প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
লক্ষ্মীপুর সদর উপজেলার খাল সংস্কারের কাজের একটি অংশ সম্পন্ন করেই ৩০ লাখ ৩ হাজার ৫৩৬ টাকার পুরো বিল উত্তোলনের অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সরেজমিনে খালের বিভিন্ন অংশে দেখা গেছে, দীর্ঘদিন ধরে পলি ও ময়লা পড়ে রয়েছে। অভিযোগ রয়েছে যে, খননের পাশাপাশি পাড় সংস্কার, বেড ব্লক এবং টিবিএম নির্মাণের কাজও অসম্পূর্ণ রয়েছে।
এলজিইডি সূত্রে জানা গেছে, পুকুর ও খাল উন্নয়ন প্রকল্পের আওতায় ‘পি টু ডি’ এবং ‘পি টু ডি ১/১’ খাল সংস্কারের কাজটি আম্মার ট্রেডার্স পেয়েছিল। স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের বেশিরভাগ অংশে কাজ না করেই এটি সম্পন্ন দেখানো হয়েছে।
হামছাদী ইউনিয়নের বিভিন্ন স্থানে সরেজমিনে খালের তলদেশে খননের কাজ না হওয়ার চিত্র দেখা গেছে। প্রকল্প অনুযায়ী ৯টি বেড ব্লক ও ১৮টি টিবিএম নির্মাণের কথা থাকলেও বাস্তবে সেগুলোর কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।
অভিযোগের বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. ইকবাল হোসেন নথি না দেখে মন্তব্য করতে রাজি হননি।
এলজিইডির কর্মকর্তা উজ্জল চৌধুরী জানিয়েছেন, চূড়ান্ত বিল প্রস্তুত হলেও কিছু টাকা আটকে রাখা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন