০২:৫২ এম
বর্ষাকালে ডেঙ্গুর সংক্রমণের বৃদ্ধি নিয়ে শঙ্কার কথা জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, জুলাই ও আগস্ট মাসে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। তবে এই সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।
বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা মেডিকেল কলেজে প্যাথলজি বিভাগে অত্যাধুনিক টেন হেডেড মাইক্রোস্কোপ ও অন্যান্য যন্ত্রপাতির হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এই তথ্য তুলে ধরেন।
তিনি উল্লেখ করেন, "জুলাই, আগস্ট মাসে ডেঙ্গুর ভয়াবহতা বৃদ্ধি পেতে পারে। কিন্তু এ ব্যাপারে নিয়ন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর যথেষ্ট প্রস্তুতি নিয়ে রেখেছে।"
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, দেশের থানা, উপজেলা এবং জেলা স্তরে ইতোমধ্যে ডেঙ্গু শনাক্তের এনএসওয়ান পরীক্ষার কিট বিতরণ করা হয়েছে। সেইসাথে, ঢাকা ও অন্যান্য বড় শহরের হাসপাতালগুলোও প্রস্তুত রাখা হয়েছে। রোগীর সংখ্যা বৃদ্ধি পেলে এসব হাসপাতালের সক্ষমতা বাড়ানোর জন্য প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, "ইউনিয়ন স্তর থেকে শুরু করে মসজিদের ইমামসহ সবাইকে পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়েছে।" তার মতে, শুধুমাত্র চিকিৎসা নয়, মশার প্রজননস্থল নির্মূল ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করাই ডেঙ্গু নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর মাধ্যম।
অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রী আরো বলেন, দীর্ঘ ২৫ বছর পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অত্যাধুনিক টেন হেডেড মাইক্রোস্কোপ সংযোজিত হয়েছে। এর ফলে ক্যান্সার শনাক্তকরণ আরও নির্ভুল ও কার্যকর হবে। পাশাপাশি চিকিৎসা শিক্ষাকে আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্যপূর্ণ করতে মেডিকেল কারিকুলামে পরিবর্তন আনার উদ্যোগও নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
এ সময় তিনি জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসন ও সার্বিক অবকাঠামো উন্নয়নের কাজও এগিয়ে চলছে। এছাড়া আগামী ১০ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. জুবাইদা রহমানের সফরের কথাও তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন