০৭:৫৩ পি.এম
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) কর্তৃক নতুন জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন নির্ধারণের প্রস্তুতির অংশ হিসেবে মাঠপর্যায়ের কার্যালয়গুলোর জনবলের পূর্ণাঙ্গ তথ্য চাওয়া হয়েছে। মাউশি নির্দেশ দিয়েছে যে, আগামী ৭ অক্টোবরের মধ্যে প্রতিষ্ঠানভিত্তিক এসব তথ্য পাঠাতে হবে।
সম্প্রতি এইচআরএম ইউনিটের পক্ষ থেকে মাউশি একটি চিঠি জারি করেছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন কার্যক্রমকে সহজতর করা এবং এ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার জন্য আইবাস++-এর অর্গানোগ্রাম সাব-মডিউলের ডেটাবেজে প্রতিষ্ঠানভিত্তিক জনবলের পূর্ণাঙ্গ তথ্য অন্তর্ভুক্ত করার কাজ চলছে।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
এতে আরও বলা হয়, সরকারের আর্থিক ব্যবস্থাপনা আরও সুসংহত করার লক্ষ্যে আইবাস++-এর বেতন নির্ধারণী সাব-সিস্টেমে জাতীয় বেতন স্কেল-২০২৬-এর বেতন নির্ধারণের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা প্রয়োজন। এজন্য মাউশি এবং এর অধীন মাঠপর্যায়ের কার্যালয়গুলোর জনবলের পূর্ণাঙ্গ তথ্য অর্গানোগ্রাম সাব-মডিউলে যুক্ত করা আবশ্যক।
এছাড়া, এনাম কমিশনের পর সৃষ্ট পদগুলোর তথ্য অর্গানোগ্রাম সাব-মডিউলে যুক্ত করার জন্য অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অধিশাখার পৃষ্ঠাঙ্কন করা সরকারি আদেশসহ প্রতিষ্ঠানভিত্তিক জনবলের পূর্ণাঙ্গ তথ্য পাঠাতে হবে।
তথ্য পাঠানোর জন্য নির্ধারিত ছকের প্রয়োজন হবে। এতে কার্যালয়ের নাম, পদবি (বাংলা ও ইংরেজি), ১৩ ডিজিটের কোড, পদের মূল গ্রেড, পদভিত্তিক সংখ্যা ও মন্তব্য উল্লেখ করতে হবে।
মাউশির চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, নির্ধারিত তথ্য আগামী ৭ অক্টোবরের মধ্যে অধিদপ্তরের এইচআরএম শাখার উপপরিচালকের কাছে পাঠাতে হবে। তথ্যের সফট কপি নিকষ ফন্টে ওয়ার্ড ডকুমেন্ট আকারে [email protected] ই-মেইলে পাঠাতে হবে। পাশাপাশি কক্ষ নম্বর ৫৩০-এ তথ্য জমা দেওয়ার নির্দেশনা রয়েছে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন