মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
১০:১৭ পি.এম
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি হজযাত্রীদের জন্য একটি সমন্বিত প্যাকেজ চালুর সিদ্ধান্ত নিয়েছে।
এই প্যাকেজের আওতায় হজযাত্রার জন্য প্রয়োজনীয় সেবাগুলো একটি ইলেকট্রনিক চুক্তির মাধ্যমে প্রদান করা হবে। সৌদি আরবে পৌঁছানো থেকে শুরু করে দেশে ফিরে যাওয়ার সময় পর্যন্ত যাত্রাপথের বিভিন্ন সেবা এতে অন্তর্ভুক্ত থাকবে।
মন্ত্রণালয় জানিয়েছে, এই প্যাকেজটি ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে সরবরাহ করা হবে। এতে চারটি প্রধান সেবা অন্তর্ভুক্ত থাকবে—পবিত্র স্থানগুলোতে প্রয়োজনীয় সেবা, মক্কা ও মদিনায় আবাসন, যাতায়াত এবং খাবারের ব্যবস্থা। পাশাপাশি অতিরিক্ত কিছু সুবিধা গ্রহণের সুযোগও থাকবে।
এই নতুন ব্যবস্থার মাধ্যমে বিদেশি হজবিষয়ক দপ্তর ও সংশ্লিষ্ট সংস্থাগুলো বিভিন্ন শ্রেণির হজযাত্রীদের জন্য নিজেদের মতো করে কর্মসূচি সাজানোর সুযোগ পাবে। এজন্য একটি নির্দিষ্ট, তবে নমনীয় চুক্তি কাঠামো রাখা হয়েছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।
সৌদি আরবের ১৪৪৮ হিজরি সালের হজ মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশটির ‘ভিশন ২০৩০’ এবং হজযাত্রীদের অভিজ্ঞতা উন্নয়নের কর্মসূচির লক্ষ্য বাস্তবায়নের সঙ্গে এটি সামঞ্জস্যপূর্ণ।
মন্ত্রণালয় ইতোমধ্যে ১৪৪৮ হিজরি সালের হজের প্রস্তুতি শুরু করেছে। এ লক্ষ্যে ৭৫টির বেশি দেশের হজবিষয়ক দপ্তরের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে পরিচালন পরিকল্পনা, বিধিবিধান ও প্রয়োজনীয় শর্তাবলি পর্যালোচনা করা হচ্ছে।
সাম্প্রতিক বছরগুলোতে হজ ব্যবস্থাপনায় ডিজিটাল অবকাঠামোও সম্প্রসারণ করেছে সৌদি আরব। মন্ত্রণালয়ের ইলেকট্রনিক প্ল্যাটফর্মগুলোতে চুক্তি, কার্যক্রম পরিচালনা ও ভিসা-সংক্রান্ত প্রক্রিয়াগুলো এক ব্যবস্থার আওতায় আনা হয়েছে। এর মাধ্যমে হজযাত্রী ও সেবাদানকারী সংস্থাগুলোর কাজ সমন্বিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।
সূত্র: গালফ নিউজ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ সামান্য হ্রাস পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ ৩৬ হাজার ১৪৫ দশমিক ৪৮ মিলিয়ন বা প্রায় ৩৬ দশমিক ১৪ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ফরেইন রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের যৌথ পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুনসী স্বাক্ষরিত বৈদেশিক মুদ্রার রিজার্ভের হালনাগাদ তথ্যে এই তথ্য প্রকাশিত হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম৬ ম্যানুয়াল অনুযায়ী বর্তমান রিজার্ভের পরিমাণ ৩১ হাজার ২৯৮ দশমিক ২৩ মিলিয়ন বা প্রায় ৩১ দশমিক ৩০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
এর আগে ২০ সেপ্টেম্বর দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ হাজার ৩০৮ দশমিক ৯৮ মিলিয়ন বা ৩৬ দশমিক ৩০ বিলিয়ন ডলার ছিল। সেই সময় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী যার পরিমাণ ছিল ৩১ হাজার ৪৫২ দশমিক ৮৩ মিলিয়ন বা ৩১ দশমিক ৪৫ বিলিয়ন ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরের প্রথম ২০ দিনে দেশে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর— এই ৩ দিনেই প্রবাসীরা ১৩ কোটি ডলার পাঠিয়েছেন। গত বছরের সেপ্টেম্বরের ১৯ দিনে দেশে ১৮৬ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, অধিবেশনের বিভিন্ন কার্যক্রম, বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরার জন্য সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৩০ মিনিটে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী হলে’।
এই তথ্য প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব হাসান শিপলু জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
লক্ষ্মীপুর সদর উপজেলার খাল সংস্কারের কাজের একটি অংশ সম্পন্ন করেই ৩০ লাখ ৩ হাজার ৫৩৬ টাকার পুরো বিল উত্তোলনের অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সরেজমিনে খালের বিভিন্ন অংশে দেখা গেছে, দীর্ঘদিন ধরে পলি ও ময়লা পড়ে রয়েছে। অভিযোগ রয়েছে যে, খননের পাশাপাশি পাড় সংস্কার, বেড ব্লক এবং টিবিএম নির্মাণের কাজও অসম্পূর্ণ রয়েছে।
এলজিইডি সূত্রে জানা গেছে, পুকুর ও খাল উন্নয়ন প্রকল্পের আওতায় ‘পি টু ডি’ এবং ‘পি টু ডি ১/১’ খাল সংস্কারের কাজটি আম্মার ট্রেডার্স পেয়েছিল। স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের বেশিরভাগ অংশে কাজ না করেই এটি সম্পন্ন দেখানো হয়েছে।
হামছাদী ইউনিয়নের বিভিন্ন স্থানে সরেজমিনে খালের তলদেশে খননের কাজ না হওয়ার চিত্র দেখা গেছে। প্রকল্প অনুযায়ী ৯টি বেড ব্লক ও ১৮টি টিবিএম নির্মাণের কথা থাকলেও বাস্তবে সেগুলোর কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।
অভিযোগের বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. ইকবাল হোসেন নথি না দেখে মন্তব্য করতে রাজি হননি।
এলজিইডির কর্মকর্তা উজ্জল চৌধুরী জানিয়েছেন, চূড়ান্ত বিল প্রস্তুত হলেও কিছু টাকা আটকে রাখা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন তিনি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ইউজিসির নির্দেশনা অমান্য করে ১৫ জন এবং অর্নুগ্রাম বহির্ভূত ২৮৯ জন কর্মকর্তা-কর্মচারীকে নিয়মবহির্ভূত পদোন্নতি ও আপগ্রেডেশন দেওয়ার অভিযোগের মধ্যে নতুন করে এক কর্মকর্তার পদোন্নতি বোর্ড নিয়ে প্রশ্ন উঠেছে।
পদোন্নতির জন্য পূর্বের পদে চার বছরের অভিজ্ঞতা প্রয়োজন থাকলেও নতুন পদে যোগদানের তিন মাসের মাথায় ফের পদোন্নতির জন্য বোর্ড পেয়েছেন কর্মকর্তা ড. রোকনুজ্জামান।
প্রতিবেদকের হাতে আসা বিশ্ববিদ্যালয়ের নথি সূত্রে জানা যায়, রোকনুজ্জামান ২০০৯ সালের ২২ ডিসেম্বর সেকশন অফিসার গ্রেড-১ পদে নিয়োগ পান। ২০১১ সালের ১ ফেব্রুয়ারি তিনি জুনিয়র রিসার্চ অফিসার পদে অস্থায়ী নিয়োগ পান। পরে ৩৫তম সিন্ডিকেটের সিদ্ধান্তে তার অস্থায়ী পদের মেয়াদ বাড়িয়ে ২০১৩ সালের ২৫ ডিসেম্বর পর্যন্ত করা হয়। ২০১৪ সালের ২৩ মে অনুষ্ঠিত ৪০তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী তাকে স্থায়ী রিসার্চ অফিসার পদে নিয়োগ দেওয়া হয়।
এরপর পদোন্নতি পেয়ে ২০২৬ সালের জুনে সিনিয়র রিসার্চ অফিসার পদে যোগ দেন রোকনুজ্জামান। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পদোন্নতি নীতিমালা অনুযায়ী, সিনিয়র রিসার্চ অফিসার থেকে প্রিন্সিপাল রিসার্চ অফিসার পদে পদোন্নতির জন্য চার বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
তবে যোগদানের প্রায় তিন মাসের মাথায় গত ৪ আগস্ট তাকে প্রিন্সিপাল রিসার্চ অফিসার পদে পদোন্নতির জন্য ফের বোর্ড দেওয়া হয়েছে বলে প্রশাসনের একাধিক সূত্র নিশ্চিত করেছেন। এছাড়া তাকে আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া সিন্ডিকেট সভায় নিয়ম বহির্ভূতভাবে তাকে ফের পদোন্নতি দেওয়া হতে পারে বলেও জানান তারা।
এ বিষয়ে ড. রোকনুজ্জামানের বক্তব্য জানতে ফোন করা হলে তিনি কল রিসিভ করেননি।
পদোন্নতি বোর্ডের সদস্য কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রাশেদুল ইসলাম বলেন, "কমিটির সদস্য হিসেবে এ পর্যায়ে এ বিষয়ে কিছু বলতে পারছি না। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সিন্ডিকেট সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে।"
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, "এই কমিটিতে আমি নেই। তাই আমি কিছু বলতে পারছি না। তবে তিনি ১৫-১৬ বছর ধরে পদোন্নতি বঞ্চিত বলে আমাকে জানানো হয়েছিল।"
তবে একাধিক শিক্ষক দাবি করেছেন, অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম এই পদোন্নতি বোর্ডের সদস্য ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী বলেন, "আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতি থেকে বঞ্চিত হওয়ায় রোকনুজ্জামান ২০২৪ সালে একসঙ্গে দুটি পদোন্নতির আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৫ সালে তাঁকে একটি সিনিয়র রিসার্চ অফিসার পদে পদোন্নতি দেওয়া হয়।"
উপাচার্যের দাবি, তিনি দেরিতে যোগদান করেছেন। তবে তাঁর পদোন্নতির এক বছর পার হয়েছে এবং দীর্ঘদিন বঞ্চিত থাকায় তাকে ফের পদোন্নতি বোর্ড দেওয়া হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ