে সঙ্গে পর্তুগিজ মহাতারকা আরও ধারালো হয়ে উঠছেন। আল তাওউনের বিপক্ষে জয়সূচক গোল করে আল নাসরকে জয় এনে দেওয়ার পাশাপাশি তিনি নতুন ক্লাব রেকর্ডও গড়েছেন। ম্যাচ শেষে সেই কৃতিত্ব তিনি সতীর্থ ও সমর্থকদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

শুক্রবার আল-আওয়াল পার্কে সৌদি প্রো লিগের ম্যাচে আল তাওউনকে ২-১ গোলে পরাজিত করেছে আল নাসর। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে রোনালদোর দল।

ম্যাচের ১১ মিনিটে বাসাম আল-হুরাইজি গোল করে আল তাওউনকে এগিয়ে দেন। প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে সামু কস্তার গোলে সমতায় ফেরে আল নাসর।

বিরতির পর ৫০তম মিনিটে রোনালদোর মুহূর্ত আসে। সতীর্থ মোহাম্মদ সিমাকানের শট জালের দিকে যাচ্ছিল। খুব কাছ থেকে ডান পায়ের ছোঁয়ায় রোনালদো বলটি জালে পাঠান। তার সেই গোলেই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে আল নাসর।

রোনালদোর গোলটি শুধুমাত্র জয়সূচক হিসেবে গুরুত্বপূর্ণ নয়। এই গোলের মাধ্যমে সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে তার গোলসংখ্যা ১০৪-এ পৌঁছেছে। এর ফলে ক্লাবটির হয়ে লিগে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি।

এর আগে এই রেকর্ড মোহাম্মদ আল-সাহলাওয়ির দখলে ছিল। ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত আল নাসরের হয়ে ২০৫ ম্যাচে ১০৩ গোল করেছিলেন তিনি। মাত্র এক গোলের ব্যবধানে সেই রেকর্ডকে পেছনে ফেললেন রোনালদো।

নতুন রেকর্ড গড়ার পরও কৃতিত্ব একা নিজের করে নেননি রোনালদো। ম্যাচ শেষে তিনি বলেন, "আমি খুবই খুশি। এটি দারুণ একটি অর্জন। তবে এটি শুধু আমার একার অর্জন নয়।"

সতীর্থদের ধন্যবাদ জানিয়ে রোনালদো আরও বলেন, "তাদের ছাড়া এটি সম্ভব হতো না। আমি ভক্তদের জন্যও খুব খুশি। তারা আমাকে সব সময় সমর্থন দিয়ে যান।"

রোনালদোর সামনে এখন আরও বড় মাইলফলক রয়েছে। আল তাওউনের বিপক্ষে গোলের পর সব প্রতিযোগিতা মিলিয়ে তার ক্যারিয়ার গোলসংখ্যা ৯৭৮-এ পৌঁছেছে। অর্থাৎ বহুল আলোচিত ১ হাজার গোলের মাইলফলক থেকে তিনি মাত্র ২২ গোল দূরে রয়েছেন।

চলতি মৌসুমেও আল নাসরের হয়ে গোলের ধারায় রয়েছেন রোনালদো। সৌদি প্রো লিগে তিন ম্যাচে তার গোলসংখ্যা এখন দুটি। তার নেতৃত্বে লিগেও দুর্দান্ত শুরু করেছে আল নাসর। প্রথম চার ম্যাচের সবকটিতে জয় নিয়ে ১২ পয়েন্টে তালিকার শীর্ষে রয়েছে দলটি।

ম্যাচে রোনালদোর গোলের পর ঘটে একটি মজার ঘটনা। গোল করার পর নিজের বিখ্যাত ‘সিউ’ উদযাপন না করে সরাসরি বদলি খেলোয়াড়দের বেঞ্চের দিকে চলে যান তিনি। সেখানে গিয়ে পানি পান করতে শুরু করেন।

তখন সতীর্থ সাদিও মানে তাকে মনে করিয়ে দেন, গোলের পর তার বিখ্যাত উদযাপন এখনো বাকি। মানের কথা শুনে রোনালদো দ্রুত মাঠের দিকে ছুটে যান। এরপর যথারীতি করেন তার আইকনিক ‘সিউ’ উদযাপন।

রেকর্ড, জয় এবং সেই চিরচেনা ‘সিউ’— আল তাওউনের বিপক্ষে রোনালদোর রাতটি তাই হয়ে উঠল স্মরণীয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হত্যার পর ছাদজুড়ে পানি ঢালল কে? রংপুরের ঘটনায় নতুন মোড়

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৯:২৯ পি.এম


হত্যার পর ছাদজুড়ে পানি ঢালল কে? রংপুরের ঘটনায় নতুন মোড়

রংপুরে ঘটে যাওয়া আলোচিত হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে পুলিশের বিরুদ্ধে আলামত নষ্ট করার অভিযোগ তুলেছেন গ্রেপ্তার সিদ্ধার্থ দাসের বড় ভাই পার্থ দাস।

তিনি দাবি করেছেন, হত্যাকাণ্ডের পর গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে পানি দিয়ে ধোয়া হয়েছে। পার্থ দাসের অভিযোগ, তার ভাই সিদ্ধার্থকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তবে পুলিশ এই অভিযোগকে অস্বীকার করেছে।

এ বিষয়ে দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাকিম জানিয়েছেন, ভুলবশত মটারের সুইচ অন হয়ে গিয়েছিল। যখন ট্যাংকির পানি ভর্তি হয়ে যায়, তখন সেটি বন্ধ করা হয়। তিনি বলেন, "অন্য কিছু না। যারা বলছেন আলামত নষ্ট করা হয়েছে, তাদের তথ্য সঠিক নয়।"

গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে পানি নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, "এখানে ২৪ ঘণ্টা পুলিশ পাহারা দিচ্ছে। লাইটের সুইচ অন করার সময় ভুলবশত মোটরের সুইচ অন হয়ে যায়। কারণ পুলিশ তো এই বাড়ির কোথায় কি সেটা জানে না।" তিনি আরও বলেন, "এতে ট্যাংকির পানি ওভার ফ্লো হয়ে ছাদে পড়েছে, আর কিছু নয়। আলামত নষ্ট করার অভিযোগ একেবারে অবান্তর। কারণ আলামত লাশ উদ্ধারের সময় সংরক্ষণ করা হয়েছে।"

এর আগে শনিবার (২২ আগস্ট) রাতে তালাবদ্ধ বাসা থেকে গণপতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী বালা, স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী এবং পঞ্চম শ্রেণি পড়ুয়া ছেলে আয়ুস চক্রবর্তী প্রিয়মের মরদেহ উদ্ধার করা হয়।

এই ঘটনায় রোববার (২৩ আগস্ট) নিহতের বড় ভাই গোপীনাথ চক্রবর্তী অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। একই দিন ভোরে একই এলাকা থেকে মুগ্ধ দাস (২৩) ও সিদ্ধার্থ দাস (১৯) নামে দুই তরুণকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, রাতে তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পরে মঙ্গলবার (২৫ আগস্ট) মুগ্ধ ও সিদ্ধার্থের বন্ধু সীমান্ত আদালতে সাক্ষী হিসেবে জবানবন্দি দেন। পুলিশ দাবি করেছে, এই তিনজন ঘটনার রাতে একসঙ্গে ইয়াবা সেবন করেছিলেন।

এদিকে এ ঘটনায় অভিযুক্ত সিদ্ধার্থ দাসের বাবা ও ভাইকে শনিবার (২৯ আগস্ট) ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুসলিম দেশগুলোর জন্য ইরানের নতুন বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৯:২৯ পি.এম


মুসলিম দেশগুলোর জন্য ইরানের নতুন বার্তা

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি উল্লেখ করেছেন যে, তারা মুসলিম দেশগুলোর, বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতার সম্পর্ককে আরও গভীর করতে আগ্রহী। তিনি জানান, যুক্তরাষ্ট্রের যে অবৈধ হামলা হয়েছে, সেটির বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত থাকবে।

গতকাল শুক্রবার (২৮ আগস্ট) অনুষ্ঠিত ৪০তম আন্তর্জাতিক ইসলামিক ইউনিটি কনফারেন্সে তিনি মিসর ও লেবানন সম্পর্কে আলোচনা করেন। আরাঘচি বলেন, মিসর যখনই তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার ইচ্ছা প্রকাশ করবে, তারা প্রস্তুত আছেন।

আরাঘচি আরও বলেন, ‘আমরা মিসরের সঙ্গে সুসম্পর্ক গড়তে চাই। যখনই মিসরের আমাদের বন্ধুদের পক্ষ থেকে সম্পর্ক স্থাপনের বিষয়ে একটি সিদ্ধান্ত আসবে, তখন আমরা সেটির জন্য প্রস্তুত।’

লেবানন সম্পর্কে তিনি জানান, লেবাননের সরকার এবং রাজনৈতিক সব পক্ষের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য তারা প্রস্তুত। তবে তিনি লেবাননের নেতৃবৃন্দের কিছু নীতির বিষয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আরও অনেক বেশি যৌক্তিকতা প্রদর্শন করতে হবে, কিন্তু কোন বিষয়ে যৌক্তিকতা দেখাতে হবে তা তিনি স্পষ্ট করেননি।

এছাড়া, আরব দেশগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর প্রসঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা কখনো প্রতিবেশী ও মুসলিম দেশগুলোতে হামলা চালায়নি। বরং সেসব দেশে অবস্থিত মার্কিন অবকাঠামোকে টার্গেট করা হয়েছে। তিনি উল্লেখ করেন যে, এসব দেশের সরকারকে এই বিষয়ে আগে থেকেই সতর্ক করা হয়েছিল।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলের যৌথ হামলার পর থেকে আরব দেশগুলোর সঙ্গে ইরানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

সূত্র: ইয়েনি সাফেক

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুর বিহারি ক্যাম্পে দু'পক্ষের ভয়াবহ সংঘর্ষ-গোলাগুলি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৩০ পি.এম


মিরপুর বিহারি ক্যাম্পে দু

ঢাকার মিরপুর পল্লবী বিহারি ক্যাম্পে জামায়াত ও বিএনপিপন্থি দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, এ সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়েছে এবং ককটেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে।

শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টার দিকে সংঘর্ষের এই ঘটনা ঘটে ক্যাম্পের এলাকায়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, ক্যাম্পে একটি মৃতদেহের গোসলখানা নির্মাণের কাজ চলছিল। সেখানে পানির পাম্প বসানোর বিষয়ে প্রথমে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। পরে এই বিরোধ ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়।

ওসি বলেন, "পানির পাম্প বসানোর বিষয়টি নিয়ে বিরোধের সূচনা ঘটে। বিষয়টি শুরুতে বিহারিদের মধ্যে বিরোধ থাকলেও পরে তা দুই পক্ষের মধ্যে ছড়িয়ে পড়ে।"

পুলিশের তথ্য অনুযায়ী, স্থানীয় জামায়াত কর্মী মানিকের নেতৃত্বে প্রায় ৫০ থেকে ৬০ জন এবং বিএনপিপন্থি সোহেল ও বিহারি সংগঠনের নেতা সাদাকাত খান ফাক্কুর নেতৃত্বে প্রায় ২০০ থেকে ২৫০ জনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। ককটেল নিক্ষেপের অভিযোগও পাওয়া গেছে।

সংঘর্ষে কেউ আহত হয়েছেন কি না জানতে চাইলে ওসি হাসান বাসির জানান, দুই পক্ষের মধ্যে ঢিল ছোড়াছুড়ি হয়েছে। তবে আহত হওয়ার বিষয়ে এখনো কোনো তথ্য পুলিশের কাছে আসেনি।

পুলিশ জানিয়েছে, বর্তমানে ক্যাম্প এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%