প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
খুলনা, ২৩ জুলাই, ২০২৬ : খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল’র উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে 'সেমিস্টার ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও মূল্যায়ন' শীর্ষক সেমিনার।
আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারটিতে মুখ্য আলোচক হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. আনিছুর রহমান পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রশ্নপত্র প্রণয়ন ও মূল্যায়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করেন।
তিনি বক্তব্যে উল্লেখ করেন, একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের গুণগত মান নিশ্চিতে স্বচ্ছ, নিরপেক্ষ ও মানসম্মত পরীক্ষার ব্যবস্থা অপরিহার্য। আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা নিশ্চিত করতে ফলাফলভিত্তিক শিক্ষা এবং বিজ্ঞানসম্মত মূল্যায়ন পদ্ধতির কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে তিনি প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে ন্যায্যতা, বস্তুনিষ্ঠতা, নির্ভুলতা এবং শিক্ষার্থীদের প্রকৃত মেধা যাচাইয়ের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
উপাচার্য আরও বলেন, পরীক্ষকের দায়িত্বকে বিচারকের দায়িত্বের সাথে তুলনা করে, উত্তরপত্র মূল্যায়নের সময় ব্যক্তিগত পক্ষপাত বা আবেগ নয় বরং নিরপেক্ষতা, ন্যায়বিচার এবং পেশাগত সততাই এক্ষেত্রে প্রধান বিবেচ্য বিষয় হবে।
সেমিনারে সভাপতিত্ব করেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. আনোয়ারুল হক জোয়ারদার।
তিনি বলেন, মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করা একান্তই গুরুত্বপূর্ণ একটি কাজ। সুষ্ঠু, স্বচ্ছ ও মানসম্মত মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের প্রকৃত জ্ঞান, দক্ষতা এবং সক্ষমতা যথাযথভাবে নিরূপণ করা সম্ভব।
সেমিনারে প্রশ্নপত্র প্রণয়নের মৌলিক নীতিমালা, প্রশ্নের মান ও ভারসাম্য রক্ষা, ব্লুমস ট্যাক্সোনমি অনুসরণ, ফলাফলভিত্তিক শিক্ষার সঙ্গে সম্পর্কিত প্রশ্নপত্র প্রণয়ন ও মূল্যায়ন পদ্ধতি, উত্তরপত্র মূল্যায়নে নিরপেক্ষতা, অভিন্ন মূল্যায়ন মানদণ্ড অনুসরণ এবং পরীক্ষার গুণগত মান নিশ্চিতকরণের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দ বিষয়ভিত্তিক বিভিন্ন মতামত, অভিজ্ঞতা ও পরামর্শ উপস্থাপন করেন এবং প্রাণবন্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে সক্রিয়ভাবে অংশ নেন।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান, ইংরেজি বিভাগের অ্যাডভাইজর প্রফেসর ড. গাজী আবদুল্লাহেল বাকী, আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মো. মঈন উদ্দিন ও মো. মুস্তাফিজুর রহমান সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ এবং অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টিসহ ৪০ জন শিক্ষকের সক্রিয় অংশগ্রহণ ছিল।
সেমিনারটি অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, প্রাণবন্ত আলোচনা এবং মতবিনিময়ের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন