ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

নিহত কৃষক দল নেতা বাদল মোড়লের পরিবারের পাশে থাকবে বিএনপি


নিহত কৃষক দল নেতা বাদল মোড়লের পরিবারের পাশে থাকবে বিএনপি

বাগেরহাট, ৫ জুলাই ২০২৬ : বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জানান, বাগেরহাটে সন্ত্রাসী হামলায় নিহত কৃষক দলের নেতা শহীদ বাদল মোড়লের পরিবারকে সমর্থন করবেন বিএনপি।

তিনি গতকাল শনিবার (৪ জুলাই) বিকেলে জেলার সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কৃষক দলের সভাপতি বাদল মোড়লের কবর জিয়ারত করেন এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন। এ সময় বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

বারুইপাড়ার আড়পাড়ায় নিহতের কবর জিয়ারত শেষে, প্রতিমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে গভীর সমবেদনা ও সহমর্মিতা জানিয়ে বলেন, ‘নিহত বাদল মোড়লের সন্তান ও স্ত্রীর পাশে দাঁড়াবে বিএনপি পরিবার এবং সরকার।’

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘সন্ত্রাসী যে দলেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তিনি উল্লেখ করেন, ‘ফ্যাসিস্ট সরকারের সময় সংঘটিত নির্মম গণহত্যা এবং তাদের পালিয়ে যাওয়ার ঘটনা দেশের মানুষ প্রত্যক্ষ করেছে। বিএনপি অতীতেও হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয়নি এবং ভবিষ্যতেও দেবে না।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করে যারা ব্যক্তিস্বার্থে ফায়দা হাসিলের চেষ্টা করছেন, তাদের বিএনপিতে কোনো স্থান হবে না।’

তিনি জানান, বাদল হত্যার আসামি গ্রেফতারের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তিনি দেখা করেছেন এবং খুলনা ডিআইজি ও বাগেরহাট পুলিশ সুপার এ ব্যাপারে তৎপর রয়েছেন। ইতোমধ্যে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামি খুব শীঘ্রই ধরা পড়বে। তিনি নেতা কর্মীদের ধৈর্য ধারণের এবং সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, বিএনপি নেতা অহিদুজ্জামান পল্টু, এসকেন্দার হোসেন, ফকির তারেক, শেখ মঈন, আজাদ আবুল কালাম ও জেলা যুবদল নেতা সাঈদ নিয়াজ হোসেন শৈবালসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মী।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৯

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০১:৩১ পি.এম


যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৯

ঢাকা, ৫ জুলাই, ২০২৬ : রাজধানীর যাত্রাবাড়ী থানার এলাকায় বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে বিভিন্ন অপরাধের জন্য ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

আজ রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃতদের মধ্যে আছেন- সোহরাব হোসেন (২০), সিয়াম হাওলাদার (২৫), মো. আপন (২০), মো. রাজু আহমেদ (৩৬), আরাফাত খান (২৪), নুর মোহাম্মদ বাপ্পি (৩৫), রমজান (২৯), মো. সোহাগ (২৫) এবং পলক (১৯)।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, গ্রেফতারকৃতদের মধ্যে দুইজনকে নিয়মিত মামলায়, পাঁচজনকে পরোয়ানামূলে এবং দুইজনকে ডিএমপি অধ্যাদেশ মোতাবেক গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে যে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলে কৃষকদের বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ করলেন মৎস্য প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০১:৩৩ পি.এম


টাঙ্গাইলে কৃষকদের বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ করলেন মৎস্য প্রতিমন্ত্রী

টাঙ্গাইল, ৫ জুলাই ২০২৬ : জেলার ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, বিভিন্ন গাছের চারা, সার এবং অসহায় মানুষের মাঝে নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গতকাল শনিবার বিকেলে এ অনুদান বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

প্রতিমন্ত্রী বলেন, জেলা ‎কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এই কর্মসূচি আমাদের প্রান্তিক কৃষক ভাই-বোনদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দেশের কৃষি ও কৃষকের কল্যাণে সরকার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবে। ‘কৃষিই সমৃদ্ধি’ এ স্লোগানকে সামনে রেখে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ অনুদান দেওয়া হয়।

এ কর্মসূচির আওতায় গতকাল টাঙ্গাইল সদর উপজেলার ২ হাজার ৫ শত ৯০ জন ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষককে নগদ অর্থের চেক, বিনামূল্যে বীজ, বিভিন্ন গাছের চারা ও সার প্রদান করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্ত, জেলা পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন মিয়া, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আশেক পারভেজ, উপজেলা কৃষি কর্মকর্তা রুমানা আকতার প্রমুখ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় দলের গোলকিপার শেখ জিয়াউর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০১:৩৪ পি.এম


জাতীয় দলের গোলকিপার শেখ জিয়াউর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বাগেরহাট, ৫ জুলাই ২০২৬ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তার বাগেরহাট সফরের সময় জাতীয় ফুটবল দলের গোলকিপার শেখ জিয়াউর রহমান (জিয়া) এবং স্থানীয় দলীয় নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।

গতকাল শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় ফকিরহাট উপজেলার মুলঘর ইউনিয়নের ফলতিতা এলাকায় এ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। সভায় প্রতিমন্ত্রী জাতীয় দলের গোলকিপার শেখ জিয়াউর রহমানের খেলোয়াড় জীবনের সাফল্যের প্রশংসা করেন এবং দেশটির ক্রীড়াঙ্গনের উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন।

সাক্ষাৎকালে উপস্থিত নেতৃবৃন্দ পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি এলাকার ক্রীড়া উন্নয়ন এবং বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় করেন।

এসময় ফকিরহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুল কামাল, সাংগঠনিক সম্পাদক নোমান আল- মেহেদী, সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন, সাবেক আহ্বায়ক ফকির শহীদুল আলমসহ বিএনপির নেতা কর্মী এবং আরও অনেকে উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এক মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০১:৪১ পি.এম


এক মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮

গত জুনে দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪৩৮ জন। নিহতদের মধ্যে প্রায় ৩১ শতাংশ মোটরসাইকেল দুর্ঘটনায় আক্রান্ত।

রোববার, ৫ জুলাই, রোড সেফটি ফাউন্ডেশনের মাসিক দুর্ঘটনা বিশ্লেষণ প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

এ প্রতিবেদনটি ৯টি জাতীয় দৈনিক, ১৭টি জাতীয় এবং আঞ্চলিক অনলাইন সংবাদমাধ্যম, কিছু ইলেকট্রনিক মিডিয়া এবং সংগঠনটির নিজস্ব তথ্যের উপরে ভিত্তি করে তৈরি করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, জুন মাসে মোট ১৪৫টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে, যা মোট দুর্ঘটনার ৩০ দশমিক ৭২ শতাংশ। এই সময় পথচারী নিহত হয়েছেন ৯১ জন, যা মোট প্রাণহানির ২০ দশমিক ৭৭ শতাংশ। এছাড়া, ৫৭ জন চালক ও পরিবহন-সহকারীর মৃত্যু ঘটেছে।

যানবাহনের ভিত্তিতে দেখা যায়, মোটরসাইকেল চালক ও আরোহীদের পরে থ্রি-হুইলারে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে। এসব যানবাহনে ১১২ জন যাত্রী নিহত হয়েছেন। ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপ ও ট্রলিতে ৩৭ জন নিহত, বাসে ২৭ জন এবং প্রাইভেট কার, মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্সে ১৪ জন নিহত হয়েছেন।

জুন মাসে জাতীয় মহাসড়কে ১৫১টি দুর্ঘটনা, আঞ্চলিক সড়কে ১৯৪টি, গ্রামীণ সড়কে ৬৪টি এবং শহরের সড়কে ৫৭টি দুর্ঘটনা ঘটেছে। এতে দেখা গেছে, আঞ্চলিক সড়কে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে।

দুর্ঘটনার ধরন বিশ্লেষণ করে দেখা যায়, নিয়ন্ত্রণ হারিয়ে ২০৬টি দুর্ঘটনা ঘটেছে যা মোট দুর্ঘটনার প্রায় ৪৪ শতাংশ। এছাড়া, ১০৯টি মুখোমুখি সংঘর্ষ, ৯৭টি পথচারীকে চাপা দেয়ার ঘটনা এবং ৫৩টি দুর্ঘটনা সামনে থাকা যানবাহনের পেছনে ধাক্কা লাগার কারণে ঘটেছে।

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। সেখানে ১১৬টি দুর্ঘটনায় ১১৮ জন নিহত হয়েছেন। রাজধানীতে ৩২টি দুর্ঘটনায় ২৪ জন নিহত ও ৪৯ জন আহত হয়েছেন। অন্যদিকে, ময়মনসিংহ বিভাগে সবচেয়ে কম ১৯টি দুর্ঘটনা ঘটেছে, যেখানে নিহত হয়েছেন ১৬ জন।

এছাড়া, সড়ক দুর্ঘটনার পাশাপাশি জুন মাসে দেশের নৌপথেও ৯টি দুর্ঘটনা ঘটেছে, যাতে ৭ জন নিহত এবং ৪ জন আহত হয়েছেন। একই সময় ২১টি রেল দুর্ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়েছে ও ৭ জন আহত হয়েছেন।

রোড সেফটি ফাউন্ডেশনের মতে, সড়ক দুর্ঘটনার পেছনে একাধিক কাঠামোগত ও ব্যবস্থাপনাগত দুর্বলতা রয়েছে। এর মধ্যে থাকে অনুপযোগী সড়ক, ত্রুটিযুক্ত যানবাহন, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, চালকদের দক্ষতার অভাব ও শারীরিক অসুস্থতা, নির্ধারিত কর্মঘণ্টা এবং ন্যায্য পারিশ্রমিকের অভাব, মহাসড়কে ধীরগতির যান চলাচল, তরুণদের ঝুঁকিপূর্ণ মোটরসাইকেল চালানোর প্রবণতা, ট্রাফিক আইন না মানা, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, বিআরটিএর প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা এবং গণপরিবহন খাতে চাঁদাবাজি।

প্রতিবেদনে দুর্ঘটনা প্রতিরোধে ১২ দফা সুপারিশও তুলে ধরা হয়েছে। এর মধ্যে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলকে আরও কার্যকর করা, বিআরটিএসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সংস্কার, মেয়াদোত্তীর্ণ যানবাহন চলাচল বন্ধ করা, দক্ষ চালক তৈরির উদ্যোগ জোরদার করা, আধুনিক নিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাধ্যতামূলক করা এবং মহাসড়কগুলোতে নিরাপদ অবকাঠামো নিশ্চিত করা অন্তর্ভুক্ত।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%