প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চারটি ডিসিপ্লিনে মাত্র ৮০ জন শিক্ষার্থী নিয়ে শুরু হওয়া যে যাত্রা, তা সময়ের সাথে সাথে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত হয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও প্রত্যাশার ফলস্বরূপ খুলনা বিশ্ববিদ্যালয় আজ দেশের উচ্চশিক্ষায় একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করেছে। ৩৫ বছরের পথচলায় প্রতিষ্ঠানটি যেমন নানা সাফল্য অর্জন করেছে, তেমনি নতুন সম্ভাবনা ও চ্যালেঞ্জও সামনে এসেছে।
আগামীকাল বুধবার (২৫ নভেম্বর) খুলনা বিশ্ববিদ্যালয় দিবস। ১৯৯১ সালের এই দিনে আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ বছর বিশ্ববিদ্যালয়টি ৩৫ বছর পূর্ণ করে ৩৬ বছরে পদার্পণ করছে। প্রতিষ্ঠার সীমিত পরিসর পেরিয়ে বর্তমানে আটটি স্কুলের অধীনে ২৯টি ডিসিপ্লিনে শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
আন্দোলন-সংগ্রাম থেকে প্রতিষ্ঠা
খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাস দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের সাথে যুক্ত। ১৯৮৭ সালের ৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সরকারি সিদ্ধান্ত গেজেট আকারে প্রকাশিত হয়। ১৯৮৯ সালের ৯ মার্চ বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এরপর ১৯৯১ সালের ৩০ আগস্ট প্রথম ওরিয়েন্টেশন এবং ৩১ আগস্ট চারটি ডিসিপ্লিনে ক্লাস শুরুর মাধ্যমে শিক্ষা কার্যক্রম শুরু হয়। একই বছরের ২৫ নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেন।
প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম রহমানের নেতৃত্বে শুরু হওয়া সেই যাত্রা আজ অনেক বিস্তৃত হয়েছে। বর্তমানে ১০৬ একর আয়তনের ক্যাম্পাসে প্রায় সাত থেকে আট হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন।
গবেষণায় নতুন উদ্যোগ, সম্ভাবনার বিস্তার
শিক্ষার পাশাপাশি গবেষণাকে গুরুত্ব দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে। বিশেষ করে সুন্দরবন, জলবায়ু পরিবর্তন, উপকূলীয় দুর্যোগ, লবণাক্ততা, কৃষি, পানি ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়ন বিষয়ে বিশ্ববিদ্যালয়টির রয়েছে বিশেষ সম্ভাবনা।
বর্তমান প্রশাসনের সময়ে গবেষণায় গতি আনতে চালু হয়েছে কয়েকটি নতুন উদ্যোগ। এর মধ্যে সব ডিসিপ্লিনে টিচিং অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য গবেষণা অনুদান, আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রকাশে আর্থিক প্রণোদনা এবং কোলাবরেটিভ রিসার্চ গ্রান্ট প্রোগ্রাম উল্লেখযোগ্য। শিক্ষার মানোন্নয়ন ও আন্তর্জাতিক স্বীকৃতির লক্ষ্যে অ্যাক্রেডিটেশন কার্যক্রমেও উদ্যোগ নেওয়া হয়েছে।
এসব উদ্যোগ গবেষণার পরিবেশকে শক্তিশালী করার পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সহযোগিতার নতুন সুযোগ তৈরি করছে। তবে গবেষণার গুণগত মান, পর্যাপ্ত অর্থায়ন এবং গবেষণার ফলাফল বাস্তবে প্রয়োগ নিশ্চিত করাই এখন বড় বিবেচ্য বিষয়।
শিক্ষার্থীদের অর্জনে সমৃদ্ধ ক্যাম্পাস
একটি বিশ্ববিদ্যালয়ের সাফল্য তার শিক্ষার্থীদের অর্জনের মধ্য দিয়েও প্রতিফলিত হয়। পড়াশোনার পাশাপাশি গবেষণা, উদ্ভাবন, উদ্যোক্তা কার্যক্রম, সংস্কৃতি, খেলাধুলা ও সমাজসেবায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের সক্ষমতার পরিচয় দিচ্ছেন।
বিতর্ক, সাংবাদিকতা, সাংস্কৃতিক চর্চা ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্ব, সৃজনশীলতা ও সামাজিক দায়বদ্ধতার বিকাশ ঘটছে। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে গত বছরে উদ্ভাবন, উদ্যোক্তা, গবেষণা, সংস্কৃতি, খেলাধুলা ও সমাজসেবায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের ব্যক্তিগত ও দলীয় সম্মাননা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
ইমপ্যাক্টফুল বিশ্ববিদ্যালয় হওয়ার প্রত্যয়
খুলনা বিশ্ববিদ্যালয়কে গবেষণানির্ভর ও কার্যকর উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেছেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।
বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে তিনি বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও স্বপ্নের ফসল খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রমের ৩৫ বছর পূর্ণ করে ৩৬ বছরে পদার্পণ করছে। এই গৌরবময় অর্জন আমাদের সবার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। প্রতিষ্ঠার শুরুতে সীমিত পরিসরে যাত্রা শুরু করলেও সময়ের পরিক্রমায় খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও জ্ঞানচর্চায় নিজস্ব স্বকীয়তা ও স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে। ৩৫ বছরের এই পথচলায় বিশ্ববিদ্যালয়টি এ অঞ্চলের মানুষের আশা-আকাঙ্ক্ষা ও উচ্চশিক্ষার স্বপ্নের প্রতীকে পরিণত হয়েছে।
তবে অতীতের অর্জনেই আমরা সীমাবদ্ধ থাকতে চাই না। আমাদের আগামীর লক্ষ্য খুলনা বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ গবেষণানির্ভর, কার্যকর ও আন্তর্জাতিক মানসম্পন্ন ‘ইমপ্যাক্টফুল’ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করা। ৩৬ বছরে পদার্পণের এই শুভক্ষণে আমাদের অঙ্গীকার; গবেষণার উৎকর্ষ, উদ্ভাবন ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে খুলনা বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরও সুদৃঢ় করা।
অর্জনের পাশাপাশি রয়েছে চ্যালেঞ্জ
৩৫ বছরের পথচলায় বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি থাকলেও উচ্চশিক্ষার পরিবর্তিত বাস্তবতায় বেশ কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। শিক্ষার্থীর সংখ্যা ও একাডেমিক কার্যক্রমের বিস্তারের সঙ্গে সামঞ্জস্য রেখে আবাসন, শ্রেণিকক্ষ, আধুনিক গবেষণাগার এবং প্রযুক্তিগত অবকাঠামো আরও উন্নত করা প্রয়োজন।
একই সঙ্গে গবেষণায় অর্থায়ন বৃদ্ধি, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ, কর্মমুখী শিক্ষা এবং শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার সুযোগ তৈরি করা জরুরি। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলবায়ু, পরিবেশ ও নগরায়ণসংক্রান্ত সমস্যাগুলো নিয়ে কার্যকর গবেষণার মাধ্যমে জাতীয় উন্নয়নে আরও বড় ভূমিকা রাখার সুযোগ রয়েছে বিশ্ববিদ্যালয়টির।
৩৫ বছরের অভিজ্ঞতায় আগামীর প্রত্যাশা
৩৫ বছরের পথচলায় খুলনা বিশ্ববিদ্যালয় শুধু একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নয়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের স্বপ্ন ও প্রত্যাশার প্রতীক হিসেবেও জায়গা করে নিয়েছে। চারটি ডিসিপ্লিনের ৮০ শিক্ষার্থীর সেই যাত্রা আজ বহুমাত্রিক শিক্ষা ও গবেষণার পরিসরে বিস্তৃত হয়েছে।
তবে একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত সাফল্য কেবল অতীতের অর্জনে সীমাবদ্ধ নয়; বরং নতুন জ্ঞান সৃষ্টি, গবেষণার বাস্তব প্রয়োগ এবং দক্ষ ও মানবিক মানুষ তৈরির মধ্যেই তার ভবিষ্যৎ নিহিত।
বিশ্ববিদ্যালয় দিবস তাই শুধু প্রতিষ্ঠার ইতিহাস স্মরণের দিন নয়, বরং অর্জন ও সীমাবদ্ধতা পর্যালোচনা করে নতুন লক্ষ্য নির্ধারণের উপলক্ষ। ৩৫ বছরের অভিজ্ঞতাকে শক্তিতে পরিণত করে গবেষণা, উদ্ভাবন ও মানসম্মত উচ্চশিক্ষায় খুলনা বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে ৩৬ বছরে পদার্পণের দিনে এটাই প্রত্যাশা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন