মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং
১০:৩৮ পি.এম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের মুখে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে গত রোববার (১৮ অক্টোবর) এই অস্ত্রপচারটি অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। জামায়াত আমির দেশবাসীর কাছে পরিপূর্ণ সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
মঙ্গলবার চট্টগ্রামে জামায়াতে ইসলামী এবং অঙ্গ সংগঠনের একাধিক কর্মসূচিতে অংশ নিতে যান ডা. শফিকুর রহমান। এসব অনুষ্ঠানে তার মুখাবয়বে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যায়, যা সামাজিক মাধ্যমে আলোচনা সৃষ্টি করেছে।
জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের সময় সংবাদকে জানান, গত রোববার আমির জামায়াতের স্ক্রিনে (মুখের ত্বকে) একটি লেজার সার্জারি হয়েছে। সার্জারির পর থেকে তার মুখে কিছুটা ফোলা ভাব দেখা যাচ্ছে।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, চিকিৎসকদের পক্ষ থেকে বিশ্রামের পরামর্শ থাকলেও সাংগঠনিক ব্যস্ততার কারণে তাকে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন যে, কয়েকদিন বিশ্রাম নিলে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন।
প্রতিবেদককে জামায়াত আমির ডা. শফিকুর রহমান মুঠোফোনে জানান, ‘দু-তিন দিন আগে আমার মুখে একটি লেজার সার্জারি হয়েছে। কিছুদিনের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবো বলে আশা করছি।’
এসময় তিনি দেশবাসীর কাছে দোয়া চান।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মালদ্বীপকে পরাজিত করে বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির ফাইনালে পৌঁছেছে বাংলাদেশ নারী হ্যান্ডবল দল। মঙ্গলবার (২০ অক্টোবর) পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে মালদ্বীপকে ৩৩-২০ গোলে পরাজিত করেছে স্বাগতিকরা।
ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের মেয়েরা তাদের আধিপত্য প্রদর্শন করতে থাকে। প্রথমার্ধে তারা ১৬-৫ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধেও তাদের সেই দাপট অব্যাহত থাকে, ফলে বড় জয় নিশ্চিত করে দলটি। বাংলাদেশের হয়ে ৮ গোল করে ম্যাচসেরা নির্বাচিত হন মোসাম্মৎ সানজিদা আক্তার।
প্রতিযোগিতায় বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল নেপালকে ৩৩-২০ গোলে পরাজিত করে। তবে পরবর্তী ম্যাচে শক্তিশালী ভারতের কাছে তারা ৪৭-১৩ গোলে পরাজিত হয়।
ফাইনালে ওঠার জন্য মালদ্বীপের বিরুদ্ধে জয় ছিল বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই চাপকে সামলে নিয়ে তারা দাপুটে পারফরম্যান্সের মাধ্যমে শিরোপার লড়াইয়ে নিজেদের স্থান নিশ্চিত করেছে।
আগামী বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ৩টায় ফাইনালে ভারতের বিরুদ্ধে মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে বুধবার দুপুর ২টায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে লড়বে মালদ্বীপ ও নেপাল।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সৌদি আরবে হুথি বিদ্রোহীদের হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার উদ্দেশ্যে পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি অনুমোদনের জন্য তুরস্কের পার্লামেন্টে প্রস্তাব পাঠানো হয়েছে। এই পদক্ষেপটি রিয়াদ ও ইসলামাবাদের সঙ্গে আঙ্কারার কৌশলগত সামরিক সম্পর্ককে আনুষ্ঠানিকভাবে আরও একধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের তিনটি সূত্রের বরাতে এই তথ্য প্রকাশিত হয়।
গত আগস্টে তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরব ঐতিহাসিক 'মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি' স্বাক্ষর করে। চুক্তির শর্ত অনুযায়ী, জোটের যেকোনো সদস্য দেশের ওপর সশস্ত্র হামলা হলে তা বাকি সদস্যদের ওপর হামলা হিসেবে গণ্য হবে। তবে চুক্তি স্বাক্ষরের সময় তিন দেশের সম্মিলিত প্রতিশ্রুতির বিস্তারিত বিবরণ তৎকালীন যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়নি।
চলতি মাসের শুরুতে রিয়াদে এই জোটের একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সৌদি আরবে দ্রুত সামরিক বাহিনী এবং অন্যান্য প্রয়োজনীয় সামরিক সক্ষমতা মোতায়েনের বিষয়ে একমত হয় দেশগুলো।
তুরস্কের একটি শক্তিশালী প্রতিরক্ষা শিল্প রয়েছে। তারা সৌদি আরবে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং রিয়াদের সামরিক প্রযুক্তির চাহিদা পূরণে সহায়তা করার আগ্রহ প্রকাশ করেছে। তুরস্ক লোহিত সাগরে জাহাজ চলাচল ও নৌনিরাপত্তা নিশ্চিত করতে সৌদি নেতৃত্বাধীন জোটে যোগ দিতে সম্মত হয়েছে।
রয়টার্সের দুটি সূত্র জানায়, তুরস্কের পার্লামেন্ট স্পিকার নুমান কুরতুলমুশ বর্তমানে কিরগিজস্তান সফরে রয়েছেন। তিনি দেশে ফিরলেই চুক্তিটি পার্লামেন্টের পররাষ্ট্রবিষয়ক কমিটিতে পাঠাবেন। কমিটিতে জমা দেওয়ার পর চুক্তির পূর্ণাঙ্গ বিষয়বস্তু ও বিস্তারিত তথ্য জনসমক্ষে প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে।
অন্য একটি সূত্রের মতে, চলতি সপ্তাহের শুক্রবারের মধ্যেই পার্লামেন্টের পররাষ্ট্রবিষয়ক কমিটি এই চুক্তি নিয়ে আলোচনা শুরু করতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক তুরস্কের একজন কর্মকর্তা সংবাদ সংস্থাটিকে জানান, এই চুক্তির আওতায় তুরস্কের অবদান মূলত সামরিক সরঞ্জাম সরবরাহ, গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং অস্ত্র ব্যবস্থা সহায়তার মধ্যে সীমাবদ্ধ থাকবে বলে ধারণা করা হচ্ছে। তিনি নিশ্চিত করেন যে, এই জোটের অধীনে এখন পর্যন্ত অন্য কোনো ধরনের সামরিক মোতায়েন করা হয়নি।
ইয়েমেনের হুথি হামলা মোকাবিলায় তুরস্ক কীভাবে সৌদি আরবকে রক্ষা করতে পারে, এমন প্রশ্নের জবাবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানান, মক্কা চুক্তি কোনো 'আক্রমণাত্মক চুক্তি' নয়। তিনি স্পষ্ট করেন যে, তুরস্ক অন্য কোনো দেশে হামলা চালানোর জন্য সেনা পাঠাবে না।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে বড় ব্যবধানে পরাজিত হলেও শেষ ম্যাচে ব্যাট হাতে ভালো পারফরম্যান্সের জন্য পুরস্কৃত হয়েছেন বাংলাদেশের শারমিন আক্তার ও স্বর্ণা আক্তার। আইসিসির সর্বশেষ নারী ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে উভয়ের উন্নতি ঘটেছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) প্রকাশিত সাপ্তাহিক হালনাগাদ অনুযায়ী, পাঁচ ধাপ এগিয়ে শারমিন এখন ২৫তম স্থানে অবস্থান করছেন। অন্যদিকে, ১৬ ধাপ এগিয়ে স্বর্ণা বর্তমানে যৌথভাবে ৮৬তম স্থানে রয়েছেন।
ব্রিসবেনে অনুষ্ঠিত সিরিজের শেষ ম্যাচে শারমিন ৯৩ বল খেলে ৫০ রান করেন। স্বর্ণা ৭১ বল মোকাবেলা করে ৫৪ রান সংগ্রহ করেন। তবে তাদের লড়াকু ইনিংস বাংলাদেশকে পরাজয়ের হাত থেকে রক্ষা করতে পারেনি। অস্ট্রেলিয়া ম্যাচটি ৯ উইকেটে জিতে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে নিজেদের করে নেয়।
সেই ম্যাচে অস্ট্রেলিয়ার এলিস পেরি ও অ্যানাবেল সাদারল্যান্ডও ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স দেখান। পেরি অপরাজিত ৬৫ রান করেন এবং সাদারল্যান্ড অপরাজিত ৭৪ রান সংগ্রহ করেন। র্যাঙ্কিংয়ে চার ধাপ উন্নতি করে ক্যারিয়ার সেরা ১৩তম স্থানে পৌঁছেছেন সাদারল্যান্ড। পেরি এক ধাপ উন্নতি করে নবম স্থানে অবস্থান করছেন।
নারী ওয়ানডে ব্যাটারদের তালিকায় শীর্ষস্থানটি ধরে রেখেছেন ভারতের স্মৃতি মান্ধানা। বোলারদের মধ্যে অস্ট্রেলিয়ার অ্যালানা কিং এবং অলরাউন্ডারদের তালিকায় অ্যাশ গার্ডনার শীর্ষে রয়েছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক পাকিস্তান জয়লাভ করেছে। রাওয়ালপিন্ডিতে টস জিতে ইংল্যান্ড পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেয়। শুরুতে পাকিস্তানের ব্যাটিং ভালো না হলেও, হাসান নেওয়াজ ও আরাফাত মিনহাসের ফিফটিতে ৯ উইকেট হারিয়ে ৩০২ রানের একটি বড় পুঁজি গড়ে তোলে তারা। ইংল্যান্ডের ইনিংস ২১৫ রানে শেষ হয়। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও অসাধারণ পারফর্ম করেন আরাফাত মিনহাস, যিনি একাই ৬ উইকেট নেন।
টস হেরে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান ১০০ রানের আগেই ৪ উইকেট হারায়। এরপর দলের হাল ধরেন হাসান নেওয়াজ ও আরাফাত মিনহাস। নেওয়াজ ৭৪ বলে ৭৯ রান করেন এবং মিনহাস ৫৮ বলে ৫৯ রান করেন। এছাড়া, ফাহিম আশরাফ ৩৯, সাদ বেগ ৩৫ এবং বাবর আজম ৩৪ রান করেন।
ইংল্যান্ডের পক্ষে ৩ উইকেট নেন সনি বেকার। গাস অ্যাটকিনসন ২ উইকেট পান এবং উইল জ্যাক্স, ওভারটন, রশিদ ও কারান প্রত্যেকে একটি করে উইকেট নেন। ইংল্যান্ড দারুণ শুরু করে, ব্যান্টন ও ডাকেটের ওপেনিং জুটি ৯১ রান সংগ্রহ করে। তবে এই জুটি ভাঙার পর ইংলিশরা পথ হারিয়ে ফেলে। ডাকেট ৪৫ রান করে আউট হন, আর ব্যান্টন ৫৭ রান করেন, যা দলের সর্বোচ্চ। জো রুট ৩৩ রান করলেও, এরপর আর কেউ আরাফাত মিনহাসের স্পিনের সামনে দাঁড়াতে পারেননি।
মিনহাস ৮.৪ ওভারে ৪০ রান দিয়ে ৬ উইকেট নেন। এর ফলে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ তাসের ঘরের মতো ভেঙে পড়ে। শেষ ১৮ রানে তারা ৫ উইকেট হারায়। পাকিস্তান ইংল্যান্ডকে ২১৫ রানে অল আউট করে ৮৭ রানের বিশাল জয় পায়। মিনহাসের ৬ উইকেটের পাশাপাশি হারিস রউফ ২ উইকেট নেন, নাসিম শাহ্ একটি উইকেট পান এবং একটি রান আউট ঘটে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ