০৯:৪০ এম
অভিযান চালিয়ে মাদকের বড় চালান জব্দ করার পর ১০ লাখ টাকা ঘুষের বিনিময়ে তা ধামাচাপা দেয়ার গুরুতর অভিযোগে, লালমনিরহাটের হাতীবান্ধা থানার চার পুলিশ কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার (ক্লোজ) করা হয়েছে। ঘটনার সত্যতা পাওয়ার পর প্রাথমিক তদন্তে তাদের জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। প্রত্যাহার হওয়া কর্মকর্তাদের নাম হলো, উপপরিদর্শক (এসআই) তুহিন, এসআই রিমন মিয়া, সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল হাকিম এবং এএসআই লুৎফর রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধা উপজেলার বোর্ডের হাট বাজার এলাকায় এক চিহ্নিত মাদক কারবারির বাড়িতে ওই চার কর্মকর্তা যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে একটি সাদা রঙের প্রাইভেটকার, একটি মোটরসাইকেল ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছিল।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
তবে জব্দকৃত আলামত ও আসামিকে থানায় না নিয়ে, কৌশল পরিবর্তন করে ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে নিয়ে যান তারা। সেখানে দরকষাকষির একপর্যায়ে ১০ লাখ টাকার বিনিময়ে মাদকের চালানসহ আসামিকে ছেড়ে দেয়া হয়। পরবর্তীতে ইউনিয়ন পরিষদ চত্বরের সিসিটিভি ক্যামেরার ফুটেজে পুলিশ কর্মকর্তাদের এই বৈঠকের দৃশ্য ছড়িয়ে পড়লে পুরো উপজেলায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এই চার কর্মকর্তার দলটি গত ১৮ জুলাই উপজেলার ভবানীপুর গ্রামে একইভাবে অপর একটি বিতর্কিত অভিযানে গেলে সেখানে স্থানীয় গ্রামবাসীর তোপের মুখে তারা অবরুদ্ধ হয়ে পড়েন। পরপর দুটি অনাকাঙ্ক্ষিত ও বিতর্কিত ঘটনার পর জেলা পুলিশের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা শুরু হয়।
প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মিললে, চার কর্মকর্তাকে হাতীবান্ধা থানা থেকে প্রত্যাহার করে লালমনিরহাট পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। এছাড়া, ঘটনাটির বিস্তারিত অনুসন্ধানে জেলা পুলিশের পক্ষ থেকে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার বলেন, ‘চার পুলিশ কর্মকর্তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে, এটা সত্য। জেলা পুলিশের গঠন করা তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর সত্যতা মিললে কর্তৃপক্ষ বিভাগীয় ও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।’
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন