বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং
১০:১৭ পি.এম
খুলনা, ২৩ জুলাই, ২০২৬ : খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল’র উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে 'সেমিস্টার ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও মূল্যায়ন' শীর্ষক সেমিনার।
আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারটিতে মুখ্য আলোচক হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. আনিছুর রহমান পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রশ্নপত্র প্রণয়ন ও মূল্যায়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করেন।
তিনি বক্তব্যে উল্লেখ করেন, একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের গুণগত মান নিশ্চিতে স্বচ্ছ, নিরপেক্ষ ও মানসম্মত পরীক্ষার ব্যবস্থা অপরিহার্য। আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা নিশ্চিত করতে ফলাফলভিত্তিক শিক্ষা এবং বিজ্ঞানসম্মত মূল্যায়ন পদ্ধতির কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে তিনি প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে ন্যায্যতা, বস্তুনিষ্ঠতা, নির্ভুলতা এবং শিক্ষার্থীদের প্রকৃত মেধা যাচাইয়ের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
উপাচার্য আরও বলেন, পরীক্ষকের দায়িত্বকে বিচারকের দায়িত্বের সাথে তুলনা করে, উত্তরপত্র মূল্যায়নের সময় ব্যক্তিগত পক্ষপাত বা আবেগ নয় বরং নিরপেক্ষতা, ন্যায়বিচার এবং পেশাগত সততাই এক্ষেত্রে প্রধান বিবেচ্য বিষয় হবে।
সেমিনারে সভাপতিত্ব করেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. আনোয়ারুল হক জোয়ারদার।
তিনি বলেন, মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করা একান্তই গুরুত্বপূর্ণ একটি কাজ। সুষ্ঠু, স্বচ্ছ ও মানসম্মত মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের প্রকৃত জ্ঞান, দক্ষতা এবং সক্ষমতা যথাযথভাবে নিরূপণ করা সম্ভব।
সেমিনারে প্রশ্নপত্র প্রণয়নের মৌলিক নীতিমালা, প্রশ্নের মান ও ভারসাম্য রক্ষা, ব্লুমস ট্যাক্সোনমি অনুসরণ, ফলাফলভিত্তিক শিক্ষার সঙ্গে সম্পর্কিত প্রশ্নপত্র প্রণয়ন ও মূল্যায়ন পদ্ধতি, উত্তরপত্র মূল্যায়নে নিরপেক্ষতা, অভিন্ন মূল্যায়ন মানদণ্ড অনুসরণ এবং পরীক্ষার গুণগত মান নিশ্চিতকরণের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দ বিষয়ভিত্তিক বিভিন্ন মতামত, অভিজ্ঞতা ও পরামর্শ উপস্থাপন করেন এবং প্রাণবন্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে সক্রিয়ভাবে অংশ নেন।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান, ইংরেজি বিভাগের অ্যাডভাইজর প্রফেসর ড. গাজী আবদুল্লাহেল বাকী, আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মো. মঈন উদ্দিন ও মো. মুস্তাফিজুর রহমান সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ এবং অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টিসহ ৪০ জন শিক্ষকের সক্রিয় অংশগ্রহণ ছিল।
সেমিনারটি অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, প্রাণবন্ত আলোচনা এবং মতবিনিময়ের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)-এর দ্রুত রোগমুক্তি ও পূর্ণ সুস্থতা কামনায় হেফাজতে ইসলাম বাংলাদেশ দেশব্যাপী বিশেষ দোয়ার আয়োজন করেছে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে সংগঠনটির আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, ধর্মমন্ত্রী বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে দেশ ও জনগণের সেবায় ফিরে আসতে পারেন, সেই কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া করা হচ্ছে।
বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার বাদ আসর চট্টগ্রামের জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসা মসজিদে উলামায়ে কেরাম, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ মাহফিলে মাদ্রাসার মুহতামিম মাওলানা আইয়ুব বাবুনগরীসহ বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন।
এছাড়া, একই দিনে দেশের বিভিন্ন মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠান যেমন দক্ষিণ হাটহাজারী মাদ্রাসা, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, জামিয়া ইসলামিয়া মাদ্রাসা, জামিয়া ইউনুছিয়া এবং কুমিল্লার আসরাফুল উলুম মাদ্রাসাসহ অন্যান্য প্রতিষ্ঠানে ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান দেশবাসী, তাওহিদী জনতা ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতার জন্য আন্তরিকভাবে দোয়া করার আহ্বান জানান।
বিবৃতিতে হেফাজত নেতারা বলেন, অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করা ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা। তারা মহান আল্লাহর কাছে ধর্মমন্ত্রীর দ্রুত রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজধানীর ফার্মগেটে ২০২২ সালে বহুল আলোচিত ‘টিপকাণ্ড’ ঘটনায় চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন প্রশাসনিক ট্রাইব্যুনাল-১।
বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রশাসনিক ট্রাইব্যুনাল-১-এর বিচারক আমিরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
কনস্টেবল নাজমুলের আইনজীবী আব্দুর রহিম কাজল রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রশাসনিক ট্রাইব্যুনালে দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে আদালত সিদ্ধান্ত নিয়েছে নাজমুল তারেককে পুনরায় চাকরিতে বহাল করার।
২০২২ সালের ২ এপ্রিল ফার্মগেট এলাকায় ঘটিত এই ঘটনা দেশে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছিল। অভিযোগ উঠেছিল, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রটেকশন বিভাগে কর্মরত কনস্টেবল নাজমুল উল্টো পথে মোটরসাইকেল চালানোর সময় তেজগাঁও কলেজের প্রভাষক লতা সমাদ্দারের সঙ্গে বাদানুবাদে জড়ান।
লতা সমাদ্দার অভিযোগ করেছিলেন, কপালে টিপ পরা নিয়ে পুলিশের পোশাক পরিহিত মানুষ তাকে কটূক্তি ও হয়রানি করেন। এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ার পর তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরবর্তীতে অভ্যন্তরীণ তদন্ত শেষে নাজমুল তারেককে প্রথমে সাময়িক বরখাস্ত করা হয় এবং পরে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
তবে শুরু থেকেই নাজমুল তারেক নিজেকে নির্দোষ দাবি করছেন। তার দাবি ছিল, কপালে টিপ পরা নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি এবং ঘটনাটি সাজানো। পরবর্তীতে প্রশাসনিক প্রতিকার চেয়ে ২০২২ সালের নভেম্বরে তিনি প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ তার বরখাস্তের আদেশ বাতিল করে চাকরিতে ফেরত নেওয়ার রায় দেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
এক শিশুকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে যুক্তরাজ্যের সমুদ্রে প্রাণ হারিয়েছেন সিলেটের বংশোদ্ভূত ব্রিটিশ মা ও তার মেয়ে সহ তিনজন। গ্রীষ্মকালীন ছুটি কাটানোর জন্য যুক্তরাজ্যের কলচেস্টার ওয়েস্ট মার্সি সমুদ্রসৈকতে বেড়াতে গিয়ে তারা বাংলাদেশ সময় বুধবার রাতে দুর্ঘটনায় পড়ে।
নিহতদের মধ্যে রয়েছেন- যুক্তরাজ্য যুবদলের সহ-সভাপতি শেখ মনসুর রহমানের স্ত্রীর নাম সেলিনা রহমান (৪২), তার কন্যা সামিয়া রহমান (১৫) এবং মনসুরের শ্যালিকার ছেলে মুসা আহমেদ (৯)।
শেখ মনসুর রহমান সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ মকন মিয়ার ছেলে। মৃত্যুর খবর নিশ্চিত করেছেন শেখ মকন মিয়ার ছেলে শেখ মাহফুজুর রহমান মুন্না। মুন্না জানান, কলচেস্টার ওয়েস্ট মার্সি সমুদ্রসৈকতে ঢেউয়ের তীব্র টানে তার ভাই মনসুর রহমানের শ্যালিকার ছেলে মুসা আহমেদ ভেসে যাচ্ছিল। এ সময় তাকে উদ্ধার করতে বেরিয়ে তার ভাবি সেলিনা রহমান এবং ভাতিজি সামিয়া রহমান সমুদ্রে ঝাঁপ দেন। মুসাকে বাঁচাতে গিয়ে তারা দুইজনই প্রাণ হারান। দুর্ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন সেলিনা রহমানের বাবা মুজিবুর রহমানও।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ব্রাহ্মণবাড়িয়া সদরে অভিযান চালিয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল) ২২টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। এই অভিযানে অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার দায়ে ছয়জনের বিরুদ্ধে ৬০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সুহিলপুর ইউনিয়নের হিন্দুপাড়া এলাকা অবস্থিত অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকার। অভিযানের মাধ্যমে এই জরিমানা করা হয়।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) কুমিল্লা অফিসের জনসংযোগ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। অভিযানের মধ্যে ২২টি অবৈধ গ্যাস সংযোগের রাইজার উচ্ছেদ করা হয় এবং ওয়েল্ডিং করে সংযোগগুলো স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়। একই সময়ে তিনটি গ্যাস রেগুলেটর জব্দ করা হয়েছে, এমএস পাইপ এবং প্রায় ৪০০ মিটার অবৈধ গ্যাস নেটওয়ার্ক নিষ্ক্রিয় করা হয়।
বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, তারা অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ