বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০৫:০০ পি.এম
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার (১১ নভেম্বর) রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে মোল্লাকান্দি ইউনিয়নের নোয়াদ্দা গ্রামে সংঘর্ষের সূত্রপাত ঘটে। ইউনিয়ন বিএনপির সহসভাপতি আওলাদ মোল্লা এবং ফ্রান্সপ্রবাসী বিএনপি কর্মী রহিম মোল্লার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
রাতের ঘটনার পর বৃহস্পতিবার সকাল পর্যন্ত ইউনিয়নের রাজারচর, কংসপুরা ও নতুন আমঘাটা গ্রামে দুই পক্ষের মধ্যে দফায় দফায় হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে।
এ সময় মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংঘর্ষের ফলে গুলিবিদ্ধ পাঁচজন হলেন দিদার ঢালী, বোরহান সিকদার, দিদার সরদার, রাকিব সরদার ও ইমরান হোসেন।
তাদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
গুলিবিদ্ধ দিদার ঢালী জানান, বুধবার রাতে নোয়াদ্দা এলাকায় একটি ড্রেজারের পাশে কয়েকজন দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় আওলাদ মোল্লার সমর্থকেরা অতর্কিত হামলা চালিয়ে গুলি করেন। এতে পাঁচজন গুলিবিদ্ধ হন। এ ঘটনার পরের দিন সকাল পর্যন্ত আশপাশের গ্রামগুলোতে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
তবে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ইউনিয়ন বিএনপির সহসভাপতি আওলাদ মোল্লাকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। অন্যদিকে ফ্রান্সপ্রবাসী রহিম মোল্লার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তছলিম উদ্দিন জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে আগে থেকেই আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর জেরেই সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন (কপ-৩১) এর গ্রিন জোনে বাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সময়ে, তিনি প্যাভিলিয়নে উপস্থিত যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় সবাইকে একত্রে কাজ করার আহ্বান জানান।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী জুট প্যাভিলিয়নে প্রবেশ করেন। সেখানে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
পরিদর্শনের সময়, প্রধানমন্ত্রী প্যাভিলিয়নে প্রদর্শিত বাংলাদেশের বিভিন্ন পরিবেশবান্ধব পাটজাত পণ্যগুলি ঘুরে দেখেন। এ সময় কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণকারী যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্যাভিলিয়ন পরিদর্শন করছিলেন। প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কথা বলেন এবং বাংলাদেশের পাটজাত পণ্যের প্রতি তাদের আগ্রহের বিষয়টি জানতে চান। শিক্ষার্থীরা জানান, তারা বাংলাদেশের পরিবেশবান্ধব পাটজাত পণ্য সম্পর্কে আরও জানতে এবং এ বিষয়ে পড়াশোনা করতে আগ্রহী।
প্রধানমন্ত্রী এ সময় বলেন, "পৃথিবীর পরিবেশ রক্ষা এবং মানুষের সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকা নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।"
প্যাভিলিয়নের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা প্রধানমন্ত্রীকে জানান, সেখানে ব্যাগ, বিভিন্ন ছোট সামগ্রী, জুতা ও ব্লেজারসহ মোট ১২৯ ধরনের পাটজাত পণ্য প্রদর্শিত হচ্ছে। এসব পণ্য পরিবেশবান্ধব হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে সম্ভাবনাময়।
তারা আরও জানান, বিভিন্ন দেশের প্রতিনিধিরা প্যাভিলিয়ন পরিদর্শন করে বাংলাদেশের পাটজাত পণ্যের প্রতি আগ্রহ প্রকাশ করেছেন। তাদের মধ্যে অনেকেই বাংলাদেশ থেকে এসব পণ্য আমদানির আগ্রহ প্রকাশ করেছেন।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
দীর্ঘ পাঁচ বছর পর আবারও ছোটপর্দায় ফিরে আসছে জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মিরাক্কেল’। সংশ্লিষ্ট চ্যানেল কর্তৃপক্ষ নতুন মৌসুমের আনুষ্ঠানিক ঘোষণা প্রদান করেছে।
সিজন ১১-র এবারের আসরে অনুষ্ঠানটি নতুন আঙ্গিকে ফিরছে, যেখানে উপস্থাপক মীর আফসার আলী ও পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায়ের তত্ত্বাবধান থাকবে। ইতিমধ্যে নতুন মৌসুমের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারঝলক বা প্রমোশনাল ভিডিও প্রকাশ করা হয়েছে।
কর্তৃপক্ষ বয়সের কোনো বাঁধাধরা নিয়ম ছাড়াই সকল প্রজন্মের কমেডি শিল্পীদের অডিশনে অংশ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে। প্রাথমিক বাছাই প্রক্রিয়া শেষে নির্বাচিতদের নিয়ে মূল প্রতিযোগিতা শুরু হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছরের ফেব্রুয়ারি মাস থেকেই দর্শকদের প্রিয় এই কমেডি শো পর্দায় ফিরতে পারে।
টানা পাঁচ বছর ‘মীরাক্কেল’র নতুন কোনো পর্ব প্রচারিত হয়নি। জনপ্রিয় শোটি হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় দর্শকদের মধ্যে আক্ষেপ প্রকাশ পেয়েছে। তবে সেই আক্ষেপ ঘুচিয়ে দর্শকদের মাঝে এটি আবারও হাসির ধামাকা নিয়ে ফিরে আসছে। নতুন মৌসুমের বিচারক প্যানেলে কারা থাকছেন, তা এখনো চূড়ান্ত করা হয়নি অনুষ্ঠান সংশ্লিষ্টদের দ্বারা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রেক্ষাপটে সৌদি আরব তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করছে। মার্কিন গবেষকরা রিয়াদ প্রদেশের আল-দুওয়াদিমি নামক স্থানে অবস্থিত একটি ক্ষেপণাস্ত্র কারখানার স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে এই তথ্য প্রকাশ করেছেন। মূলত, উন্নত প্রযুক্তির কঠিন জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র তৈরি করাই এই সম্প্রসারণের উদ্দেশ্য, যা অধিক ভারী বিস্ফোরক বা পেলোড বহন করতে সক্ষম এবং দীর্ঘ দূরত্বে আঘাত হানতে পারে।
চীনের সহায়তা এবং নিজেদের মতো অস্ত্র তৈরির উদ্যোগের মাধ্যমে সৌদি আরব ১৯৮০-এর দশক থেকে চীনের সাথে ক্ষেপণাস্ত্র সম্পর্ক গড়ে তুলেছে। পশ্চিমা দেশগুলো মধ্যপ্রাচ্যে এই ধরনের প্রযুক্তির প্রসার ঘটাতে চায়নি, ফলে সৌদি আরব গোপনে চীনের কাছ থেকে বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র সংগ্রহ করেছে। অতীতে চীন থেকে ডিএফ-৩ এবং ডিএফ-২১ এর মতো ক্ষেপণাস্ত্র কেনার পর, ২০২১ সাল থেকে রিয়াদ চীনা সহায়তায় নিজেদের দেশে ক্ষেপণাস্ত্র তৈরি শুরু করেছে। বিশ্লেষকদের মতে, বিদেশি অস্ত্রের ওপর নির্ভরতা কমিয়ে নিজেদের নিরাপত্তায় সম্পূর্ণ আত্মনির্ভরশীল হওয়াটাই দেশটির মূল লক্ষ্য।
সৌদি আরব এতদিন মূলত মার্কিন যুদ্ধবিমানের ওপর নির্ভরশীল ছিল, তবে শত্রু দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে বিমান দিয়ে দূরপাল্লার হামলা চালানো বেশ কঠিন ও ঝুঁকিপূর্ণ। গত সেপ্টেম্বর মাসে ইয়েমেনে সৌদি বাহিনীর পক্ষ থেকে চীনা প্রযুক্তির একটি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের লক্ষণ দেখা গেছে। এটি বোঝায় যে, এসব ক্ষেপণাস্ত্র কেবল ভীতি প্রদর্শনের জন্য নয়, বরং সরাসরি যুদ্ধের মাঠেও ব্যবহার করা শুরু হয়েছে। ফলে বিমানবাহিনীর পুরোনো দুর্বলতাগুলো কাটিয়ে দূরপাল্লার শক্তিশালী আঘাত হানতে এই ক্ষেপণাস্ত্রগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সামরিক বিশেষজ্ঞদের মতে, এই আধুনিক ক্ষেপণাস্ত্র ভাণ্ডার গড়ে তোলার পেছনে বড় উদ্দেশ্য হলো আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের বিপরীতে নিজেদের অবস্থান শক্তিশালী করা। কঠিন জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্রগুলো দীর্ঘ সময় ধরে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত রাখা যায়, যা শত্রুর আকস্মিক আক্রমণ প্রতিহত করতে সাহায্য করে। এছাড়া ভবিষ্যতে পাকিস্তানসহ অন্য কোনো মিত্রের সহায়তায় সৌদি আরব যদি পারমাণবিক শক্তি অর্জন করে, তবে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোই হতে পারে সেই অস্ত্র বহনের সবচেয়ে কার্যকর মাধ্যম। সব মিলিয়ে, নিজেদের তৈরি এই ক্ষেপণাস্ত্রের সাহায্যে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে মার্কিন শক্তির ওপর নির্ভরতা কমিয়ে সৌদি আরব নিজেদের দরকষাকষির ক্ষমতা আরও বাড়িয়ে নিতে চাইছে।
সূত্র: মিডলইস্ট আই
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বিয়ের তিন বছর অতিবাহিত হলেও সন্তান না হওয়ার কারণে প্রথম স্ত্রীকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করার বিষয়টি নিয়ে ইসলামি শরিয়তের বিধান ব্যাখ্যা করেছেন মুফতি সাইদুজ্জামান কাসেমি। তিনি উল্লেখ করেছেন, শুধুমাত্র সন্তান না হওয়ার কারণে স্ত্রীকে তালাক দেওয়া উচিত নয়। সন্তান হওয়ার বিষয়টি সম্পূর্ণ আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল।
মুফতি সাইদুজ্জামান কাসেমি এক প্রশ্নের জবাবে বলেন, শারীরিকভাবে সুস্থ থাকা সত্ত্বেও যদি কোনো নারী সন্তান ধারণে অক্ষম হন কিংবা কোনো পুরুষের শারীরিক অক্ষমতা না থাকা সত্ত্বেও সন্তান না হয়, তাহলে এর জন্য কাউকে দায়ী করা উচিত নয়। এটি আল্লাহর ইচ্ছার বিষয়।
তিনি পবিত্র কোরআনের সুরা শুরার ৪৯ ও ৫০ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেন, আল্লাহ যাকে ইচ্ছা কন্যাসন্তান এবং যাকে ইচ্ছা পুত্রসন্তান দান করেন। আবার কাউকে পুত্র ও কন্যা উভয়ই দেন, এবং যাকে ইচ্ছা নিঃসন্তান রাখেন। আল্লাহ সর্বজ্ঞ ও সর্বশক্তিমান।
মুফতি সাইদুজ্জামান আরও বলেন, বাহ্যিক ও চারিত্রিক কোনো সমস্যা না থাকা সত্ত্বেও শুধুমাত্র স্ত্রী সন্তান জন্ম দিতে পারছেন না— এ অজুহাতে তাকে তালাক দেওয়া সমীচীন নয়। এ ধরনের সিদ্ধান্ত থেকে সরে আসা উচিত।
সন্তান লাভের জন্য কয়েকটি দোয়া পড়ার পরামর্শও তিনি দিয়েছেন। এর মধ্যে রয়েছে, ‘রাব্বি লা তাজারনি ফারদাঁও ওয়া আনতা খাইরুল ওয়ারিছিন’। এর অর্থ, হে আমার রব, আমাকে একা রেখো না। তুমি শ্রেষ্ঠ উত্তরাধিকারী।
আরেকটি দোয়া হলো, ‘রাব্বি হাবলি মিল্লাদুনকা জুররিয়াতান তাইয়্যিবাহ, ইন্নাকা সামিউদ দুয়া’। অর্থ, হে আমার প্রতিপালক, তোমার পক্ষ থেকে আমাকে পবিত্র সন্তান দান করো। নিশ্চয়ই তুমি প্রার্থনা শ্রবণকারী।
তিনি আরও বলেন, সন্তান না হওয়ার পেছনে হরমোনজনিতসহ বিভিন্ন শারীরিক কারণ থাকতে পারে। তাই হতাশ না হয়ে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। পাশাপাশি বেশি বেশি দোয়া, ইস্তিগফার, ধৈর্য ধারণ এবং সামর্থ্য অনুযায়ী সদকা করার পরামর্শ দেন তিনি।
মুফতি সাইদুজ্জামান শুধুমাত্র সন্তান লাভের আশায় দ্বিতীয় বিয়ে করার পরামর্শ দেননি। তার মতে, দ্বিতীয় বিয়ে করলেই সন্তান হবে, এমন কোনো নিশ্চয়তা নেই। যাকে বিয়ে করা হচ্ছে, তিনিও সন্তান ধারণে অক্ষম হতে পারেন। এমনকি পূর্বে সন্তান হয়েছে, এমন নারীর দ্বিতীয় বিয়ের পরও সন্তান না হওয়ার ঘটনা ঘটতে পারে।
তবে শরিয়তের সীমারেখা মেনে চলার সক্ষমতা থাকলে এবং শরিয়তসম্মত প্রয়োজন দেখা দিলে একজন পুরুষ দ্বিতীয় বিয়ে করতে পারেন। এ ক্ষেত্রে শুধুমাত্র সন্তান লাভকে বিয়ের একমাত্র ভিত্তি না করে শরিয়তসম্মত প্রয়োজনকে বিবেচনায় নেওয়ার কথা বলেন তিনি।
একাধিক স্ত্রী থাকলে তাদের মধ্যে ন্যায়বিচার বজায় রাখার বিষয়েও সতর্ক করেছেন মুফতি সাইদুজ্জামান। এ প্রসঙ্গে তিনি হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত একটি হাদিস উল্লেখ করেন। হাদিসে বলা হয়েছে, কোনো ব্যক্তির দুই স্ত্রী থাকলে এবং তিনি একজনের প্রতি পক্ষপাতিত্ব করলে কিয়ামতের দিন তিনি এক পাশ বাঁকা অবস্থায় উপস্থিত হবেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ