০৭:৫২ পি.এম
রাজধানী ঢাকার মিরপুরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মিত একটি আবাসন প্রকল্পের ৫ তলা থেকে লিফটটি ছিঁড়ে পড়ে গেছে। এই ঘটনায় লিফটের ভেতরে অবস্থানরত তিনজন গুরুতর আহত হয়েছেন।
দুর্ঘটনাটি ঘটে শুক্রবার (২ অক্টোবর) সকাল ৬টার দিকে, মিরপুর-১ নম্বরের পাইকপাড়া আনসার ক্যাম্পের পশ্চিম পাশে অবস্থিত প্রকল্পটির ১ নম্বর ভবনে।
আহত ব্যক্তিদের উদ্ধার করে আগারগাঁওয়ের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়েছে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
আহতদের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক কর্মচারী মোস্তাফিজুর রহমান (৬২), নাইস আহমেদ (৪০) এবং তার ছেলে মো. ওয়াসি (৮) রয়েছেন। জানা গেছে, দুর্ঘটনায় নাইস আহমেদের দুই পা ভেঙে গেছে।
ভবনটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের ব্যক্তিগত কর্মকর্তা মো. শাহাবুদ্দিন আহমেদ সাংবাদিকদের দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফজরের নামাজের পর ভবনের পঞ্চম তলার ওই তিন বাসিন্দা লিফটে ওঠেন। কিছুক্ষণ পরই বিকট শব্দে লিফটটি ছিঁড়ে নিচে পড়ে যায়। শব্দ শুনে ভবনের দারোয়ান ঘটনাস্থলে গিয়ে লিফটের ভেতর থেকে তাদের চিৎকার শুনতে পান। পরে আশপাশের কয়েকজন এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মেহেদী হাসান বলেন, বিষয়টি আমরা বিভিন্ন মাধ্যম থেকে জেনেছি। খবর পাওয়ার পর সেখানে আমাদের লোকজন পাঠানো হয়েছে।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন